ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বড় পতনের পর ২২ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ১ হাজার ১০৯ টাকায়


বড় পতনের পর ২২ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ১ হাজার ১০৯ টাকায়

দেশের বাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। একদিনের ব্যবধানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য ১০ হাজার ৯২৪ টাকা হ্রাস পেয়ে বর্তমানে ২ লাখ ১ হাজার ১০৯ টাকায় পৌঁছেছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর করেছে। আজও দেশের বাজারে এই নির্ধারিত দামে স্বর্ণের কেনাবেচা অব্যাহত রয়েছে।

বাজুসের প্রকাশিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৭ হাজার ২৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এই হিসাবে ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি স্বর্ণের মূল্য ২ লাখ ১ হাজার ১০৯ টাকায় দাঁড়িয়েছে।

আরও পড়ুন: ‘রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগ দিতে হবে’

নতুন তালিকায় অন্যান্য মানের স্বর্ণের দামও উল্লেখ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯২ হাজার ৩৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬৪ হাজার ৮৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের মূল্য ১ লাখ ৩৪ হাজার ৮৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। ফলে নতুন মূল্য কার্যকর হওয়ার ফলে একদিনের ব্যবধানে প্রতি ভরি স্বর্ণের দাম ১০ হাজার ৯২৪ টাকা কমেছে।

এদিকে, স্বর্ণের পাশাপাশি বাজুস দেশের বাজারে রুপার দামও হ্রাস করেছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে প্রতি গ্রাম রুপার দাম ছিল ২২ ক্যারেটে ২৯০ টাকা, ২১ ক্যারেটে ২৭৫ টাকা, ১৮ ক্যারেটে ২৩৫ টাকা এবং সনাতন পদ্ধতিতে ১৮০ টাকা।

আরও পড়ুন: এসএমই মেলায় বিদেশী পণ্য প্রদর্শন করতে দেয়া হবে না: বাণিজ্যমন্ত্রী

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সদরপুরের বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট, খেলার মাঠে পুকুরে শিক্ষার্থীরা দুর্ভোগে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২০ পি.এম


সদরপুরের বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট, খেলার মাঠে পুকুরে শিক্ষার্থীরা দুর্ভোগে

ফরিদপুরের সদরপুর উপজেলার ৯২ নম্বর শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের সংকট, ঝুঁকিপূর্ণ ভবন এবং খেলার মাঠের অভাবের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিশুদের স্বাভাবিক বিকাশে সমস্যা দেখা দিচ্ছে। বিদ্যালয়ে ১১৩ শিক্ষার্থীর জন্য মাত্র দুটি শ্রেণিকক্ষ রয়েছে, ফলে শিক্ষকরা পরিত্যক্ত ভবন সংস্কার করে পাঠদান চালিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

শ্যামপুর গ্রামে অবস্থিত বিদ্যালয়টি ১৯৮৮ সালে ৫০ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত হয়। প্রায় চার দশক পেরিয়ে গেলেও বিদ্যালয়ের অবকাঠামোগত সংকট কাটেনি। বর্তমানে বিদ্যালয়ে দুটি শ্রেণিকক্ষবিশিষ্ট একটি ভবন রয়েছে। শিক্ষার্থীর তুলনায় শ্রেণিকক্ষের সংখ্যা কম হওয়ায় পুরোনো ভবনের দুটি কক্ষ শিক্ষকরা নিজেদের উদ্যোগ ও অর্থায়নে সংস্কার করে ব্যবহার করছেন।

তবে, ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষিত ভবনের কক্ষগুলোতে শিশুদের পাঠদান নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ রয়েছে। শ্রেণিকক্ষে পর্যাপ্ত জায়গার অভাবে শিক্ষার্থীদের বসা এবং পাঠ গ্রহণে সমস্যা হচ্ছে। সীমিত অবকাঠামোর মধ্যে একাধিক শ্রেণির পাঠদান পরিচালনা করতে গিয়ে শিক্ষকরা হিমশিম খাচ্ছেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুবর্ণা আক্তার মন্তব্য করেন, "শ্রেণিকক্ষের অভাবে স্বাভাবিকভাবে পাঠদান পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। শিক্ষার্থীদের জায়গা দিতে পুরোনো ভবনের কক্ষ সংস্কার করে ব্যবহার করতে হচ্ছে। দ্রুত অবকাঠামোগত সমস্যার সমাধান প্রয়োজন।"

অন্যদিকে, সহকারী শিক্ষক জেসমিন আক্তার বলেন, "শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ। কিন্তু বিদ্যালয়ে খেলার মাঠ নেই। মাঠের জায়গায় পুকুর থাকায় শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। পুকুরের কারণে শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে।"

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, "১১৩ শিক্ষার্থীর জন্য বর্তমান অবকাঠামো পর্যাপ্ত নয়। বাধ্য হয়ে পরিত্যক্ত ভবনের কক্ষ সংস্কার করে পাঠদান চালাতে হচ্ছে। নতুন শ্রেণিকক্ষ ও প্রয়োজনীয় অবকাঠামো তৈরি হলে শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ কমবে।"

সদরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান বলেন, "বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে আশা করছি।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিস্তায় সেতু নির্মাণের দাবিতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২০ পি.এম


তিস্তায় সেতু নির্মাণের দাবিতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

রংপুর, ২১ নভেম্বর, ২০২৬ : জেলার পীরগাছায় পানি শুন্য তিস্তা নদীর চরে সেতু নির্মাণের দাবিতে একটি ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে দুইদিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ছাওলা ইউনিয়নের তিস্তা নদীর পানিয়ালের ঘাট সংলগ্ন চরে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

শনিবারও ঘোড়দৌড় প্রতিযোগিতা চলবে। এই ঘোড়াদৌড় প্রতিযোগিতা দেখতে হাজারো উৎসুক জনতা ভিড় জমায়।

এলাকাবাসীর দাবি, রংপুরের পীরগাছা, কুড়িগ্রামের উলিপুর ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কয়েক লক্ষ মানুষ এই ঘাট দিয়ে চলাচল করে। সেতু না থাকায় তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তিন জেলার সংযোগ স্থাপনকারী একটি সেতু নির্মাণ হলে কয়েক লক্ষ মানুষের ভাগ্যের চাকা খুলে যাবে এবং এখানকার অর্থনীতি সমৃদ্ধ হবে।

দীর্ঘদিন ধরে স্থানীয়রা এই সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন। সরকার যায়, সরকার আসে, কিন্তু এখানে সেতু নির্মাণ না হওয়ায় জনগণ হতাশ। তাই সেতু নির্মাণের দাবিতে এই ব্যতিক্রমী ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে প্রায় ৪০টি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতায় সবাইকে পেছনে ফেলে বিজয়ী হয় মাত্র ৬ বছর বয়সী পঞ্চগড়ের সাব্বির। ঘোড়দৌড় দেখতে নদীর দুই পাড়সহ আশপাশের এলাকা থেকে কয়েক হাজার দর্শকের সমাগম ঘটে। এ সময় দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত।

জানা গেছে, রংপুরের পীরগাছা, কুড়িগ্রামের উলিপুর ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ যোগাযোগস্থলে তিস্তা নদী অবস্থিত। তিন জেলার মানুষ দীর্ঘদিন ধরে পীরগাছার পানিয়ালের ঘাট থেকে উলিপুরের থেতরাই দিয়ে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন। কিন্তু সেতু না থাকায় তিন জেলার বিস্তীর্ণ এলাকার মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ফলে বর্ষা মৌসুমে নৌকা এবং শুষ্ক মৌসুমে ঘোড়ার গাড়িই এই এলাকার মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের অন্যতম ভরসা। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থীদের। পাশাপাশি কেউ অসুস্থ হলে দ্রুত হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে নেয়াও কঠিন হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা নাহিদ ইসলাম ও সাইফুল ইসলাম বলেন, পানিয়ালঘাটে একটি সেতু নির্মিত হলে রংপুরের পীরগাছা ও কুড়িগ্রামের উলিপুরসহ আশপাশের এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। একইসঙ্গে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

আয়োজক কমিটির প্রধান শাকিল সরকার বলেন, কয়েক দফায় সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিদর্শন করলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি।

পীরগাছা উপজেলার ইউএনও জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, এই সেতুটি নির্মাণের জন্য কারিগরি পর্যবেক্ষণ চলছে। মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে কয়েকবার উচ্চপর্যায়ের একটি টিম এসে দেখেও গেছে। সম্ভব্যতা যাচাই শেষ হলেই সেতুটি নির্মাণ করা সম্ভব হবে বলে জানান তিনি। তবে এটি সময় সাপেক্ষ ব্যাপার।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউইয়র্কে নতুন রেস্তোরাঁ ‘ওবেরন’, জাদুঘরে জমছে খাবারের আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২১ পি.এম


নিউইয়র্কে নতুন রেস্তোরাঁ ‘ওবেরন’, জাদুঘরে জমছে খাবারের আয়োজন

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : নিউইয়র্কের একটি নতুন জনপ্রিয় রেস্তোরাঁয় দুপুরের খাবার খেতে অনেকেই ভিড় জমিয়েছিলেন। তাদের প্লেটে ছিল রঙিন সালাদ, গ্রিল করা চিংড়ি এবং বিভিন্ন পাস্তা। তবে, রেস্তোরাঁটির বিশেষত্ব খাবারের চেয়ে এর অবস্থান। এটি একটি শিল্প জাদুঘরের ভেতরে অবস্থিত।

নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর প্রচলিত ক্যাফেটেরিয়ার খাবারের ধারণা থেকে বেরিয়ে এসে নিউইয়র্কে বেশ কিছু আধুনিক ও উচ্চাভিলাষী রেস্তোরাঁ জাদুঘরগুলোকে খাবারের আকর্ষণীয় গন্তব্যে পরিণত করছে।

এ ধরনের নতুন উদ্যোগের মধ্যে রয়েছে নিউ মিউজিয়াম অব কনটেম্পরারি আর্টে চালু হওয়া ‘ওবেরন’। ম্যানহাটনের এই ভবনটি সালভাদর দালি ও মার্সেল দুশাঁর মতো শিল্পীদের শিল্পকর্ম প্রদর্শনের জন্য পরিচিত। এবার সেখানে যুক্ত হয়েছে মানসম্মত খাবারের আয়োজন।

জাদুঘরের পরিচালক ম্যাসিমিলিয়ানো জিওনি স্বীকার করেন, নামকরা রেস্তোরাঁয় ভরা এ শহরে প্রতিযোগিতা বেশ তীব্র।

এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের সাফল্য নির্ভর করবে বৃহত্তর বাজারে আমরা কতটা জায়গা করে নিতে পারি, তার ওপর। এ থেকেই আমাদের উচ্চাকাঙ্ক্ষার ধারণা পাওয়া যায়। যদিও তা পুরোপুরি অবাস্তবও হতে পারে।’

৯০ আসনবিশিষ্ট ডিম্বাকৃতির খাবারকক্ষের পাশের একটি আসনে বসে কথা বলেন জিওনি। তার মতে, কক্ষটি দেখতে অনেকটা মহাকাশযানের মতো। শৈল্পিক নকশায় অত্যন্ত যত্ন নিয়ে সাজানো হয়েছে এটি। এর জানালাগুলোও বিশেষভাবে তৈরি, যাতে জাদুঘরের ভেতর থেকে রেস্তোরাঁটি দেখা না যায়।

এ রেস্তোরাঁয় খেতে জাদুঘরের প্রবেশ টিকিট কেনার প্রয়োজন নেই। রাতের খাবারের জন্য রেস্তোরাঁয় প্রবেশের আলাদা পথও রয়েছে। গ্রাফিতিতে ঢাকা একটি সরু গলি দিয়ে স্পিকইজির আদলে তৈরি প্রবেশপথটি ব্যবহার করতে হয়।

জিওনি আশা করেন, ‘একসময় মানুষ জাদুঘরটির কথা না জেনেই শুধু রেস্তোরাঁয় খেতে আসবে।’

বিলাসবহুল সাময়িকী ‘কনডে নাস্ট ট্রাভেলার’ ওবেরনকে ‘ম্যানহাটনে সবচেয়ে আকর্ষণীয় নতুন রেস্তোরাঁ’ হিসেবে উল্লেখ করেছে। নিউইয়র্কের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোতে উচ্চমানের রেস্তোরাঁ চালুর যে প্রবণতা দেখা যাচ্ছে, ওবেরন তারই অংশ।

গত বছর ফ্রিক কালেকশন তাদের ওয়েস্টমোরল্যান্ড ক্যাফে চালু করে। নিলাম প্রতিষ্ঠান সোথেবি’স গত এপ্রিলে ফরাসি রেস্তোরাঁ ‘মার্সেল’ চালু করেছে। এ ছাড়া কুইন্সে মিউজিয়াম অব মডার্ন আর্টের (মোমা) পিএস১ শাখায় ২০২৭ সালের শুরুর দিকে ফরাসি-আফ্রিকান ক্যাফে ‘সিমোন’ চালুর পরিকল্পনা রয়েছে।

আমেরিকান অ্যালায়েন্স অব মিউজিয়ামসের এলিজাবেথ মেরিট বলেন, এসব প্রতিষ্ঠানের অনেকগুলোই এমন খ্যাতিমান শেফদের ওপর নির্ভর করছে, যারা নিজেরাই দর্শনার্থীদের আকর্ষণ করতে সক্ষম। তাদের মাধ্যমে জাদুঘরে নতুন দর্শকও আসতে পারেন।

‘স্রেফ কল্পনাপ্রসূত আশা’-

জাদুঘরে খাবারের আয়োজনের ক্ষেত্রে সবচেয়ে সফল উদাহরণ হলো ম্যানহাটনের মোমায় অবস্থিত ‘দ্য মডার্ন’। ২০০৫ সালে চালুর পর থেকে রেস্তোরাঁটি দুটি মিশেলিন তারকা অর্জন করেছে।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হিউস্টনের আতিথেয়তা ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ক্রিস্টোফার টেইলর বলেন, জাদুঘরের রেস্তোরাঁর খাবার মানসম্মত নয়—এমন নেতিবাচক ধারণা বদলে দিয়েছে দ্য মডার্ন।

তিনি বলেন, ‘অনেকের ধারণা, জাদুঘর বা হোটেলের রেস্তোরাঁয় খাবারের মান ও পরিবেশ অন্য অভিজাত রেস্তোরাঁর মতো হয় না।’

টেইলর আরও বলেন, ‘শুধু একটি স্যান্ডউইচ আর সান পেলেগ্রিনোর পানির বোতলের জন্য মানুষ সেখানে বেশিক্ষণ থাকবে না। জাদুঘরের যে ভাবমূর্তি, খাবারের আয়োজনও তার সঙ্গে মানানসই হওয়া উচিত।’

কোভিড মহামারির পর দর্শনার্থীর সংখ্যা কমে যাওয়া এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে কেন্দ্রীয় তহবিলে কাটছাঁটের কারণে যুক্তরাষ্ট্রের অনেক সাংস্কৃতিক প্রতিষ্ঠান এখনো আর্থিক চাপের মধ্যে রয়েছে।

তবে টেইলরের মতে, জাদুঘরে রেস্তোরাঁ চালু করা বরং শক্তিশালী আর্থিক অবস্থারই ইঙ্গিত দেয়। কারণ, এসব প্রতিষ্ঠানের খাবার ব্যবসা অনেক সময় লোকসানে পরিচালিত হয়। এর উদ্দেশ্য প্রতিষ্ঠানের সুনাম বাড়ানো এবং দাতাদের আকৃষ্ট করা।

তিনি বলেন, ‘বেশিরভাগ উন্নতমানের ও অভিজাত রেস্তোরাঁ এমন জাদুঘরগুলোতে চালু হচ্ছে, যেগুলো সম্প্রতি বড় ধরনের অবকাঠামোগত উন্নয়ন করেছে এবং বিপুল পরিমাণ তহবিল ও অনুদান পেয়েছে। এসব অর্থ তাদের রেস্তোরাঁ পরিচালনায় সহায়তা করছে।’

নিউ মিউজিয়ামের ৪৯ বছরের ইতিহাসে প্রথম রেস্তোরাঁ ওবেরন। ৮ কোটি ২০ লাখ ডলারের সম্প্রসারণ প্রকল্পের অংশ হিসেবে এটি চালু হয়েছে। তবে রেস্তোরাঁটি কতটা লাভজনক হবে, তা এখনই বলা যাচ্ছে না।

জিওনি বলেন, ‘আমরা এমন একটি ধারণার ওপর বাজি ধরেছি, যা নিশ্চিত নয়। সেটি হলো, রেস্তোরাঁটি আমাদের আয় বাড়াতে ভূমিকা রাখবে। এটি হয়তো স্রেফ কল্পনাপ্রসূত আশা। তবে এখন পর্যন্ত সবকিছু ভালোই চলছে।’

রেস্তোরাঁটির বার নিয়েও তার প্রত্যাশা রয়েছে। এ প্রসঙ্গে তিনি শিল্পী ও পানশালার দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করেন।

হেসে জিওনি বলেন, ‘আমি কাউকে খারাপ পথে প্ররোচিত করতে চাই না। তবে বিংশ শতাব্দীতে পানশালার ইতিহাস ছাড়া শিল্পকলার ইতিহাসও অসম্পূর্ণ।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপ্রতিম হত্যা মামলার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার দুই আদালতে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২১ পি.এম


অপ্রতিম হত্যা মামলার চার্জ শুনানি ২৯ নভেম্বর, বিচার দুই আদালতে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যার মামলার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর শুরু হতে যাচ্ছে। ওই দিন মামলার চার আসামির বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। তবে, প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক আসামিদের বিচার হবে দুই ভিন্ন আদালতে।

শনিবার (২১ নভেম্বর) অপ্রতিম হত্যা মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এবং কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মো. কাইমুল হক রিংকু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলার চার্জশিট ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে। আসামিরা বর্তমানে জেলে রয়েছে। আগামী ২৯ নভেম্বর চার্জ গঠনের মাধ্যমে অপ্রতিম হত্যা মামলার বিচারিক কার্যক্রম শুরু হবে। অপ্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে জুভেনাইল কোর্টে এবং প্রাপ্তবয়স্ক দুই আসামির বিচার হবে কুমিল্লার সেশন কোর্টে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও বলেন, ‘আসামিপক্ষ মানবাধিকার সংগঠন থেকে আইনজীবী নিযুক্ত করার চেষ্টা করছে। আমরা আমাদের মতো কাজ করে যাব।’

অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার জানিয়েছেন, কুমিল্লা জেলা আদালতে ২৯ নভেম্বর মামলার চার্জ গঠন হবে। প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্কদের আলাদা আলাদা কোর্টে বিচার হবে।

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর অপ্রতিম নিখোঁজ হয়ে যায়। পরদিন শনিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের সানন্দা গ্রামের লালমাই পাহাড়ের নির্জন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। অপ্রতিম কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%