ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ইন্দোনেশিয়ায় আটক জাহাজ 'এমভি স্টার লাইন' নিয়ে বাংলাদেশবিরোধী অপপ্রচার চলছে


ইন্দোনেশিয়ায় আটক জাহাজ

ইন্দোনেশিয়ার একটি বন্দরে আটক জাহাজ ‘এমভি স্টার লাইন’ নিয়ে বাংলাদেশবিরোধী অপপ্রচার চলছে। ভারতীয় মিডিয়া এই অপপ্রচারের কেন্দ্রে রয়েছে। তারা দাবি করছে, চীন থেকে জাহাজটি ‘বিস্ফোরক দ্রব্য’ নিয়ে বাংলাদেশে যাচ্ছে। তবে, এখন পর্যন্ত ওই জাহাজের বাংলাদেশের কোনো বন্দরে আসার শিডিউল নেই। দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের কাছেও মঙ্গলবার পর্যন্ত ওই জাহাজের বিষয়ে কোনো তথ্য আসেনি। দুই বন্দরের কর্মকর্তারা জানান, জাহাজটি সম্পর্কে তাঁদের কাছে কোনো তথ্য নেই। এনবিআরের সার্ভারেও এর কোনো ইমপোর্ট জেনারেল ম্যানিফেস্ট (আইজিএম) দাখিল করা হয়নি। ফলে জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কে, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।

জানা যাচ্ছে, জাহাজটি গত ৮ নভেম্বর মোংলা বন্দরে ভেড়ানোর জন্য শিডিউল ছিল। কিন্তু ওই বন্দরে জাহাজটি ভেড়ানোর জন্য কোনো শিডিউল দেওয়া হয়নি। একদিন আগে ৭ নভেম্বর, ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার বেলাওয়ান সমুদ্রসীমায় টহল জাহাজ কেআরআই সিগালু-৮৫৭ জাহাজটির সন্দেহজনক গতিবিধি শনাক্ত করে। নির্ধারিত রুট থেকে বিচ্যুত হওয়া এবং রেডিও কলে সাড়া না দেওয়ায় নৌবাহিনী জাহাজটিতে তল্লাশি চালিয়ে তা জব্দ করে। ২০ নভেম্বর, ইন্দোনেশিয়ার নৌবাহিনী এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে বিষয়টি প্রকাশ করে। তল্লাশিতে জাহাজটির নিবন্ধন নথিপত্র স্থগিত (সাসপেন্ডেড) অবস্থায় পাওয়া গেছে। এছাড়া, ১২ সেপ্টেম্বর চীনের লিয়ানইউনগাং বন্দর ছাড়ার পর প্রায় ১৭ দিনের পথ পাড়ি দিতে জাহাজটির অস্বাভাবিক সময় নেওয়া এবং যাত্রাপথে স্বয়ংক্রিয় ট্র্যাকিং ব্যবস্থা (এআইএস) বন্ধ রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে জাহাজটি বেলাওয়ান নিউ কনটেইনার টার্মিনালে কোদেরাল-১ সদর দপ্তরের নিয়ন্ত্রণে রয়েছে। ইন্দোনেশিয়ার নৌবাহিনী, কাস্টমস, পুলিশ, ফরেনসিক ল্যাব ও অভিবাসন বিভাগ যৌথভাবে জাহাজের ক্যাপ্টেন ও নাবিকদের জিজ্ঞাসাবাদ করছে। বাংলাদেশের কোন প্রতিষ্ঠান বা প্রাপকের কাছে এই চালানটি যাচ্ছিল, তা এখনো আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা যায়নি। অথচ ওই জাহাজকে ঘিরে ভারতীয় মিডিয়া বাংলাদেশবিরোধী নানা অপতথ্য ছড়িয়ে যাচ্ছে। বলা হচ্ছে, জাহাজটিতে সোডিয়াম পারক্লোরেট রয়েছে, যা বিস্ফোরক। যদিও বাংলাদেশে তা পোশাকশিল্পের কাঁচামাল হিসেবে আমদানি করা হয়।

এদিকে, জাহাজটি নিয়ে সংশ্লিষ্ট মহলে রহস্য সৃষ্টি হয়েছে। বেলাওয়ানের সমুদ্রপথ প্রায় ২ হাজার ৮০০ নটিক্যাল মাইল। সাধারণ পণ্যবাহী জাহাজের এই পথ পাড়ি দিতে লাগে সর্বোচ্চ ১৭ দিন। কিন্তু ৪০৫ টন রাসায়নিক ‘সোডিয়াম পারক্লোরেট’ ও বিপুল সিম কার্ড নিয়ে এমভি স্টার লাইন সময় নিয়েছে পুরো ৫৫ দিন। গত ১২ সেপ্টেম্বর চীন থেকে যাত্রা শুরু করে কমোরোসের পতাকাবাহী এই জাহাজটি। ৬ নভেম্বর পৌঁছায় উত্তর সুমাত্রার বেলাওয়ানে। পরদিন এটি আটক করে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। প্রায় দুই মাসের এই দীর্ঘ যাত্রা, ঘোষিত গন্তব্য ও আসলে কোথায় যাচ্ছিল তা জন্ম দিয়েছে কৌতূহল। উঠেছে অনেক প্রশ্ন।

আরও পড়ুন: ইরানের ক্ষেপণাস্ত্র ভাণ্ডার যুদ্ধের হিসাব-নিকাশ বদলে দিতে পারে

আন্তর্জাতিক জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম ভেসেল ফাইন্ডার ও ম্যাজিকপোর্টের তথ্য বলছে, জাহাজটির এআইএস ট্রান্সপন্ডারে অফিসিয়াল গন্তব্য লেখা ছিল বাংলাদেশের মোংলা বন্দর। ইন্দোনেশিয়ার নৌবাহিনীর ২০ নভেম্বরের সংবাদ সম্মেলনের পর বিষয়টি সামনে আসে।

তবে, জাহাজটি সরাসরি আসছিল, নাকি মাঝপথে অন্য কোনো দেশে পণ্য সরানোর পরিকল্পনা ছিল—তা এখনো স্পষ্ট নয়। কারণ, মোংলা বন্দরে এই জাহাজের কোনো আগাম ঘোষণা নেই। চট্টগ্রাম বন্দরেও এই জাহাজ আসার আগাম ঘোষণা মেলেনি। ওপেন ওয়াটার্স এআইএসের পুরোনো রেকর্ডে জাহাজ আসার তারিখে অসংগতি মিলেছে। অক্টোবরের শুরুতে জাহাজটির ট্রান্সপন্ডারে মোংলা বন্দরে পৌঁছানোর তারিখ (ইটিএ) ছিল ১৬ অক্টোবর। পরে তা তিন সপ্তাহ পিছিয়ে ৮ নভেম্বর করা হয়। এই তিন সপ্তাহ দেরির কারণ এখনো অজানা। ৫ হাজার ৬৬ টন ধারণক্ষমতা ও ৪.২ মিটার ড্রাফটের এই জেনারেল কার্গো জাহাজ মোংলা চ্যানেলে ঢুকতে সক্ষম। তবে শিপিং বিশ্লেষকদের মতে, চীন থেকে এত দীর্ঘ সমুদ্রপথে সরাসরি ছোট বাল্ক বা জেনারেল কার্গো জাহাজে কনটেইনারভর্তি বিপজ্জনক রাসায়নিক নিয়ে আসা স্বাভাবিক নয়। সাধারণত বড় লাইনার জাহাজে ট্রান্সশিপমেন্ট বন্দর হয়ে ফিডার জাহাজে এসব পণ্য বাংলাদেশে আসে। কারণ এসব পণ্য দেশের গার্মেন্টস শিল্পে ব্যবহৃত হয়। তা ছাড়াতে সরকারি কঠোর কড়াকড়ি আছে।

শিপিং সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক নজরদারি এড়াতেই কাগজে-কলমে মোংলাকে ‘ডামি’ গন্তব্য দেখিয়ে অন্য কোথাও পণ্য সরানোর ছক ছিল কি না, সেই সন্দেহও উড়িয়ে দেওয়া যায় না।

জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, ৯৭ মিটার দীর্ঘ এমভি স্টার লাইনের (আইএমও: ৮৩৫৬৯৬২) গড় গতি ঘণ্টায় ৭ থেকে ১০ নট। এই গতিতে বেলাওয়ানে পৌঁছাতে সর্বোচ্চ আড়াই সপ্তাহ লাগার কথা। কিন্তু মেরিটাইম অপটিমার রেকর্ডে দেখা গেছে, জাহাজটি মাঝপথে সিঙ্গাপুর ইস্টার্ন ওপিএল (আউটার পোর্ট লিমিটস) এলাকায় দীর্ঘ সময় অবস্থান করেছে। আন্তর্জাতিক জার্নাল লয়েডস লিস্ট ইন্টেলিজেন্স ও ঝুঁকি বিশ্লেষক সংস্থা উইন্ডওয়ার্ড বলছে, মালাক্কা প্রণালী ও দক্ষিণ চীন সাগরে ‘ডার্ক ফ্লিট’ বা ছায়া জাহাজগুলো নজরদারি এড়াতে অনেক জাহাজ এআইএস বন্ধ রেখে গভীর সাগরে পণ্য অদলবদল করে। সেই সময়ে এমন কিছু ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী।

আরও পড়ুন: মিয়ামিতে জি-২০ সম্মেলনে পুতিনের অংশগ্রহণ অনিশ্চিত: ক্রেমলিন

ইন্দোনেশিয়ার নৌবাহিনী (টিএনআই এএল), কম্পাস, কুম্পারান ও ইন্দোনেশিয়া ডিফেন্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটিতে মোট ৩৬টি কনটেইনার ছিল। এর ১৫টিতে পাওয়া গেছে ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট। এটি রকেটের জ্বালানি ও বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়। পাশাপাশি ৫৪টি প্যালেটে মিলেছে লাখো অনিবন্ধিত খালি ৪জি সিম কার্ড।

তবে, বাকি কনটেইনারগুলোতে কী আছে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ। সেগুলোর ওপর সেখানকার কাস্টমস ও ফরেনসিক পরীক্ষা চলছে।

ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম কম্পাস ও মালয়েশিয়ার দৈনিক কোসমো জানিয়েছে, চীন থেকে আসার পথে জ্বালানি (বাংকারিং) নেওয়ার কথা বলে নির্ধারিত সমুদ্রপথ ছেড়ে ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার বেলাওয়ান উপকূলে অনির্ধারিত যাত্রাবিরতি করে জাহাজটি। নৌবাহিনীর নজরদারিতে জাহাজটির গতিবিধি সন্দেহজনক মনে হয়। ৭ নভেম্বর টহল জাহাজ রেডিও চ্যানেলে যোগাযোগ করলেও এমভি স্টার লাইন জাহাজ সাড়া দেয়নি। পরে নৌসদস্যরা জাহাজে উঠে তল্লাশি চালালে এই রাসায়নিক ধরা পড়ে। এতে জাহাজের বেশ কিছু নিবন্ধন নথি মেয়াদোত্তীর্ণ ও স্থগিত (সাসপেন্ডেড) অবস্থায় পাওয়া যায় এবং জাহাজটি জব্দ করা হয়। আটকের পর থেকে এমভি স্টার লাইন বেলাওয়ানে কোদেরাল-১ সদর দপ্তরের নিয়ন্ত্রণে নোঙর করা আছে।

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর আঞ্চলিক কমান্ড-১ (কোদেরাল-১)-এর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ডেনি সেপ্টিয়ানা জানিয়েছেন, জাহাজের ক্যাপ্টেন (নাখোদা), নাবিক ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে দেশটির নৌবাহিনী বা গণমাধ্যম এখনো আনুষ্ঠানিকভাবে ক্রুদের মোট সংখ্যা কিংবা তাঁদের নাগরিকত্ব প্রকাশ করেনি। সাধারণত ৫ হাজার টন ধারণক্ষমতার এই শ্রেণির জেনারেল কার্গো জাহাজে ১২ থেকে ১৮ জন নাবিক থাকেন।

আরও পড়ুন: ‘হিন্দু-শিখ সৌহার্দ্যের’ বার্তা দিয়ে পাঞ্জাব নির্বাচনে ফের একসঙ্গে লড়বে বিজেপি-অকালি দল

ইন্দোনেশিয়ার নৌবাহিনী, কাস্টমস, পুলিশ, ফরেনসিক ল্যাব, অভিবাসন বিভাগ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থা যৌথভাবে তদন্ত চালাচ্ছে। তদন্তে শুল্ক ফাঁকি, স্থগিত নথিতে জাহাজ চালানো ও বিপজ্জনক পণ্য পরিবহন বিধি লঙ্ঘন প্রমাণিত হলে জাহাজ ও পণ্য রাষ্ট্রীয়ভাবে বাজেয়াপ্ত হতে পারে। একই সঙ্গে নাবিক ও মালিকপক্ষের বিরুদ্ধে ফৌজদারি মামলার মুখোমুখি করা হতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানি নভোচারী মুহাম্মদ জিশান আলী চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


পাকিস্তানি নভোচারী মুহাম্মদ জিশান আলী চীনের মহাকাশ স্টেশনে যাচ্ছেন

প্রথমবারের মতো চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে বিদেশি নভোচারী হিসেবে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানে অংশগ্রহণ করে তিনি এই ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি করতে যাচ্ছেন। চীনের মানববাহী মহাকাশ কর্মসূচির ইতিহাসে এটি প্রথমবারের মতো চীনা ও বিদেশি নভোচারীদের যৌথ মহাকাশযাত্রা হবে।

উত্তর-পশ্চিম চীনের গোবি মরুভূমিতে অবস্থিত জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে বুধবার (২৫ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে মহাকাশযানটি উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) চীনের মানববাহী মহাকাশ সংস্থা (সিএমএসএ) তিন সদস্যের নভোচারী দলের নাম ঘোষণা করেছে। সংস্থাটি জানিয়েছে, নভোচারীরা সুস্থ আছেন এবং উৎক্ষেপণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

জিশান আলীর সঙ্গে এই অভিযানে অংশগ্রহণ করবেন চীনের দুই নভোচারী, তাং হংবো ও উ ই। ৫১ বছর বয়সী তাং হংবো মিশন কমান্ডারের দায়িত্বে থাকবেন। ৩৯ বছর বয়সী উ ই ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবেন। পাকিস্তান বিমানবাহিনীর পাইলট হিসেবে জিশান আলী পেলোড বিশেষজ্ঞের দায়িত্ব পালন করবেন।

মহাকাশ স্টেশনে তাঁর স্বল্পমেয়াদি অবস্থানের সময় চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে চারটি বৈজ্ঞানিক প্রকল্পে কাজ করবেন জিশান। গবেষণার বিষয়বস্তুতে রয়েছে জীবপ্রযুক্তি ও বিভিন্ন উপাদান নিয়ে গবেষণা। এছাড়া, আলোকসংশ্লেষণকারী অণুজীব নিয়ে কক্ষপথে একটি পরীক্ষা পরিচালনার পরিকল্পনাও রয়েছে। গবেষণার পাশাপাশি তিনি স্টেশনের দৈনন্দিন কার্যক্রমেও অংশ নেবেন।

শেনঝৌ-২৩ মহাকাশযানে করে স্বল্পমেয়াদি মিশন শেষে পৃথিবীতে ফিরবেন জিশান। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, এই অভিযানে তাং হংবো তৃতীয়বারের মতো তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রবেশ করবেন। তিনি তিনবার এই স্টেশনে যাওয়া প্রথম নভোচারী হিসেবে পরিচিত হবেন। অন্যদিকে, উ ই প্রথমবারের মতো মহাকাশযাত্রা করবেন।

চীন ও পাকিস্তানের মধ্যে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত একটি সহযোগিতা চুক্তির অংশ হিসেবে এই যৌথ মহাকাশ অভিযান পরিচালিত হচ্ছে। ২০২১ সাল থেকে চীনের শেনঝৌ মিশনগুলো তিনজন নভোচারীকে ছয় মাসের জন্য তিয়াংগং মহাকাশ স্টেশনে নিয়ে যাচ্ছে। শেনঝৌ-২৪ অভিযানের মাধ্যমে স্টেশনে থাকা নভোচারীদের সঙ্গে নতুন দলের দায়িত্ব হস্তান্তর বা কক্ষপথে নভোচারী পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের চাঁদে মানুষ পাঠানোর প্রতিযোগিতার মধ্যে এই অভিযানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। চীন ২০৩০ সালের মধ্যে চাঁদে নভোচারী পাঠানোর লক্ষ্য নির্ধারণ করেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা ২০২৮ সালে চাঁদের পৃষ্ঠে নভোচারী পাঠানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট, রয়টার্স, এপি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে নাশকতার মামলায় সাবেক ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৫ পি.এম


যশোরে নাশকতার মামলায় সাবেক ইউপি সদস্যসহ তিনজন গ্রেপ্তার

যশোরের অভয়নগরে নাশকতার মামলায় সাবেক ইউপি সদস্যসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত মধ্যরাত থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ওসি মো. জিয়াউর রহমান।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—উপজেলার চলিশিয়া ইউনিয়নের কোটা গ্রামের মৃত হরমুজ আলী তরফদারের ছেলে জাকির হোসেন তরফদার, যিনি জাকির মেম্বার নামে পরিচিত (৫২), উপজেলার বুইকারা গ্রামের শওকত গাজীর ছেলে সাফায়েত হোসেন রাজ (২৬) এবং একতারপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে নাজমুল হক সুমন (২৪)।

জাকির মেম্বার চলিশিয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত। অন্যদিকে, সাফায়েত হোসেন রাজ ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী এবং নাজমুল হক সুমন ওয়ার্ড ছাত্রলীগের সদস্য।

অভয়নগর থানার ওসি মো. জিয়াউর রহমান কালের কণ্ঠকে জানিয়েছেন, ‘সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সাবেক ইউপি সদস্যসহ নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের তিনজনকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরকত উল্লাহ বুলু: দীর্ঘদিন পর জনগণ নির্বাচিত সরকার পেয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৫ পি.এম


বরকত উল্লাহ বুলু: দীর্ঘদিন পর জনগণ নির্বাচিত সরকার পেয়েছে

একটি গণবান্ধব নির্বাচিত সরকার দীর্ঘদিন পর জনগণের হাতে এসেছে। কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে, যাতে সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ সকল ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হতে পারে।

সোমবার, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ভার্চ্যুয়ালি ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসরুল্লাহ আল মাহমুদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্র দাস।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল ইসলাম লিটন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, ইউনিয়ন বিএনপি নেতা আহছানউল্লা, মো. কামাল হোসেন, সাবেক ছাত্রদল নেতা ও প্রবাসী আলাউদ্দিন রাসেল, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী এবং সাবেক উপজেলা যুবদলের আহ্বায়ক সামসুতীব রিজ স্বপনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের প্রস্তুতি সভা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৬ পি.এম


গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসের প্রস্তুতি সভা

গৌরনদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস-২০২৬ উদযাপনের জন্য যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোকশেদ উল্লাহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা মো. আহসান মাহমুদ, পৌর নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা সমবায় কর্মকর্তা লতিফা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আলম মৃধা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস এবং গৌরনদী মডেল থানার এএসআই মিঠুন।

এছাড়া, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরিফ, সদস্য সচিব মো. শফিকুর রহমান শরিফ স্বপন এবং গৌরনদী প্রেসক্লাবের সভাপতি মো. জহুরুল ইসলাম জহিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও সুধীজন সভায় উপস্থিত ছিলেন।

সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ, বাস্তবায়ন এবং সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%