প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
প্রথমবারের মতো চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে বিদেশি নভোচারী হিসেবে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানে অংশগ্রহণ করে তিনি এই ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি করতে যাচ্ছেন। চীনের মানববাহী মহাকাশ কর্মসূচির ইতিহাসে এটি প্রথমবারের মতো চীনা ও বিদেশি নভোচারীদের যৌথ মহাকাশযাত্রা হবে।
উত্তর-পশ্চিম চীনের গোবি মরুভূমিতে অবস্থিত জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে বুধবার (২৫ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে মহাকাশযানটি উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) চীনের মানববাহী মহাকাশ সংস্থা (সিএমএসএ) তিন সদস্যের নভোচারী দলের নাম ঘোষণা করেছে। সংস্থাটি জানিয়েছে, নভোচারীরা সুস্থ আছেন এবং উৎক্ষেপণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
জিশান আলীর সঙ্গে এই অভিযানে অংশগ্রহণ করবেন চীনের দুই নভোচারী, তাং হংবো ও উ ই। ৫১ বছর বয়সী তাং হংবো মিশন কমান্ডারের দায়িত্বে থাকবেন। ৩৯ বছর বয়সী উ ই ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবেন। পাকিস্তান বিমানবাহিনীর পাইলট হিসেবে জিশান আলী পেলোড বিশেষজ্ঞের দায়িত্ব পালন করবেন।
মহাকাশ স্টেশনে তাঁর স্বল্পমেয়াদি অবস্থানের সময় চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে চারটি বৈজ্ঞানিক প্রকল্পে কাজ করবেন জিশান। গবেষণার বিষয়বস্তুতে রয়েছে জীবপ্রযুক্তি ও বিভিন্ন উপাদান নিয়ে গবেষণা। এছাড়া, আলোকসংশ্লেষণকারী অণুজীব নিয়ে কক্ষপথে একটি পরীক্ষা পরিচালনার পরিকল্পনাও রয়েছে। গবেষণার পাশাপাশি তিনি স্টেশনের দৈনন্দিন কার্যক্রমেও অংশ নেবেন।
শেনঝৌ-২৩ মহাকাশযানে করে স্বল্পমেয়াদি মিশন শেষে পৃথিবীতে ফিরবেন জিশান। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, এই অভিযানে তাং হংবো তৃতীয়বারের মতো তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রবেশ করবেন। তিনি তিনবার এই স্টেশনে যাওয়া প্রথম নভোচারী হিসেবে পরিচিত হবেন। অন্যদিকে, উ ই প্রথমবারের মতো মহাকাশযাত্রা করবেন।
চীন ও পাকিস্তানের মধ্যে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত একটি সহযোগিতা চুক্তির অংশ হিসেবে এই যৌথ মহাকাশ অভিযান পরিচালিত হচ্ছে। ২০২১ সাল থেকে চীনের শেনঝৌ মিশনগুলো তিনজন নভোচারীকে ছয় মাসের জন্য তিয়াংগং মহাকাশ স্টেশনে নিয়ে যাচ্ছে। শেনঝৌ-২৪ অভিযানের মাধ্যমে স্টেশনে থাকা নভোচারীদের সঙ্গে নতুন দলের দায়িত্ব হস্তান্তর বা কক্ষপথে নভোচারী পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের চাঁদে মানুষ পাঠানোর প্রতিযোগিতার মধ্যে এই অভিযানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। চীন ২০৩০ সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা ২০২৮ সালে চাঁদের পৃষ্ঠে নভোচারী পাঠানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট, রয়টার্স, এপি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন