প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চারটি ইউনিয়নে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। জেলা প্রশাসন এ ঘটনায় তদন্তের জন্য একটি তিন সদস্যের কমিটি গঠন করেছে। কমিটিকে নির্দেশ দেয়া হয়েছে সরেজমিনে তদন্ত করে ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে।
তদন্ত কমিটির প্রধান, নোয়াখালীর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ডা. মো. শেখ ছাদেক, সোমবার (২৩ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখা থেকে ১৭ নভেম্বর একটি আদেশ জারি করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য দুই সদস্য হলেন, নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক।
জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়েছে, নোয়াখালী জেলায় সার ডিলার নিয়োগে বিভিন্ন অনিয়মের অভিযোগের তদন্তের জন্য এ কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সরেজমিনে তদন্ত করে ৭ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে।
অভিযোগ সূত্রে জানা গেছে, হাতিয়ার তমরদ্দি, হরনী, চানন্দী ও চরকিং ইউনিয়নে সার ডিলার নিয়োগ নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। এর মধ্যে তমরদ্দি ইউনিয়নে উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত একজনের পিতা সার ডিলার নিয়োগ পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। হরনী ইউনিয়নে প্রয়োজনীয় অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও এক পল্লী চিকিৎসককে ডিলার নিয়োগ দেয়ার অভিযোগ রয়েছে।
অন্যদিকে, চানন্দী ইউনিয়নে মুরগির দোকানকে সারের গুদাম হিসেবে দেখিয়ে ডিলারশিপ নেয়ার অভিযোগ উঠেছে। চরকিং ইউনিয়নে গুদামের প্রয়োজনীয় সক্ষমতা না থাকা সত্ত্বেও একজনকে ডিলার নিয়োগ দেয়ার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে করা হয়েছে। এসব বিষয়ে প্রধানমন্ত্রী কার্যালয়, কৃষিমন্ত্রী এবং জেলা প্রশাসক বরাবর একাধিক লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে জানা গেছে।
তদন্ত কমিটির প্রধান ডা. মো. শেখ ছাদেক জানান, ১৭ নভেম্বর তদন্ত কমিটি গঠনের চিঠি তিনি পেয়েছেন। কমিটির অন্য দুই সদস্য বর্তমানে ছুটিতে আছেন। তারা কর্মস্থলে ফিরলে দ্রুত সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় প্রতিবেদন জমা দেয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন