শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
০৯:০৫ পি.এম
জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মণি, এমপি, উপকূলীয় অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি এবং স্থানীয় মানুষের জীবনযাত্রা ও প্রয়োজনের দিকে নজর রেখে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, "সরকারি অর্থ জনগণের অর্থ।" তাই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অর্থের সঠিক ব্যবহার, ব্যয় সাশ্রয় এবং কাজের গুণগত মান নিশ্চিত করা আবশ্যক। অবকাঠামো নির্মাণের পাশাপাশি, সেগুলো দীর্ঘস্থায়ী এবং জনসাধারণের প্রকৃত উপকারে আসে কি না, সেটিও নিশ্চিত করা জরুরি।
বরিশাল বিভাগের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভাটি জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত হয়।
চীফ হুইপ আরও বলেন, উপকূলীয় এলাকার উন্নয়ন পরিকল্পনা বাস্তবতাভিত্তিক হওয়া উচিত। প্রকল্প গ্রহণের পূর্বে সংশ্লিষ্ট এলাকার প্রকৃত সমস্যা ও প্রয়োজন যথাযথভাবে মূল্যায়ন করা প্রয়োজন। নদীভাঙনপ্রবণ এলাকায় টেকসই প্রতিরক্ষা ও যোগাযোগ অবকাঠামো, জলাবদ্ধতাপ্রবণ এলাকায় কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা এবং দুর্যোগপ্রবণ এলাকায় মানুষের স্বাভাবিক চলাচল ও জীবনযাত্রা সচল রাখার উপযোগী অবকাঠামো নির্মাণে গুরুত্ব দিতে হবে।
সভায় বরগুনার বামনা, বেতাগী ও পাথরঘাটাসহ বরিশাল বিভাগের উপকূলীয় জনপদের উন্নয়ন চাহিদা, নদীভাঙন, জলাবদ্ধতা, দুর্বল যোগাযোগব্যবস্থা এবং ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ঝুঁকি নিয়ে আলোচনা হয়। এসব এলাকার ভৌগোলিক ও প্রাকৃতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
নূরুল ইসলাম মণি বলেন, উন্নয়ন প্রকল্পের উদ্দেশ্য কেবল বরাদ্দ করা অর্থ ব্যয় করা নয়; বরং প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমানের ইতিবাচক পরিবর্তন নিশ্চিত করা। প্রকল্পের প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা, জবাবদিহি ও নির্মাণকাজের মান বজায় রাখতে হবে। নির্ধারিত সময়ে কাজ শেষ করার পাশাপাশি অবকাঠামোর স্থায়িত্ব নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মতবিনিময় সভায় বরিশাল বিভাগের এলজিইডির আওতাধীন চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়নের গুণগত মান, ব্যয় ব্যবস্থাপনা এবং প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্প পরিচালকেরা প্রকল্পের বর্তমান অবস্থা ও বাস্তবায়নসংক্রান্ত বিষয়গুলো তুলে ধরেন।
এদিকে, বরগুনার বামনা উপজেলাকে বিশখালী নদীর ভাঙন থেকে রক্ষা, রামনা ও কালিকাবাড়ি লঞ্চঘাটের প্রতিরক্ষা এবং সংশ্লিষ্ট পোল্ডার এলাকায় টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রায় ১৩ হাজার ১১১ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্পের পুনর্গঠিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পানি সম্পদ মন্ত্রণালয়ে পাঠিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পাউবোর প্রধান প্রকৌশলী (পুর) পরিকল্পনা বিভাগের দপ্তর থেকে গত ১৬ নভেম্বর ২০২৬ তারিখে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে প্রকল্পটির নাম উল্লেখ করা হয়েছে, ‘বরগুনা জেলার অধীনে বিশখালী নদীর ভাঙন হতে বামনা শহর এবং রামনা ও কালিকাবাড়ি লঞ্চঘাট প্রতিরক্ষা এবং পোল্ডার ৩৯/২এ ও ৩৯/১সি অভ্যন্তরে টেকসই পানি ব্যবস্থাপনা’।
প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ১৩ লাখ ১১ হাজার ১৩৩ লাখ টাকা, অর্থাৎ ১৩ হাজার ১১১ কোটি ৩৩ লাখ টাকা। বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ডিসেম্বর ২০২৬ থেকে মার্চ ২০৩১ পর্যন্ত। ২০২৬ সালের ৩০ আগস্ট পানি সম্পদ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত যাচাই কমিটির সভার সিদ্ধান্তের আলোকে প্রকল্পটির ডিপিপি পুনর্গঠন করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
প্রকল্পটি বাস্তবায়িত হলে বিশখালী নদীর ভাঙন থেকে বামনা শহর, রামনা ও কালিকাবাড়ি লঞ্চঘাট রক্ষা এবং পোল্ডার ৩৯/২এ ও ৩৯/১সি এলাকার পানি ব্যবস্থাপনার উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
বরগুনার উপকূলীয় জনপদে নদীভাঙন, জলাবদ্ধতা, দুর্বল সড়ক যোগাযোগ ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি দীর্ঘদিনের। এসব সমস্যা মোকাবিলায় পরিকল্পিত ও টেকসই অবকাঠামো উন্নয়ন স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি। এ অবস্থায় বামনার প্রস্তাবিত প্রকল্পটির দ্রুত অনুমোদন, যথাযথ অর্থায়ন এবং সময়মতো বাস্তবায়নের পাশাপাশি সরকারি অর্থের স্বচ্ছ ব্যবহার ও কাজের গুণগত মান নিশ্চিত করা জরুরি। চীফ হুইপের বক্তব্যের মূল প্রতিপাদ্যও হচ্ছে, উপকূলের বাস্তবতা বিবেচনায় জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনার স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা ও মহানগর এবং ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
এই পরিদর্শনের সময় তাঁরা ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করেন এবং প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সহমর্মিতা প্রকাশ করেন।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমানের নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন সিসিক নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল, কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের আমীর মো. আজিজুল ইসলাম ও সেক্রেটারি পারভেজ আহমদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু।
এছাড়া স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জামায়াত নেতৃবৃন্দ মন্তব্য করেন, নগরজুড়ে একের পর এক অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা উদ্বেগজনক। ইতোমধ্যে নগরীতে ছয়টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সর্বশেষ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনা নগরীর নিরাপত্তা পরিস্থিতির জন্য হুমকিস্বরূপ। এ ধরনের ঘটনার ফলে জনমনে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হচ্ছে।
তারা আরও বলেন, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অগ্নিসন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে প্রশাসনকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে প্রতিমন্ত্রীর বাসভবনের গলির প্রধান ফটকের ভেতরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আওয়ামী লীগের ‘অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের’ বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সিলেটে শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বাদ জুমা সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে সিলেট নগরের ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরের চৌহাট্টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশে পরিণত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির প্রশ্ন রাখেন, ‘আওয়ামী লীগের কাছে আপনারা কি আশা করেছিলেন? যে আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হওয়ার কারণে এরপরে সুফি সাধু হয়ে যাবে-এরকম কেউ আশা করেছিল? কয়লা ধুইলেও ময়লা যায় না।’
তিনি মন্তব্য করেন, ‘দলটির রাজনৈতিক বিচ্যুতি হয়েছে। আমাদের জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে যে আওয়ামী লীগকে দেখেছি, সে আওয়ামী লীগ ক্রমান্বয়ে রাজনীতি থেকে বিচ্যুত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ এখন রাজনীতির পথ ছেড়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তাদের কর্মকাণ্ডে রাজনৈতিক কর্মসূচির কোনো প্রতিফলন নেই। তাদের একমাত্র চর্চা হচ্ছে সন্ত্রাস। দেশের মানুষ তাদের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ক্ষমতা থেকে বিতাড়িত করেছে। এরপরও তারা বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে।’
বাণিজ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবেলায় রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোথাও কোনো সন্ত্রাসী বা নাশকতাকারীর সন্ধান পেলে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানাতে হবে। যাতে অপরাধীদের আইনের আওতায় এনে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা যায়।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘বাংলাদেশের মানুষ, বিশ্বের মানুষ আজ দেখতে পেল এই আওয়ামী লীগ যে আগুন সন্ত্রাসী।’
তিনি বলেন, ‘হাসিনা বলেনি তারা বাস পুড়িয়েছিল বিগত সময়ে, লগি-বইঠা দিয়ে তারা মানুষ হত্যা করেছে। ক্ষমতায় থাকতে তারা যে মিথ্যাচার করেছিল, বিএনপিকে আগুন সন্ত্রাসী বলেছে। জাতি আজ কি দেখল- তারা ঘুমন্ত মানুষের বাড়িতে আগুন দেয়, তারা গাড়িতে আগুন জ্বালায়, তারা থানা লুট করতে যায়, মানুষ পুড়ায়।’
সরকার সংযম প্রদর্শন করছে জানিয়ে তিনি বলেন, ‘চাইলে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে তাদের মতো অমানবিক আচরণ করতে পারতাম, কিন্তু আমরা সেটা করতে যাইনি। কিন্তু তার মানে এই নয় যে দিনের পর দিন, প্রতিদিন এরকম ঘটনা অব্যাহত থাকবে আর আমরা চোখ-মুখ বন্ধ করে বসে থাকব, এটা হতে পারে না।’
তিনি বলেন, ‘আমার বিশ্বাস রাজপথে বিএনপি থাকলে, বিএনপির নেতাকর্মীরা থাকলে দুই একদিনের মধ্যে দেখবেন হয় তারা পালিয়ে যাবে নয়তো আইনের আওতায় তারা খাচার মধ্যে ধরা পড়বে।’
জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে মন্তব্য করে তিনি বলেন, ‘সন্ত্রাসীরা রাতের অন্ধকারে অগ্নিসংযোগ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। তাদের এ ধরনের কাপুরুষোচিত কর্মকাণ্ড প্রতিহত করতে হবে।’
সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘এই দেশে আমরা ফ্যাসিস্টদের রক্তচক্ষু উপেক্ষা করে এই সিলেটকে প্রকম্পিত করেছি, ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি। আজকে দাঁড়িয়ে বলতে চাই, আমরা রাজনৈতিকভাবে এই ফ্যাসিস্টদের যেভাবে বিতাড়িত করেছি, তাদের এই গুপ্ত কর্মকাণ্ড আমরা প্রতিহত করব।’
বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার অঙ্গসহযোগী সংগঠন রাজপথ ছেড়ে যায়নি জানিয়ে তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান বলেছেন, এনাফ ইজ এনাফ। আমরা বিশ্বাস করি, যদি এই সমস্ত চোরাগুপ্তা কাহিনী করেন আপনারা দেশবাসী, সিলেটের জনতা তাদের প্রতিহত করবে।’
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী ও সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকার ডেমরা থানার কোনাপাড়া এলাকা থেকে পুলিশ খাগড়াছড়ির রামগড় উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম হোসেন নয়নকে গ্রেফতার করেছে। বুধবার (১৯ নভেম্বর) রাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) সহায়তায় রামগড় থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
পুলিশের সূত্র অনুযায়ী, গ্রেফতারের পর বৃহস্পতিবার দুপুরে নাঈম হোসেন নয়নকে ঢাকা থেকে রামগড় থানায় নিয়ে আসা হয়। সেখানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে খাগড়াছড়ি বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
রামগড় থানার দুটি মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। মামলাগুলোর মধ্যে রয়েছে—রামগড় থানার মামলা নম্বর-৭ (তারিখ ৩১/০৫/২০২৬) এবং মামলা নম্বর-৩ (তারিখ ১৬/০৮/২০২৪)।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুম্মা, বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ মূল ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদে এই দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
বাউবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের নির্দেশনায় যুগ্ম পরিচালক ও উপাচার্যের দপ্তরের একান্ত সচিব মো. আশরাফুল ইসলাম অনুষ্ঠানের সুষ্ঠুভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এতে বিভিন্ন স্কুলের শিক্ষক, বিভাগের পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থীসহ কয়েক শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।
দোয়া ও মোনাজাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সার্বিক কল্যাণ কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্যও দোয়া করা হয়।
উল্লেখ্য, তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ