ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষ কাটিয়ে ৮০ শতাংশ পোশাকশ্রমিক কাজে ফিরেছেন


কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষ কাটিয়ে ৮০ শতাংশ পোশাকশ্রমিক কাজে ফিরেছেন

গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের পরিস্থিতি এখন ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। আজ শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন শিল্প এলাকায় প্রায় ৮০ শতাংশ পোশাকশ্রমিক কাজে যোগদান করেছেন। ফলে কারখানাগুলোতে আবার স্বাভাবিক কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

সকাল থেকেই দেখা যাচ্ছে, নারী ও পুরুষ শ্রমিকেরা দলে দলে কারখানার দিকে অগ্রসর হচ্ছেন। রাস্তায় পুলিশ সদস্যরা শ্রমিকদের সুশৃঙ্খলভাবে কারখানায় প্রবেশে সহায়তা করছেন। চন্দ্রা, মৌচাক, সফিপুর, পল্লী বিদ্যুৎ, সূত্রাপুর ও কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকার কারখানাগুলোতে শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও কোনো অবরোধ বা পিকেটিং নেই; বাস, ট্রাক, কাভার্ড ভ্যান ও অটোরিকশা স্বাভাবিকভাবে চলাচল করছে।

গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান মন্তব্য করেছেন, "আমার এলাকার শ্রমিকেরা শান্তিতে কাজে ফিরেছেন, এটি আনন্দের খবর। শ্রমিকেরা আমার ভাই-বোন, তাঁদের কষ্ট আমি বুঝি। বেতন, বোনাস, ওভারটাইম ও নিরাপত্তাসহ তাঁদের ন্যায্য দাবিগুলো আমরা মালিকদের সঙ্গে কথা বলে আদায় করব। কিন্তু ভাঙচুর করে কোনো দাবি আদায় হয় না। যাঁরা শ্রমিকের নামে নৈরাজ্য করতে চেয়েছিলেন, তাঁরা ব্যর্থ হয়েছেন।"

আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান জানিয়েছেন, "আজ ৮০ শতাংশ শ্রমিক কাজে ফিরেছেন। শ্রমিকেরা বুঝে গেছেন, কারা তাঁদের উসকানি দিয়ে কারখানা ভাঙচুর করিয়েছিল এবং গাড়ি পুড়িয়েছিল। উসকানিদাতাদের চিহ্নিত করা হয়েছে। শ্রমিকের ন্যায্য দাবি আদায়ে আমরা এমপি মুজিবুর রহমানকে সঙ্গে নিয়ে মালিকদের সাথে বসব। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আমরা প্রতিদিন মাঠে থাকব এবং কারখানা সচল রাখব। লকডাউনের নামে কেউ কারখানা বন্ধ করতে এলে তা প্রতিহত করা হবে।"

এক নারী শ্রমিক বলেছেন, "গত কয়েক দিন ভয়ে কাজে আসতে পারিনি। আজ শান্তিতে কাজে এসেছি, কোনো ঝামেলা নেই।" অন্য একজন শ্রমিক মন্তব্য করেছেন, "আমরা কাজ করে বাঁচতে চাই। ভাঙচুর করে কোনো লাভ নেই, আজ থেকে প্রতিদিন কাজ করব।"

শিল্প পুলিশ ও স্থানীয় শ্রমিক নেতাদের সঙ্গে আলাপকালে জানা গেছে, অসন্তোষ কাটানোর পেছনে বেশ কিছু বিষয় কাজ করেছে। অনেক কারখানার মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বকেয়া বেতন, ওভারটাইম ও অন্যান্য দাবি সমাধানের আশ্বাস দিয়েছেন। স্থানীয় নেতারা, যেমন সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, শ্রমিক নেতা হুমায়ুন কবির খান, মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও কালিয়াকৈর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী দেওয়ান জসিম উদ্দিন, কারখানার ফটকে গিয়ে শ্রমিকদের বুঝিয়েছেন। পাশাপাশি থানা-পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে টহল জোরদার করায় এবং উসকানিদাতাদের চিহ্নিত করায় শ্রমিকদের মধ্যে আস্থা ফিরে এসেছে।

কারখানা মালিকেরা জানিয়েছেন, ৮০ শতাংশ শ্রমিক কাজে যোগ দেওয়ায় উৎপাদন পুরোদমে শুরু হয়েছে। এক কারখানা কর্মকর্তা আশা প্রকাশ করেছেন, আগামী এক-দুই দিনের মধ্যে শতভাগ শ্রমিক কাজে ফিরবেন।

আরও পড়ুন: চট্টগ্রামে অন্নকূট অনুষ্ঠানে দুই নারীর গলা থেকে স্বর্ণের চেইন চুরি, গ্রেপ্তার

কালিয়াকৈর থানা-পুলিশ ও শিল্প পুলিশ জানিয়েছে, শিল্পাঞ্চলের পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক এবং কোনো কারখানায় অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শতভাগ দেশীয় পণ্য নিয়ে কাল শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


শতভাগ দেশীয় পণ্য নিয়ে কাল শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিকাশ, উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের উদ্দেশ্যে আগামীকাল রাজধানীতে শুরু হতে যাচ্ছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬।

আগামী ২২ থেকে ২৮ নভেম্বর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই মেলা। প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধন করবেন মেলার।

আজ শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য প্রদান করেন।

শিল্পমন্ত্রী উল্লেখ করেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও শিল্পায়নে সিএমএসএমই খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বশেষ সমীক্ষার তথ্য অনুযায়ী, দেশে প্রায় ১ কোটি ১৭ লাখ সিএমএসএমই প্রতিষ্ঠান বিদ্যমান। এটি মোট নিবন্ধিত প্রতিষ্ঠানের প্রায় ৯৯ শতাংশ। শিল্প খাতের মোট জনবলের প্রায় ৮৫ শতাংশ এই খাতে কর্মরত। এ খাতে প্রায় ৩ কোটি ৬০ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে।

তিনি আরও বলেন, এ খাতের উদ্যোক্তাদের প্রায় ৭০ শতাংশ ঢাকার বাইরে অবস্থান করছেন এবং ৬৫ শতাংশ নারী উদ্যোক্তা। দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) সিএমএসএমই খাতের অবদান প্রায় ৩০ শতাংশ।

মন্ত্রী জানান, এবারের মেলায় সারা দেশ থেকে ৪৫০টির বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এসব প্রতিষ্ঠানের প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তা পরিচালিত। পাদুকা, চামড়াজাত ও পাটজাত পণ্য, হস্তশিল্প, ফ্যাশন ডিজাইন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ভেষজ পণ্য, গহনা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের উদ্যোক্তারা মেলায় অংশ নেবেন। এ ছাড়া সরকারের অগ্রাধিকারমূলক ‘এক গ্রাম এক পণ্য’ উদ্যোগের আওতাধীন প্রতিষ্ঠানগুলোও পণ্য প্রদর্শন ও বিক্রি করবে।

তিনি আরও জানান, মেলায় শুধুমাত্র দেশীয় উৎপাদনকারী ও সেবামূলক ক্ষুদ্র, মাইক্রো ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের অংশগ্রহণের সুযোগ থাকবে। বিদেশি বা আমদানিকৃত পণ্য প্রদর্শন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। মেলায় প্রবেশের জন্য কোনো ফি লাগবে না। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

শিল্পমন্ত্রী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৩ সালে প্রথম জাতীয় এসএমই টাস্কফোর্স গঠন করেন। ওই টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে ২০০৫ সালে জাতীয় এসএমই নীতিকৌশল প্রণীত হয়। পরবর্তী সময়ে ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় এসএমই ফাউন্ডেশন। প্রতিষ্ঠার পর থেকে সংস্থাটি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়ন, শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে কাজ করে যাচ্ছে।

তিনি জানান, এ পর্যন্ত এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রায় ২৫ লাখ উদ্যোক্তা সুবিধা পেয়েছেন। তাদের মধ্যে ৬০ শতাংশ নারী।

মেলায় সাতটি বিভাগ ও একটি বিশেষ বিভাগে মোট নয় জন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ দেওয়া হবে। পুরস্কারের বিভাগগুলো হলো—বর্ষসেরা মাঝারি, ক্ষুদ্র ও মাইক্রো উদ্যোক্তা (নারী ও পুরুষ), বর্ষসেরা স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা এবং বিশেষ উদ্যোক্তা।

মেলার সাত দিনে তিনটি সেমিনার ও একটি সংলাপ অনুষ্ঠিত হবে। এতে তরুণ উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান, সহজ অর্থায়ন, জলবায়ু সহনশীল ঋণ ও বিমা ব্যবস্থা এবং এসএমই পণ্যের বাজার সুরক্ষা ও সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পাবে।

শিল্পমন্ত্রী জানান, ইতোমধ্যে অনুষ্ঠিত ১২টি জাতীয় এসএমই পণ্যমেলায় প্রায় ৪ হাজার উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন। এসব মেলায় প্রায় ৭২ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে। পাশাপাশি প্রায় ১০৯ কোটি টাকার পণ্য বিক্রির ক্রয়াদেশ পাওয়া গেছে।

এ ছাড়া এসএমই ফাউন্ডেশনের আয়োজনে ৯৪টি আঞ্চলিক ও বিভাগীয় মেলায় প্রায় পাঁচ হাজার ১০০ উদ্যোক্তা অংশ নিয়েছেন। উদ্যোক্তাদের উৎসাহিত করতে এ পর্যন্ত ৭২ জনকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৩৭ জন নারী, ৩৩ জন পুরুষ এবং দু’জন তৃতীয় লিঙ্গের উদ্যোক্তা রয়েছেন।

সংবাদ সম্মেলনে শিল্প মন্ত্রণালয়ের সচিব আবদুন নাসের খান, এসএমই ফাউন্ডেশনের কর্মকর্তারা, শিল্প উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির ট্রাফিক বিভাগে দুই দিনে ৯০০ মামলা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


ডিএমপির ট্রাফিক বিভাগে দুই দিনে ৯০০ মামলা

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ দুই দিনের মধ্যে ৯০০টি মামলা করেছে।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার (১৯ ও ২০ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব মামলা দায়ের করে।

ট্রাফিক-রমনা বিভাগে ৬টি কাভার্ড ভ্যান, ৬টি সিএনজি এবং ৩টি মোটরসাইকেলসহ মোট ৪৬টি মামলা দায়ের করা হয়। ট্রাফিক-লালবাগ বিভাগে ১টি বাস, ৫টি ট্রাক, ২টি কাভার্ড ভ্যান, ১টি সিএনজি এবং ৬টি মোটরসাইকেলসহ মোট ৩১টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩টি বাস, ৩টি ট্রাক, ৫টি কাভার্ড ভ্যান, ৯টি সিএনজি এবং ১৭টি মোটরসাইকেলসহ মোট ৪৯টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৫টি বাস, ১৫টি ট্রাক, ১৪টি কাভার্ড ভ্যান, ৫৬টি সিএনজি এবং ৩১টি মোটরসাইকেলসহ মোট ১৮৬টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ২টি বাস, ১টি ট্রাক, ১৬টি সিএনজি এবং ১৫টি মোটরসাইকেলসহ মোট ৪৭টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১১টি বাস, ৬টি ট্রাক, ৩টি কাভার্ড ভ্যান, ১০টি সিএনজি এবং ৩২টি মোটরসাইকেলসহ মোট ৮৩টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৩২টি বাস, ১৭টি ট্রাক, ৭টি কাভার্ড ভ্যান, ১৪১টি সিএনজি এবং ৭৩টি মোটরসাইকেলসহ মোট ৩৬০টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১টি বাস, ২টি ট্রাক, ৩টি কাভার্ড ভ্যান, ২০টি সিএনজি এবং ১০টি মোটরসাইকেলসহ মোট ৯৮টি মামলা হয়েছে।

এছাড়া, অভিযান চলাকালে মোট ২৮২টি গাড়ি ডাম্পিং করা হয়েছে এবং ২০৩টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার জন্য ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রমিক দলের কার্যালয়ে রাতে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রমিক দলের কার্যালয়ে রাতে আগুন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়ার কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, যা দুর্বৃত্তদের কাজ বলে মনে হচ্ছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী বাজারে এই অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয় একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাত ১২টার সময় মুখোশ পরা তিন ব্যক্তি হাতে কেরোসিনের বোতল নিয়ে বাজারের পূর্ব পাশ থেকে কার্যালয়ের দিকে অগ্রসর হচ্ছে। পরদিন শনিবার সকালে কার্যালয় খুলতে গিয়ে সংশ্লিষ্টরা ভেতরে অগ্নিসংযোগের চিহ্ন দেখতে পান।

শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়া জানান, শুক্রবার রাত ১০টা পর্যন্ত তারা কার্যালয়ে অবস্থান করেছিলেন। এরপর সবাই বাড়ি চলে যান। পরবর্তীতে সকালে কার্যালয়ের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। ভেতরে প্রবেশের পর আগুন লাগানোর বিষয়টি তাদের নজরে আসে।

তিনি অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রমের প্রতিবাদে সিরাজদিখান উপজেলা শ্রমিক দল সক্রিয় থাকায় তাদের মধ্যে ভয়ভীতি সৃষ্টির উদ্দেশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। বর্তমানে এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাগলা মসজিদের দানবাক্সে বিদেশগামীর চিঠি, দালালের বিচার চেয়ে আল্লাহর কাছে আকুতি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


পাগলা মসজিদের দানবাক্সে বিদেশগামীর চিঠি, দালালের বিচার চেয়ে আল্লাহর কাছে আকুতি

এক বিদেশগামী দালালের প্রতারণার শিকার হয়ে ইউরোপ যাওয়ার স্বপ্ন হারিয়েছেন। তিনি লাখ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই প্রতারণার কারণে আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিক যন্ত্রণায় ভুগছেন তিনি।

প্রতারকদের বিচার এবং হারানো অর্থের কষ্ট থেকে মুক্তি পেতে মহান আল্লাহর কাছে চিঠি লিখেছেন ওই ব্যক্তি। নিরাপদে বিদেশযাত্রার প্রার্থনাও করেছেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে পাওয়া বিভিন্ন সামগ্রীর মধ্যে চিঠিটি বিশেষভাবে নজর কেড়েছে।

মসজিদটির ১৫টি লোহার দানবাক্স দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর শনিবার সকালে খোলা হয়। এ সময় বিপুল পরিমাণ নগদ অর্থের পাশাপাশি মানুষের আবেগ, আকুতি ও প্রার্থনাসংবলিত চিঠি পাওয়া যায়। বিদেশগামীর লেখা চিঠিটি এই সবের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য।

চিঠিতে লেখক আল্লাহর কাছে প্রার্থনা করেছেন ইউরোপে যাওয়ার পথ সহজ ও নিরাপদ করার জন্য। তিনি বাংলাদেশে ইউরোপের সব দেশের দূতাবাস ও ভিসাসেবা নিশ্চিত করার আকুতি জানিয়েছেন। পাশাপাশি, তিনি প্রার্থনা করেছেন যেন কোনো বিদেশগামী দালালদের প্রতারণার শিকার না হন।

চিঠির লেখক প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়া ব্যক্তিদের উপযুক্ত বিচার এবং তাদের হেদায়েত কামনা করেছেন। তিনি চান, তার মতো আর কোনো পরিবার যেন নিঃস্ব না হয়।

নিজের ব্যক্তিগত কষ্টের কথাও চিঠিতে উল্লেখ করেছেন ওই বিদেশগামী। প্রতারণায় হারানো অর্থের শোক ও মানসিক যন্ত্রণা কাটিয়ে ওঠার জন্য ধৈর্য, মানসিক প্রশান্তি এবং হালাল রিজিকের জন্য দোয়া চেয়েছেন তিনি। চিঠির শেষে তিনি নিজেকে ‘একজন প্রতারিত বিদেশগামী’ হিসেবে পরিচয় দিয়েছেন।

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে প্রতিদিন অসংখ্য মানুষ নামাজ আদায়, দান ও মানত করতে আসেন। বিশেষ করে শুক্রবার মসজিদটিতে মুসল্লি ও দর্শনার্থীদের উপস্থিতি বেশি থাকে।

মসজিদের দানবাক্সে টাকা-পয়সার পাশাপাশি অনেকেই নিজেদের মনের আশা, আকাঙ্ক্ষা, দুঃখ-কষ্ট ও ব্যক্তিগত অনুভূতির কথা লিখে চিঠি জমা দেন। এসব চিঠিতে মানুষের স্বপ্ন, হতাশা, অসহায়ত্ব ও জীবনের নানা না বলা গল্প উঠে আসে। দালালের প্রতারণার শিকার এই বিদেশগামীর চিঠিও তার ব্যতিক্রম নয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%