প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : পশ্চিম আফ্রিকার দ্বীপরাষ্ট্র কেপ ভার্ডেতে রোববার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গণতান্ত্রিক স্থিতিশীলতার জন্য পরিচিত এই দেশে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দৌড়ে বর্তমান প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস এগিয়ে রয়েছেন।
স্থানীয় সময় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হবে। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট নেভেসের মুখোমুখি হচ্ছেন দেশের ইতিহাসের প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী জোয়ানা রোজা আমাদোসহ অন্যান্য প্রার্থীরা।
বার্তা সংস্থা এএফপি সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, টানা ১০ ঘণ্টা ভোট গ্রহণ চলবে। রাতের মধ্যেই প্রাথমিক ফলাফল প্রকাশের আশা করা হচ্ছে। চলতি বছরে দেশটির জাতীয় ফুটবল দল প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেওয়ায় কেপ ভার্ডে আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচনায় এসেছে।
একই সময়ে, হান্টাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের বহনকারী একটি প্রমোদতরি দেশটির উপকূলে নোঙর করায় দেশটি সংবাদ শিরোনাম হয়েছে।
আটলান্টিক মহাসাগরের মাঝামাঝি সেনেগালের উপকূল থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে অবস্থিত পর্তুগিজ ভাষাভাষী এই দেশটি ১০টি আগ্নেয় দ্বীপ নিয়ে গঠিত। প্রতি বছর দেশটিতে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিম আফ্রিকার প্রতিবেশী কয়েকটি দেশে প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে উত্তেজনা দেখা গেলেও কেপ ভার্ডে রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসনের জন্য পরিচিত। এই দেশটিকে আফ্রিকার গণতন্ত্রের আদর্শ উদাহরণ হিসেবে বিবেচনা করা হয় এবং সেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধিও বেশ শক্তিশালী।
স্থানীয় ক্রেওল ভাষায় ‘মোরাবেজা’ আতিথেয়তার অর্থ। এ আতিথেয়তা, উদারতা এবং বর্ণাঢ্য কার্নিভালের জন্য দেশটি পরিচিত। তাদের নিজস্ব ধারার সংগীতও রয়েছে।
মো ইব্রাহিম ফাউন্ডেশনের ২০২৬ সালের বৈশ্বিক সুশাসন সূচকে কেপ ভার্ডে আফ্রিকার ৫৪টি দেশের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে।
দ্বীপরাষ্ট্রটির শাসনব্যবস্থা আধা-রাষ্ট্রপতিশাসিত। তবে নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত। প্রেসিডেন্ট সরাসরি দেশ পরিচালনা করেন না, বরং তিনি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন। জাতীয় ঐক্য বজায় রাখা এবং সংবিধানের মর্যাদা রক্ষা করাই তাঁর প্রধান দায়িত্ব।
আইনসভা নির্বাচনের ফলাফলের ভিত্তিতে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী নিয়োগ দেন এবং বিদেশে দেশের প্রতিনিধিত্ব করেন।
রোববারের নির্বাচনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ৬৬ বছর বয়সী বর্তমান প্রেসিডেন্ট নেভেস এবং ৬১ বছর বয়সী আইনজীবী ও সাবেক বিচারমন্ত্রী আমাদো এগিয়ে রয়েছেন। দেশটির প্রধান দুটি রাজনৈতিক দলের সমর্থন রয়েছে তাদের প্রত্যেকের পেছনে।
নেভেস এ নির্বাচনে জোরালোভাবে এগিয়ে রয়েছেন। ২০২১ সালে প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। এর আগে ২০০১ থেকে ২০১৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী এবং কেপ ভার্ডের স্বাধীনতার জন্য আফ্রিকান পার্টির (পিএআইসিভি) সভাপতি ছিলেন। তিনি মেয়র ও সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
অন্য প্রার্থীদের মধ্যে ৪৫ বছর বয়সী শল্যচিকিৎসক গিলসন আলভেস রয়েছেন, যিনি কঠোর মনোভাবের রাজনীতিক হিসেবে পরিচিত। তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই, আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি এবং মৃত্যুদণ্ড পুনর্বহালের প্রতিশ্রুতি দিয়েছেন।
পর্যটন খাতের প্রবৃদ্ধি এবং ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে মাথাপিছু মোট জাতীয় আয় ১৬ দশমিক ৮ শতাংশ বাড়ানোর ফলে বিশ্বব্যাংক গত জুলাইয়ে কেপ ভার্ডেকে আনুষ্ঠানিকভাবে উচ্চ-মধ্যম আয়ের দেশের মর্যাদা প্রদান করে।
তবে দেশটি এখনো বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন। এর মধ্যে রয়েছে দীর্ঘদিনের সামাজিক বৈষম্য, ভৌগোলিক বিচ্ছিন্নতা এবং দ্বীপগুলোর মধ্যে যাতায়াতের সাশ্রয়ী ব্যবস্থার অভাব।
নির্বাচিত হলে প্রধান দুই প্রার্থী দ্বীপগুলোর মধ্যে আকাশ ও নৌপথে যোগাযোগ উন্নত করার এবং পর্যটকদের জন্য নতুন আবাসন নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানির দাম এবং তরুণদের বেকারত্ব দেশটির জনগণের অন্যতম প্রধান উদ্বেগ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন