০৩:২৭ পি.এম
জার্মানিতে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়ার ইচ্ছা পোষণকারী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া সহজতর করার লক্ষ্যে একটি নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করতে যাচ্ছে দেশটির দূতাবাস।
আগামী ১ জানুয়ারি থেকে শিক্ষার্থী ভিসার আবেদন গ্রহণের জন্য ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’ (Auslandsportal) কার্যকর হবে।
এই নতুন ব্যবস্থার ফলে আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষার সময় উল্লেখযোগ্যভাবে কমবে, এমনটাই প্রত্যাশা করছে দূতাবাস।
আরও পড়ুন: দলিলে জমির তথ্য ও বাস্তব সীমানা মিলানোর পদ্ধতি জানুন
রোববার (১৫ নভেম্বর) ঢাকাস্থ জার্মান দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জার্মানিতে উচ্চশিক্ষা গ্রহণের জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। এই আগ্রহকে ইতিবাচকভাবে দেখছে জার্মান কর্তৃপক্ষ। দুই দেশের মধ্যে শিক্ষার্থীদের যাতায়াত বৃদ্ধি পেলে সাংস্কৃতিক আদান-প্রদানের সুযোগও সৃষ্টি হবে।
নতুন ব্যবস্থার আওতায় শিক্ষার্থীরা দূতাবাসে সরাসরি উপস্থিত হওয়ার পূর্বে অনলাইনে ভিসার আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন। পাশাপাশি ভিএফএসের (VFS) মাধ্যমে আবেদন-সংক্রান্ত নথিপত্রের প্রাথমিক যাচাইয়ের সুযোগ থাকবে।
অ্যাপয়েন্টমেন্টের দিন আবেদনকারীদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, ভিসা ফি জমা এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের কাজ সম্পন্ন হবে।
আরও পড়ুন: ক্যামব্রিজে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করলেন নাহিদ ইসলাম
এছাড়া, ডিজিটাল পোর্টালে প্রবেশ করে আবেদনের সর্বশেষ অবস্থা জানা সম্ভব হবে। প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের সঙ্গে একই সময়ে আবেদন জমা দেওয়ার সুযোগও থাকবে।
পুরোনো অপেক্ষমাণ তালিকায় থাকা শিক্ষার্থীদের জন্য নতুন ব্যবস্থার প্রভাব কী হবে?
নতুন ব্যবস্থা চালুর ফলে আগের অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থার অপেক্ষমাণ তালিকা বাতিল করা হবে। ফলে যারা আগে থেকে অপেক্ষমাণ তালিকায় নাম নিবন্ধন করেছেন, তাদের নতুন করে আবেদন করতে হবে।
এজন্য পুরোনো এবং নতুন সকল আবেদনকারীকে কনস্যুলার সার্ভিসেস পোর্টালে অ্যাকাউন্ট খুলে আবেদন জমা দিতে হবে। পুরোনো তালিকায় থাকা আবেদনকারীদের পূর্বের নিবন্ধন নতুন ব্যবস্থায় কার্যকর থাকবে না।
আরও পড়ুন: প্রত্যন্ত অঞ্চলে অস্ত্রোপচার সেবার জন্য প্রয়োজন প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট: জুবাইদা রহমান
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নতুন পদ্ধতিতে আবেদন যাচাইয়ের প্রক্রিয়া আরও দ্রুত এবং কার্যকর হবে। এতে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষার সময় কমানোর পাশাপাশি ভিসা আবেদন প্রক্রিয়ায় দূতাবাসের সক্ষমতা বৃদ্ধি পাবে। তবে আবেদনভেদে ভিসা প্রক্রিয়াকরণের সময় ভিন্ন হতে পারে।
যেভাবে আবেদন করবেন
স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে আগ্রহী শিক্ষার্থীরা ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন ডিজিটাল পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। এ জন্য ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে প্রয়োজনীয় তথ্য পূরণ ও কাগজপত্র জমা দিতে হবে।
আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র ও বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে জার্মানির কনস্যুলার সার্ভিসেস পোর্টালে।
আরও পড়ুন: সচিবালয়ের অগ্নিকান্ডের কেনাকাটায় ‘বালিশকাণ্ড-পর্দাকাণ্ড’কে হার মানিয়েছে
আবেদনের ওয়েবসাইট: https://digital.diplo.de/
বিস্তারিত তথ্য জানা যাবে ঢাকাস্থ জার্মান দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইটেও।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন