০৩:০২ পি.এম
দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিং কাণ্ডের প্রেক্ষিতে প্যাট কামিন্সের বিরুদ্ধে অস্ট্রেলিয়া ক্রিকেট যদি কোনো ব্যবস্থা গ্রহণ করে, তাহলে দল ছাড়ার বিষয়টি বিবেচনা করবেন বলে জানিয়েছেন জশ হ্যাজলউড। উসমান খাজা ও ক্যামেরন ব্যানক্রফটের বিবৃতির পর কামিন্সকে নেতৃত্ব থেকে সরানোর অথবা শাস্তির আওতায় আনার যে আলোচনা শুরু হয়েছে, তার প্রেক্ষাপটে হ্যাজলউডের এই মন্তব্য এসেছে।
খাজা, ব্যানক্রফট ও ডেভিড ওয়ার্নার বল টেম্পারিং সম্পর্কে সকলের অবগতির দাবি করলেও, কামিন্সের প্রতি সমর্থন জানিয়ে হ্যাজলউড বলেছেন, তিনি এই বিষয়ে কিছুই জানতেন না। সাম্প্রতিক সময়ে এই ঘটনার যে তোলপাড় সৃষ্টি হয়েছে, সেটিকে তিনি নিজেদের প্রতি সমন্বিত হামলা হিসেবে বিবেচনা করছেন।
নিউজ কর্পকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যাজলউড এসব বিষয় তুলে ধরেন। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রেক্ষিতে তিনি বলেন, ‘আমরা যদি প্রথম টেস্টে গিয়ে দেখি প্যাট অধিনায়ক নেই, তার পরিবর্তে অন্য কেউ দায়িত্ব নিয়েছে, তাহলে সত্যি বলতে পরিস্থিতি কী দাঁড়াবে, তা আমি জানি না...। আমাকে হয়তো সেই পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে হবে। তবে হ্যাঁ, বিষয়টি নিয়ে অবশ্যই ভাবতে হবে।’
আরও পড়ুন: কুঁচকির চোটে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক
হ্যাজলউড আরও বলেন, ‘গত কয়েক দিনে বিভিন্ন দিক থেকে মনে হচ্ছে, যেন সবাই একযোগে আক্রমণ চালাচ্ছে। আমি প্যাটের পাশে থাকতে চাই এবং গত সপ্তাহের সংবাদ সম্মেলনে সে যা বলেছে, বিশেষ করে গত পাঁচ-ছয় বছরে অধিনায়ক হিসেবে সে যা করেছে, সবকিছুকেই সমর্থন করি।’
তিনি যোগ করেন, ‘দলকে বর্তমান অবস্থানে নিয়ে আসা এবং এমন একটি জায়গায় পৌঁছে দেওয়া, যেখানে এ ধরনের ঘটনা (স্যান্ডপেপার কেলেঙ্কারি) আর কখনও ঘটবে না, এটা সত্যিই অসাধারণ কাজ। সে একজন দারুণ নেতা। দলের প্রত্যেককে জিজ্ঞেস করলে একই উত্তর পাওয়া যাবে।’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন