ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তর ঘেরাও, ৯৮৮ কর্মচারীর বিক্ষোভ


জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তর ঘেরাও, ৯৮৮ কর্মচারীর বিক্ষোভ

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পর চাকরিতে পুনর্বহাল হওয়ার পরও ১৪ বছরের জ্যেষ্ঠতা, পদোন্নতি এবং বিদ্যমান পে-স্কেলে বকেয়া বেতন-ভাতা থেকে বঞ্চিত থাকার অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) দপ্তর ঘেরাও করে বিক্ষোভ করেছেন ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী।

তাদের অভিযোগ, আদালতের রায়ের পর চাকরি ফিরে পেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রাপ্য অধিকার ও আর্থিক সুবিধা নিশ্চিত করছে না। তারা জানিয়েছেন, দাবি আদায় না হলে সোমবার থেকে উপাচার্যের দপ্তরে লাগাতার ঘেরাও ও অবস্থান কর্মসূচির আয়োজন করবেন।

রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করা হয়। পরে আন্দোলনকারীরা উপাচার্যের দপ্তরে স্মারকলিপি প্রদান করেন।

আরও পড়ুন: দলিলে জমির তথ্য ও বাস্তব সীমানা মিলানোর পদ্ধতি জানুন

বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত, তথ্য ও সেবা) মো. মিয়া হোসেন রানার নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তারা উল্লেখ করেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় ২ হাজার ২০০ কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন। এর পরও ৯৮৮ জনের ন্যায্য পাওনা পরিশোধ এবং জ্যেষ্ঠতা নির্ধারণে নানা টালবাহানা করা হচ্ছে। অথচ সম্প্রতি আরও ৩০০ জন অতিরিক্ত জনবল নিয়োগ দেওয়া হয়েছে।

তাদের প্রশ্ন, বিদ্যমান জনবল দিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা সম্ভব হলে পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীদের অধিকার নিশ্চিত করতে বাধা কোথায়? বক্তারা আরও অভিযোগ করেছেন যে, উপাচার্য, ট্রেজারার এবং রেজিস্ট্রারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবহারের উপযোগী গাড়ি থাকা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ের অর্থে তাদের জন্য নতুন গাড়ি কেনা হয়েছে। অথচ দীর্ঘদিন চাকরিচ্যুত থাকার পর আদালতের রায়ে চাকরি ফিরে পাওয়া কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধে প্রশাসনের অনীহা দেখা যাচ্ছে।

সমাবেশে বক্তারা বলেন, একই প্রতিষ্ঠানে দুই ধরনের বেতননীতি চলতে পারে না। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা বিদ্যমান পে-স্কেলের সুযোগ-সুবিধা ভোগ করলেও পুনর্বহাল হওয়া ৯৮৮ জনকে এখনো ২০১২ সালের পুরোনো বেতন স্কেলে বেতন দেওয়া হচ্ছে। এতে তারা অন্যদের তুলনায় প্রায় অর্ধেক বেতন পাচ্ছেন। ১৪ বছরের জ্যেষ্ঠতা কার্যকর না হওয়ায় পদোন্নতির পাশাপাশি ভবিষ্যতে পেনশন ও অবসরকালীন সুবিধা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

উল্লেখ্য, গত ২০০৩ সালের ১৭ নভেম্বর থেকে ২০০৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে এসব কর্মকর্তা-কর্মচারী নিয়োগ পান। এমএলএসএস থেকে ডেপুটি রেজিস্ট্রার সমমর্যাদার পদেও তাদের নিয়োগ দেওয়া হয়েছিল। পরে নিয়োগের বৈধতা নিয়ে আইনি প্রক্রিয়ার ধারাবাহিকতায় ২০১২ সালে তাদের চাকরিচ্যুত করা হয়।

আরও পড়ুন: ক্যামব্রিজে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করলেন নাহিদ ইসলাম

দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২৫ সালের ২৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের করা আপিল মঞ্জুর করেন। রায়ে চাকরিচ্যুত ৯৮৮ জনের মধ্যে জীবিতদের পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে চাকরিচ্যুতির সময় থেকে পুনর্বহাল পর্যন্ত সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য এবং ওই সময়ের জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার কথা বলা হয়। চাকরিচ্যুতদের ভোগান্তি ও মানবিক দিক বিবেচনায় তাদের সুযোগ-সুবিধার বিষয় নির্ধারণের ক্ষমতাও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দেওয়া হয়।

এর আগে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের পুনর্বহাল ও তাদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করার বিষয়ে আপিল বিভাগে রিভিউ পিটিশন দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আইনি প্রক্রিয়া এগিয়ে যায় এবং আপিল বিভাগের রায়ে তাদের পুনর্বহালের পথ সুগম হয়।

তবে পুনর্বহালের পর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও অন্যান্য আর্থিক সুবিধা নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, আদালতের রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় দীর্ঘ ১৪ বছরের বঞ্চনার অবসান ঘটছে না। এ অবস্থায় রায়ের আলোকে চাকরির ধারাবাহিকতা, জ্যেষ্ঠতা, পদোন্নতি এবং বিদ্যমান পে-স্কেলে বকেয়া বেতন-ভাতা দ্রুত পরিশোধ করতে হবে।

আরও পড়ুন: প্রত্যন্ত অঞ্চলে অস্ত্রোপচার সেবার জন্য প্রয়োজন প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট: জুবাইদা রহমান

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
গাজীপুরের মার্কেট দখল

বরখাস্ত বিচারক আরিফুল ইসলাম সোহেলের বিরুদ্ধে ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


বরখাস্ত বিচারক আরিফুল ইসলাম সোহেলের বিরুদ্ধে ব্যবসায়ীদের হয়রানির অভিযোগ

গাজীপুরের হাজী হোসেন পাইকারি মার্কেটের দখল ও সম্পত্তির বিরোধের কারণে ব্যবসায়ীদের বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি ও মানবপাচারের মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে বরখাস্ত বিচারক আরিফুল ইসলাম সোহেলের বিরুদ্ধে। ব্যবসায়ীরা এসব মামলাকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যবসায়ীদের পক্ষে আবুল কালাম আজাদ এসব অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে আবুল কালাম আজাদ উল্লেখ করেন, বরখাস্ত বিচারক আরিফুল ইসলাম সোহেলের শ্বশুরবাড়ি গাজীপুরের চৌরাস্তায় এবং স্থায়ী বাড়ি সিরাজগঞ্জে অবস্থিত। শ্বশুরবাড়ির সম্পত্তির বিরোধের কারণে তার স্ত্রী মোশাররেফা মোহাম্মদ রীম হাজী হোসেন মার্কেটের মালিকানা দাবি করছেন। এ প্রেক্ষিতে আরিফুল ইসলাম একাধিকবার মার্কেটটি দখল করার চেষ্টা করেছেন। একইসাথে ব্যবসায়ীদের জামানতের টাকা ফেরত না দিয়ে নতুন ব্যবসায়ীদের দোকানে বসানোর চেষ্টা করা হয়েছে।

আবুল কালাম আজাদ আরও অভিযোগ করেন, মার্কেটের বৈধ মালিক তৌহিদুল ইসলাম মুজিবের ওপর অন্যায়-অত্যাচারের প্রতিবাদ করার কারণে আরিফুল ইসলাম তাদের ওপর ক্ষুব্ধ হন। এরপর থেকে দেশের বিভিন্ন জেলায় একের পর এক মামলা করা শুরু হয়।

তিনি জানান, তার বয়স বিবেচনায় না নিয়েই যশোরের কোতোয়ালি থানায় ২০২৬ সালের ৫ জুলাই করা একটি ধর্ষণ মামলায় তাকে এক নম্বর আসামি করা হয়েছে। অথচ এর আগের দিন ৪ জুলাই স্থানীয় সংসদ সদস্য মুজিবর রহমানের উপস্থিতিতে মার্কেটের ভেতরে বিরোধ নিষ্পত্তির জন্য আপস-মীমাংসার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। ওই বৈঠকের সিসিটিভি ফুটেজও রয়েছে বলে তিনি দাবি করেন।

আবুল কালাম আজাদ আরও বলেন, অজ্ঞাতপরিচয় এক তরুণীকে বাদী করে ধর্ষণ মামলাটি করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, তিনি বাদীকে খুঁজে পাচ্ছেন না। জমিজমার বিরোধকে কেন্দ্র করে মামলাটি করা হয়েছে বলেও তদন্ত কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, মার্কেটের ব্যবসায়ী ও মালিকের বিরুদ্ধে চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ বিভিন্ন জেলায় চাঁদাবাজি ও মানবপাচারের মামলা করা হয়েছে। এসব মামলার বেশিরভাগই মিথ্যা প্রমাণিত হয়েছে এবং আদালত সেগুলোতে রায় দিয়েছেন বলে আবুল কালাম আজাদ দাবি করেন।

মার্কেট দখলকে কেন্দ্র করে হামলার অভিযোগ তুলে তিনি বলেন, আরিফুল ইসলামের লোকজন মার্কেটে প্রবেশ করে একটি অংশ দখলে নেন। এ সময় বাধা দিতে গেলে ব্যবসায়ীদের ওপর হামলা চালানো হয়। এতে অনেকে আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে এলে তারা আরিফুল ইসলাম ও তার ভাই কনস্টেবল মেহেদীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তবে বিচারক পরিচয় দেওয়ার পর তারা ছাড়া পেয়ে যান বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, আরিফুল ইসলাম ও তার স্ত্রী মোশাররেফা মোহাম্মদ রীম একজন নারী ব্যবসায়ীকে জোরপূর্বক মার্কেট থেকে বের করে দিচ্ছেন, এমন একটি ভিডিও ফুটেজ তাদের কাছে রয়েছে। ওই ঘটনায় আরিফুল ইসলাম ‘রক্তের গঙ্গা বইয়ে দেওয়ার’ হুমকিও দিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, হয়রানিমূলক মামলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বরখাস্ত বিচারক আরিফুল ইসলাম সোহেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মার্কেটের ব্যবসায়ীরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরে বিয়ের ৪ মাসের মাথায় গৃহবধূর সন্তান প্রসব, স্বামী তালাক পাঠালেন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


লক্ষ্মীপুরে বিয়ের ৪ মাসের মাথায় গৃহবধূর সন্তান প্রসব, স্বামী তালাক পাঠালেন

লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের চার মাসের মাথায় এক গৃহবধূর সন্তান প্রসবের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিকালে গৃহবধূর স্বামী (২৫) তাকে তালাকনামা পাঠিয়েছেন এই ঘটনার প্রেক্ষিতে।

ঘটনাটি ঘটে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বছরের ১৭ জুলাই চরলক্ষ্মী আখনবাজার গ্রামের এক তরুণীর সঙ্গে চরকাছিয়া গ্রামের বায়রাঘাট এলাকার সাহেব আলী মালের ছেলে নৌকার মাঝি মিরাজ হোসেনের (২৫) বিয়ে হয়। উল্লেখ্য, ওই তরুণী বিয়ের আগে স্থানীয় একটি মাদ্রাসায় অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন।

বিয়ের পর, গত ৩১ অক্টোবর, সদর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ওই তরুণী এক কন্যাসন্তানের জন্ম দেন। বিয়ের অল্প সময়ের মধ্যে সন্তান জন্মের খবরটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা শুরু হয়। এর ফলস্বরূপ, ১১ নভেম্বর তরুণীকে তালাকনামা পাঠান মিরাজ।

ভুক্তভোগী তরুণী অভিযোগ করেছেন যে, তার এই পরিস্থিতির জন্য আপন মামাতো ভাই প্রসাধনী ব্যবসায়ী আবুল খায়ের দায়ী। বর্তমানে তিনি বাবার বাড়িতে অবস্থান করছেন এবং এই ঘটনার জন্য আবুল খায়েরের সঙ্গে বিয়ে ও সুষ্ঠু বিচার দাবি করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত আবুল খায়ের পলাতক রয়েছেন এবং তার পরিবারের কেউ এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

মিরাজ হোসেন বলেন, "বিয়ের অল্প সময়ের মধ্যে সন্তান প্রসবের বিষয়টি জানার পর খোঁজ নিয়ে জানতে পারি, তার মামাতো ভাই আবুল খায়ের এ ঘটনায় জড়িত। তাই আমি তাকে তালাক দিয়েছি।"

দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মাহমুদ আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি মীমাংসার জন্য উভয় পরিবারকে নিয়ে রোববার বিকালে তার কার্যালয়ে সালিশ বৈঠক ডাকা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, ব্যবহারকারীরা পাবেন ছবি ও ভিডিও অদৃশ্য করার সুবিধা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


হোয়াটসঅ্যাপে আসছে নতুন ফিচার, ব্যবহারকারীরা পাবেন ছবি ও ভিডিও অদৃশ্য করার সুবিধা

মেটা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য একটি নতুন ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে। এই ফিচারের নাম ‘জ্যাপস’, যার মাধ্যমে ব্যবহারকারীরা একে অপরকে এমন ছবি ও ছোট ভিডিও পাঠাতে পারবেন, যা প্রাপক একবার দেখার পর স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে। ফিচারটি ইনস্টাগ্রামের ‘ইনস্ট্যান্টস’-এর মতো কার্যকর হবে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডব্লিউএবেটাইনফোরের তথ্য অনুযায়ী, অ্যান্ড্রয়েডের হোয়াটসঅ্যাপ বেটা সংস্করণ ২.২৬.৪৬.২-এ নতুন ফিচারটির সন্ধান পাওয়া গেছে। গুগল প্লে স্টোরে উপলব্ধ এই সংস্করণে ফিচারটি এখনও পরীক্ষামূলক পর্যায়ে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়নি।

জ্যাপস ব্যবহার করে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের নতুন ইনস্ট্যান্ট ক্যামেরা ব্যবহার করে সরাসরি ছবি ও ছোট ভিডিও ধারণ করে পাঠাতে পারবেন। তবে ভিডিওর দৈর্ঘ্য কত হবে, তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, চলতি বছরের ১৩ মে ইনস্টাগ্রাম ‘ইনস্ট্যান্টস’ ফিচার চালু করে, যার মাধ্যমে ঘনিষ্ঠ বন্ধু ও পারস্পরিক অনুসারীদের সঙ্গে স্বতঃস্ফূর্ত ছবি ও ভিডিও ভাগ করে নেওয়া যায়। সেখানে প্রায় ছয় সেকেন্ডের ভিডিও শেয়ার করার সুযোগ রয়েছে।

যেভাবে কাজ করতে পারে জ্যাপস

নতুন ফিচারটি চালু হলে হোয়াটসঅ্যাপে আলাদা একটি ক্যামেরা সুবিধা যুক্ত হতে পারে। চ্যাটস ট্যাবে ‘বজ্রপাতের’ প্রতীকযুক্ত আইকনে চাপ দিলে ইনস্ট্যান্ট ক্যামেরা চালু হবে। জ্যাপসের ছবিও ভিডিওর মতো এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধার আওতায় থাকবে, ফলে প্রেরক ও প্রাপক ছাড়া অন্য কেউ এসব কনটেন্ট দেখতে সক্ষম হবে না।

ফিচারটি শুধুমাত্র পারস্পরিক যোগাযোগ থাকা ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে ধারণা করা হচ্ছে। ব্যক্তিগত পরিচিতি, গ্রুপ এবং চ্যানেলেও জ্যাপস পাঠানোর সুযোগ থাকতে পারে। ইনস্টাগ্রামের মতো আলাদা কোনো বিভাগে না দেখিয়ে হোয়াটসঅ্যাপের সরাসরি চ্যাটের মধ্যেই এগুলো দেখা যাবে।

একাধিক জ্যাপস একসঙ্গে পাঠালে সেগুলো আলাদা বার্তার পরিবর্তে একটি বার্তায় গুচ্ছাকারে প্রদর্শিত হতে পারে। এতে কতগুলো জ্যাপস পাঠানো হয়েছে, সেটিও দেখা যাবে। প্রাপক ইমোজির মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে পারবেন অথবা লিখে উত্তর দিতে পারবেন। প্রাপক একবার দেখার পর জ্যাপস আর দেখতে না পেলেও প্রেরকের চ্যাটে সেগুলো থেকে যেতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে জ্যাপস এখনও উন্নয়ন পর্যায়ে রয়েছে। বেটা পরীক্ষকদের কাছে ফিচারটি পৌঁছায়নি। কবে নাগাদ এটি সবার জন্য চালু হবে, সে বিষয়ে হোয়াটসঅ্যাপ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তাই ফিচারটির বিষয়ে আপাতত নিশ্চিত হওয়ার সুযোগ নেই।

সূত্র: ইন্ডিয়া টুডে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বড়লেখায় প্রকাশ্যে টিলা কর্তন : সরকারের দুই নেতা নেপথ্যে, প্রশাসন নির্বাক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


বড়লেখায় প্রকাশ্যে টিলা কর্তন : সরকারের দুই নেতা নেপথ্যে, প্রশাসন নির্বাক

বড়লেখায় অবৈধভাবে প্রাকৃতিক টিলা কর্তনের ঘটনা যেন বেপরোয়া হয়ে উঠেছে। উপজেলার সর্বোচ্চ প্রশাসনিক দপ্তরের (ইউএনও অফিস) ৩/৪শ’ মিটারের মধ্যে গাছপালা উজাড় করে এবং পরিবেশের ভারসাম্য বিনষ্ট করে প্রকাশ্যে বিশাল টিলা কাটা হচ্ছে। অভিযোগ জানানো সত্ত্বেও উপজেলা প্রশাসন কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। স্থানীয়দের দাবি, পরিবেশ আইন লঙ্গন করে নির্বিচারে পাহাড়-টিলা ধ্বংসে সরকার দলীয় প্রভাবশালী দুই নেতা পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন এবং ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাজ উদ্দিন বলাই সরাসরি জড়িত থাকায় প্রশাসন টিলা কর্তনকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেয়নি। উপজেলা প্রশাসনের দায়সারা ভূমিকার কারণে অবাধে প্রাকৃতিক পাহাড়-টিলা ধ্বংস করা হচ্ছে।

উপজেলা চত্ত্বরের ৩/৪শ’ মিটার অদূরে বড়লেখা পৌরসভার ৯নং ওয়ার্ড এলাকায় শনিবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা গেছে, এবাদুর রহমান চৌধুরী টেকনিক্যাল কলেজের পূর্ব পাশে একটি বিশাল টিলা প্রকাশ্যে এক্সকেভেটর দিয়ে কর্তন করা হচ্ছে। টিলা কর্তনের সাথে সাথে ধ্বংস করা হচ্ছে বিভিন্ন প্রজাতির গাছপালা। স্থানীয় বাসিন্দারা জানান, তারা প্রকাশ্যে অবৈধভাবে টিলা কর্তন দেখে ইউএনও ও সহকারি কমিশনারকে বিষয়টি অবহিত করেছেন। কিন্তু প্রশাসনের কর্মকর্তারা তাৎক্ষণিক অভিযানের উদ্যোগ না নিয়ে কর্মচারী পাঠিয়ে দায় সারেন। এরই মধ্যে টিলা কর্তনে নিয়োজিত ব্যক্তিরা এক্সকেভেটর (ভেকু মেশিন) রেখে ঘটনাস্থল থেকে সরে যায়।

প্রশাসনের এমন দায়সারা ভূমিকা প্রমাণ করে যে, অবৈধভাবে টিলা কাটায় সরকার দলীয় প্রভাবশালীরা সম্পৃক্ত। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা জানান, পৌরসভা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকন ও ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাজ উদ্দিন বলাই সুজানগর ইউনিয়নের ফয়সল আহমদ নামে এক প্রবাসীর সাথে চুক্তিবদ্ধ হয়ে তার মালিকানাধীন এই বিশাল টিলা কেটে দিচ্ছেন। এই দুই নেতা প্রশাসনকে আগেই বলে দিয়েছেন কোনো ডিসটার্ব না করতে। এজন্যই অবৈধভাবে টিলা কর্তনের খবর পেয়েও ইউএনও এবং পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) আইনি ব্যবস্থা নেননি। টিলা কর্তনের বিষয়ে স্থানীয় এক ব্যক্তি ইউএনও’কে অবহিত করার পর পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম মুঠোফোনে তাকে জানান যে, তিনি তার নিজের এক্সকেভেটর দিয়ে মাটি কাটাচ্ছেন এবং তাকে ম্যানেজের চেষ্টা করেন।

এব্যাপারে ইউএনও মাহবুব আলম মাহবুব জানান, খবর পাওয়ার পর পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী পাঠিয়ে খবর নিয়েছেন। টিলা কর্তনে ব্যবহৃত এক্সকেভেটর ঘটনাস্থলে থাকলেও কাউকে পাওয়া যায়নি। কাজ বন্ধ রয়েছে। আবার টিলা কাটা শুরু হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%