০৪:১৭ পি.এম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যা মামলার বিচারিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর শুরু হতে যাচ্ছে। ওই দিন মামলার চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। তবে, বয়সের কারণে দুই অপ্রাপ্তবয়স্ক এবং দুই প্রাপ্তবয়স্ক আসামির বিচার আলাদা দুটি আদালতে হবে।
শনিবার (২১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. কাইমুল হক রিংকু।
তিনি জানিয়েছেন, আদালত মামলার অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করেছে। বর্তমানে চার আসামিই কারাগারে রয়েছেন। ২৯ নভেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে। দুই অপ্রাপ্তবয়স্ক আসামির বিচার হবে জুভেনাইল কোর্টে, অন্যদিকে দুই প্রাপ্তবয়স্ক আসামির বিচার কুমিল্লার সেশন কোর্টে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: গোদাগাড়ীতে বিদেশি পিস্তলসহ দম্পতি আটক, তদন্ত শুরু
রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, আসামিপক্ষ মানবাধিকার সংগঠনের মাধ্যমে আইনজীবী নিয়োগের চেষ্টা করছে। তবে রাষ্ট্রপক্ষ মামলার বিচারিক কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারও ২৯ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার পৃথক আদালতে অনুষ্ঠিত হবে।
গত ১৮ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন ১৯ সেপ্টেম্বর দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: ফ্যামিলি কার্ড শুমারি শুরু, কাগজপত্র প্রস্তুত রাখার আহ্বান সমাজসেবা অধিদফতরের
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন