ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: টুকু


জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে চলেছে। তিনি উল্লেখ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের খুনি চক্র আবারও হত্যার রাজনীতি শুরু করেছে। এই খুনি চক্রের বিরুদ্ধে রাজনৈতিকভাবে লড়াই করা হবে। জনগণের সহযোগিতায় সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল শহিদ মিনার প্রাঙ্গণে জেলা বিএনপি কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগের শাসনামলে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে হত্যা, গুম ও নির্যাতনের শিকার হতে হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ছয় বছর কারাভোগ করতে হয়েছে। নির্যাতনের মাত্রা তখন সব সীমা ছাড়িয়ে গিয়েছিল। পরে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে সেই খুনি চক্রকে বিতাড়িত করেছে। তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে এবং বর্তমানে পার্শ্ববর্তী দেশে বসে বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। এত কিছুর পরও তাদের কোনো অনুশোচনা নেই। এর অর্থ, তারা জনগণের ওপর নির্ভর করে রাজনীতি করতে চায় না।

মন্ত্রী বলেন, যারা এই দেশকে ধ্বংস করতে চায়, তারা দেশের শত্রু, স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু। ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবারও খুনের পথ বেছে নিয়েছে। গত দুই দিনে বিএনপির তিনজন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন: শনিবার সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু নেতা হিসেবে বলেন, প্রত্যেকটি অলিগলি, পাড়া-মহল্লায় আমাদের দুর্গ গড়ে তুলতে হবে। কারণ, তারা এই দেশের ভালো চায় না। সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে।

তিনি আরো বলেন, দেশের প্রত্যেক মানুষ আজ শান্তি চায়, আইনের শাসন চায়। আমড়া বাংলাদেশকে বুকে ধারণ করে পথ চলতে চাঁই, দেশ গঠন করতে চাঁই এবং দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাঁই। এই কাজে যারা বাধা দেবে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে কিংবা আগুন সন্ত্রাস চালাবে, তাদের অপকর্মের হাত ভেঙে দেওয়া হবে। টাঙ্গাইলে সন্ত্রাসের কোনো জায়গা হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমড়া ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি আমাদের রুখতে পারবে না। এর আগে শহরের পৌর উদ্যান থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনার প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। এ সময় জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মুকসুদপুর থানায় অস্ত্র উদ্ধার: সালথা ওসির টিম পাচ্ছে সর্বোচ্চ পুরস্কার

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কার বিতরণ করেন এমপি আইউবী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৮ পি.এম


কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কার বিতরণ করেন এমপি আইউবী

গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, যা মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে পরিচালিত হয়। এই প্রতিযোগিতা ১৯ নভেম্বর বৃহস্পতিবার বিকালে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় কাপাসিয়া প্রেসক্লাব দল এবং কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতি দল অংশগ্রহণ করে। ৯০ মিনিটের নির্ধারিত তুমুল প্রতিযোগিতামূলক খেলায় গোল শূন্য ড্র হয়। খেলার আয়োজক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, সর্বশেষ ট্রাইবেকারে ৫-৪ গোলে কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতি দল বিজয়ী হয়। দর্শকরা এই দুর্দান্ত প্রতিযোগিতামূলক খেলা মনভরে উপভোগ করেন।

খেলার আনুষ্ঠানিকতার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক। প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন গাজীপুর-৪, কাপাসিয়া আসনের সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান রিয়াজ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, জামায়াতে ইসলামীর কাপাসিয়া উপজেলা আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ খলিলুর রহমান, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আফজাল হোসাইন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদুল হক, কাপাসিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন, কৃতি ফুটবলার মেজবাহ উদ্দিন রাজু, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা প্রমুখ।

এর আগে, বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। "মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন" এই শ্লোগানে বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর থেকে ফকির মজনু শাহ্ সেতু'র পশ্চিম প্রান্ত পর্যন্ত প্রদক্ষিণ করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের মিছিল ও সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:০৮ পি.এম


টাঙ্গাইলে আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের মিছিল ও সমাবেশ

সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সাজ্জাদ হোসেন রিফাতের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আনসারক্যাম্প রোড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এই বিক্ষোভে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা রাসেল, সাব্বির, আদনান, নিবিড়, মারজান, ইমরান, যুবদল নেতা আসিফ, নাসিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার চেষ্টা, এলাকায় উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৭ পি.এম


শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার চেষ্টা, এলাকায় উত্তেজনা

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকের সিন্দুরখান শাখার কার্যালয়ের বারান্দায় অগ্নিসংযোগের একটি ঘটনা ঘটেছে। গত বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে, দুর্বৃত্তরা ব্যাংকের সামনে থাকা গাড়ির টায়ারে আগুন ধরিয়ে দেয়। তবে স্থানীয় বাসিন্দাদের দ্রুত পদক্ষেপের কারণে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা নিভিয়ে ফেলা সম্ভব হয়, ফলে ব্যাংকটি বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে স্থানীয় ইউপি সদস্য মোরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ব্যাংক ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একদল দুর্বৃত্ত সিন্দুরখান শাখার প্রধান ফটকের সামনের বারান্দায় গাড়ির টায়ার জড়ো করে আগুন ধরিয়ে দেয়। আগুনের শিখা দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত ছুটে এলে দুর্বৃত্তরা অন্ধকারে পালিয়ে যায়।

গ্রামীণ ব্যাংকের সিন্দুরখান শাখার ব্যবস্থাপক অজিত চক্রবর্তী জানান, দুর্বৃত্তরা প্রধান ফটকের সামনের বারান্দায় টায়ার জ্বালিয়ে নাশকতার চেষ্টা করেছিল। তবে এলাকাবাসী দ্রুত এগিয়ে আসায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে, অগ্নিসংযোগের এই ঘটনার ফলে পুরো এলাকায় তীব্র প্রতিক্রিয়া ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ঘটনার পর থেকেই একটি বিশেষ গোষ্ঠী বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য দিনভর বিভিন্নভাবে তৎপরতা চালাচ্ছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে দুর্বৃত্তদের পৃষ্ঠপোষকতার অভিযোগ তুলেছেন মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি নিয়ামুল হক তরফদার। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "যারা এসব দুর্বৃত্তদের পৃষ্ঠপোষকতা করছে, এই আগুনের তাপ কিন্তু তাদের ঘরেও পৌঁছাতে পারে।"

খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, "পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।"

তবে বৃহস্পতিবার রাত পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি বলে পুলিশ জানিয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধানমন্ডি: নগরীর বুকে নজরুলের স্মৃতির জীবন্ত ঠিকানা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৮ পি.এম


ধানমন্ডি: নগরীর বুকে নজরুলের স্মৃতির জীবন্ত ঠিকানা

॥ আব্দুর রউফ ॥

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : পুরোনো ২৮ নম্বর সড়ক, ধানমন্ডি লেকের পাড় ঘেঁষে অবস্থিত। এই শান্ত ও স্নিগ্ধ সড়কের একটি বাড়ি, ৩৩০-বি, নতুন ২৭। এখানে দাঁড়িয়ে থাকলে মনে হয়, বাতাসে এখনও এক নির্বাক সুরের গুঞ্জন বেজে চলেছে।

এটি ‘কবিভবন’। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এই বাড়িতে বসবাস করতেন। স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠার পর তাঁর শেষ জীবনের দীর্ঘ সময় এই বাড়ির আঙিনায় কেটেছে। এখানে দেয়াল এবং খোলা আঙিনার কোণে একসময় জমে ছিল বেদনাভরা নীরবতা, মানুষের ভালোবাসার অসংখ্য গল্প। কালের আবর্তে স্মৃতিবিজড়িত এই বাড়িটি এখন আধুনিক বহুতল ভবন। যেন এক গভীর স্মৃতিকাতরতায় দাঁড়িয়ে আছে।

কবির সঙ্গে এই ভবনের সম্পর্কের সূচনা ঘটে ১৯৭২ সালের ২৪ মে। তখন দেশ সদ্য স্বাধীন। সরকারি উদ্যোগে সেদিন অসুস্থ নজরুলকে কলকাতা থেকে বিমানে করে ঢাকায় আনা হয়। তেজগাঁও বিমানবন্দরে এসে নামার পর তাঁকে অ্যাম্বুলেন্সে করে ধানমন্ডির এই বাড়িতে নিয়ে আসা হয়। এই বাড়িটি কবির স্থায়ী আবাস হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছিল। এদিন কবির ৭৩তম জন্মদিন ছিল, তাই সকাল থেকেই বাড়ির সামনে ভক্ত, অনুরাগী এবং সংস্কৃতিপ্রেমীরা জড়ো হতে থাকেন। সেদিন থেকেই বাড়িটির নাম হয়ে যায় ‘কবিভবন’।

কবি তখন সম্পূর্ণ নির্বাক ছিলেন। ১৯৪২ সালে দুরারোগ্য রোগে (পিকস ডিজিজ) আক্রান্ত হওয়ার পর থেকে তিনি ধীরে ধীরে বাকশক্তি হারাতে শুরু করেন। যে কণ্ঠ একদিন বিদ্রোহের গানে গোটা জাতিকে জাগিয়ে তুলেছিল, সেই কণ্ঠ তখন স্তব্ধ। তবুও, কবিকে ঘিরে মানুষের ভালোবাসা কমেনি। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুল হাতে মানুষ কবি ভবনে আসতেন। কেউ কদমবুসি করে নিজেকে ধন্য মনে করতেন, কেউ শুধু দূর থেকে একবার দেখেই নীরবে ফিরে যেতেন। আবার কেউ এসে কবিকে গান শোনাতেন। কবি কিছু বলতে পারতেন না, কিন্তু তাঁর উপস্থিতিই মানুষকে কাছে টেনে আনতো। ১৯৭২ সালের ২৪ মে থেকে ১৯৭৫ সালের ২২ জুলাই পর্যন্ত, মোট ৩ বছর ১ মাস ২৮ দিন কবি এই বাড়িতে ছিলেন। বাংলাদেশে আর কোনো বাড়িতে কবি এত দীর্ঘ সময় কাটাননি।

এই বাড়ির সবচেয়ে বেদনাদায়ক স্মৃতি ১৯৭৫ সালের ২২ জুলাইয়ের। সেদিন কবিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। যারা সার্বক্ষণিক কবির দেখাশোনা করতেন, তাদের একজন শফী চাকলাদার। নজরুলকে নিয়ে নির্মিত এক টেলিভিশন অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, কবি সেদিন যেতে চাননি। সিঁড়ির রেলিং শক্ত করে আঁকড়ে ধরে রেখেছিলেন এবং ধমকও দিচ্ছিলেন। যারা নিয়মিত কবির কাছে আসতেন, তারা জানতেন, এমন আচরণ তিনি আগে কখনো করেননি। শফী চাকলাদারের কাছে এটিই জীবনের সবচেয়ে কষ্টের স্মৃতি। সেদিন কবিকে ভর্তি করা হয় তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়)। সেখানে ১১৭ নম্বর কেবিনে রাখা হয়। এখান থেকে কবি কবিভবনে আর কখনো ফেরেননি। কবি ১৯৭৬ সালের ২৯ আগস্ট এখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কবির মৃত্যুর পর তাঁর স্মৃতি রক্ষা, সৃষ্টিকর্ম সংগ্রহ, সংরক্ষণ, গবেষণা ও প্রচারের লক্ষ্যে ১৯৮৫ সালের ফেব্রুয়ারিতে এই প্রাঙ্গণে প্রতিষ্ঠা করা হয় ‘নজরুল ইনস্টিটিউট’। ১৯৮৪ সালের অধ্যাদেশের অধীনে গঠিত প্রতিষ্ঠানটি ২০১৮ সালে প্রণীত ‘কবি নজরুল ইনস্টিটিউট আইন, ২০১৮’-এর আওতায় বর্তমানে ‘কবি নজরুল ইনস্টিটিউট’ নামে পরিচালিত হচ্ছে।

শুরুতে কবির স্মৃতিবিজড়িত আদি ভবনটি (কবিভবন) জাদুঘর হিসেবে ব্যবহৃত হতো। ১৯৮৫ সালে প্রাঙ্গণে ইনস্টিটিউটের জন্য একটি ৬ তলা ভবন নির্মিত হয়। যেখানে এখনো প্রতিষ্ঠানটির কার্যক্রম চলছে। ইনস্টিটিউটের ভেতরে থাকা একটি পুরোনো ফলক থেকে জানা যায়, ১৯৯১ সালের ১৭ সেপ্টেম্বর তৎকালীন শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এখানকার মিলনায়তনের ফলক উন্মোচন করেছিলেন।

তবে কালের আবর্তে একসময় আদি ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। ইনস্টিটিউট-সংশ্লিষ্টরা জানান, পুরোনো সেই ভবনটি এতটাই জরাজীর্ণ হয়ে পড়েছিল যে এর দেয়াল খসে খসে পড়ছিল এবং সংস্কার করেও সেটিকে আর টিকিয়ে রাখা সম্ভব ছিল না। নিরাপত্তার কথা ভেবে ২০১৯ সালের জুন মাসে কবিভবন ভেঙে ফেলা হয়। পরে সেখানে নির্মাণ করা হয় নতুন বহুতল ভবন। দুটি বেজমেন্টসহ নতুন এই ভবনটি বর্তমানে ১১ তলা।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-১ ও সেবা শাখা) মোহা. খালিদ হোসেন বাসসকে জানান, ‘প্রকল্পের কাজ প্রায় সম্পন্ন হলেও আংশিক কাজ বাকি থাকায় ভবনটি এখনো ইনস্টিটিউটের কাছে হস্তান্তর করা হয়নি।’

এদিকে দ্রুতই নতুন ভবনে ওঠার প্রত্যাশা সংশ্লিষ্টদের।

পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের এই বিষয়টিকে আবেগের পাশাপাশি বাস্তবতার নিরিখেও দেখতে চান বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী ও গবেষক সুজিত মোস্তফা।

বাসসের সঙ্গে আলাপকালে তিনি বলেন, একটি ভবনকে ঐতিহ্য হিসেবে সংরক্ষণের দাবি বা আবেগের জায়গাটি অমূলক নয়। কিন্তু নজরুল যেহেতু আমাদের জাতীয় কবি, তাই তাঁর আদর্শ ও সৃষ্টির প্রচার-প্রসারে ব্যাপক কার্যক্রম চালাতে বড় পরিসরের স্থাপনাও প্রয়োজন। শুধু একটি ঘর সংরক্ষণ করে কালেভদ্রে দর্শনার্থীদের পরিদর্শনের চেয়ে নতুন ভবনের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে মানুষের হৃদয়ে নজরুলের চেতনা প্রোথিত করাই মূল লক্ষ্য হওয়া উচিত বলে তিনি মনে করেন।

উপসচিব খালিদ হোসেন জানান, নতুন ভবনটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর হয়নি। তাই বর্তমানে ১৯৮৫ সালে নির্মিত পুরোনো ৬ তলা ভবনেই ইনস্টিটিউটের সার্বিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এখানে নিয়মিত চলছে গবেষণা, প্রকাশনা, অনুষ্ঠানমালা ও লাইব্রেরি-সংক্রান্ত কার্যক্রম। এর বাইরে দেওয়া হচ্ছে সংগীত (নজরুলসংগীতে সর্বোচ্চ ডিপ্লোমা পর্যন্ত), নৃত্য ও আবৃত্তির (প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়) ওপর প্রশিক্ষণ।

লাইব্রেরির সমৃদ্ধ সংগ্রহ সম্পর্কে ইনস্টিটিউটের সহকারী লাইব্রেরিয়ান তামান্না আনওয়ার বাসসকে জানান, বর্তমানে লাইব্রেরিতে সর্বমোট ১৮ হাজার ৮৭৭টি বই রয়েছে। এর মধ্যে নজরুলের ওপর বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণামূলক বই, সমসাময়িক নজরুল-লেখকদের বই এবং ইনস্টিটিউট-প্রকাশিত সব বই রয়েছে। এছাড়া আছে সংগীত, কবিতা, ঐতিহাসিক ও ধর্মীয় গ্রন্থ।

তিনি বলেন, ‘নজরুলকেন্দ্রিক গবেষণার জন্য কোনো লেখকের ইনস্টিটিউটের বাইরে যাওয়ার প্রয়োজন হবে না।’

বর্তমানে লাইব্রেরির সংগ্রহে নজরুলের শুদ্ধ বাণী ও গানের ৬৫টি স্বরলিপির বই রয়েছে। আরও রয়েছে ১৯৮৫ সালের পর থেকে এ পর্যন্ত নজরুল-বিষয়ক বিভিন্ন পত্রিকার কার্টিং ও পেপার পেস্টিং। সেই সঙ্গে কবির হাতের লেখা ও প্রতিকৃতির অ্যালবামও এখানে সংরক্ষিত আছে।

তামান্না আনওয়ার জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট নিজস্ব পত্রিকা প্রকাশের পাশাপাশি নজরুল সম্পাদিত ধূমকেতু, লাঙল ও গণবাণীর মতো পত্রিকা সংগ্রহ করে সেসব বই আকারে প্রকাশ করেছে। এর বাইরে তুর্কি, ইতালীয়, ফ্রেঞ্চ, পর্তুগিজ, ইংরেজি, উর্দু, হিন্দি, তামিলসহ আরও কয়েকটি ভাষায় নজরুলের রচনার অনুবাদ এবং তাঁকে নিয়ে গবেষণাগ্রন্থের অনুবাদও এখানে সংরক্ষণ করা আছে।

‘নজরুলের ধূমকেতু’ গ্রন্থের সম্পাদকীয় অনুযায়ী, নজরুল সম্পাদিত ধূমকেতুর মোট ৩২টি সংখ্যা প্রকাশিত হয়েছিল, যার মধ্যে ২৭টি এই গ্রন্থে সংকলিত হয়েছে। অন্যদিকে ‘নজরুলের লাঙল’ গ্রন্থের প্রসঙ্গ-কথায় বলা হয়েছে, লাঙলের সবগুলো সংখ্যা পাওয়া গেলেও কিছু পৃষ্ঠা উদ্ধার করা সম্ভব হয়নি। সংগ্রহ করা গেলে পরবর্তী সংস্করণে সেসব পৃষ্ঠা যুক্ত করার কথাও জানানো হয়েছে।

সংগীত-সংরক্ষণেও ইনস্টিটিউটের উদ্যোগ আছে জানিয়ে তামান্না আনওয়ার বাসসকে বলেন, আদি গ্রামোফোন রেকর্ডে ধারণকৃত নজরুলসংগীতের ১ হাজার ২৩৮টি গানের একটি সংকলন ডিভিডি অডিও আকারে তৈরি করা হয়েছে। এছাড়া ‘নজরুলের সাতান্নটি পত্র’ শীর্ষক শ্রুতিভাষ্য এবং কবির জীবন নিয়ে ‘জীবন-পরিক্রমা’ শিরোনামের তথ্যচিত্র ডিভিডিতে প্রকাশিত হয়েছে।

তিনি বলেন, গবেষণার প্রয়োজনে এখানকার বিভিন্ন তথ্য, বই ও নথির ছবি তুলে রাখা যায়। তবে সেগুলো লাইব্রেরির বাইরে নেওয়ার সুযোগ নেই। ফটোকপি সুবিধা চালুর উদ্যোগ চলছে, তবে বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। এটি চালু হলে গবেষকসহ সংশ্লিষ্টরা তাদের কাজের সুবিধার্থে প্রয়োজনীয় অংশ ফটোকপি করে নিয়ে যেতে পারবেন।

এদিকে নজরুল-গবেষণা ও সংগীতসাধনায় অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি ১৯৮৬ সাল থেকে এ পর্যন্ত ৫৫ জন গুণী ব্যক্তিত্বকে সম্মানিত করেছে। এসব পুরস্কারপ্রাপ্তদের জীবনীও এই লাইব্রেরিতে সংরক্ষিত আছে।

আদি বাড়িটি হারিয়ে গেলেও এই সড়কে নজরুলকে ঘিরে নতুন স্বপ্ন দানা বাঁধছে। চলতি বছরের ৬ অক্টোবর ধানমন্ডি লেক পুনঃখনন ও উন্নয়নের কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ৭৫ কোটি টাকার মাস্টারপ্ল্যানের অংশ হিসেবে রবীন্দ্র সরোবরের আদলে গড়ে উঠবে ‘নজরুল সরোবর’ (বিদ্রোহী চত্বর)। ইনস্টিটিউটের ঠিক বিপরীতে প্রায় ৫১ কাঠা জমিতে ২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই সাংস্কৃতিক পরিসরে নজরুলসংগীত ও আলোচনার জন্য থাকবে উন্মুক্ত মঞ্চ। আরও থাকবে লাইব্রেরি, কবির জীবন ও সাহিত্যভিত্তিক বুক কর্নার, প্লাজা ও লেকের ঘাট।

নজরুলের স্মৃতিধন্য ধানমন্ডির সেই আদি বাড়ি আজ নেই। নেই সেই ঘর কিংবা সিঁড়ির রেলিং। তবু আধুনিকতার ভিড়ে পেছন ফিরে তাকালে মনে হয়, ভবন বদলালেও পুরোনো ২৮ নম্বর সড়ক এখনো এক নির্বাক কবির গল্প বয়ে বেড়ায়। যে কণ্ঠ একদিন স্তব্ধ হয়ে গিয়েছিল। লেকের বাতাসে আজও যেন ভেসে ফেরে তার প্রতিধ্বনি। গ্রন্থাগারের তাকে, গানের সুরে আর লেকপাড়ের নতুন স্বপ্নে বেঁচে আছে তাঁর অবিনাশী সৃষ্টি। যে ভালোবাসা কবির নীরবতাকেও কখনো একা থাকতে দেয়নি, সেই ভালোবাসাই আজও এই ঠিকানাকে আপন করে রেখেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%