প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
সিলেট নগরীর দাড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনার স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা ও মহানগর এবং ছাত্রশিবিরের নেতৃবৃন্দ।
এই পরিদর্শনের সময় তাঁরা ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করেন এবং প্রতিমন্ত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সহমর্মিতা প্রকাশ করেন।
শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমানের নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন সিসিক নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল, কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের আমীর মো. আজিজুল ইসলাম ও সেক্রেটারি পারভেজ আহমদ এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজু।
এছাড়া স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জামায়াত নেতৃবৃন্দ মন্তব্য করেন, নগরজুড়ে একের পর এক অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা উদ্বেগজনক। ইতোমধ্যে নগরীতে ছয়টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সর্বশেষ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনা নগরীর নিরাপত্তা পরিস্থিতির জন্য হুমকিস্বরূপ। এ ধরনের ঘটনার ফলে জনমনে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হচ্ছে।
তারা আরও বলেন, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অগ্নিসন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে প্রশাসনকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে প্রতিমন্ত্রীর বাসভবনের গলির প্রধান ফটকের ভেতরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন