ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

স্পিকার: সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র, সদস্যদের দায়িত্বও রয়েছে


স্পিকার: সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র, সদস্যদের দায়িত্বও রয়েছে

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম মন্তব্য করেছেন যে, আইন প্রণয়নের কাজের পাশাপাশি সংসদ সদস্যদের আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সরকারের উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা আইনপ্রণেতাদের অন্যতম প্রধান কর্তব্য হিসেবে তিনি উল্লেখ করেন।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের শপথ কক্ষে ইউএনডিপি কর্তৃক বাস্তবায়িত ‘স্ট্রেনদেনিং ইনস্টিটিউশনস, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস)’ প্রকল্পের আওতায় ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ’ বিষয়ে এক ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। স্পিকার আরও বলেন, একটি শক্তিশালী ও কার্যকর সংসদই প্রকৃত গণতন্ত্রের প্রাণকেন্দ্র।

অনুষ্ঠানে স্পিকার আরও উল্লেখ করেন, বর্তমানে সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি ব্যাপকভাবে বেড়েছে, পাশাপাশি প্রকল্পগুলোর বাস্তবায়নের কারিগরি ও অন্যান্য সংশ্লিষ্ট জটিলতাও বৃদ্ধি পেয়েছে। এই প্রেক্ষাপটে, একজন জনপ্রতিনিধি হিসেবে সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং পাবলিক প্রকিউরমেন্ট প্রক্রিয়ায় সক্রিয়ভাবে সম্পৃক্ত থেকে সরকারি সম্পদের সঠিক ও যথাযথ ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। তিনি আশা প্রকাশ করেন যে, এই ওরিয়েন্টেশন কর্মশালার মাধ্যমে সংসদ সদস্যদের অর্জিত জ্ঞান দেশে সুশাসন প্রতিষ্ঠায় অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।

আরও পড়ুন: দলিলে জমির তথ্য ও বাস্তব সীমানা মিলানোর পদ্ধতি জানুন

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও জনগণের প্রত্যাশার বিষয়টি তুলে ধরে হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে বর্তমান জাতীয় সংসদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন যে, বিগত ১৫ বছর প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের মৌলিক গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছিল। তাই একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দেশের সাধারণ জনগণ আজ বর্তমান নির্বাচিত সংসদের দিকে তাকিয়ে আছে। পাশাপাশি, সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নির্ভরযোগ্য সহযোগী হিসেবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বা ইউএনডিপি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, সেজন্য তিনি সংস্থাটিকে আন্তরিক ধন্যবাদ জানান এবং আনুষ্ঠানিকভাবে কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিভেন রদ্রিগেজ। এ ছাড়াও উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রামে জাতীয় সংসদের অন্যান্য হুইপবৃন্দ, সংসদ সদস্যগণ, ইউএনডিপির উচ্চপদস্থ প্রতিনিধি, প্রকল্প পরিচালকসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইএমএফের কর্মসূচি থেকে সরে আসার প্রশ্ন নেই: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


আইএমএফের কর্মসূচি থেকে সরে আসার প্রশ্ন নেই: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তের কারণে সরকার পিছিয়ে যাচ্ছে না। তবে তিনি উল্লেখ করেছেন যে, বিগত অনির্বাচিত সরকারের সময় আইএমএফের সঙ্গে গৃহীত কর্মসূচির কিছু শর্ত বাস্তবায়নের জন্য সময় ও যথাযথ পরিকল্পনার প্রয়োজন রয়েছে। সরকার জনগণ, ব্যবসায়ী ও অর্থনীতির স্বার্থ বিবেচনা করে এসব সিদ্ধান্ত ধাপে ধাপে বাস্তবায়ন করতে চায়।

রোববার (১৫ নভেম্বর) কক্সবাজারে প্রথম আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা পিছিয়ে যাচ্ছি, বিষয়টি এমন নয়। বিগত ফ্যাসিস্ট রেজিমের সময় আইএমএফের সঙ্গে যে কর্মসূচি করা হয়েছিল, সেখানে অনেক বিষয় রয়েছে, যেগুলো একটি নির্বাচিত সরকারের পক্ষে রাতারাতি বাস্তবায়ন করা সম্ভব নয়। অনেক কিছু করা সম্ভব, কিন্তু এর জন্য সঠিক সময় ও ধারাবাহিকতা প্রয়োজন।’

তিনি সতর্ক করে বলেন, রাতারাতি কিছু সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গেলে জনগণকে ভোগান্তিতে পড়তে হবে। এতে অর্থনীতি ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। অনির্বাচিত সরকারের সিদ্ধান্তের ক্ষেত্রে জনগণের কাছে জবাবদিহির বিষয়টি থাকে না। কিন্তু নির্বাচিত সরকারকে জনগণের স্বার্থ বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নিতে হয়।

বিশ্ব অর্থনীতিতে চলমান বড় ধরনের পরিবর্তনগুলোকে বিবেচনায় নিয়ে সরকার পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক কাঠামো ও উন্নয়ন কর্মসূচির সঙ্গে উন্নয়ন সহযোগীদের কার্যক্রমের সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং অন্যান্য উন্নয়ন সহযোগীদের সরকারের পরিকল্পনার সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে।

আইএমএফের সঙ্গে কিছু বিষয়ে মতপার্থক্য থাকলেও তা সমাধানে কাজ চলছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, এ জন্য দুটি ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। আশা করা হচ্ছে, জানুয়ারির মধ্যে তাদের কাজ শেষ হবে। জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে বিষয়গুলো চূড়ান্ত করা সম্ভব হবে।

আমির খসরু বলেন, ‘আইএমএফের কর্মসূচি থেকে সরে আসার কোনো প্রশ্ন নেই। আমরা চাই, আমাদের কর্মসূচির সঙ্গে আইএমএফ, বিশ্বব্যাংক, এডিবিসহ উন্নয়ন সহযোগীদের পরিকল্পনার সমন্বয় হোক। সমন্বয় না থাকলে কর্মসূচি বাস্তবায়ন করব কীভাবে?’

কক্সবাজার ও মহেশখালীকে ঘিরে বড় ধরনের অর্থনৈতিক পরিকল্পনার কথাও তুলে ধরেন অর্থমন্ত্রী। তিনি জানান, মহেশখালীতে এলএনজি টার্মিনালসহ বিভিন্ন অবকাঠামো ও অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে আগামী দিনে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে মহেশখালীতে উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকাণ্ড দেখা যাবে।

কক্সবাজারকে শুধু পর্যটনকেন্দ্র হিসেবে নয়, আন্তর্জাতিক যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবেও গড়ে তোলার চিন্তা করছে সরকার। অর্থমন্ত্রী বলেন, কক্সবাজারের পর্যটনশিল্পের পাশাপাশি এ অঞ্চলে নতুন নতুন অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণের সুযোগ রয়েছে। মহেশখালীর সম্ভাবনাকে কাজে লাগিয়ে যে অর্থনৈতিক পরিবর্তন আনা হবে, তা কক্সবাজারের সামগ্রিক উন্নয়নের সঙ্গেও যুক্ত থাকবে। কক্সবাজারকে সিটি করপোরেশনে রূপান্তরের বিষয়টিও সরকারের পরিকল্পনায় রয়েছে।

দুই দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

কক্সবাজারে দুই দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক ঋণ ব্যবস্থাপনা সম্মেলন অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) যৌথ আয়োজনে শুরু হয়েছে। রোববার সকালে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

উদ্বোধন শেষে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি, অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনা মানসিক হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান, ৬ জন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


পাবনা মানসিক হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান, ৬ জন গ্রেফতার

পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা নিতে আসা অসহায় ও সাধারণ রোগীদের জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়ার জন্য একটি সক্রিয় দালাল চক্রের বিরুদ্ধে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে।

রোববার (১৫ নভেম্বর) সকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ৫ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ১ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আলীম।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— মো. হাবিল মণ্ডল (৬৫), মো. বিপুল (৪২), জুয়েল হোসেন (৩২), সুজন আলী (৪২) এবং ওয়ারেস (৪০); যাদের সকলের বাড়ি পাবনা সদর উপজেলার হেমায়েতপুর এলাকায়। এছাড়াও, চক্রের অপর সদস্য মো. হাফিজুর রহমান মাহফুজ (৪০) আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে পাবনা সদর থানায় ১টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আভিযানিক দলের সদস্যরা জানিয়েছেন, পাবনা মানসিক হাসপাতালে দেশের বিভিন্ন স্থান থেকে অসহায় ও মানসিক রোগীরা চিকিৎসার জন্য আসেন। কিন্তু একটি চক্র দীর্ঘদিন ধরে এই সরল রোগী ও তাদের স্বজনদের বিভ্রান্ত, হয়রানি ও প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছিল। এনএসআইয়ের একটি টিম বেশ কিছুদিন ধরে গোপন অনুসন্ধান চালিয়ে দালালদের অপতৎপরতা নিশ্চিত করে। পরে জেলা প্রশাসনকে বিষয়টি জানানো হলে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আলীম বলেন, "ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে দালাল চক্রের সদস্যদের আটক করা হয়। পরে তাদের মধ্যে ৫ জন অবৈধ দালালি কার্যক্রমে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য একজন স্বীকারোক্তি না দিলেও দালালি কার্যক্রমে জড়িত ছিল বলে প্রমাণ পাওয়া গেছে, তাই তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে সদর থানায় হেফাজতে নেওয়া হয়েছে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ’ — ফেসবুকে ক্ষমা চাইলেন মেহেদী হাসান শ্রাবণ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩০ পি.এম


‘আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ’ — ফেসবুকে ক্ষমা চাইলেন মেহেদী হাসান শ্রাবণ

তিনি ছিলেন ম্যাচের নায়ক। একের পর এক সেভ দিয়ে বাংলাদেশকে ম্যাচে ধরে রেখেছিলেন। তবে সেই মেহেদী হাসান শ্রাবণ শেষ পর্যন্ত খলনায়ক হিসেবে পরিচিতি লাভ করলেন। গতকাল সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়ের পর থেকে তিনি ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছেন।

এখন তিনি নিরবতা ভাঙতে গিয়ে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে সব দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন। এরপর শ্রাবণ জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।

৮৫ মিনিট পর্যন্ত তিনি অন্তত ৩টি সেভ করেছিলেন। ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত এই সেভগুলো বাংলাদেশের আশা বাঁচিয়ে রেখেছিল। মনে হচ্ছিল, হয়তো অতিরিক্ত সময়েই ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে।

কিন্তু ঠিক তখনই একটি মুহূর্তের ভুলে সবকিছু বদলে যায়। তার একটি লং থ্রো প্রতিপক্ষের পায়ে গিয়ে পড়ে। সেই সুযোগে আবদুল সামাদ গোল করে। এতে স্বাগতিকদের স্বপ্ন ভেঙে যায় এবং ফাইনালে ওঠে পাকিস্তান।

ম্যাচের পর হামজা চৌধুরী কাউকে এককভাবে দোষ দিতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, ‘আমরা কাউকে দোষ দিতে পারব না। মনে হয়, ওরা (পাকিস্তান) বিরতির সময় খেলার পরিকল্পনা বদলেছে। তারপরও ওরা মাত্র একটি সুযোগ তৈরি করেছে, আমরা দুটি দারুণ সুযোগ... এটাই তো ফুটবল, তাই না? এক সুযোগ পেয়েই ওরা গোল দিয়েছে।’

শমিত সোমও একই সুরে কথা বলেছেন। তার মন্তব্য, ‘কারো একার দোষ দিতে পারি না আমরা। একজন যদি ভুল করে, আরেকজন তা পুষিয়ে দেবে, এই তো নিয়ম!’

তবে দুই তারকার এমন বক্তব্যও শ্রাবণের দিকে ধেয়ে আসা সমালোচনার তির কমাতে পারেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি তীব্র সমালোচনার শিকার হয়েছেন।

এখন শ্রাবণ নিজেই ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। নিজের ভেরিফাইন ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘গতকাল রাতে আমি আপনাদের সবার সঙ্গে উদযাপনের স্বপ্ন দেখেছিলাম। ভারাক্রান্ত হৃদয়ে এই কথাগুলো লিখব, তা ভাবিনি।’

তিনি আরও লেখেন, ‘একটি দুর্ভাগ্যজনক ভুল সবকিছু বদলে দিয়েছে। আমি জানি, এতে কতটা হতাশা তৈরি হয়েছে। আমি এই মুহূর্তকে একটি কষ্টের শিক্ষা হিসেবে নিচ্ছি। আমার সতীর্থ, কোচ ও প্রতিটি সমর্থকের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’

পোস্টের শেষে তিনি লেখেন, ‘আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৭ সালের স্কুল ভর্তি পরীক্ষা বাতিলের রিট খারিজ করেছে হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩০ পি.এম


২০২৭ সালের স্কুল ভর্তি পরীক্ষা বাতিলের রিট খারিজ করেছে হাইকোর্ট

দেশের সব স্কুলে ২০২৭ সালে ভর্তি পরীক্ষা বাতিলের জন্য করা রিটটি হাইকোর্ট কর্তৃক উত্থাপিত হয়নি মর্মে খারিজ করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী এবং বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।

আদালতে রিটের পক্ষে আইনজীবী জাহিদ তালুকদার উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী ছিলেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী জানান, আদালত নট প্রেস রিজেক্টেড করেছেন।

এর আগে ৭ অক্টোবর, মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্নেন্স ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ দেশের সব স্কুলে ২০২৭ সালের ভর্তি পরীক্ষা বাতিলের জন্য রিট দায়ের করেছিলেন।

রিটে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) উপসচিবকে বিবাদী করা হয়েছে।

রিট আবেদনের পর আইনজীবী জাহিদ তালুকদার জানান, ২০২১ শিক্ষাবর্ষে দেশের সরকারি বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতির পরিবর্তে ডিজিটাল লটারি চালু করেছিল তৎকালীন সরকার। তবে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সেই পদ্ধতি বাতিল করে বিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত নেয়।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন গত ১৬ মার্চ এক সংবাদ সম্মেলনে সরকারের এই সিদ্ধান্তের কথা জানান। একই দিনে লটারি পদ্ধতি বাতিলের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। পরে সংশোধিত প্রজ্ঞাপনে বলা হয়, দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি নেওয়া হবে পরীক্ষার মাধ্যমে। তবে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বহাল থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%