০৭:৪০ পি.এম
নোয়াখালীর সেনবাগে জনতার হাতে আটক হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ল্যাব টেকনিশিয়ান হুমায়ুন কবির, যিনি এক পিস ইয়াবা নিয়ে ধরা পড়েন। ভ্রাম্যমাণ আদালত তাকে তিন দিনের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়নের আইচের টেক বাজারে হুমায়ুন কবিরকে আটক করেন বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা। এরপর সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়।
সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফানুল হক চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করেন। এ সময় হুমায়ুন কবির ইয়াবা সেবনের কথা স্বীকার করেন। তিনি ইউএনওর কাছে জানান, গত চার মাস ধরে ইয়াবা সেবন করছেন এবং বাড়িতে গেলে প্রতি সপ্তাহে দুটি করে ইয়াবা সেবন করেন।
আরও পড়ুন: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
ভ্রাম্যমাণ আদালত তাকে তিন দিনের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন। হুমায়ুন কবির নোয়াখালীর কবিরহাট উপজেলার ৭ নম্বর বাটইয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয় সূত্রের দাবি, তিনি বাটইয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং তিনি দুই সন্তানের জনক।
এ বিষয়ে সেনবাগ থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ইয়াবাসহ আটক হওয়ার পর হুমায়ুন কবিরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে তিন দিনের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন