প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : রাজধানী কারাকাসের নিকটবর্তী একটি বিশাল শ্রমজীবী এলাকার বাসিন্দারা "আগামীকাল, আগামীকাল" স্লোগান দিয়ে নির্বাচনের দাবি জানিয়েছেন।
ভেনেজুয়েলায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার উদ্দেশ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত সংগ্রহের উদ্যোগ নিয়েছেন নোবেলজয়ী বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো।
এই উদ্যোগের লক্ষ্য হলো গণতান্ত্রিক সংস্কারের বিষয়ে দেশের বিভিন্ন অঞ্চল এবং বিদেশে বসবাসকারী ভেনেজুয়েলাবাসীর প্রস্তাব সংগ্রহ করা। ওয়াশিংটন নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার ১১ মাস পর এই উদ্যোগ গ্রহণ করা হলো।
বার্তা সংস্থা এএফপি কারাকাস থেকে এ তথ্য জানিয়েছে।
মাচাদোর দলের ভাষ্য অনুযায়ী, এই পরামর্শ কার্যক্রম কয়েক মাস ধরে চলবে এবং এতে ১০ লক্ষাধিক মানুষের অংশগ্রহণের আশা করা হচ্ছে।
অক্টোবরে নির্বাসন থেকে দেশে ফিরে ওয়াশিংটন-সমর্থিত সরকার ও কয়েকটি বিরোধী দলের সঙ্গে চলমান ক্ষমতা হস্তান্তরের আলোচনায় মাচাদোকে অন্তর্ভুক্ত করা হয়নি।
মানুষকে এই উদ্যোগে অংশ নিতে উদ্বুদ্ধ করতে তিনি রাজধানীর নিকটবর্তী পেতারে এলাকা সহ শ্রমজীবী মানুষের তিনটি স্থানে যান। সেখানে তিনি ছোট ছোট জনতার সঙ্গে মিশে কথা বলেন।
মাচাদোকে দেখেই উপস্থিত লোকজন "মুক্তি চাই" বলে চিৎকার করে ওঠেন। অনেকেই তাকে চুমু দেন, জড়িয়ে ধরেন, কিছু লোক আবেগে কেঁদে ফেলেন এবং কারও কণ্ঠ আবেগে কেঁপে ওঠে। সবাই তার সঙ্গে ছবি তুলতে আগ্রহ প্রকাশ করেন।
কাম্পো-রিকো এলাকার একটি ছোট বারান্দায় বড় একটি কম্পিউটার পর্দার সামনে প্রায় ৩০ জন জড়ো হন। মাচাদোর দলের তৈরি "পুন্তো দে আকুয়েরদো" (সমঝোতার ক্ষেত্র) নামের অনলাইন প্ল্যাটফর্মে তারা প্রায় ২০টি প্রশ্নের উত্তর দেন।
প্রশ্নগুলোতে বিচারব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, মজুরি, পেনশন, সরকারি ও বেসরকারি খাতের ভূমিকা এবং বিশেষভাবে নির্বাচনের বিষয় উঠে আসে।
অংশগ্রহণকারীরা ২০২৭ সালের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দেন। তবে মাদুরোর স্থলাভিষিক্ত অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিলেও বিষয়টি বিলম্বিত করার চেষ্টা করছেন বলে মনে হচ্ছে।
২০২৪ সালের নির্বাচনে বিরোধীরা মোট ভোটের প্রায় ৮০ শতাংশ কেন্দ্রের ফলাফলপত্র সংগ্রহ করেছিল। এসব ফলাফলপত্রে দেখা যায়, তাদের প্রার্থী বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন।
তবে সাইবার হামলার অজুহাত দেখিয়ে সরকার কখনো বিস্তারিত ফলাফল প্রকাশ করেনি।
কর্মী জোনাতান মোলানো মাচাদোকে বলেন, "এখানকার মানুষ ফলাফলপত্র সংগ্রহ করেছিলেন। তারা নাগরিক পরিষদের অংশ। এখানে তারা আলোচনা করছেন, ভবিষ্যতের দেশ কীভাবে গড়ে তোলা যায়। আপনি যে সরকারের নেতৃত্ব দেবেন, সেই সরকারের জন্য তারা বিভিন্ন ধারণা নিয়ে বিতর্ক করছেন।"
সংকট মোকাবিলার উদ্যোগ-
এক মাস আগে নির্বাসন থেকে দেশে ফিরে বিরোধীদলীয় এই নেতা নিজের সমর্থকদের সংগঠিত করার পাশাপাশি নিজ দলের বাইরের মানুষকেও ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছেন।
বুধবার শিক্ষার্থীদের সঙ্গে এক বৈঠকে তিনি "বিদ্বেষহীন সত্য এবং প্রতিশোধহীন ন্যায়বিচারের" ভিত্তিতে রাজনৈতিক পরিবর্তনের প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, "পুন্তো দে আকুয়েরদো" কর্মসূচির লক্ষ্য হলো একটি অভিন্ন কর্মসূচির আওতায় "সব ভেনেজুয়েলাবাসীকে" একত্র করা।
পশ্চিম কারাকাসের শ্রমজীবী মানুষের এলাকা লা ভেগায় এক সমাবেশে অংশ নিয়ে মাচাদো বলেন, "এটি একটি ঐতিহাসিক উদ্যোগ। এটি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের বহিঃপ্রকাশ। নতুন প্রজাতন্ত্রের ভিত্তি হবে এই উদ্যোগ।"
তিনি বলেন, "আমাদের শিশুদের যে সংকট মোকাবিলা করতে হচ্ছে, তা আমরা সমাধান করব। ৪ লাখ নয়, ৪০ লাখ শিশু স্কুলে যায় না। তাই তো? অবসরপ্রাপ্ত ব্যক্তিরা মাসে মাত্র এক ডলার পেনশন পান। অথচ ওষুধ কেনার সামর্থ্য তাদের নেই।"
মাচাদো আরও বলেন, "১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না। আর কত? আমরা এই জরুরি পরিস্থিতি মোকাবিলা করব। মানুষের যত্ন নেওয়ার মধ্য দিয়ে দেশকে আবার সচল করে তুলব।"
"পুন্তো দে আকুয়েরদো" প্ল্যাটফর্মের মহাপরিচালক ফাবিও ভ্যালেন্তিনি বলেন, "এখান থেকে সংগৃহীত মতামত নিঃসন্দেহে মারিয়া কোরিনার সরকারের কর্মসূচি প্রণয়নে ভূমিকা রাখবে। এ পর্যায়ে আমরা মানুষের কাছে প্রজাতন্ত্রের ভিত্তি নির্ধারণকারী সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিগুলো সম্পর্কে জানতে চাইছি।"
২০ বছর বয়সী স্থাপত্যের শিক্ষার্থী হোর্হে পুলিদো শ্রমজীবী মানুষের এলাকা আন্তিমানোর একটি বাড়ির ছাদে মাচাদোর সঙ্গে দেখা করতে পেরে গভীরভাবে আবেগাপ্লুত হন। প্রশ্নমালাটিও তার ভালো লেগেছে।
তিনি বলেন, "আমার মনে হয়, এতে পুরো দেশের বিষয়গুলো খুব ভালোভাবে উঠে এসেছে। সব নাগরিক এতে অংশ নিচ্ছেন। আমরা সবাই যেন এক পরিবারের সদস্য। এখন আগের যেকোনো সময়ের চেয়ে আমাদের নেত্রী মারিয়া কোরিনার এই প্রক্রিয়া এগিয়ে নিতে আমাদের সহযোগিতা প্রয়োজন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন