ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কুমিল্লায় বিশেষ অভিযানে ৬৪ নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ২৮৮ জন আটক


কুমিল্লায় বিশেষ অভিযানে ৬৪ নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ২৮৮ জন আটক

কুমিল্লায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এবং অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযানে ২৮৮ জনকে আটক করা হয়েছে, এর মধ্যে ৬৪ জন নিষিদ্ধ সংগঠনের সদস্য। গত ১৯ ও ২০ নভেম্বর জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান এ তথ্য প্রকাশ করেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জননিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে এবং অপরাধ নিয়ন্ত্রণে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। আটক ২৮৮ জনের মধ্যে ২০৭ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আর বাকি ৮১ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় মুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন, প্রধান অতিথি মেজর জেনারেল হায়দার

অভিযান চলাকালে জেলার অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি জোরদার করা হয়। পাশাপাশি, অপরাধীদের শনাক্তকরণ এবং জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, মাদক, ছিনতাই, কিশোর গ্যাং, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ তৎপর রয়েছে।

তিনি আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে কুমিল্লা জেলা পুলিশের এ ধরনের অভিযান চলতে থাকবে।

আরও পড়ুন: গোদাগাড়ীতে বিদেশি পিস্তলসহ দম্পতি আটক, তদন্ত শুরু

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপপুরের অন-সাইট জরুরি প্রস্তুতিতে ঘাটতি পায়নি আইএইএ, জাতীয় সমন্বয় জোরদারের সুপারিশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


রূপপুরের অন-সাইট জরুরি প্রস্তুতিতে ঘাটতি পায়নি আইএইএ, জাতীয় সমন্বয় জোরদারের সুপারিশ

বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি ও অবকাঠামো আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) ১০ দিনব্যাপী Emergency Preparedness Review (EPREV) মিশনে কেন্দ্রটির নিজস্ব জরুরি সাড়াদান ব্যবস্থা, বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র এবং আধুনিক অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অবকাঠামোকে শক্তিশালী দিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রকল্পসংশ্লিষ্টরা জানিয়েছেন, আইএইএর প্রকাশিত মূল্যায়নে রূপপুরের অন-সাইট জরুরি ব্যবস্থাপনায় কোনো নির্দিষ্ট ঘাটতি বা সংশোধনমূলক পদক্ষেপের সুপারিশ উল্লেখ করা হয়নি।

গত ৮ থেকে ১৮ নভেম্বর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) তত্ত্বাবধানে এ পর্যালোচনা অনুষ্ঠিত হয়। ১৮ নভেম্বর প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে আইএইএ দেশের জরুরি প্রস্তুতির ইতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি জাতীয় পর্যায়ে সমন্বয় আরও জোরদারের সুপারিশ করে।

আইএইএর বিশেষজ্ঞ দল বাংলাদেশের জরুরি প্রস্তুতি ও সাড়াদান কাঠামোর দুটি উল্লেখযোগ্য শক্তিশালী দিক চিহ্নিত করেছে। প্রথমত, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের অভিজ্ঞতা ভিত্তিক সুপ্রতিষ্ঠিত ব্যবস্থা, যা পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় সমন্বিত কার্যক্রমের ভিত্তি হিসেবে কাজ করতে পারে।

দ্বিতীয়ত, রূপপুরের নিজস্ব জরুরি সাড়াদান সক্ষমতা। এ ক্ষেত্রে কেন্দ্রের চিকিৎসাসেবা ও মনস্তাত্ত্বিক সহায়তাসম্পন্ন চিকিৎসাকেন্দ্র এবং অগ্নিনির্বাপণ কর্মীদের বাস্তব পরিস্থিতিতে প্রশিক্ষণের জন্য নির্মিত আধুনিক ফায়ার স্টেশন সিমুলেটরকে ইতিবাচক ভাবে মূল্যায়ন করেছে বিশেষজ্ঞ দল। এসব অবকাঠামো জরুরি প্রস্তুতি, প্রশিক্ষণ ও নিয়মিত পুনঃপ্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান শনিবার (২১ নভেম্বর) বলেন, আইএইএর মূল্যায়ন বুঝতে অন-সাইট ও অফ-সাইট জরুরি ব্যবস্থাপনার পার্থক্য বিবেচনা করা জরুরি। অন-সাইট ব্যবস্থাপনা কেন্দ্রের নিজস্ব জরুরি সাড়াদান, দুর্ঘটনা মোকাবিলা, অগ্নিনির্বাপণ, চিকিৎসাসেবা ও কর্মীদের সুরক্ষার সঙ্গে সম্পৃক্ত। অন্যদিকে অফ-সাইট ব্যবস্থাপনা জাতীয় ও স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, উদ্ধারকারী সংস্থা এবং অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সমন্বিত কার্যক্রমের ওপর নির্ভরশীল।

তিনি জানান, আইএইএর সুপারিশের মূল লক্ষ্য জাতীয় জরুরি প্রস্তুতি ও সাড়াদান কাঠামোকে আরও সমন্বিত করা। বিশেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়, দায়িত্ব বণ্টন এবং সমন্বিত কমান্ড ও নিয়ন্ত্রণব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ড. জাহেদুল হাসান বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি শুধু একটি প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল নয়; কেন্দ্রের নিজস্ব প্রস্তুতির পাশাপাশি জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বিত সক্ষমতাও গুরুত্বপূর্ণ। রূপপুরের জরুরি সাড়াদান ব্যবস্থা, বিশেষায়িত চিকিৎসাসেবা ও অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ অবকাঠামো আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের মূল্যায়নে শক্তিশালী দিক হিসেবে চিহ্নিত হওয়া তাৎপর্যপূর্ণ। জাতীয় পর্যায়ে সমন্বয় জোরদারের সুপারিশকে কেন্দ্রের নিজস্ব ব্যবস্থাপনার দুর্বলতা হিসেবে ব্যাখ্যা করা ঠিক হবে না।

তিনি আরও বলেন, পারমাণবিক নিরাপত্তা একটি ধারাবাহিক প্রক্রিয়া। এনপিসিবিএল নিয়মিত প্রশিক্ষণ, জরুরি প্রস্তুতি যাচাই ও আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণের মাধ্যমে রূপপুরের সক্ষমতা আরও উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

পরমাণু বিশেষজ্ঞদের মতে সুপারিশ মানেই বিদ্যমান ব্যবস্থায় ঘাটতি নয়। আন্তর্জাতিক নিরাপত্তা চর্চায় নিয়মিত পর্যালোচনা, প্রশিক্ষণ ও মহড়ার মাধ্যমে সক্ষমতা উন্নত করা স্বাভাবিক প্রক্রিয়া। কোনো ব্যবস্থা আরও শক্তিশালী করার সুপারিশ মানেই সেটি অনুপস্থিত বা অকার্যকর-এমন নয়।

আইএইএর মূল্যায়নে জাতীয় পর্যায়ে জরুরি প্রস্তুতি জোরদারের পাশাপাশি পূর্ণাঙ্গ জরুরি মহড়া ও মূল্যায়ন কর্মসূচির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর উদ্দেশ্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রস্তুতি যাচাই এবং সমন্বিত সাড়াদান কার্যক্রম অনুশীলন করা। প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব সুপারিশকে রূপপুরের অন-সাইট ব্যবস্থাপনার নির্দিষ্ট ব্যর্থতা হিসেবে উল্লেখ করা হয়নি।

পর্যালোচনা দলের প্রধান মার্ক ব্রেইটিঙ্গার বলেন, বাংলাদেশ আইএইএর নিরাপত্তা মানদণ্ড অনুসারে পারমাণবিক ও তেজস্ক্রিয়তাজনিত জরুরি প্রস্তুতি ও সাড়াদান ব্যবস্থা শক্তিশালী করতে দৃঢ় অঙ্গীকার দেখিয়েছে। রূপপুরের কমিশনিং প্রস্তুতির অংশ হিসেবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর উন্মুক্ত ও গঠনমূলক মনোভাবও তিনি ইতিবাচক ভাবে উল্লেখ করেন।

বায়েরা চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, রূপপুরের কার্যক্রম শুরুর প্রাক্কালে সর্বোচ্চ পারমাণবিক ও বিকিরণ নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের প্রধান অগ্রাধিকার। আইএইএর মিশন দেশের প্রস্তুতি মূল্যায়ন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের সুযোগ তৈরি করেছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানান, আইএইএর সুপারিশ বাস্তবায়নে মন্ত্রণালয়, জরুরি সেবাদানকারী সংস্থা ও স্থানীয় প্রশাসনের দায়িত্ব নির্ধারণ করে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে।

রূপপুরের কমিশনিং ও বাণিজ্যিক উৎপাদনের প্রস্তুতির গুরুত্বপূর্ণ সময়ে আইএইএর EPREV মিশন বাংলাদেশের জন্য তাৎপর্যপূর্ণ আন্তর্জাতিক মূল্যায়ন। এতে কেন্দ্রের নিজস্ব জরুরি সাড়াদান, চিকিৎসাসেবা ও অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ সক্ষমতার ইতিবাচক দিক উঠে এসেছে। পাশাপাশি জাতীয় পর্যায়ে সমন্বয় আরও শক্তিশালী করার দিকনির্দেশনা পাওয়া গেছে।

আইএইএর সুপারিশকে রূপপুরের নিরাপত্তাব্যবস্থার ব্যর্থতা হিসেবে না দেখে বিদ্যমান সক্ষমতার ভিত্তিতে জাতীয় সমন্বয় আরও সুসংহত করার সুযোগ হিসেবে বিবেচনা করাই যুক্তিযুক্ত।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বড় পতনের পর ২২ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ১ হাজার ১০৯ টাকায়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১৯ পি.এম


বড় পতনের পর ২২ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হচ্ছে ২ লাখ ১ হাজার ১০৯ টাকায়

দেশের বাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। একদিনের ব্যবধানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য ১০ হাজার ৯২৪ টাকা হ্রাস পেয়ে বর্তমানে ২ লাখ ১ হাজার ১০৯ টাকায় পৌঁছেছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর করেছে। আজও দেশের বাজারে এই নির্ধারিত দামে স্বর্ণের কেনাবেচা অব্যাহত রয়েছে।

বাজুসের প্রকাশিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ১৭ হাজার ২৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এই হিসাবে ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি স্বর্ণের মূল্য ২ লাখ ১ হাজার ১০৯ টাকায় দাঁড়িয়েছে।

নতুন তালিকায় অন্যান্য মানের স্বর্ণের দামও উল্লেখ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯২ হাজার ৩৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৬৪ হাজার ৮৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের মূল্য ১ লাখ ৩৪ হাজার ৮৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ১২ হাজার ১১০ টাকা। ফলে নতুন মূল্য কার্যকর হওয়ার ফলে একদিনের ব্যবধানে প্রতি ভরি স্বর্ণের দাম ১০ হাজার ৯২৪ টাকা কমেছে।

এদিকে, স্বর্ণের পাশাপাশি বাজুস দেশের বাজারে রুপার দামও হ্রাস করেছে। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে প্রতি গ্রাম রুপার দাম ছিল ২২ ক্যারেটে ২৯০ টাকা, ২১ ক্যারেটে ২৭৫ টাকা, ১৮ ক্যারেটে ২৩৫ টাকা এবং সনাতন পদ্ধতিতে ১৮০ টাকা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সদরপুরের বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট, খেলার মাঠে পুকুরে শিক্ষার্থীরা দুর্ভোগে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২০ পি.এম


সদরপুরের বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট, খেলার মাঠে পুকুরে শিক্ষার্থীরা দুর্ভোগে

ফরিদপুরের সদরপুর উপজেলার ৯২ নম্বর শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষের সংকট, ঝুঁকিপূর্ণ ভবন এবং খেলার মাঠের অভাবের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিশুদের স্বাভাবিক বিকাশে সমস্যা দেখা দিচ্ছে। বিদ্যালয়ে ১১৩ শিক্ষার্থীর জন্য মাত্র দুটি শ্রেণিকক্ষ রয়েছে, ফলে শিক্ষকরা পরিত্যক্ত ভবন সংস্কার করে পাঠদান চালিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

শ্যামপুর গ্রামে অবস্থিত বিদ্যালয়টি ১৯৮৮ সালে ৫০ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত হয়। প্রায় চার দশক পেরিয়ে গেলেও বিদ্যালয়ের অবকাঠামোগত সংকট কাটেনি। বর্তমানে বিদ্যালয়ে দুটি শ্রেণিকক্ষবিশিষ্ট একটি ভবন রয়েছে। শিক্ষার্থীর তুলনায় শ্রেণিকক্ষের সংখ্যা কম হওয়ায় পুরোনো ভবনের দুটি কক্ষ শিক্ষকরা নিজেদের উদ্যোগ ও অর্থায়নে সংস্কার করে ব্যবহার করছেন।

তবে, ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষিত ভবনের কক্ষগুলোতে শিশুদের পাঠদান নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ রয়েছে। শ্রেণিকক্ষে পর্যাপ্ত জায়গার অভাবে শিক্ষার্থীদের বসা এবং পাঠ গ্রহণে সমস্যা হচ্ছে। সীমিত অবকাঠামোর মধ্যে একাধিক শ্রেণির পাঠদান পরিচালনা করতে গিয়ে শিক্ষকরা হিমশিম খাচ্ছেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুবর্ণা আক্তার মন্তব্য করেন, "শ্রেণিকক্ষের অভাবে স্বাভাবিকভাবে পাঠদান পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। শিক্ষার্থীদের জায়গা দিতে পুরোনো ভবনের কক্ষ সংস্কার করে ব্যবহার করতে হচ্ছে। দ্রুত অবকাঠামোগত সমস্যার সমাধান প্রয়োজন।"

অন্যদিকে, সহকারী শিক্ষক জেসমিন আক্তার বলেন, "শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ। কিন্তু বিদ্যালয়ে খেলার মাঠ নেই। মাঠের জায়গায় পুকুর থাকায় শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। পুকুরের কারণে শিশুদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে।"

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, "১১৩ শিক্ষার্থীর জন্য বর্তমান অবকাঠামো পর্যাপ্ত নয়। বাধ্য হয়ে পরিত্যক্ত ভবনের কক্ষ সংস্কার করে পাঠদান চালাতে হচ্ছে। নতুন শ্রেণিকক্ষ ও প্রয়োজনীয় অবকাঠামো তৈরি হলে শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ কমবে।"

সদরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান বলেন, "বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে আশা করছি।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিস্তায় সেতু নির্মাণের দাবিতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:২০ পি.এম


তিস্তায় সেতু নির্মাণের দাবিতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

রংপুর, ২১ নভেম্বর, ২০২৬ : জেলার পীরগাছায় পানি শুন্য তিস্তা নদীর চরে সেতু নির্মাণের দাবিতে একটি ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে দুইদিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ছাওলা ইউনিয়নের তিস্তা নদীর পানিয়ালের ঘাট সংলগ্ন চরে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

শনিবারও ঘোড়দৌড় প্রতিযোগিতা চলবে। এই ঘোড়াদৌড় প্রতিযোগিতা দেখতে হাজারো উৎসুক জনতা ভিড় জমায়।

এলাকাবাসীর দাবি, রংপুরের পীরগাছা, কুড়িগ্রামের উলিপুর ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কয়েক লক্ষ মানুষ এই ঘাট দিয়ে চলাচল করে। সেতু না থাকায় তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তিন জেলার সংযোগ স্থাপনকারী একটি সেতু নির্মাণ হলে কয়েক লক্ষ মানুষের ভাগ্যের চাকা খুলে যাবে এবং এখানকার অর্থনীতি সমৃদ্ধ হবে।

দীর্ঘদিন ধরে স্থানীয়রা এই সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন। সরকার যায়, সরকার আসে, কিন্তু এখানে সেতু নির্মাণ না হওয়ায় জনগণ হতাশ। তাই সেতু নির্মাণের দাবিতে এই ব্যতিক্রমী ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে প্রায় ৪০টি ঘোড়া অংশ নেয়। প্রতিযোগিতায় সবাইকে পেছনে ফেলে বিজয়ী হয় মাত্র ৬ বছর বয়সী পঞ্চগড়ের সাব্বির। ঘোড়দৌড় দেখতে নদীর দুই পাড়সহ আশপাশের এলাকা থেকে কয়েক হাজার দর্শকের সমাগম ঘটে। এ সময় দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত।

জানা গেছে, রংপুরের পীরগাছা, কুড়িগ্রামের উলিপুর ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ যোগাযোগস্থলে তিস্তা নদী অবস্থিত। তিন জেলার মানুষ দীর্ঘদিন ধরে পীরগাছার পানিয়ালের ঘাট থেকে উলিপুরের থেতরাই দিয়ে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন। কিন্তু সেতু না থাকায় তিন জেলার বিস্তীর্ণ এলাকার মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ফলে বর্ষা মৌসুমে নৌকা এবং শুষ্ক মৌসুমে ঘোড়ার গাড়িই এই এলাকার মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের অন্যতম ভরসা। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় শিক্ষার্থীদের। পাশাপাশি কেউ অসুস্থ হলে দ্রুত হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে নেয়াও কঠিন হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা নাহিদ ইসলাম ও সাইফুল ইসলাম বলেন, পানিয়ালঘাটে একটি সেতু নির্মিত হলে রংপুরের পীরগাছা ও কুড়িগ্রামের উলিপুরসহ আশপাশের এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। একইসঙ্গে শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

আয়োজক কমিটির প্রধান শাকিল সরকার বলেন, কয়েক দফায় সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিদর্শন করলেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি।

পীরগাছা উপজেলার ইউএনও জায়িদ ইমরুল মোজাক্কিন বলেন, এই সেতুটি নির্মাণের জন্য কারিগরি পর্যবেক্ষণ চলছে। মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে কয়েকবার উচ্চপর্যায়ের একটি টিম এসে দেখেও গেছে। সম্ভব্যতা যাচাই শেষ হলেই সেতুটি নির্মাণ করা সম্ভব হবে বলে জানান তিনি। তবে এটি সময় সাপেক্ষ ব্যাপার।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%