ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ভারতের মণিপুরে ভেজাল মদ গিলে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮০


ভারতের মণিপুরে ভেজাল মদ গিলে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮০

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে বিষাক্ত বা ভেজাল মদপান করার ফলে গত ২ দিনে ১৫ জনের মৃত্যু ঘটেছে। এই মদপানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৮০ জন। ঘটনাটি ঘটেছে মণিপুরের চান্দেল জেলায়।

শনিবার (২১ নভেম্বর) ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

চান্দেল জেলা পুলিশ সুপারের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ১৮ নভেম্বর থেকে ২০ নভেম্বরের মধ্যে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে। এর মধ্যে কেউ বাড়িতে, কেউ হাসপাতালে নেওয়ার পথে এবং বাকিরা হাসপাতালে মারা গেছেন।

আরও পড়ুন: মুসলিম জনসংখ্যা বাড়ছে, তাই প্রতিটি হিন্দু বাড়িতে বন্দুক রাখার আহ্বান বিজেপি বিধায়কের

এদিকে, এই ঘটনার প্রেক্ষিতে জেলা প্রশাসন জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা জারি করেছে এবং প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে দেওয়া এক নির্দেশনায় চান্দেলের বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থানীয়ভাবে তৈরি মদ বা সন্দেহজনক উৎস থেকে আসা যেকোনো অ্যালকোহলযুক্ত পানীয়—বিশেষ করে ক্ষতিগ্রস্ত এলাকায় পাওয়া সন্দেহজনক উৎস থেকে সংগৃহীত পানীয়—পান করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

অ্যালকোহল পানের পর যদি কারো বমি, পেটে ব্যথা, মাথাব্যথা, মাথা ঘোরা, দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়, তাহলে তাদের অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচান্দ সিং এই ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চালানোর নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে রাজধানী ইম্ফল থেকে চান্ডেল জেলায় প্রয়োজনীয় ওষুধসহ জেনারেল মেডিসিন বিশেষজ্ঞদের একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে বলেও এক বিবৃতিতে উল্লেখ করেছেন তিনি।

আরও পড়ুন: পোল্যান্ডের মাটিতে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন: ন্যাটোর প্রতিক্রিয়া কি হবে?

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরিয়ড না হলেও ওষুধ খান, জানেন কী ক্ষতি হতে পারে?

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৬ পি.এম


পিরিয়ড না হলেও ওষুধ খান, জানেন কী ক্ষতি হতে পারে?

নারীদের মধ্যে অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা একটি সাধারণ বিষয়। কিছু নারীর পিরিয়ড নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে হয়ে থাকে, আবার কিছু নারীর ক্ষেত্রে মাসে দুইবার ঋতুস্রাব ঘটে। কিছু ক্ষেত্রে পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তপাত ঘটে, আবার অন্যদিকে কিছু নারীর ক্ষেত্রে রক্তপাতের পরিমাণ খুবই কম হয়ে থাকে।

অনেকেই চিকিৎসকের পরামর্শে এই সমস্যা নিয়ন্ত্রণে হরমোনের ওষুধ গ্রহণ করেন। অন্যদিকে, কেউ কেউ পরিচিতদের পরামর্শে অথবা নিজেদের ইচ্ছায় ওষুধ খেতে শুরু করেন। তবে, জানেন কি, নিয়মিতভাবে দীর্ঘ সময় ধরে হরমোনের ওষুধ খেলে শরীরে একাধিক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে?

হরমোনের ওষুধ খেলে যে ক্ষতি

ওজন বেড়ে যাওয়া

হরমোনের ওষুধ গ্রহণের ফলে কিছু নারীর শরীরে পানি জমতে পারে, যা তাদের ওজন বৃদ্ধি মনে হতে পারে। কিছু ক্ষেত্রে খিদে বা বিপাকক্রিয়াতেও পরিবর্তন আসতে পারে।

মুড সুইং

হরমোনের পরিবর্তনের ফলে মনের উপরও প্রভাব পড়তে পারে। অল্পতেই রেগে যাওয়া, মন খারাপ, উদ্বেগ কিংবা মেজাজের আকস্মিক পরিবর্তন দেখা দিতে পারে।

বমি বমি ভাব

হরমোনের ওষুধ খাওয়ার পর অনেকের মধ্যে বমি বমি ভাব, মাথা ঘোরা বা অস্বস্তি অনুভূত হতে পারে। বিশেষ করে, ওষুধ শুরু করার প্রথম দিকে এই সমস্যা দেখা দেয়।

স্তনে ব্যথা

হরমোনের পরিবর্তনের কারণে স্তনে ভারী ভাব, ব্যথা বা স্পর্শকাতরতা অনুভূত হতে পারে।

মাথাব্যথা

কিছু নারীর ক্ষেত্রে হরমোনের ওষুধ খাওয়ার পর মাথাব্যথা হতে পারে। যদি আগে থেকেই মাইগ্রেনের সমস্যা থাকে, তবে চিকিৎসককে তা জানানো অত্যন্ত জরুরি।

অনিয়মিত রক্তপাত

ওষুধ খাওয়ার পরেও কখনও কখনও পিরিয়ডের মাঝখানে অল্প রক্তপাত বা স্পটিং হতে পারে। আবার ঋতুস্রাবের স্বাভাবিক সময় এবং রক্তপাতের পরিমাণেও পরিবর্তন আসতে পারে।

রক্ত জমাট বাঁধার ঝুঁকি

কিছু ধরনের ইস্ট্রোজেনযুক্ত হরমোনের ওষুধ রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়াতে পারে। পায়ে হঠাৎ ব্যথা, ফোলা, বুকে ব্যথা বা শ্বাসকষ্ট হলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।

যা করবেন

চিকিৎসকদের পরামর্শ ছাড়া অনিয়মিত পিরিয়ডের জন্য নিজে থেকে হরমোনের ওষুধ গ্রহণ করা উচিত নয়। কারণ পলিসিস্টিক ওভারি সিনড্রোম, থাইরয়েডের সমস্যা, অতিরিক্ত মানসিক চাপ, ওজনের পরিবর্তনসহ একাধিক কারণে ঋতুচক্র অনিয়মিত হতে পারে। তাই শুধু ওষুধ খেয়ে পিরিয়ড নিয়মিত করলেই সমস্যার মূল কারণ দূর হয় না।

যদি কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়, তবে নিজে থেকে ওষুধ বন্ধ না করে চিকিৎসকের সঙ্গে আলোচনা করা উচিত। প্রয়োজন অনুযায়ী চিকিৎসক ওষুধের মাত্রা পরিবর্তন করতে পারেন অথবা বিকল্প চিকিৎসার পরামর্শ দিতে পারেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিজভী: স্বাধীনতা-সার্বভৌমত্ব দুর্বলকারীদের বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একত্রিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৬ পি.এম


রিজভী: স্বাধীনতা-সার্বভৌমত্ব দুর্বলকারীদের বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একত্রিত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করে যারা কাজ করছে, তাদের বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একত্রিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক র‍্যালির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ৭ নভেম্বর মতপ্রকাশের স্বাধীনতার দিন; সশস্ত্র বাহিনী ও জনগণের অবদান অপরিসীম। স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে আধুনিক সেনাবাহিনী গড়ে তোলার ক্ষেত্রে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান রয়েছে। তিনি উল্লেখ করেন, বর্তমানে তারেক রহমানও সেই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছেন।

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা ‘সর্বাধিক’ উল্লেখ করে রিজভী বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তিনি একটি আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলেছিলেন, যা দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে।

র‍্যালির পথনির্দেশনা তুলে ধরে রিজভী জানান, নয়াপল্টন থেকে শুরু করে র‍্যালিটি বিজয়নগর হয়ে বাঁদিকে পল্টন মোড় পেরিয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হবে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপি যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, সদস্য সচিব এস এম জাহাঙ্গীর এমপি, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ.কে.এম ফজলুল হক মিলন, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সহসভাপতি জিয়াউর রহমান জিয়া, কামাল আনোয়ার আহমেদ, কার্যনির্বাহী কমিটির সদস্য এবিএম মহসিন বিশ্বাস, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন প্রমুখ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানে ১৫ সরকারি অ্যাম্বুলেন্সের ৯টি অকেজো, সংকটে স্থানীয়রা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৭ পি.এম


বান্দরবানে ১৫ সরকারি অ্যাম্বুলেন্সের ৯টি অকেজো, সংকটে স্থানীয়রা

বান্দরবানে সরকারি ব্যবস্থাপনায় থাকা ১৫টি অ্যাম্বুলেন্সের মধ্যে ৯টি দীর্ঘ সময় ধরে অচল হয়ে রয়েছে। শহরের চারটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কোনো অ্যাম্বুলেন্স নেই।

এদিকে, পৌরসভা ও মা ও শিশুকল্যাণ কেন্দ্রের দুটি অ্যাম্বুলেন্সও অকেজো অবস্থায় পড়ে রয়েছে। ফলে জরুরি মুহূর্তে রোগী পরিবহনের জন্য জেলার কয়েক লাখ মানুষ সরকারি ছয়টি অ্যাম্বুলেন্সের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন।

জেলার বাসিন্দাদের মতে, দুর্গম পাহাড়ি এলাকা থেকে মুমূর্ষু রোগীকে জেলা সদরে আনা কিংবা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানোর ক্ষেত্রে সরকারি অ্যাম্বুলেন্সই তাদের ভরসা। কিন্তু প্রয়োজনের সময় তা না পাওয়ার কারণে অনেককে বিকল্প যানবাহনের ওপর নির্ভর করতে হচ্ছে।

বিকল্প যানবাহনের ওপর এই নির্ভরতা ভোগান্তি বাড়াচ্ছে এবং হাসপাতালে পৌঁছানোর সময় দীর্ঘ হচ্ছে। বিশেষ করে হৃদরোগ, দুর্ঘটনা, প্রসূতি জটিলতা এবং অন্যান্য সংকটাপন্ন অবস্থায় সময়মতো চিকিৎসা না পাওয়ার ঝুঁকি সৃষ্টি হচ্ছে।

জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের তথ্য অনুযায়ী, বান্দরবান জেলা সাতটি উপজেলা, সাতটি থানা, দুটি পৌরসভা, ৩৩টি ইউনিয়ন, ৯৬টি মৌজা এবং এক হাজার ৪৮২টি গ্রাম নিয়ে গঠিত। ৩০০ নম্বর সংসদীয় এ আসনে ২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী চার লাখ ৮১ হাজার ১০৬ জন পাহাড়ি-বাঙালি এক লাখ ছয় হাজার ১৫৫টি পরিবারে বসবাস করেন।

তবে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী, বর্তমানে জেলার জনসংখ্যা সাড়ে ছয় লাখের বেশি। এই বিপুলসংখ্যক মানুষের জরুরি রোগী পরিবহনের জন্য সরকারি অ্যাম্বুলেন্সের সংখ্যা মাত্র ১৫টি, যার মধ্যে সচল রয়েছে মাত্র ছয়টি।

সংশ্লিষ্ট দপ্তরগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, বান্দরবান সদর হাসপাতাল, মা ও শিশুকল্যাণ কেন্দ্র, পৌরসভা এবং রুমা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রসহ জেলার সাত উপজেলায় সরকারি ব্যবস্থাপনায় মোট ১৫টি অ্যাম্বুলেন্স রয়েছে। এর মধ্যে ২০২৪ সাল থেকে ৯টি বিকল হয়ে রয়েছে। অথচ জেলার দুর্গম লামা, রুমা, থানচি, রোয়াংছড়ি ও আলীকদমের মতো পাহাড়ি জনপদ থেকে গুরুতর অসুস্থদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে নিয়ে আসতে হয়।

অনেক ক্ষেত্রে জেলা সদরেও প্রয়োজনীয় চিকিৎসা না থাকায় প্রায় সময় চট্টগ্রামে পাঠানোর প্রয়োজন পড়ে। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার এই পরিস্থিতিতে অ্যাম্বুলেন্সের অপ্রতুলতা রোগী ও স্বজনদের দুর্ভোগ বাড়িয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, পাহাড়ের প্রত্যন্ত এলাকায় যোগাযোগব্যবস্থা এমনিতেই নাজুক। কোথাও সরু পাহাড়ি সড়ক, কোথাও খাড়া ঢাল, কোথাও আবার দীর্ঘ পথ পাড়ি দিতে হয় ইঞ্জিনচালিত নৌকা কিংবা পায়ে হেঁটে। এর সঙ্গে অ্যাম্বুলেন্স সংকট যুক্ত হওয়ায় জরুরি চিকিৎসাসেবা পাওয়া আরো কঠিন হয়ে পড়েছে।

থানচি উপজেলার বাসিন্দা অংচাচিং মারমা জানান, দুর্গম পাহাড়ি এলাকা থেকে একজন গুরুতর অসুস্থ রোগীকে জেলা সদরের হাসপাতালে পৌঁছাতে চার থেকে পাঁচ ঘণ্টা সময় লাগে। এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স না পাওয়ায় রোগীর জীবন আরো ঝুঁকিতে পড়ে। তাই বাধ্য হয়ে অনেক পরিবার চাঁদের গাড়ি, জিপ কিংবা বাসের মতো বিকল্প যানবাহনে ঝুঁকি নিয়ে রোগী পরিবহন করেন। এতে একদিকে রোগীর শারীরিক কষ্ট বাড়ে, অন্যদিকে সময়মতো হাসপাতালে পৌঁছানোর নিয়েও অনিশ্চয়তা দেখা দেয়।

একই ধরনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন রোয়াংছড়ি উপজেলার বাসিন্দা ভোষণ জয় তঞ্চঙ্গ্যা। তিনি জানান, রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের মেরাই পাড়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ছয়জন গুরুতর আহত হন। দুর্গম যোগাযোগ ব্যবস্থা এবং প্রয়োজনীয় যানবাহন ও অ্যাম্বুলেন্সের সংকটে আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। সময়মতো চিকিৎসা না পাওয়ায় শেষ পর্যন্ত প্রাণ হারান হেডম্যানপাড়ার বাসিন্দা চথোয়াইমং মারমার স্ত্রী হ্লায়ইনু মারমা।

বান্দরবান পৌর শহরের বাসিন্দা আবু তৈয়ব জানান, গত সপ্তাহে তার বাবা হৃদরোগে আক্রান্ত হন। জরুরি ভিত্তিতে তাকে চট্টগ্রামে নেওয়ার জন্য বিভিন্ন স্থানে যোগাযোগ করেও অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। পরে চট্টগ্রামের কেরানিহাট থেকে অ্যাম্বুলেন্স এনে বাবাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিতে হয়।

শুধু সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সই নয়, বিকল্প হিসেবে ব্যবহারের কথা থাকলেও পৌরসভা এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রের অ্যাম্বুলেন্সও দীর্ঘদিন ধরে অচল হয়ে রয়েছে।

বান্দরবান পৌর প্রশাসক এস এম মনজুরুল হক জানান, পৌরসভার অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন ধরে বিকল। বর্তমানে সেটি সংস্কার করা হচ্ছে। তবে রোগী পরিবহনের উপযোগী করতে আরো সময় লাগবে।

বান্দরবান মা ও শিশুকল্যাণ কেন্দ্রের অ্যাম্বুলেন্সটি ২০২৪ সাল থেকে বিকল বলে জানান চিকিৎসক কামরুল মনির রিবন। বিষয়টি জেলা পরিষদ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত প্রয়োজনীয় বরাদ্দ না পাওয়ায় সেটি সংস্কার করা সম্ভব হয়নি বলে জানান এই চিকিৎসক।

জেলার অ্যাম্বুলেন্স সংকটের বিষয়টি স্বীকার করে সিভিল সার্জন মো. শাহীন হাসাইন চৌধুরী বলেন, জেলার সাত উপজেলায় সরকারি স্বাস্থ্যপ্রতিষ্ঠানে থাকা মোট ১৫টি অ্যাম্বুলেন্সের মধ্যে বর্তমানে মাত্র ছয়টি সচল। বাকি ৯টি অচল। এর মধ্যে কয়েকটি এতটাই নষ্ট যে সেগুলো আর মেরামত করাও সম্ভব নয়। বিষয়টি বিভিন্ন সময় জেলা পরিষদের সভা ও চিঠিপত্রের মাধ্যমে জানানো হয়েছে।

বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর অ্যাম্বুলেন্স না থাকার বিষয়টিও তুলে ধরেন সিভিল সার্জন। তিনি বলেন, নিয়ম অনুযায়ী জেলার প্রত্যেক বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে অ্যাম্বুলেন্স থাকার কথা, কিন্তু অধিকাংশ প্রতিষ্ঠানেই তা নেই। বেসরকারি পর্যায়ে অ্যাম্বুলেন্স থাকলে মুমূর্ষু রোগী পরিবহনে সরকারি ব্যবস্থার ওপর চাপ কমতো, রোগীও দ্রুত সেবা পেতেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়া পরিবারের নামে টুর্নামেন্ট আয়োজন করতে নিতে হবে সরকারের অনুমতি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৮ পি.এম


জিয়া পরিবারের নামে টুর্নামেন্ট আয়োজন করতে নিতে হবে সরকারের অনুমতি

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে টুর্নামেন্ট ও ক্রীড়া প্রতিযোগিতার নামকরণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের পরিবারের সদস্যদের নাম ব্যবহারের জন্য সরকারের পূর্বানুমোদন নেওয়ার নির্দেশনা প্রদান করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

এ তথ্যটি জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) জাহেদ পারভেজ চৌধুরী স্বাক্ষরিত এক নির্দেশনায় জানানো হয়েছে। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, জিয়া পরিবারের সদস্যদের নামে কোনো ক্রীড়া প্রতিযোগিতা বা টুর্নামেন্ট আয়োজনের জন্য সরকারের পূর্বানুমোদন ছাড়া সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

নির্দেশনার আওতায়, জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে থাকা কোনো ফেডারেশন, অ্যাসোসিয়েশন, সংস্থা, স্থানীয় ক্রীড়া সংস্থা অথবা তাদের অধিভুক্ত ক্লাব যদি জিয়া পরিবারের সদস্যদের নাম ব্যবহার করে কোনো প্রতিযোগিতা বা টুর্নামেন্টের নামকরণ করতে চায়, তাহলে আগে সরকারের অনুমতি নিতে হবে। শুধু আয়োজন নয়, এই ধরনের নাম ব্যবহার করে প্রচার-প্রচারণা চালানোর ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করতে হবে।

এখন পর্যন্ত জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে সব ফেডারেশন, অ্যাসোসিয়েশন, জেলা ক্রীড়া কর্মকর্তা, বোর্ড, সংস্থা ও জেলা ক্রীড়া সংস্থাকে বিষয়টি অবহিত করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিভিন্ন সময় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের টুর্নামেন্টের নামকরণে রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং তাদের পরিবারের সদস্যদের নাম ব্যবহারের একটি প্রচলন ছিল। সেই প্রথা নিয়ন্ত্রণের অংশ হিসেবে নতুন এই নির্দেশনা জারি করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%