প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পর চাকরিতে পুনর্বহাল হওয়ার পরও ১৪ বছরের জ্যেষ্ঠতা, পদোন্নতি এবং বিদ্যমান পে-স্কেলে বকেয়া বেতন-ভাতা থেকে বঞ্চিত থাকার অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) দপ্তর ঘেরাও করে বিক্ষোভ করেছেন ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী।
তাদের অভিযোগ, আদালতের রায়ের পর চাকরি ফিরে পেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রাপ্য অধিকার ও আর্থিক সুবিধা নিশ্চিত করছে না। তারা জানিয়েছেন, দাবি আদায় না হলে সোমবার থেকে উপাচার্যের দপ্তরে লাগাতার ঘেরাও ও অবস্থান কর্মসূচির আয়োজন করবেন।
রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করা হয়। পরে আন্দোলনকারীরা উপাচার্যের দপ্তরে স্মারকলিপি প্রদান করেন।
বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত, তথ্য ও সেবা) মো. মিয়া হোসেন রানার নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা উল্লেখ করেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ২ হাজার ২০০ কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। এর পরও ৯৮৮ জনের ন্যায্য পাওনা পরিশোধ এবং জ্যেষ্ঠতা নির্ধারণে নানা টালবাহানা করা হচ্ছে। অথচ সম্প্রতি আরও ৩০০ জন অতিরিক্ত জনবল নিয়োগ দেওয়া হয়েছে।
তাদের প্রশ্ন, বিদ্যমান জনবল দিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা সম্ভব হলে পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীদের অধিকার নিশ্চিত করতে বাধা কোথায়? বক্তারা আরও অভিযোগ করেছেন যে, উপাচার্য, ট্রেজারার এবং রেজিস্ট্রারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবহারের উপযোগী গাড়ি থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের অর্থে তাদের জন্য নতুন গাড়ি কেনা হয়েছে। অথচ দীর্ঘদিন চাকরিচ্যুত থাকার পর আদালতের রায়ে চাকরি ফিরে পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধে প্রশাসনের অনীহা দেখা যাচ্ছে।
সমাবেশে বক্তারা বলেন, একই প্রতিষ্ঠানে দুই ধরনের বেতননীতি চলতে পারে না। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা বিদ্যমান পে-স্কেলের সুযোগ-সুবিধা ভোগ করলেও পুনর্বহাল হওয়া ৯৮৮ জনকে এখনো ২০১২ সালের পুরোনো বেতন স্কেলে বেতন দেওয়া হচ্ছে। এতে তারা অন্যদের তুলনায় প্রায় অর্ধেক বেতন পাচ্ছেন। ১৪ বছরের জ্যেষ্ঠতা কার্যকর না হওয়ায় পদোন্নতির পাশাপাশি ভবিষ্যতে পেনশন ও অবসরকালীন সুবিধা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
উল্লেখ্য, গত ২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে এসব কর্মকর্তা-কর্মচারী নিয়োগ পান। এমএলএসএস থেকে ডেপুটি রেজিস্ট্রার সমমর্যাদার পদেও তাদের নিয়োগ দেওয়া হয়েছিল। পরে নিয়োগের বৈধতা নিয়ে আইনি প্রক্রিয়ার ধারাবাহিকতায় ২০১২ সালে তাদের চাকরিচ্যুত করা হয়।
দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২৫ সালের ২৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের করা আপিল মঞ্জুর করেন। রায়ে চাকরিচ্যুত ৯৮৮ জনের মধ্যে জীবিতদের পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে চাকরিচ্যুতির সময় থেকে পুনর্বহাল পর্যন্ত সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য এবং ওই সময়ের জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার কথা বলা হয়। চাকরিচ্যুতদের ভোগান্তি ও মানবিক দিক বিবেচনায় তাদের সুযোগ-সুবিধার বিষয় নির্ধারণের ক্ষমতাও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেওয়া হয়।
এর আগে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহাল ও তাদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করার বিষয়ে আপিল বিভাগে রিভিউ পিটিশন দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আইনি প্রক্রিয়া এগিয়ে যায় এবং আপিল বিভাগের রায়ে তাদের পুনর্বহালের পথ সুগম হয়।
তবে পুনর্বহালের পর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও অন্যান্য আর্থিক সুবিধা নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, আদালতের রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় দীর্ঘ ১৪ বছরের বঞ্চনার অবসান ঘটছে না। এ অবস্থায় রায়ের আলোকে চাকরির ধারাবাহিকতা, জ্যেষ্ঠতা, পদোন্নতি এবং বিদ্যমান পে-স্কেলে বকেয়া বেতন-ভাতা দ্রুত পরিশোধ করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন