০৪:১৮ পি.এম
রাজশাহী, ২৮ নভেম্বর, ২০২৬ : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু ভূমি কর্মকর্তাদের কাছে আহ্বান জানিয়েছেন যে, তারা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে তাদের দায়িত্ব পালন করবেন।
আজ শনিবার বেলা ১১টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) কর্তৃক আয়োজিত ‘অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে ভূমি তথ্য সন্নিবেশ ও সংরক্ষণ কার্যক্রম’ শীর্ষক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে তিনি এ আহ্বান জানান।
ভূমিমন্ত্রী মন্তব্য করেন, ভূমিদস্যুদের প্রতি কোনো ধরনের প্রশ্রয় দেওয়া উচিত নয়। ভূমি অফিসগুলোতে যাতে ভূমিদস্যুরা সুযোগ-সুবিধা গ্রহণ করতে না পারে, সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে। সাধারণ সেবাপ্রত্যাশীদের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন: ২ ডিসেম্বর কুষ্টিয়া সফরে প্রধানমন্ত্রী, লক্ষাধিক মানুষের সমাগমের প্রস্তুতি
তিনি আরও বলেন, সরকার ভূমি সম্পর্কিত জটিলতা ও হয়রানি দূর করার জন্য কাজ করছে। আজকের কর্মশালা এই উদ্যোগের একটি অংশ।
মন্ত্রী কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান যে, তারা মনোযোগ দিয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং অর্জিত জ্ঞান ভবিষ্যতে কাজে লাগাবেন।
তিনি উল্লেখ করেন, অন্যায় ও অনিয়মের জন্য শুধু এই দুনিয়াতেই নয়, পরকালে জবাবদিহি করতে হবে। যারা অন্যায় ও অনিয়মের মাধ্যমে অর্থ-সম্পদের মালিক হয়েছেন, তাদের জীবনে শান্তি নেই। এমনকি মৃত্যুর আগে তাদের কষ্ট ভোগ করতে হয়েছে।
ভূমিমন্ত্রী সবাইকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান। তিনি ভূমি মন্ত্রণালয়ের অধীন সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠার সঙ্গে কাজ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখার জন্য উৎসাহিত করেন।
আরও পড়ুন: আটঘরিয়ায় বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মাহাতাব উদ্দিন গ্রেফতার
রাজশাহীর জেলা প্রশাসক মো. কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সোনালি দয়ারত্নে।
কর্মশালায় রাজশাহী জেলার নয়টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন