শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:২৫ পি.এম
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে আগামীকাল ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হবে।
দেশের সকল সেনানিবাস, নৌ ঘাঁটি ও স্থাপনা এবং বিমান বাহিনী ঘাঁটির মসজিদসমূহে দেশের কল্যাণ ও সমৃদ্ধি, সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হবে।
এই দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথকভাবে বাণী প্রদান করেছেন।
১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কাল সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করবেন। পাশাপাশি, তিন বাহিনী প্রধানগণ সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে এবং বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীগণকে সংবর্ধনা প্রদান করবেন। এ সময় প্রধানমন্ত্রী খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শুভেচ্ছা স্মারক বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করবেন।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ অসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
দিবসটি উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২১ নভেম্বর বিকেল ৬টায় ঢাকা সেনানিবাসস্থ সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই সংবর্ধনায় সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছাড়াও দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় দূতাবাসসমূহের কূটনীতিক, বীরশ্রেষ্ঠ ও সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারী, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিবর্গ এবং বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের উত্তরাধিকারীগণ উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে।
দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য ঢাকা ছাড়াও সাভার, বরিশাল, কক্সবাজার, বগুড়া, সিলেট, ঘাটাইল, ময়মনসিংহ, চট্টগ্রাম, যশোর, খুলনা, রংপুর ও রাজেন্দ্রপুর সেনানিবাস বা ঘাঁটিতে সংশ্লিষ্ট এরিয়া সদর দপ্তরের ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়াও ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বিশেষভাবে সজ্জিত নৌবাহিনীর জাহাজসমূহ ২১ নভেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৪ টা ৪৫ মিনিট পর্যন্ত সর্বসাধারণের দেখার জন্য নিকটস্থ ঘাটসমূহে নোঙ্গরকৃত অবস্থায় রাখা হবে।
আজ শুক্রবার সশস্ত্র বাহিনী দিবসের তাৎপর্য তুলে ধরে বাংলাদেশ টেলিভিশন রাত ৮টার বাংলা সংবাদের পর সশস্ত্র বাহিনীর পরিবেশনায় ‘বিশেষ অনির্বাণ’ অনুষ্ঠান সম্প্রচার করবে।
বাংলাদেশ বেতার ২১ নভেম্বর (শনিবার) সন্ধ্যা সাড়ে ৭টায় ‘বিশেষ দুর্বার’ অনুষ্ঠান সম্প্রচার করবে। অনুষ্ঠানটি বেসরকারি টিভি চ্যানেলসমূহে পরবর্তীতে পর্যায়ক্রমে সম্প্রচারিত হবে।
দিবসটি উপলক্ষে শনিবারের বাংলা ও ইংরেজি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকাসমূহে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে। এছাড়াও সশস্ত্র বাহিনীর পরিচালনাধীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চট্টগ্রামের মিরসরাইয়ে ২৪ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ফারুক হোসেন (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বারইয়ারহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জামালপুর খালপাড় এলাকায় জাহেদ স্টোর অ্যান্ড ভাতঘরের সামনে থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ টাকা ছিল।
গ্রেপ্তার হওয়া যুবক খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি থানার ৪ নম্বর মাইসছড়ি ইউনিয়নের নুনছড়ি বাহারটিলা এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।
পুলিশের সূত্রে জানা গেছে, ফারুক কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন রুট ব্যবহার করে ইয়াবার চালানটি ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। অধিক লাভের উদ্দেশ্যে ঢাকাগামী বাসের অপেক্ষায় থাকাকালীন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে এসআই আকরামুল হক ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৭২ লাখ টাকা। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জোরারগঞ্জ থানায় মামলা করা হয়েছে।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ পরিবেশবান্ধব শিল্পায়নে নতুন এক ইতিহাস সৃষ্টি করেছে। দেশের আরও ১২টি তৈরি পোশাক, বস্ত্র ও পোশাকশিল্পের আনুষঙ্গিক পণ্য উৎপাদনকারী কারখানা যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) লিড (এলইইডি) সনদ লাভ করেছে।
এখন দেশে লিড সনদপ্রাপ্ত পরিবেশবান্ধব কারখানার সংখ্যা ৩০২টিতে পৌঁছেছে। এর ফলে, বিশ্বের সকল দেশের মধ্যে সবুজ কারখানার সংখ্যায় শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ।
নতুন সনদ পাওয়া ১২টি কারখানার মধ্যে ৯টি প্লাটিনাম এবং তিনটি গোল্ড ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে। ঢাকার ধামরাইয়ে অবস্থিত অ্যাডজি ট্রিমস লিমিটেড সর্বোচ্চ ৯৭ পয়েন্ট অর্জন করে প্লাটিনাম সনদ লাভ করেছে।
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) তথ্য অনুযায়ী, বর্তমানে ৩০২টি লিড সনদপ্রাপ্ত কারখানার মধ্যে ১৩৪টি প্লাটিনাম, ১৪৮টি গোল্ড, ১৬টি সিলভার এবং চারটি সার্টিফায়েড ক্যাটাগরিতে রয়েছে। বিশ্বের সর্বোচ্চ রেটিং পাওয়া ১০০টি লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানার মধ্যে ৫৩টি বাংলাদেশে অবস্থিত। ফলে, শুধু কারখানার সংখ্যায় নয়, আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব শিল্প স্থাপনে বাংলাদেশের শক্ত অবস্থান তৈরি হয়েছে।
নতুন প্লাটিনাম সনদ পাওয়া কারখানাগুলোর মধ্যে গাজীপুরের ডি অ্যান্ড এস প্রিটি ফ্যাশনস লিমিটেড ৯১ পয়েন্ট অর্জন করেছে। একই জেলার প্রবৃদ্ধি অ্যাপারেলস লিমিটেড ৮৮ পয়েন্ট এবং এল ইউসিন ফ্যাশন লিমিটেড ৮৫ পয়েন্ট পেয়েছে। নারায়ণগঞ্জের এফকেএল প্রিন্টিং বিল্ডিং ৮৬ পয়েন্ট অর্জন করেছে।
এছাড়া, চট্টগ্রামের ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার লিমিটেড ৮৪ পয়েন্ট এবং কেডিএস অ্যাপারেলস লিমিটেডের টেক্সটাইল অ্যান্ড ওয়াশিং ইউনিট ৮২ পয়েন্ট পেয়েছে। সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) পুরোনো অঞ্চলে অবস্থিত প্যাক্সার বাংলাদেশ লিমিটেড এবং গাজীপুরের বিপ্রবর্তায় অবস্থিত এক্সপো অ্যাকসেসরিজ লিমিটেডও ৮২ পয়েন্ট করে অর্জন করেছে।
অন্যদিকে, নতুন গোল্ড সনদ পাওয়া তিনটি কারখানা হলো নারায়ণগঞ্জের বার্নালী কালেকশনস লিমিটেডের নিটিং ইউনিট, যা ৬৮ পয়েন্ট পেয়েছে। চট্টগ্রামের বেস্টেক বিডি লিমিটেড ৬৬ পয়েন্ট এবং টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত এক্সপোর্ট বিল্ডিং-২ ৬৪ পয়েন্ট অর্জন করেছে।
লিড সনদ পরিবেশবান্ধব ভবন ও শিল্পকারখানার আন্তর্জাতিক স্বীকৃতি। এই সনদ জ্বালানি ও পানির সাশ্রয়, সম্পদের দক্ষ ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা এবং ভবনের অভ্যন্তরীণ পরিবেশের গুণগত মানসহ বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে প্রদান করা হয়।
বিশ্বের সর্বোচ্চ রেটিং পাওয়া ১০০টি সবুজ কারখানার মধ্যে বাংলাদেশের ৫৩টির অবস্থান দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থার অগ্রগতির একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। নতুন ১২টি কারখানার অন্তর্ভুক্তির মাধ্যমে এ অর্জন আরও সমৃদ্ধ হলো।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : দেশের স্বাস্থ্যসেবা খাতকে আরও শক্তিশালী করার উদ্দেশ্যে সরকার প্রায় ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা করছে। এর মধ্যে ৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট এবং ২ হাজার ফার্মাসিস্ট নিয়োগের সম্ভাবনা রয়েছে।
বিদ্যমান ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) তথ্যের মধ্যে কারিগরি ত্রুটির কারণে অসংগতি দেখা দেওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর (ডিজিএইচএস) শূন্য পদের সঠিক সংখ্যা নির্ধারণের জন্য প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে হালনাগাদ তথ্য চেয়েছে।
৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ২ হাজার ফার্মাসিস্টসহ প্রায় ১০ হাজার পদে বড় পরিসরে নিয়োগের বিজ্ঞপ্তি চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে প্রকাশ হতে পারে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি বাসস-কে জানিয়েছেন, "আমরা শুধু এমআইএসের তথ্যের ওপর নির্ভর না করে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে তথ্য চেয়েছি।" তিনি আরও বলেন, "তথ্য পাওয়ার পর সেগুলো একত্র করে আমরা নিয়োগের চূড়ান্ত চাহিদা নির্ধারণ করবো।"
তিনি জানান, স্বাস্থ্য অধিদপ্তর হিসাব সহকারী, হিসাবরক্ষক ও অফিস সহকারীসহ বিভিন্ন পদে প্রায় ১৫০ জন কর্মী নিয়োগের প্রস্তুতি নিচ্ছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে।
অতিরিক্ত মহাপরিচালক আরও জানিয়েছেন, জেলা পর্যায়েও স্বাস্থ্য সহকারী নিয়োগের কাজ চলছে। কিছু এলাকায় এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, তবে কোথাও কোথাও এখনো তা চলমান রয়েছে। তিনি উল্লেখ করেন, "কিছু জেলায় আদালতে মামলা বিচারাধীন থাকায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে কিছুটা সময় লাগছে।"
সরকারি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার পদক্ষেপ সম্পর্কে অধ্যাপক রুমি বলেন, ১১ থেকে ২০তম গ্রেডের নন-মেডিকেল পদগুলোতে নিয়োগের জন্য বিশেষ কমিটি গঠন করা হবে। এই কমিটিতে স্বাস্থ্য অধিদপ্তর, সরকারি কর্ম কমিশন (পিএসসি), জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকবেন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) কমিটির সভাপতি এবং উপপরিচালক (প্রশাসন) সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, নিয়োগ কমিটি পরীক্ষার নীতিমালা ঠিক করবে। এরপর লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মানদণ্ড বজায় রাখা হবে।
অতিরিক্ত মহাপরিচালক জানান, স্বচ্ছতা নিশ্চিত করতে নিয়োগ কমিটির তত্ত্বাবধানে লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং ফল প্রকাশের আগে উত্তরপত্র মূল্যায়ন করা হবে।
অধ্যাপক রুমি আরও বলেন, বিসিএস ক্যাডারের চিকিৎসক, অর্থাৎ মেডিকেল ও ডেন্টাল স্নাতক চিকিৎসকদের নিয়োগ পিএসসির মাধ্যমে হয়ে থাকে। এছাড়া ৭ম ও ৯ম গ্রেডের কিছু নন-মেডিকেল পদও এই কমিশনের মাধ্যমে পূরণ করা হয়।
স্বাস্থ্য খাতে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে অধিদপ্তরের এই কর্মকর্তা বলেন, তাৎক্ষণিক প্রশাসনিক পদক্ষেপ হিসেবে অসদাচরণের সন্দেহে কোনো কর্মকর্তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা বা পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে।
তিনি বলেন, "আমার জানা মতে, এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে দুর্নীতির অভিযোগে কোনো বিভাগীয় মামলা হয়নি।" তিনি জানান, এ পর্যন্ত যেসব বিভাগীয় মামলা হয়েছে, তার বেশিরভাগই কর্মস্থলে অনুপস্থিতি ও অসদাচরণ সংক্রান্ত।
চিকিৎসা সরঞ্জামের যথাযথ ব্যবহার নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, অব্যবহৃত বা অচল যন্ত্রপাতির কার্যকর ব্যবহার এবং সময়মতো মেরামত নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তর মাঠপর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোকে কঠোর নির্দেশনা দিয়েছে।
সেই সঙ্গে দাপ্তরিক চিঠিপত্র বা নথিপত্র দ্রুত নিষ্পত্তি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
অধ্যাপক রুমি বলেন, কেন্দ্রীয় যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থার (টিইএমও) পাশাপাশি বিভাগীয় পর্যায়ের দপ্তরগুলোকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) তৈরি করা হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উদযাপন করা হয়েছে একটি বিশেষ আয়োজনের মাধ্যমে। ৬২তম জন্মদিনের উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার সব শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ৬২ হাজার নিমগাছের চারা ও বিশুদ্ধ পানি পান করার মগ বিতরণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। এই উদ্যোগটি পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে নেওয়া হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় মোকামতলা হাইস্কুল মাঠে এবং বেলা ১১টায় শিবগঞ্জ হাইস্কুল মাঠে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি পালন করা হয়। দুই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা এই আয়োজনে অংশগ্রহণ করেন। প্রায় ৫ হাজার শিক্ষার্থীর হাতে একটি করে নিমগাছের চারা ও বিশুদ্ধ পানি পান করার মগ তুলে দেওয়া হয়। পাশাপাশি আগামী রবিবার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাকি ৫৭ হাজার মগ ও নিমের চারা বিতরণ করা হবে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, "বগুড়ার কৃতী সন্তানের জন্মদিনে আমরা শিক্ষার্থীদের হাতে তুলে দিলাম একটি করে বৃক্ষ ও বিশুদ্ধ পানি পান করার মগ। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে প্রত্যেকের বাড়িতে একটি করে গাছের চারা লাগানোর আহ্বান জানাচ্ছি। ভালো কাজের সঙ্গে থাকতে হবে, সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। পরিবেশ রক্ষা ও সুন্দর সমাজ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা চাই, আজকের শিক্ষার্থীরা শুধু একটি গাছের চারা গ্রহণ করবে না, বরং সেটির যত্ন নিয়ে বড় করার দায়িত্বও নেবে।"
আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, "আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন। তারা যে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে, সহিংসতার মাধ্যমে নিজেরাই তা প্রকাশ করেছে। সরকার এখনো সহনশীল আচরণ করছে। এটাকে দুর্বলতা ভাববেন না। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে দেশের মানুষকে নিরাপদ রাখতে যা যা প্রয়োজন, সরকার তা করবে। গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় দুয়েকজন লাফালাফি করছে। সহিংসতা ও নাশকতায় জড়িতদের জায়গা হবে কারাগারে।"
তিনি আরো বলেন, "কোনো পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে পুনরুত্থান হতে দেওয়া যাবে না। তাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করতে হবে। এ দেশের মানুষের শান্তি দরকার, উন্নয়ন দরকার। মানুষ সহিংসতা চায় না। দেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়। আমরা সেই পরিবেশ নিশ্চিত করতে চাই।"
গোপালগঞ্জের সহিংসতার ঘটনা উল্লেখ করে মীর শাহে আলম বলেন, "গোপালগঞ্জে দুটি থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, তিনজন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। ট্রাকে আগুন দিয়ে চালককে হত্যা করা হয়েছে। এ ধরনের সহিংসতা করে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকারকে হটানো যাবে না। দেশের মানুষকে শান্তি ও অর্থনৈতিক মুক্তি দিতে যা যা করা দরকার, বিএনপি সরকার সবই করবে।"
প্রধানমন্ত্রী তারেক রহমানকে গণমানুষের নেতা অভিহিত করে প্রতিমন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে নানা পরিকল্পনা করছেন। দেশের ক্রান্তিলগ্নে সবসময় জিয়া পরিবার এগিয়ে এসেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর বেগম খালেদা জিয়া, এরপর তারেক রহমান দেশের হাল ধরেছেন। তারা দেশের মানুষের কথা ভাবেন, দেশের জন্য দিনরাত কাজ করেন। বগুড়ার সন্তানকে নিয়ে আমাদের গর্ব হয়। তার পাশে থাকতে হবে, তাকে সমর্থন দিতে হবে। দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করার পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, "সারাবছর খেলাধুলার সঙ্গে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত রাখতে প্রতি উপজেলায় ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে। আমরা চাই, নতুন প্রজন্ম পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত থাকুক। সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই।"
প্রতিমন্ত্রী বলেন, মোকামতলাসহ নতুন তিনটি পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রী অনুশাসন জারি করেছেন। ডিজিটাল মাস্টারপ্ল্যানের মাধ্যমে এসব পৌরসভাকে পরিকল্পিতভাবে সাজানো হবে। নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, উন্নত যোগাযোগব্যবস্থা, পানি নিষ্কাশন ও আধুনিক নগরসেবা নিশ্চিত করার লক্ষ্যে পরিকল্পিত উন্নয়ন কার্যক্রম নেওয়া হবে।
তিনি আরো জানান, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার মোকামতলা হাইস্কুল মাঠে আসবেন। সেখানে তিনি মোকামতলা উপজেলা, থানা ও পৌরসভার উদ্বোধন করবেন। একই সফরে মোকামতলা-কালাই-জয়পুরহাট ও হিলি ছয় লেন সড়ক নির্মাণকাজেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ