প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ পরিবেশবান্ধব শিল্পায়নে নতুন এক ইতিহাস সৃষ্টি করেছে। দেশের আরও ১২টি তৈরি পোশাক, বস্ত্র ও পোশাকশিল্পের আনুষঙ্গিক পণ্য উৎপাদনকারী কারখানা যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) লিড (এলইইডি) সনদ লাভ করেছে।
এখন দেশে লিড সনদপ্রাপ্ত পরিবেশবান্ধব কারখানার সংখ্যা ৩০২টিতে পৌঁছেছে। এর ফলে, বিশ্বের সকল দেশের মধ্যে সবুজ কারখানার সংখ্যায় শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ।
নতুন সনদ পাওয়া ১২টি কারখানার মধ্যে ৯টি প্লাটিনাম এবং তিনটি গোল্ড ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে। ঢাকার ধামরাইয়ে অবস্থিত অ্যাডজি ট্রিমস লিমিটেড সর্বোচ্চ ৯৭ পয়েন্ট অর্জন করে প্লাটিনাম সনদ লাভ করেছে।
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) তথ্য অনুযায়ী, বর্তমানে ৩০২টি লিড সনদপ্রাপ্ত কারখানার মধ্যে ১৩৪টি প্লাটিনাম, ১৪৮টি গোল্ড, ১৬টি সিলভার এবং চারটি সার্টিফায়েড ক্যাটাগরিতে রয়েছে। বিশ্বের সর্বোচ্চ রেটিং পাওয়া ১০০টি লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানার মধ্যে ৫৩টি বাংলাদেশে অবস্থিত। ফলে, শুধু কারখানার সংখ্যায় নয়, আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব শিল্প স্থাপনে বাংলাদেশের শক্ত অবস্থান তৈরি হয়েছে।
নতুন প্লাটিনাম সনদ পাওয়া কারখানাগুলোর মধ্যে গাজীপুরের ডি অ্যান্ড এস প্রিটি ফ্যাশনস লিমিটেড ৯১ পয়েন্ট অর্জন করেছে। একই জেলার প্রবৃদ্ধি অ্যাপারেলস লিমিটেড ৮৮ পয়েন্ট এবং এল ইউসিন ফ্যাশন লিমিটেড ৮৫ পয়েন্ট পেয়েছে। নারায়ণগঞ্জের এফকেএল প্রিন্টিং বিল্ডিং ৮৬ পয়েন্ট অর্জন করেছে।
এছাড়া, চট্টগ্রামের ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার লিমিটেড ৮৪ পয়েন্ট এবং কেডিএস অ্যাপারেলস লিমিটেডের টেক্সটাইল অ্যান্ড ওয়াশিং ইউনিট ৮২ পয়েন্ট পেয়েছে। সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) পুরোনো অঞ্চলে অবস্থিত প্যাক্সার বাংলাদেশ লিমিটেড এবং গাজীপুরের বিপ্রবর্তায় অবস্থিত এক্সপো অ্যাকসেসরিজ লিমিটেডও ৮২ পয়েন্ট করে অর্জন করেছে।
অন্যদিকে, নতুন গোল্ড সনদ পাওয়া তিনটি কারখানা হলো নারায়ণগঞ্জের বার্নালী কালেকশনস লিমিটেডের নিটিং ইউনিট, যা ৬৮ পয়েন্ট পেয়েছে। চট্টগ্রামের বেস্টেক বিডি লিমিটেড ৬৬ পয়েন্ট এবং টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত এক্সপোর্ট বিল্ডিং-২ ৬৪ পয়েন্ট অর্জন করেছে।
লিড সনদ পরিবেশবান্ধব ভবন ও শিল্পকারখানার আন্তর্জাতিক স্বীকৃতি। এই সনদ জ্বালানি ও পানির সাশ্রয়, সম্পদের দক্ষ ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা এবং ভবনের অভ্যন্তরীণ পরিবেশের গুণগত মানসহ বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে প্রদান করা হয়।
বিশ্বের সর্বোচ্চ রেটিং পাওয়া ১০০টি সবুজ কারখানার মধ্যে বাংলাদেশের ৫৩টির অবস্থান দেশের তৈরি পোশাক ও বস্ত্র খাতের পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থার অগ্রগতির একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। নতুন ১২টি কারখানার অন্তর্ভুক্তির মাধ্যমে এ অর্জন আরও সমৃদ্ধ হলো।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন