০৪:৪৭ পি.এম
লালমনিরহাট, ২ নভেম্বর ২০২৬ : কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে মাদকদ্রব্যসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ফুলবাড়ী সীমান্তের বিভিন্ন স্থানে দুটি বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ইস্কাপ সিরাপের ৯৮ বোতল, ৫ দশমিক ৬ কেজি গাঁজা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বিজিবি। আজ সকালে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গতকাল রোববার (১ নভেম্বর) দিবাগত রাতে, ব্যাটালিয়নের আওতাধীন অনন্তপুর ও বালারহাট বিওপির সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার হাজিটারী ও বালাটারী এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এই অভিযানের সময় হাজিটারী থেকে ৯৮ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ এবং বালাটারী থেকে ৫ দশমিক ৬ কেজি গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্যের সরকারি সিজার মূল্য ১ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা। এ ঘটনায় জড়িত চোরাকারবারিদের শনাক্ত করার জন্য তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় নিহত ৪০ বছর বয়সী মোটরসাইকেল চালক
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন