ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জটিল রোগে আক্রান্তদের সহায়তা সরকারের জনকল্যাণমুখী কর্মসূচির অংশ: মুক্তাদির


জটিল রোগে আক্রান্তদের সহায়তা সরকারের জনকল্যাণমুখী কর্মসূচির অংশ: মুক্তাদির

সিলেট, ২১ নভেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের একটি জনকল্যাণমুখী কর্মসূচি হিসেবে জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদানকে উল্লেখ করেছেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

মন্ত্রী বলেন, সরকার মানুষের কল্যাণ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। এই উদ্যোগটি অসচ্ছল রোগীদের চিকিৎসার ব্যয় কিছুটা হলেও কমাতে সহায়তা করবে।

গতকাল সন্ধ্যায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে, সাতটি জটিল রোগে আক্রান্ত ৫২ জন অসচ্ছল ব্যক্তির মধ্যে এককালীন আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এই মন্তব্য করেন।

আরও পড়ুন: কারা পাবেন সরকারি সহায়তা, নতুন নির্দেশিকায় ১২টি শর্ত

মন্ত্রী সহায়তাপ্রাপ্ত রোগীদের উদ্দেশ্যে বলেন, সরকারের পক্ষ থেকে প্রদত্ত এই সহায়তা তাদের চিকিৎসার ক্ষেত্রে কিছুটা হলেও সহায়ক হবে। অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো বর্তমান সরকারের মানবিক দায়িত্বের অংশ।

এসময়, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তাঁর জন্য সকলের কাছে দোয়া চেয়ে তিনি বলেন, "তাঁর জন্য সবাই দোয়া করবেন, যেন তিনি সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারেন এবং দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন।"

২০২৬-২০২৭ অর্থবছরের প্রথম কিস্তির এই অর্থ ব্যাংক এশিয়ার মাধ্যমে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (বিইএফটিএন) পদ্ধতিতে উপকারভোগীদের ব্যাংক হিসাবে পাঠানো হয়। একই অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মধ্যে মেধাবৃত্তিও বিতরণ করা হয়।

ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকজনিত প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত অসচ্ছল ব্যক্তিদের চিকিৎসায় সহায়তা প্রদানের জন্য সমাজসেবা অধিদপ্তর এই কর্মসূচি বাস্তবায়ন করছে।

আরও পড়ুন: মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বিজয়’ দেখতে সাধারণ মানুষের ভিড়

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুর রফিক স্বাগত বক্তব্য দেন।

অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ স্থানীয় প্রশাসন এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি খরচে অস্বচ্ছল বিচার প্রার্থীদের ২ লাখ ৪৫ হাজার ২৮৭ মামলা নিস্পত্তি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০১ পি.এম


সরকারি খরচে অস্বচ্ছল বিচার প্রার্থীদের ২ লাখ ৪৫ হাজার ২৮৭ মামলা নিস্পত্তি

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মাধ্যমে সরকারি খরচে অস্বচ্ছল বিচার প্রার্থীদের ২ লাখ ৪৫ হাজার ২৮৭ মামলা নিস্পত্তি করা হয়েছে।

অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্যটি উল্লিখিত হয়েছে। প্রতিবেদনে সরকারি খরচে আইনি সহায়তার বিস্তারিত বিষয়বস্তু উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, এর মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২ হাজার ৩৮৫টি মামলা, দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২ লাখ ৪২ হাজার ৭৭টি মামলা এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৮২৫টি মামলা নিস্পত্তি করা হয়েছে।

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের আওতায় দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল এবং সরকারি আইনি সহায়তা জাতীয় হেল্পলাইন কলসেন্টার (টোল ফ্রি-‘১৬৬৯৯’) এর মাধ্যমে কারাবন্দিদের এই আইনি সেবা প্রদান করা হচ্ছে।

দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থী জনগণের জন্য আইনি সহায়তা প্রদানের উদ্দেশ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এই সেবা প্রদান করা হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার বিষয়ে ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০১ পি.এম


যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার বিষয়ে ঢাকার মার্কিন দূতাবাসের সতর্কতা

যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ বা অনুমোদিত অবস্থানের সময়সীমা শেষ হওয়ার পরেও যদি কেউ সেখানে অবস্থান করেন, তাহলে তাকে দেশে ফেরত পাঠানোর পাশাপাশি ভবিষ্যতে প্রবেশের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপিত হতে পারে, এমন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে দূতাবাস এই সতর্কতা প্রকাশ করে।

পোস্টে উল্লেখ করা হয়েছে, ‘যদি আপনি যুক্তরাষ্ট্রে থাকার অনুমোদিত সময়সীমার চেয়ে বেশি সময় অবস্থান করেন, তাহলে আপনাকে দেশটি থেকে ফেরত পাঠানো হতে পারে। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপিত হতে পারে।’

এর আগে, ৯ নভেম্বর তারিখে মার্কিন ভিজিটর ভিসার নিয়মাবলী যথাযথভাবে অনুসরণ করার বিষয়ে আবেদনকারীদের নতুন করে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত ওই সতর্কবার্তায় জানানো হয়, যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়মাবলী মেনে চলার বিষয়ে কনস্যুলার কর্মকর্তার সন্তুষ্টি না থাকলে আবেদনটি প্রত্যাখ্যাত হতে পারে। ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব আবেদনকারীর ওপর বর্তায়।

দূতাবাসের বার্তায় ভিজিটর ভিসার নিয়মাবলী অনুসরণ করার বিষয়ে সতর্ক থাকার ওপর জোর দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোমান্টিকতায় আবু বকরের বাবাকে হার মানাল আমান, মজেছেন দর্শক!

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০২ পি.এম


রোমান্টিকতায় আবু বকরের বাবাকে হার মানাল আমান, মজেছেন দর্শক!

পাকিস্তানি ধারাবাহিক ‘দার-এ-নিজাত’-এর নতুন পর্বে উঠে এসেছে নায়ক আবু বকরের বাবা-মায়ের পুরোনো প্রেমের কাহিনী। শুক্রবার (২০ নভেম্বর) প্রচারিত ৩২তম পর্বে খুশবাখত তার অতীতের গল্প শোনান নায়িকা জারিয়াবকে। সেই গল্পে দেখা যায়, প্রেমের ক্ষেত্রে ছেলে আবু বকরকেও ছাড়িয়ে গেছেন তার বাবা আমান।

এই পর্বে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে খুশবাখতের তরুণ বয়সের কাহিনী তুলে ধরা হয়। তখন তার ডাক নাম ছিল বেলা। বেলা চরিত্রে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেত্রী সাহার হাশমি। নাটকে বাবা কুদরতুল্লাহর আদরে বড় হওয়া বেলার জীবনে একসময় আবু বকরের বাবা আমান প্রবেশ করেন। পেশায় ইংরেজির অধ্যাপক আমান তখন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। কুদরতুল্লাহ তাকে বিনা ভাড়ায় থাকার সুযোগ দেন। তবে বাড়িতে তরুণী মেয়ে থাকায় আমানকে নিয়ে প্রথমে আপত্তি জানান বেলার বাবা কুদরতুল্লাহর মা ও স্ত্রী।

ধারাবাহিকের এই পর্বে আমানের চরিত্রে দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন শেহরিয়ার মুনাওয়ার। পর্দায় তাকে কখনও আবু বকর, আবার কখনও আবু বকরের বাবা আমান হিসেবে দেখা যায়।

আবু বকর ও আমানের প্রেমের ধরনে রয়েছে উল্লেখযোগ্য পার্থক্য। জারিয়াবের প্রতি আবু বকরের ভালোবাসায় লাজুকতা, সম্মান ও মিষ্টি আচরণ প্রকাশ পায়। অন্যদিকে আমান বেশ আত্মবিশ্বাসী, চতুর ও বেপরোয়া ভঙ্গিতে বেলার মনোযোগ আকর্ষণের চেষ্টা করেন। এমনকি যে শিক্ষাপ্রতিষ্ঠানে তিনি পড়ান, সেখানেও তার প্রতি মুগ্ধ নারী শিক্ষার্থীর অভাব নেই।

পর্বটি প্রচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবু বকর ও তার বাবাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেক দর্শকের মন্তব্য, প্রেম ও ছলাকলায় ছেলেকে ছাড়িয়ে গেছেন বাবা আমান। কেউ কেউ আবার মজা করে বলছেন, আবু বকরের রোমান্টিক স্বভাব বাবার কাছ থেকেই এসেছে। আবার অনেকে বলছেন, প্রেমের ছলাকলায় জামিলকেও চার গুণ পেছনে ফেললেন আবু বকরের বাবা আমান।

উল্লেখ্য, ধারাবাহিকটিতে আবু বকর ও জারিয়াবের চরিত্রে অভিনয় করেছেন শেহরিয়ার মুনাওয়ার ও দুরে ফিশান সেলিম। উমেরা আহমেদের লেখা এবং সাকিব খানের পরিচালনায় নির্মিত এই ধারাবাহিকটি দর্শকদের মধ্যে শুরু থেকেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।

প্রথম ২৩ পর্বের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিকটির দর্শকসংখ্যা ১৭০ কোটি ছাড়িয়ে যায়। ইউটিউবেও দেখা হয়েছে ১০০ কোটির বেশি বার। দর্শকদের আগ্রহের কারণে শুরুতে ৩৮ পর্বে শেষ করার পরিকল্পনা থাকলেও পরে তা বাড়িয়ে ৪২ পর্ব করা হয়েছে। আগামী ৬ ডিসেম্বর থেকে এর আরবি ভাষার সংস্করণ প্রচারের কথা রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কামিন্সের বিরুদ্ধে ব্যবস্থা নিলে দল ছাড়ার কথা ভাববেন হ্যাজলউড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০২ পি.এম


কামিন্সের বিরুদ্ধে ব্যবস্থা নিলে দল ছাড়ার কথা ভাববেন হ্যাজলউড

দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিং কাণ্ডের প্রেক্ষিতে প্যাট কামিন্সের বিরুদ্ধে অস্ট্রেলিয়া ক্রিকেট যদি কোনো ব্যবস্থা গ্রহণ করে, তাহলে দল ছাড়ার বিষয়টি বিবেচনা করবেন বলে জানিয়েছেন জশ হ্যাজলউড। উসমান খাজা ও ক্যামেরন ব্যানক্রফটের বিবৃতির পর কামিন্সকে নেতৃত্ব থেকে সরানোর অথবা শাস্তির আওতায় আনার যে আলোচনা শুরু হয়েছে, তার প্রেক্ষাপটে হ্যাজলউডের এই মন্তব্য এসেছে।

খাজা, ব্যানক্রফট ও ডেভিড ওয়ার্নার বল টেম্পারিং সম্পর্কে সকলের অবগতির দাবি করলেও, কামিন্সের প্রতি সমর্থন জানিয়ে হ্যাজলউড বলেছেন, তিনি এই বিষয়ে কিছুই জানতেন না। সাম্প্রতিক সময়ে এই ঘটনার যে তোলপাড় সৃষ্টি হয়েছে, সেটিকে তিনি নিজেদের প্রতি সমন্বিত হামলা হিসেবে বিবেচনা করছেন।

নিউজ কর্পকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যাজলউড এসব বিষয় তুলে ধরেন। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রেক্ষিতে তিনি বলেন, ‘আমরা যদি প্রথম টেস্টে গিয়ে দেখি প্যাট অধিনায়ক নেই, তার পরিবর্তে অন্য কেউ দায়িত্ব নিয়েছে, তাহলে সত্যি বলতে পরিস্থিতি কী দাঁড়াবে, তা আমি জানি না...। আমাকে হয়তো সেই পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে হবে। তবে হ্যাঁ, বিষয়টি নিয়ে অবশ্যই ভাবতে হবে।’

হ্যাজলউড আরও বলেন, ‘গত কয়েক দিনে বিভিন্ন দিক থেকে মনে হচ্ছে, যেন সবাই একযোগে আক্রমণ চালাচ্ছে। আমি প্যাটের পাশে থাকতে চাই এবং গত সপ্তাহের সংবাদ সম্মেলনে সে যা বলেছে, বিশেষ করে গত পাঁচ-ছয় বছরে অধিনায়ক হিসেবে সে যা করেছে, সবকিছুকেই সমর্থন করি।’

তিনি যোগ করেন, ‘দলকে বর্তমান অবস্থানে নিয়ে আসা এবং এমন একটি জায়গায় পৌঁছে দেওয়া, যেখানে এ ধরনের ঘটনা (স্যান্ডপেপার কেলেঙ্কারি) আর কখনও ঘটবে না, এটা সত্যিই অসাধারণ কাজ। সে একজন দারুণ নেতা। দলের প্রত্যেককে জিজ্ঞেস করলে একই উত্তর পাওয়া যাবে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%