০৭:৪১ পি.এম
বগুড়ার সোনাতলায় অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল জানালার গ্রিল কেটে প্রবেশ করে এবং পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। তারা প্রায় ৩১ ভরি স্বর্ণালংকার ও নগদ ৬ লাখ টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতদলটি ৫ থেকে ৭ জনের সমন্বয়ে গঠিত ছিল।
রবিবার (১৫ নভেম্বর) ভোর ৪টা থেকে ৫টার মধ্যে উপজেলার দিগদাইড় ইউনিয়নের শিহিপুর দক্ষিণপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোয়াজ্জেম হোসেন মন্ডলের (৭৫) বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ভোররাতে ডাকাতদল জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখিয়ে তারা বাড়ির বিভিন্ন কক্ষের আলমারি ভেঙে মালামাল তছনছ করে।
আরও পড়ুন: দলিলে জমির তথ্য ও বাস্তব সীমানা মিলানোর পদ্ধতি জানুন
ডাকাতেরা মোয়াজ্জেম হোসেন মন্ডলের বড় ছেলের স্ত্রীর ঘর থেকে ১৫ ভরি এবং ছোট ছেলের স্ত্রীর ঘর থেকে ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা নিয়ে যায়। এছাড়া গৃহকর্তার ঘর থেকে ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা লুট করে। সব মিলিয়ে তারা প্রায় ৩১ ভরি স্বর্ণালংকার ও ৬ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। অস্ত্রধারী ডাকাতদের ভয়ে পরিবারের সদস্যরা কোনো প্রতিরোধ করতে পারেননি।
দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুল হক বলেন, "তিনি ডাকাতির ঘটনাটি শুনেছেন। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করবেন। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।"
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে স্বর্ণালংকার ও টাকা লুটের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তবে লুট হওয়া স্বর্ণের পরিমাণ নিয়ে কিছুটা ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। প্রাথমিকভাবে ২৫ থেকে ৩০ ভরি স্বর্ণালংকার ও ৬ লাখ টাকা লুটের তথ্য পাওয়া গেছে।"
ওসি আরো বলেন, "এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডাকাতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।
আরও পড়ুন: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন