প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
আওয়ামী লীগের ‘অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের’ বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সিলেটে শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হকের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বাদ জুমা সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে সিলেট নগরের ঐতিহাসিক কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরের চৌহাট্টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশে পরিণত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির প্রশ্ন রাখেন, ‘আওয়ামী লীগের কাছে আপনারা কি আশা করেছিলেন? যে আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হওয়ার কারণে এরপরে সুফি সাধু হয়ে যাবে-এরকম কেউ আশা করেছিল? কয়লা ধুইলেও ময়লা যায় না।’
তিনি মন্তব্য করেন, ‘দলটির রাজনৈতিক বিচ্যুতি হয়েছে। আমাদের জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে যে আওয়ামী লীগকে দেখেছি, সে আওয়ামী লীগ ক্রমান্বয়ে রাজনীতি থেকে বিচ্যুত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ এখন রাজনীতির পথ ছেড়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তাদের কর্মকাণ্ডে রাজনৈতিক কর্মসূচির কোনো প্রতিফলন নেই। তাদের একমাত্র চর্চা হচ্ছে সন্ত্রাস। দেশের মানুষ তাদের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ক্ষমতা থেকে বিতাড়িত করেছে। এরপরও তারা বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে।’
বাণিজ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবেলায় রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কোথাও কোনো সন্ত্রাসী বা নাশকতাকারীর সন্ধান পেলে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে জানাতে হবে। যাতে অপরাধীদের আইনের আওতায় এনে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা যায়।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘বাংলাদেশের মানুষ, বিশ্বের মানুষ আজ দেখতে পেল এই আওয়ামী লীগ যে আগুন সন্ত্রাসী।’
তিনি বলেন, ‘হাসিনা বলেনি তারা বাস পুড়িয়েছিল বিগত সময়ে, লগি-বইঠা দিয়ে তারা মানুষ হত্যা করেছে। ক্ষমতায় থাকতে তারা যে মিথ্যাচার করেছিল, বিএনপিকে আগুন সন্ত্রাসী বলেছে। জাতি আজ কি দেখল- তারা ঘুমন্ত মানুষের বাড়িতে আগুন দেয়, তারা গাড়িতে আগুন জ্বালায়, তারা থানা লুট করতে যায়, মানুষ পুড়ায়।’
সরকার সংযম প্রদর্শন করছে জানিয়ে তিনি বলেন, ‘চাইলে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে তাদের মতো অমানবিক আচরণ করতে পারতাম, কিন্তু আমরা সেটা করতে যাইনি। কিন্তু তার মানে এই নয় যে দিনের পর দিন, প্রতিদিন এরকম ঘটনা অব্যাহত থাকবে আর আমরা চোখ-মুখ বন্ধ করে বসে থাকব, এটা হতে পারে না।’
তিনি বলেন, ‘আমার বিশ্বাস রাজপথে বিএনপি থাকলে, বিএনপির নেতাকর্মীরা থাকলে দুই একদিনের মধ্যে দেখবেন হয় তারা পালিয়ে যাবে নয়তো আইনের আওতায় তারা খাচার মধ্যে ধরা পড়বে।’
জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে মন্তব্য করে তিনি বলেন, ‘সন্ত্রাসীরা রাতের অন্ধকারে অগ্নিসংযোগ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালিয়ে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। তাদের এ ধরনের কাপুরুষোচিত কর্মকাণ্ড প্রতিহত করতে হবে।’
সমাবেশে সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘এই দেশে আমরা ফ্যাসিস্টদের রক্তচক্ষু উপেক্ষা করে এই সিলেটকে প্রকম্পিত করেছি, ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি। আজকে দাঁড়িয়ে বলতে চাই, আমরা রাজনৈতিকভাবে এই ফ্যাসিস্টদের যেভাবে বিতাড়িত করেছি, তাদের এই গুপ্ত কর্মকাণ্ড আমরা প্রতিহত করব।’
বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার অঙ্গসহযোগী সংগঠন রাজপথ ছেড়ে যায়নি জানিয়ে তিনি বলেন, ‘আমাদের নেতা তারেক রহমান বলেছেন, এনাফ ইজ এনাফ। আমরা বিশ্বাস করি, যদি এই সমস্ত চোরাগুপ্তা কাহিনী করেন আপনারা দেশবাসী, সিলেটের জনতা তাদের প্রতিহত করবে।’
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী ও সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন