প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের জন্য সরকার ৩ কোটি ৮২ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে। নিহত ৫২ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে এবং আহত ৫৬ জনকে সর্বোচ্চ ৩ লাখ টাকা করে সহায়তা দেয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের জন্য বিআরটিএ ট্রাস্ট বোর্ড কর্তৃক মঞ্জুরকৃত চেক হস্তান্তর অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্ট বোর্ড এই সহায়তা প্রদান করেছে যাতে সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো পরিবার এবং আহত হয়ে পঙ্গুত্বসহ বিভিন্ন শারীরিক ক্ষতির শিকার ব্যক্তিরা পুনর্বাসিত হতে পারে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর। সভাপতিত্ব করেন ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাস, সাইফুর রহমান, নারায়ণ চন্দ্র পাল, ঝিনাইদহ বিআরটিএর সরকারি পরিচালক দেবাশীষ বিশ্বাস এবং বিআরটিএর মোটরযান পরিদর্শক ইঞ্জিনিয়ার সজীব সরকার ও সোহাগ হুসাইন।
সহায়তা পাওয়া নিহতের পরিবারের সদস্য হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ গ্রামের আনেছা জানান, সড়ক দুর্ঘটনায় স্বামীকে হারিয়ে তিনি সংসারের কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন। স্বামীর মৃত্যুর পর পরিবার চালানো, দৈনন্দিন খরচ এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। সরকারের দেয়া ৫ লাখ টাকা তার পরিবারকে কিছুটা স্বাবলম্বী হতে সাহায্য করবে এবং এই অর্থ ঘুরে দাঁড়ানোর পথ তৈরি করবে বলে তিনি আশাবাদী।
একইভাবে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পঙ্গুত্বের শিকার কোটচাঁদপুর উপজেলার রঘুনাথপুর গ্রামের জাকির হোসেন ও সদর উপজেলার জাহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর তারা স্বাভাবিক জীবন ফিরে পাননি। কর্মক্ষমতা হারিয়ে পরিবার নিয়ে সংকটে পড়েছেন; চিকিৎসা ও সংসারের খরচ চালানো তাদের জন্য কঠিন হয়ে উঠেছে। সরকারের দেয়া ৩ লাখ টাকা তাদের অসহায় জীবনে বড় উপকারে আসবে বলে জানান তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর বলেন, সড়ক দুর্ঘটনা একটি পরিবারের জীবনে মুহূর্তেই সবকিছু বদলে দেয়। উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে গেলে পরিবারটি শুধু আর্থিক সংকটে পড়ে না, সন্তানদের ভবিষ্যৎ, শিক্ষা, চিকিৎসা ও জীবনযাপনের নিরাপত্তাও অনিশ্চিত হয়ে পড়ে। দুর্ঘটনায় পঙ্গুত্বের শিকার ব্যক্তিদের জন্য স্বাভাবিক জীবনে ফেরার পথ হয়ে ওঠে আরও কঠিন। এই বাস্তবতায় সরকারের এই আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর একটি মানবিক উদ্যোগ।
সভাপতির বক্তব্যে ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন বলেন, বিআরটিএ ট্রাস্ট বোর্ডের এই সহায়তা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তাৎক্ষণিক আর্থিক সংকট মোকাবিলা, পুনর্বাসন এবং নতুন করে জীবন শুরু করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন