ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বগুড়ায় শুটিংয়ে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু


বগুড়ায় শুটিংয়ে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু

ছোট পর্দার একজন জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার সকালে ১০টার দিকে বগুড়ার মম ইনে সিনেমার শুটিং স্পটে অবস্থানকালে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু ঘটে। নাট্যাঙ্গন ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে তাঁর আকস্মিক মৃত্যুর কারণে শোকের ছায়া নেমে এসেছে।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু নিশ্চিত করেছেন যে সোহেল খানের মৃত্যুর খবর সত্যি। প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি বগুড়ায় নির্মাণাধীন ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে সেখানে অবস্থান করছিলেন। চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক এমডি ইকবালও সংবাদমাধ্যমকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বগুড়ায় ‘নসীব’ সিনেমার দ্বিতীয় পর্যায়ের শুটিং চলছিল। সিনেমাটির পরিচালক মোহাম্মদ ইকবাল এবং প্রযোজক আরশাদ আদনান। এই সিনেমায় অভিনয়ের জন্য বলিউডের অভিনেতা মুকেশ ঋষিও বাংলাদেশে এসেছেন। এর আগে সিনেমাটির প্রথম পর্যায়ের শুটিং কক্সবাজারের বিভিন্ন স্থানে সম্পন্ন হয়েছে। শুটিং চলাকালে সোহেল খানের আকস্মিক মৃত্যুতে সহকর্মী ও সংশ্লিষ্টদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন: ২ ঘণ্টা ঘুমিয়েই বিশ্বমঞ্চে সামিরা খান মাহির লড়াই

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০২ পি.এম


বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৬ : ‘ডিএনসিসি কাপ ২০২৬ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন হলো বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে।

এই উদ্বোধনী অনুষ্ঠানটি সোমবার রাতে বনানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী উল্লেখ করেন, ‘নগর উন্নয়ন মানে শুধু রাস্তাঘাট, অবকাঠামো উন্নয়ন নয়। প্রকৃত নগর উন্নয়ন তখনই পূর্ণতা পায়, যখন তরুণ সমাজ ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকে এবং প্রতিটি নাগরিকের জন্য সুস্থ বিনোদন ও খেলাধুলার সুযোগ নিশ্চিত হয়।’

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ এবং প্রতিটি তরুণের জন্য প্রতিভা বিকাশের সুযোগ নিশ্চিত করা।

মন্ত্রী বর্তমান সরকারের ক্রীড়াবান্ধব নীতির কথা উল্লেখ করে বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে এগিয়ে নেওয়ার জন্য বিশেষ গুরুত্ব দিয়েছেন। খেলাধুলাকে একটি সম্ভাবনাময় পেশা ও কর্মসংস্থানের ক্ষেত্র হিসেবে প্রতিষ্ঠা করতে প্রধানমন্ত্রীর উদ্যোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করে প্রশিক্ষণ, ক্রীড়া ভাতা এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করা হবে।’

মন্ত্রী খেলোয়াড়দের উদ্দেশে বলেন, ‘একটি ট্রফি আপনাকে বিজয়ী করতে পারে, কিন্তু আপনার আচরণ, সততা ও ক্রীড়াসুলভ মনোভাবই আপনাকে প্রকৃত খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করবে। জয়ী হলে বিনয়ী থাকতে হবে এবং পরাজিত হলে সাহস হারানো যাবে না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, অংশগ্রহণকারী দলের খেলোয়াড়, গণমাধ্যমকর্মী এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে তিন সদস্যের কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০২ পি.এম


নোয়াখালীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে তিন সদস্যের কমিটি গঠন

নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চারটি ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। জেলা প্রশাসন এ ঘটনায় তদন্তের জন্য একটি তিন সদস্যের কমিটি গঠন করেছে। কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে সরেজমিনে তদন্ত করে ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে।

তদন্ত কমিটির প্রধান, নোয়াখালীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ডা. মো. শেখ ছাদেক, সোমবার (২৩ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখা থেকে ১৭ নভেম্বর একটি আদেশ জারি করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন, নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক।

জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়েছে, নোয়াখালী জেলায় সার ডিলার নিয়োগে বিভিন্ন অনিয়মের অভিযোগের তদন্তের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সরেজমিনে তদন্ত করে ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে।

অভিযোগ সূত্রে জানা গেছে, হাতিয়ার তমরদ্দি, হরনী, চানন্দী ও চরকিং ইউনিয়নে সার ডিলার নিয়োগ নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। এর মধ্যে তমরদ্দি ইউনিয়নে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত একজনের পিতা সার ডিলার নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। হরনী ইউনিয়নে প্রয়োজনীয় অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও এক পল্লী চিকিৎসককে ডিলার নিয়োগ দেয়ার অভিযোগ রয়েছে।

অন্যদিকে, চানন্দী ইউনিয়নে মুরগির দোকানকে সারের গুদাম হিসেবে দেখিয়ে ডিলারশিপ নেয়ার অভিযোগ উঠেছে। চরকিং ইউনিয়নে গুদামের প্রয়োজনীয় সক্ষমতা না থাকা সত্ত্বেও একজনকে ডিলার নিয়োগ দেয়ার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে করা হয়েছে। এসব বিষয়ে প্রধানমন্ত্রী কার্যালয়, কৃষিমন্ত্রী এবং জেলা প্রশাসক বরাবর একাধিক লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে জানা গেছে।

তদন্ত কমিটির প্রধান ডা. মো. শেখ ছাদেক জানান, ১৭ নভেম্বর তদন্ত কমিটি গঠনের চিঠি তিনি পেয়েছেন। কমিটির অন্য দুই সদস্য বর্তমানে ছুটিতে আছেন। তারা কর্মস্থলে ফিরলে দ্রুত সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় প্রতিবেদন জমা দেয়া হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইন্দোনেশিয়ায় আটক জাহাজ 'এমভি স্টার লাইন' নিয়ে বাংলাদেশবিরোধী অপপ্রচার চলছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


ইন্দোনেশিয়ায় আটক জাহাজ

ইন্দোনেশিয়ার একটি বন্দরে আটক জাহাজ ‘এমভি স্টার লাইন’ নিয়ে বাংলাদেশবিরোধী অপপ্রচার চলছে। ভারতীয় মিডিয়া এই অপপ্রচারের কেন্দ্রে রয়েছে। তারা দাবি করছে, চীন থেকে জাহাজটি ‘বিস্ফোরক দ্রব্য’ নিয়ে বাংলাদেশে যাচ্ছে। তবে, এখন পর্যন্ত ওই জাহাজের বাংলাদেশের কোনো বন্দরে আসার শিডিউল নেই। দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের কাছেও মঙ্গলবার পর্যন্ত ওই জাহাজের বিষয়ে কোনো তথ্য আসেনি। দুই বন্দরের কর্মকর্তারা জানান, জাহাজটি সম্পর্কে তাঁদের কাছে কোনো তথ্য নেই। এনবিআরের সার্ভারেও এর কোনো ইমপোর্ট জেনারেল ম্যানিফেস্ট (আইজিএম) দাখিল করা হয়নি। ফলে জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কে, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।

জানা যাচ্ছে, জাহাজটি গত ৮ নভেম্বর মোংলা বন্দরে ভেড়ানোর জন্য শিডিউল ছিল। কিন্তু ওই বন্দরে জাহাজটি ভেড়ানোর জন্য কোনো শিডিউল দেওয়া হয়নি। একদিন আগে ৭ নভেম্বর, ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার বেলাওয়ান সমুদ্রসীমায় টহল জাহাজ কেআরআই সিগালু-৮৫৭ জাহাজটির সন্দেহজনক গতিবিধি শনাক্ত করে। নির্ধারিত রুট থেকে বিচ্যুত হওয়া এবং রেডিও কলে সাড়া না দেওয়ায় নৌবাহিনী জাহাজটিতে তল্লাশি চালিয়ে তা জব্দ করে। ২০ নভেম্বর, ইন্দোনেশিয়ার নৌবাহিনী এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিষয়টি প্রকাশ করে। তল্লাশিতে জাহাজটির নিবন্ধন নথিপত্র স্থগিত (সাসপেন্ডেড) অবস্থায় পাওয়া গেছে। এছাড়া, ১২ সেপ্টেম্বর চীনের লিয়ানইউনগাং বন্দর ছাড়ার পর প্রায় ১৭ দিনের পথ পাড়ি দিতে জাহাজটির অস্বাভাবিক সময় নেওয়া এবং যাত্রাপথে স্বয়ংক্রিয় ট্র্যাকিং ব্যবস্থা (এআইএস) বন্ধ রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে জাহাজটি বেলাওয়ান নিউ কনটেইনার টার্মিনালে কোদেরাল-১ সদর দপ্তরের নিয়ন্ত্রণে রয়েছে। ইন্দোনেশিয়ার নৌবাহিনী, কাস্টমস, পুলিশ, ফরেনসিক ল্যাব ও অভিবাসন বিভাগ যৌথভাবে জাহাজের ক্যাপ্টেন ও নাবিকদের জিজ্ঞাসাবাদ করছে। বাংলাদেশের কোন প্রতিষ্ঠান বা প্রাপকের কাছে এই চালানটি যাচ্ছিল, তা এখনো আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা যায়নি। অথচ ওই জাহাজকে ঘিরে ভারতীয় মিডিয়া বাংলাদেশবিরোধী নানা অপতথ্য ছড়িয়ে যাচ্ছে। বলা হচ্ছে, জাহাজটিতে সোডিয়াম পারক্লোরেট রয়েছে, যা বিস্ফোরক। যদিও বাংলাদেশে তা পোশাকশিল্পের কাঁচামাল হিসেবে আমদানি করা হয়।

এদিকে, জাহাজটি নিয়ে সংশ্লিষ্ট মহলে রহস্য সৃষ্টি হয়েছে। বেলাওয়ানের সমুদ্রপথ প্রায় ২ হাজার ৮০০ নটিক্যাল মাইল। সাধারণ পণ্যবাহী জাহাজের এই পথ পাড়ি দিতে লাগে সর্বোচ্চ ১৭ দিন। কিন্তু ৪০৫ টন রাসায়নিক ‘সোডিয়াম পারক্লোরেট’ ও বিপুল সিম কার্ড নিয়ে এমভি স্টার লাইন সময় নিয়েছে পুরো ৫৫ দিন। গত ১২ সেপ্টেম্বর চীন থেকে যাত্রা শুরু করে কমোরোসের পতাকাবাহী এই জাহাজটি। ৬ নভেম্বর পৌঁছায় উত্তর সুমাত্রার বেলাওয়ানে। পরদিন এটি আটক করে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। প্রায় দুই মাসের এই দীর্ঘ যাত্রা, ঘোষিত গন্তব্য ও আসলে কোথায় যাচ্ছিল তা জন্ম দিয়েছে কৌতূহল। উঠেছে অনেক প্রশ্ন।

আন্তর্জাতিক জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম ভেসেল ফাইন্ডার ও ম্যাজিকপোর্টের তথ্য বলছে, জাহাজটির এআইএস ট্রান্সপন্ডারে অফিসিয়াল গন্তব্য লেখা ছিল বাংলাদেশের মোংলা বন্দর। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর ২০ নভেম্বরের সংবাদ সম্মেলনের পর বিষয়টি সামনে আসে।

তবে, জাহাজটি সরাসরি আসছিল, নাকি মাঝপথে অন্য কোনো দেশে পণ্য সরানোর পরিকল্পনা ছিল—তা এখনো স্পষ্ট নয়। কারণ, মোংলা বন্দরে এই জাহাজের কোনো আগাম ঘোষণা নেই। চট্টগ্রাম বন্দরেও এই জাহাজ আসার আগাম ঘোষণা মেলেনি। ওপেন ওয়াটার্স এআইএসের পুরোনো রেকর্ডে জাহাজ আসার তারিখে অসংগতি মিলেছে। অক্টোবরের শুরুতে জাহাজটির ট্রান্সপন্ডারে মোংলা বন্দরে পৌঁছানোর তারিখ (ইটিএ) ছিল ১৬ অক্টোবর। পরে তা তিন সপ্তাহ পিছিয়ে ৮ নভেম্বর করা হয়। এই তিন সপ্তাহ দেরির কারণ এখনো অজানা। ৫ হাজার ৬৬ টন ধারণক্ষমতা ও ৪.২ মিটার ড্রাফটের এই জেনারেল কার্গো জাহাজ মোংলা চ্যানেলে ঢুকতে সক্ষম। তবে শিপিং বিশ্লেষকদের মতে, চীন থেকে এত দীর্ঘ সমুদ্রপথে সরাসরি ছোট বাল্ক বা জেনারেল কার্গো জাহাজে কনটেইনারভর্তি বিপজ্জনক রাসায়নিক নিয়ে আসা স্বাভাবিক নয়। সাধারণত বড় লাইনার জাহাজে ট্রান্সশিপমেন্ট বন্দর হয়ে ফিডার জাহাজে এসব পণ্য বাংলাদেশে আসে। কারণ এসব পণ্য দেশের গার্মেন্টস শিল্পে ব্যবহৃত হয়। তা ছাড়াতে সরকারি কঠোর কড়াকড়ি আছে।

শিপিং সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক নজরদারি এড়াতেই কাগজে-কলমে মোংলাকে ‘ডামি’ গন্তব্য দেখিয়ে অন্য কোথাও পণ্য সরানোর ছক ছিল কি না, সেই সন্দেহও উড়িয়ে দেওয়া যায় না।

জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ৯৭ মিটার দীর্ঘ এমভি স্টার লাইনের (আইএমও: ৮৩৫৬৯৬২) গড় গতি ঘণ্টায় ৭ থেকে ১০ নট। এই গতিতে বেলাওয়ানে পৌঁছাতে সর্বোচ্চ আড়াই সপ্তাহ লাগার কথা। কিন্তু মেরিটাইম অপটিমার রেকর্ডে দেখা গেছে, জাহাজটি মাঝপথে সিঙ্গাপুর ইস্টার্ন ওপিএল (আউটার পোর্ট লিমিটস) এলাকায় দীর্ঘ সময় অবস্থান করেছে। আন্তর্জাতিক জার্নাল লয়েডস লিস্ট ইন্টেলিজেন্স ও ঝুঁকি বিশ্লেষক সংস্থা উইন্ডওয়ার্ড বলছে, মালাক্কা প্রণালী ও দক্ষিণ চীন সাগরে ‘ডার্ক ফ্লিট’ বা ছায়া জাহাজগুলো নজরদারি এড়াতে অনেক জাহাজ এআইএস বন্ধ রেখে গভীর সাগরে পণ্য অদলবদল করে। সেই সময়ে এমন কিছু ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী।

ইন্দোনেশিয়ার নৌবাহিনী (টিএনআই এএল), কম্পাস, কুম্পারান ও ইন্দোনেশিয়া ডিফেন্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটিতে মোট ৩৬টি কনটেইনার ছিল। এর ১৫টিতে পাওয়া গেছে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট। এটি রকেটের জ্বালানি ও বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। পাশাপাশি ৫৪টি প্যালেটে মিলেছে লাখো অনিবন্ধিত খালি ৪জি সিম কার্ড।

তবে, বাকি কনটেইনারগুলোতে কী আছে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ। সেগুলোর ওপর সেখানকার কাস্টমস ও ফরেনসিক পরীক্ষা চলছে।

ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম কম্পাস ও মালয়েশিয়ার দৈনিক কোসমো জানিয়েছে, চীন থেকে আসার পথে জ্বালানি (বাংকারিং) নেওয়ার কথা বলে নির্ধারিত সমুদ্রপথ ছেড়ে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলে অনির্ধারিত যাত্রাবিরতি করে জাহাজটি। নৌবাহিনীর নজরদারিতে জাহাজটির গতিবিধি সন্দেহজনক মনে হয়। ৭ নভেম্বর টহল জাহাজ রেডিও চ্যানেলে যোগাযোগ করলেও এমভি স্টার লাইন জাহাজ সাড়া দেয়নি। পরে নৌসদস্যরা জাহাজে উঠে তল্লাশি চালালে এই রাসায়নিক ধরা পড়ে। এতে জাহাজের বেশ কিছু নিবন্ধন নথি মেয়াদোত্তীর্ণ ও স্থগিত (সাসপেন্ডেড) অবস্থায় পাওয়া যায় এবং জাহাজটি জব্দ করা হয়। আটকের পর থেকে এমভি স্টার লাইন বেলাওয়ানে কোদেরাল-১ সদর দপ্তরের নিয়ন্ত্রণে নোঙর করা আছে।

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড-১ (কোদেরাল-১)-এর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা জানিয়েছেন, জাহাজের ক্যাপ্টেন (নাখোদা), নাবিক ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে দেশটির নৌবাহিনী বা গণমাধ্যম এখনো আনুষ্ঠানিকভাবে ক্রুদের মোট সংখ্যা কিংবা তাঁদের নাগরিকত্ব প্রকাশ করেনি। সাধারণত ৫ হাজার টন ধারণক্ষমতার এই শ্রেণির জেনারেল কার্গো জাহাজে ১২ থেকে ১৮ জন নাবিক থাকেন।

ইন্দোনেশিয়ার নৌবাহিনী, কাস্টমস, পুলিশ, ফরেনসিক ল্যাব, অভিবাসন বিভাগ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা যৌথভাবে তদন্ত চালাচ্ছে। তদন্তে শুল্ক ফাঁকি, স্থগিত নথিতে জাহাজ চালানো ও বিপজ্জনক পণ্য পরিবহন বিধি লঙ্ঘন প্রমাণিত হলে জাহাজ ও পণ্য রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত হতে পারে। একই সঙ্গে নাবিক ও মালিকপক্ষের বিরুদ্ধে ফৌজদারি মামলার মুখোমুখি করা হতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানি নভোচারী মুহাম্মদ জিশান আলী চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


পাকিস্তানি নভোচারী মুহাম্মদ জিশান আলী চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন

প্রথমবারের মতো চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে বিদেশি নভোচারী হিসেবে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানে অংশগ্রহণ করে তিনি এই ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি করতে যাচ্ছেন। চীনের মানববাহী মহাকাশ কর্মসূচির ইতিহাসে এটি প্রথমবারের মতো চীনা ও বিদেশি নভোচারীদের যৌথ মহাকাশযাত্রা হবে।

উত্তর-পশ্চিম চীনের গোবি মরুভূমিতে অবস্থিত জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে বুধবার (২৫ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে মহাকাশযানটি উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) চীনের মানববাহী মহাকাশ সংস্থা (সিএমএসএ) তিন সদস্যের নভোচারী দলের নাম ঘোষণা করেছে। সংস্থাটি জানিয়েছে, নভোচারীরা সুস্থ আছেন এবং উৎক্ষেপণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

জিশান আলীর সঙ্গে এই অভিযানে অংশগ্রহণ করবেন চীনের দুই নভোচারী, তাং হংবো ও উ ই। ৫১ বছর বয়সী তাং হংবো মিশন কমান্ডারের দায়িত্বে থাকবেন। ৩৯ বছর বয়সী উ ই ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবেন। পাকিস্তান বিমানবাহিনীর পাইলট হিসেবে জিশান আলী পেলোড বিশেষজ্ঞের দায়িত্ব পালন করবেন।

মহাকাশ স্টেশনে তাঁর স্বল্পমেয়াদি অবস্থানের সময় চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে চারটি বৈজ্ঞানিক প্রকল্পে কাজ করবেন জিশান। গবেষণার বিষয়বস্তুতে রয়েছে জীবপ্রযুক্তি ও বিভিন্ন উপাদান নিয়ে গবেষণা। এছাড়া, আলোকসংশ্লেষণকারী অণুজীব নিয়ে কক্ষপথে একটি পরীক্ষা পরিচালনার পরিকল্পনাও রয়েছে। গবেষণার পাশাপাশি তিনি স্টেশনের দৈনন্দিন কার্যক্রমেও অংশ নেবেন।

শেনঝৌ-২৩ মহাকাশযানে করে স্বল্পমেয়াদি মিশন শেষে পৃথিবীতে ফিরবেন জিশান। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, এই অভিযানে তাং হংবো তৃতীয়বারের মতো তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রবেশ করবেন। তিনি তিনবার এই স্টেশনে যাওয়া প্রথম নভোচারী হিসেবে পরিচিত হবেন। অন্যদিকে, উ ই প্রথমবারের মতো মহাকাশযাত্রা করবেন।

চীন ও পাকিস্তানের মধ্যে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত একটি সহযোগিতা চুক্তির অংশ হিসেবে এই যৌথ মহাকাশ অভিযান পরিচালিত হচ্ছে। ২০২১ সাল থেকে চীনের শেনঝৌ মিশনগুলো তিনজন নভোচারীকে ছয় মাসের জন্য তিয়াংগং মহাকাশ স্টেশনে নিয়ে যাচ্ছে। শেনঝৌ-২৪ অভিযানের মাধ্যমে স্টেশনে থাকা নভোচারীদের সঙ্গে নতুন দলের দায়িত্ব হস্তান্তর বা কক্ষপথে নভোচারী পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের চাঁদে মানুষ পাঠানোর প্রতিযোগিতার মধ্যে এই অভিযানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। চীন ২০৩০ সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা ২০২৮ সালে চাঁদের পৃষ্ঠে নভোচারী পাঠানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট, রয়টার্স, এপি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%