ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কেপ ভার্দেতে প্রেসিডেন্ট নির্বাচনে নেভেসের দ্বিতীয় মেয়াদে জয়ের সম্ভাবনা


কেপ ভার্দেতে প্রেসিডেন্ট নির্বাচনে নেভেসের দ্বিতীয় মেয়াদে জয়ের সম্ভাবনা

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্ডেতে রোববার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গণতান্ত্রিক স্থিতিশীলতার জন্য পরিচিত এই দেশে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দৌড়ে বর্তমান প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস এগিয়ে রয়েছেন।

স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হবে। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট নেভেসের মুখোমুখি হচ্ছেন দেশের ইতিহাসের প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী জোয়ানা রোজা আমাদোসহ অন্যান্য প্রার্থীরা।

বার্তা সংস্থা এএফপি সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, টানা ১০ ঘণ্টা ভোট গ্রহণ চলবে। রাতের মধ্যেই প্রাথমিক ফলাফল প্রকাশের আশা করা হচ্ছে। চলতি বছরে দেশটির জাতীয় ফুটবল দল প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেওয়ায় কেপ ভার্ডে আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচনায় এসেছে।

আরও পড়ুন: দলিলে জমির তথ্য ও বাস্তব সীমানা মিলানোর পদ্ধতি জানুন

একই সময়ে, হান্টাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের বহনকারী একটি প্রমোদতরি দেশটির উপকূলে নোঙর করায় দেশটি সংবাদ শিরোনাম হয়েছে।

আটলান্টিক মহাসাগরের মাঝামাঝি সেনেগালের উপকূল থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে অবস্থিত পর্তুগিজ ভাষাভাষী এই দেশটি ১০টি আগ্নেয় দ্বীপ নিয়ে গঠিত। প্রতি বছর দেশটিতে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম আফ্রিকার প্রতিবেশী কয়েকটি দেশে প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে উত্তেজনা দেখা গেলেও কেপ ভার্ডে রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসনের জন্য পরিচিত। এই দেশটিকে আফ্রিকার গণতন্ত্রের আদর্শ উদাহরণ হিসেবে বিবেচনা করা হয় এবং সেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধিও বেশ শক্তিশালী।

স্থানীয় ক্রেওল ভাষায় ‘মোরাবেজা’ আতিথেয়তার অর্থ। এ আতিথেয়তা, উদারতা এবং বর্ণাঢ্য কার্নিভালের জন্য দেশটি পরিচিত। তাদের নিজস্ব ধারার সংগীতও রয়েছে।

আরও পড়ুন: ক্যামব্রিজে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করলেন নাহিদ ইসলাম

মো ইব্রাহিম ফাউন্ডেশনের ২০২৬ সালের বৈশ্বিক সুশাসন সূচকে কেপ ভার্ডে আফ্রিকার ৫৪টি দেশের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে।

দ্বীপরাষ্ট্রটির শাসনব্যবস্থা আধা-রাষ্ট্রপতিশাসিত। তবে নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত। প্রেসিডেন্ট সরাসরি দেশ পরিচালনা করেন না, বরং তিনি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন। জাতীয় ঐক্য বজায় রাখা এবং সংবিধানের মর্যাদা রক্ষা করাই তাঁর প্রধান দায়িত্ব।

আইনসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নিয়োগ দেন এবং বিদেশে দেশের প্রতিনিধিত্ব করেন।

রোববারের নির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ৬৬ বছর বয়সী বর্তমান প্রেসিডেন্ট নেভেস এবং ৬১ বছর বয়সী আইনজীবী ও সাবেক বিচারমন্ত্রী আমাদো এগিয়ে রয়েছেন। দেশটির প্রধান দুটি রাজনৈতিক দলের সমর্থন রয়েছে তাদের প্রত্যেকের পেছনে।

আরও পড়ুন: প্রত্যন্ত অঞ্চলে অস্ত্রোপচার সেবার জন্য প্রয়োজন প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট: জুবাইদা রহমান

নেভেস এ নির্বাচনে জোরালোভাবে এগিয়ে রয়েছেন। ২০২১ সালে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। এর আগে ২০০১ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী এবং কেপ ভার্ডের স্বাধীনতার জন্য আফ্রিকান পার্টির (পিএআইসিভি) সভাপতি ছিলেন। তিনি মেয়র ও সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

অন্য প্রার্থীদের মধ্যে ৪৫ বছর বয়সী শল্যচিকিৎসক গিলসন আলভেস রয়েছেন, যিনি কঠোর মনোভাবের রাজনীতিক হিসেবে পরিচিত। তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই, আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি এবং মৃত্যুদণ্ড পুনর্বহালের প্রতিশ্রুতি দিয়েছেন।

পর্যটন খাতের প্রবৃদ্ধি এবং ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে মাথাপিছু মোট জাতীয় আয় ১৬ দশমিক ৮ শতাংশ বাড়ানোর ফলে বিশ্বব্যাংক গত জুলাইয়ে কেপ ভার্ডেকে আনুষ্ঠানিকভাবে উচ্চ-মধ্যম আয়ের দেশের মর্যাদা প্রদান করে।

তবে দেশটি এখনো বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন। এর মধ্যে রয়েছে দীর্ঘদিনের সামাজিক বৈষম্য, ভৌগোলিক বিচ্ছিন্নতা এবং দ্বীপগুলোর মধ্যে যাতায়াতের সাশ্রয়ী ব্যবস্থার অভাব।

আরও পড়ুন: সচিবালয়ের অগ্নিকান্ডের কেনাকাটায় ‘বালিশকাণ্ড-পর্দাকাণ্ড’কে হার মানিয়েছে

নির্বাচিত হলে প্রধান দুই প্রার্থী দ্বীপগুলোর মধ্যে আকাশ ও নৌপথে যোগাযোগ উন্নত করার এবং পর্যটকদের জন্য নতুন আবাসন নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন।

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানির দাম এবং তরুণদের বেকারত্ব দেশটির জনগণের অন্যতম প্রধান উদ্বেগ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীর সেনবাগে ইয়াবাসহ আটক ল্যাব টেকনিশিয়ানকে তিন দিনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


নোয়াখালীর সেনবাগে ইয়াবাসহ আটক ল্যাব টেকনিশিয়ানকে তিন দিনের কারাদণ্ড

নোয়াখালীর সেনবাগে জনতার হাতে আটক হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ল্যাব টেকনিশিয়ান হুমায়ুন কবির, যিনি এক পিস ইয়াবা নিয়ে ধরা পড়েন। ভ্রাম্যমাণ আদালত তাকে তিন দিনের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়নের আইচের টেক বাজারে হুমায়ুন কবিরকে আটক করেন বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা। এরপর সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফানুল হক চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করেন। এ সময় হুমায়ুন কবির ইয়াবা সেবনের কথা স্বীকার করেন। তিনি ইউএনওর কাছে জানান, গত চার মাস ধরে ইয়াবা সেবন করছেন এবং বাড়িতে গেলে প্রতি সপ্তাহে দুটি করে ইয়াবা সেবন করেন।

ভ্রাম্যমাণ আদালত তাকে তিন দিনের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন। হুমায়ুন কবির নোয়াখালীর কবিরহাট উপজেলার ৭ নম্বর বাটইয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয় সূত্রের দাবি, তিনি বাটইয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং তিনি দুই সন্তানের জনক।

এ বিষয়ে সেনবাগ থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ইয়াবাসহ আটক হওয়ার পর হুমায়ুন কবিরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে তিন দিনের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাগুরায় শুরু হলো কাত্যায়নী পূজা, শহর সেজেছে বর্ণিল সাজে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


মাগুরায় শুরু হলো কাত্যায়নী পূজা, শহর সেজেছে বর্ণিল সাজে

মাগুরায় ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হয়েছে। শহরটি পুরোপুরি বর্ণিল সাজে সজ্জিত হয়েছে এই পাঁচ দিনব্যাপী আয়োজনের জন্য। বিভিন্ন স্থানে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন তোরণ ও প্যান্ডেল। সড়ক ও পূজামণ্ডপ আলোকসজ্জায় ঝলমল করছে। কোথাও প্রাচীন ইতিহাস, ঐতিহ্য ও স্থাপত্যশিল্পের নানা নিদর্শন তুলে ধরা হয়েছে।

এটি সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আয়োজন হলেও সময়ের সঙ্গে মাগুরার কাত্যায়নী পূজা পরিণত হয়েছে ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের মিলনমেলায়। ইতিমধ্যে শহরের বিভিন্ন এলাকায় আত্মীয়স্বজন ও দর্শনার্থীদের আনাগোনা শুরু হয়েছে। বিশেষ করে অষ্টমী ও নবমীতে দেশের বিভিন্ন জেলা থেকে লাখো দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আয়োজকেরা আশা করছেন।

রবিবার (১৫ নভেম্বর) ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হওয়া এই উৎসব চলবে ২০ নভেম্বর পর্যন্ত। জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট কুমুদ রঞ্জন বিশ্বাস জানিয়েছেন, এ বছর জেলায় মোট ১০৬টি মণ্ডপে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হচ্ছে।

কুমুদ রঞ্জন বিশ্বাস আরও বলেন, প্রতিবছর শারদীয় দুর্গাপূজার প্রায় এক মাস পর মাগুরায় জাঁকজমকপূর্ণভাবে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হয়। ১৯৫০ সালের দিকে শহরের পারনান্দুয়ালী এলাকার সতীশ মাঝি আনুষ্ঠানিকভাবে প্রথম এ পূজার আয়োজন করেন। তিনি ছিলেন পেশায় মুদি দোকানি।

তিনি জানান, আশির দশকেও এ পূজা মাগুরা শহরের ছানার বাবুর বটতলা, নিজনান্দুয়ালী, নতুন বাজার, বাটিকাডাঙ্গা ও জামরুলতলা এলাকায় সীমাবদ্ধ ছিল। তবে গত চার দশকে পূজার পরিসর ও মণ্ডপের সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। ধীরে ধীরে এটি জেলার অন্যতম বৃহৎ উৎসবে পরিণত হয়েছে। কখনো কখনো এ আয়োজন দুর্গাপূজার আমেজকেও ছাড়িয়ে যায়।

এবারও পূজার অন্যতম আকর্ষণ হচ্ছে পৌরসভা এলাকার জামরুলতলা, নতুন বাজার, ছানার বাবুর বটতলা, বাটিকাডাঙ্গা, সাতদোহা, নিজনান্দুয়ালী ও পারনান্দুয়ালীসহ শহরের ১৪টি মণ্ডপ। এসব মণ্ডপে প্রতিমা ও সাজসজ্জায় নানা বিষয় ও বৈচিত্র্য তুলে ধরা হয়েছে।

পূজা উপলক্ষে শহরের নতুন বাজার ও ছানার বাবুর বটতলায় বসেছে মেলা। সেখানে খাবার, নিত্যপ্রয়োজনীয় পণ্য, আসবাবসহ গ্রামীণ ঐতিহ্যের নানা সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ীরা। পূজা শেষ হওয়ার পরও আরও সাত দিন চলবে এ মেলা।

নিজনান্দুয়ালী নিতাই গৌর সেবাশ্রমের অধ্যক্ষ চিন্ময়ানন্দ দাস চঞ্চল বলেন, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত মাগুরায় এ উৎসব উদ্‌যাপন করেন অসংখ্য ভক্ত। এবার পৌরাণিক ঐতিহ্য অক্ষুণ্ন রেখে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে প্রতিটি মন্দির।

ছানার বাবুর বটতলার প্রতিমাশিল্পী উজ্জ্বল অধিকারী জানান, এবারের পূজায় প্রতিমার থিমে আধুনিকতার ছোঁয়ায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের নানা রহস্য তুলে ধরেছেন তিনি।

ছানার বাবুর বটতলার সাধারণ সম্পাদক বিকাশ সাহা মাগুরাসহ সারা দেশের মানুষকে শান্তিপূর্ণ পরিবেশে শ্রীশ্রী কাত্যায়নী পূজা উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন।

নতুন বাজার স্মৃতি সংঘের সভাপতি ও জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সহসভাপতি কনক কান্তি সাহা বলেন, মাগুরার কাত্যায়নী পূজা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। এটি হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় আয়োজন হলেও উৎসবে অংশ নেন সব ধর্মের মানুষ। এবারের পূজার আয়োজন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে।

পূজা ও মেলা নির্বিঘ্নে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নিয়েছে জেলা ও পুলিশ প্রশাসন। মণ্ডপগুলোর আশপাশে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। পাশাপাশি রাখা হয়েছে পুলিশের সার্বক্ষণিক টহল।

মাগুরার পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন বলেন, পূজা ও মেলায় আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মণ্ডপকেন্দ্রিক বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, এসআরবি, আনসার ব্যাটালিয়ন ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমন্বয়ে শহরজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

সনাতন ধর্মীয় শাস্ত্র অনুযায়ী, দ্বাপর যুগে শ্রীকৃষ্ণকে ঈশ্বর, বন্ধু, স্বামী কিংবা পুত্র হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষায় গোপীরা এক মাস ধরে আরাধনা করেছিলেন। সেই আরাধনার শেষ পর্যায়ে যমুনার তীরে বালু দিয়ে দেবী কাত্যায়নীর প্রতিমা তৈরি করে পূজা করেন তারা। এর মাধ্যমে কাঙ্ক্ষিত ফল লাভের বিশ্বাস থেকেই এ পূজার প্রচলন।

কার্তিক ও অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত এ পূজায় প্রতিমা স্থাপন ও আনুষ্ঠানিকতা অনেকটাই দুর্গাপূজার আদলে করা হয়। তবে এর বিশেষ বৈশিষ্ট্য হলো, দেবী দুর্গার কোলে শ্রীকৃষ্ণের একটি প্রতিমা স্থাপন করা। এর মধ্য দিয়ে দেবী দুর্গার আরাধনার মাধ্যমে শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভের আকাঙ্ক্ষা প্রকাশ পায়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, ৩১ ভরি স্বর্ণ ও ৬ লাখ টাকা লুট

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


বগুড়ায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতি, ৩১ ভরি স্বর্ণ ও ৬ লাখ টাকা লুট

বগুড়ার সোনাতলায় অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল জানালার গ্রিল কেটে প্রবেশ করে এবং পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। তারা প্রায় ৩১ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬ লাখ টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতদলটি ৫ থেকে ৭ জনের সমন্বয়ে গঠিত ছিল।

রবিবার (১৫ নভেম্বর) ভোর ৪টা থেকে ৫টার মধ্যে উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর দক্ষিণপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোয়াজ্জেম হোসেন মন্ডলের (৭৫) বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভোররাতে ডাকাতদল জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে তারা বাড়ির বিভিন্ন কক্ষের আলমারি ভেঙে মালামাল তছনছ করে।

ডাকাতেরা মোয়াজ্জেম হোসেন মন্ডলের বড় ছেলের স্ত্রীর ঘর থেকে ১৫ ভরি এবং ছোট ছেলের স্ত্রীর ঘর থেকে ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা নিয়ে যায়। এছাড়া গৃহকর্তার ঘর থেকে ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা লুট করে। সব মিলিয়ে তারা প্রায় ৩১ ভরি স্বর্ণালংকার ও ৬ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। অস্ত্রধারী ডাকাতদের ভয়ে পরিবারের সদস্যরা কোনো প্রতিরোধ করতে পারেননি।

দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুল হক বলেন, "তিনি ডাকাতির ঘটনাটি শুনেছেন। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করবেন। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।"

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে স্বর্ণালংকার ও টাকা লুটের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তবে লুট হওয়া স্বর্ণের পরিমাণ নিয়ে কিছুটা ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। প্রাথমিকভাবে ২৫ থেকে ৩০ ভরি স্বর্ণালংকার ও ৬ লাখ টাকা লুটের তথ্য পাওয়া গেছে।"

ওসি আরো বলেন, "এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডাকাতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তর ঘেরাও, ৯৮৮ কর্মচারীর বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তর ঘেরাও, ৯৮৮ কর্মচারীর বিক্ষোভ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পর চাকরিতে পুনর্বহাল হওয়ার পরও ১৪ বছরের জ্যেষ্ঠতা, পদোন্নতি এবং বিদ্যমান পে-স্কেলে বকেয়া বেতন-ভাতা থেকে বঞ্চিত থাকার অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) দপ্তর ঘেরাও করে বিক্ষোভ করেছেন ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী।

তাদের অভিযোগ, আদালতের রায়ের পর চাকরি ফিরে পেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রাপ্য অধিকার ও আর্থিক সুবিধা নিশ্চিত করছে না। তারা জানিয়েছেন, দাবি আদায় না হলে সোমবার থেকে উপাচার্যের দপ্তরে লাগাতার ঘেরাও ও অবস্থান কর্মসূচির আয়োজন করবেন।

রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করা হয়। পরে আন্দোলনকারীরা উপাচার্যের দপ্তরে স্মারকলিপি প্রদান করেন।

বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত, তথ্য ও সেবা) মো. মিয়া হোসেন রানার নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা উল্লেখ করেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ২ হাজার ২০০ কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। এর পরও ৯৮৮ জনের ন্যায্য পাওনা পরিশোধ এবং জ্যেষ্ঠতা নির্ধারণে নানা টালবাহানা করা হচ্ছে। অথচ সম্প্রতি আরও ৩০০ জন অতিরিক্ত জনবল নিয়োগ দেওয়া হয়েছে।

তাদের প্রশ্ন, বিদ্যমান জনবল দিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা সম্ভব হলে পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীদের অধিকার নিশ্চিত করতে বাধা কোথায়? বক্তারা আরও অভিযোগ করেছেন যে, উপাচার্য, ট্রেজারার এবং রেজিস্ট্রারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবহারের উপযোগী গাড়ি থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের অর্থে তাদের জন্য নতুন গাড়ি কেনা হয়েছে। অথচ দীর্ঘদিন চাকরিচ্যুত থাকার পর আদালতের রায়ে চাকরি ফিরে পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধে প্রশাসনের অনীহা দেখা যাচ্ছে।

সমাবেশে বক্তারা বলেন, একই প্রতিষ্ঠানে দুই ধরনের বেতননীতি চলতে পারে না। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা বিদ্যমান পে-স্কেলের সুযোগ-সুবিধা ভোগ করলেও পুনর্বহাল হওয়া ৯৮৮ জনকে এখনো ২০১২ সালের পুরোনো বেতন স্কেলে বেতন দেওয়া হচ্ছে। এতে তারা অন্যদের তুলনায় প্রায় অর্ধেক বেতন পাচ্ছেন। ১৪ বছরের জ্যেষ্ঠতা কার্যকর না হওয়ায় পদোন্নতির পাশাপাশি ভবিষ্যতে পেনশন ও অবসরকালীন সুবিধা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

উল্লেখ্য, গত ২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে এসব কর্মকর্তা-কর্মচারী নিয়োগ পান। এমএলএসএস থেকে ডেপুটি রেজিস্ট্রার সমমর্যাদার পদেও তাদের নিয়োগ দেওয়া হয়েছিল। পরে নিয়োগের বৈধতা নিয়ে আইনি প্রক্রিয়ার ধারাবাহিকতায় ২০১২ সালে তাদের চাকরিচ্যুত করা হয়।

দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২৫ সালের ২৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের করা আপিল মঞ্জুর করেন। রায়ে চাকরিচ্যুত ৯৮৮ জনের মধ্যে জীবিতদের পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে চাকরিচ্যুতির সময় থেকে পুনর্বহাল পর্যন্ত সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য এবং ওই সময়ের জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার কথা বলা হয়। চাকরিচ্যুতদের ভোগান্তি ও মানবিক দিক বিবেচনায় তাদের সুযোগ-সুবিধার বিষয় নির্ধারণের ক্ষমতাও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেওয়া হয়।

এর আগে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহাল ও তাদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করার বিষয়ে আপিল বিভাগে রিভিউ পিটিশন দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আইনি প্রক্রিয়া এগিয়ে যায় এবং আপিল বিভাগের রায়ে তাদের পুনর্বহালের পথ সুগম হয়।

তবে পুনর্বহালের পর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও অন্যান্য আর্থিক সুবিধা নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, আদালতের রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় দীর্ঘ ১৪ বছরের বঞ্চনার অবসান ঘটছে না। এ অবস্থায় রায়ের আলোকে চাকরির ধারাবাহিকতা, জ্যেষ্ঠতা, পদোন্নতি এবং বিদ্যমান পে-স্কেলে বকেয়া বেতন-ভাতা দ্রুত পরিশোধ করতে হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%