প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রামের মিরসরাইয়ে ২৪ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ফারুক হোসেন (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বারইয়ারহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জামালপুর খালপাড় এলাকায় জাহেদ স্টোর অ্যান্ড ভাতঘরের সামনে থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ টাকা ছিল।
গ্রেপ্তার হওয়া যুবক খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি থানার ৪ নম্বর মাইসছড়ি ইউনিয়নের নুনছড়ি বাহারটিলা এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে।
পুলিশের সূত্রে জানা গেছে, ফারুক কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন রুট ব্যবহার করে ইয়াবার চালানটি ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল। অধিক লাভের উদ্দেশ্যে ঢাকাগামী বাসের অপেক্ষায় থাকাকালীন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে এসআই আকরামুল হক ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ হাজার ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৭২ লাখ টাকা। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জোরারগঞ্জ থানায় মামলা করা হয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন