প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পাকিস্তানি ধারাবাহিক ‘দার-এ-নিজাত’-এর নতুন পর্বে উঠে এসেছে নায়ক আবু বকরের বাবা-মায়ের পুরোনো প্রেমের কাহিনী। শুক্রবার (২০ নভেম্বর) প্রচারিত ৩২তম পর্বে খুশবাখত তার অতীতের গল্প শোনান নায়িকা জারিয়াবকে। সেই গল্পে দেখা যায়, প্রেমের ক্ষেত্রে ছেলে আবু বকরকেও ছাড়িয়ে গেছেন তার বাবা আমান।
এই পর্বে ফ্ল্যাশব্যাকের মাধ্যমে খুশবাখতের তরুণ বয়সের কাহিনী তুলে ধরা হয়। তখন তার ডাক নাম ছিল বেলা। বেলা চরিত্রে অভিনয় করেছেন পাকিস্তানি অভিনেত্রী সাহার হাশমি। নাটকে বাবা কুদরতুল্লাহর আদরে বড় হওয়া বেলার জীবনে একসময় আবু বকরের বাবা আমান প্রবেশ করেন। পেশায় ইংরেজির অধ্যাপক আমান তখন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। কুদরতুল্লাহ তাকে বিনা ভাড়ায় থাকার সুযোগ দেন। তবে বাড়িতে তরুণী মেয়ে থাকায় আমানকে নিয়ে প্রথমে আপত্তি জানান বেলার বাবা কুদরতুল্লাহর মা ও স্ত্রী।
ধারাবাহিকের এই পর্বে আমানের চরিত্রে দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন শেহরিয়ার মুনাওয়ার। পর্দায় তাকে কখনও আবু বকর, আবার কখনও আবু বকরের বাবা আমান হিসেবে দেখা যায়।
আবু বকর ও আমানের প্রেমের ধরনে রয়েছে উল্লেখযোগ্য পার্থক্য। জারিয়াবের প্রতি আবু বকরের ভালোবাসায় লাজুকতা, সম্মান ও মিষ্টি আচরণ প্রকাশ পায়। অন্যদিকে আমান বেশ আত্মবিশ্বাসী, চতুর ও বেপরোয়া ভঙ্গিতে বেলার মনোযোগ আকর্ষণের চেষ্টা করেন। এমনকি যে শিক্ষাপ্রতিষ্ঠানে তিনি পড়ান, সেখানেও তার প্রতি মুগ্ধ নারী শিক্ষার্থীর অভাব নেই।
পর্বটি প্রচারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবু বকর ও তার বাবাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেক দর্শকের মন্তব্য, প্রেম ও ছলাকলায় ছেলেকে ছাড়িয়ে গেছেন বাবা আমান। কেউ কেউ আবার মজা করে বলছেন, আবু বকরের রোমান্টিক স্বভাব বাবার কাছ থেকেই এসেছে। আবার অনেকে বলছেন, প্রেমের ছলাকলায় জামিলকেও চার গুণ পেছনে ফেললেন আবু বকরের বাবা আমান।
উল্লেখ্য, ধারাবাহিকটিতে আবু বকর ও জারিয়াবের চরিত্রে অভিনয় করেছেন শেহরিয়ার মুনাওয়ার ও দুরে ফিশান সেলিম। উমেরা আহমেদের লেখা এবং সাকিব খানের পরিচালনায় নির্মিত এই ধারাবাহিকটি দর্শকদের মধ্যে শুরু থেকেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।
প্রথম ২৩ পর্বের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিকটির দর্শকসংখ্যা ১৭০ কোটি ছাড়িয়ে যায়। ইউটিউবেও দেখা হয়েছে ১০০ কোটির বেশি বার। দর্শকদের আগ্রহের কারণে শুরুতে ৩৮ পর্বে শেষ করার পরিকল্পনা থাকলেও পরে তা বাড়িয়ে ৪২ পর্ব করা হয়েছে। আগামী ৬ ডিসেম্বর থেকে এর আরবি ভাষার সংস্করণ প্রচারের কথা রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন