প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বান্দরবানে সরকারি ব্যবস্থাপনায় থাকা ১৫টি অ্যাম্বুলেন্সের মধ্যে ৯টি দীর্ঘ সময় ধরে অচল হয়ে রয়েছে। শহরের চারটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কোনো অ্যাম্বুলেন্স নেই।
এদিকে, পৌরসভা ও মা ও শিশুকল্যাণ কেন্দ্রের দুটি অ্যাম্বুলেন্সও অকেজো অবস্থায় পড়ে রয়েছে। ফলে জরুরি মুহূর্তে রোগী পরিবহনের জন্য জেলার কয়েক লাখ মানুষ সরকারি ছয়টি অ্যাম্বুলেন্সের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন।
জেলার বাসিন্দাদের মতে, দুর্গম পাহাড়ি এলাকা থেকে মুমূর্ষু রোগীকে জেলা সদরে আনা কিংবা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানোর ক্ষেত্রে সরকারি অ্যাম্বুলেন্সই তাদের ভরসা। কিন্তু প্রয়োজনের সময় তা না পাওয়ার কারণে অনেককে বিকল্প যানবাহনের ওপর নির্ভর করতে হচ্ছে।
বিকল্প যানবাহনের ওপর এই নির্ভরতা ভোগান্তি বাড়াচ্ছে এবং হাসপাতালে পৌঁছানোর সময় দীর্ঘ হচ্ছে। বিশেষ করে হৃদরোগ, দুর্ঘটনা, প্রসূতি জটিলতা এবং অন্যান্য সংকটাপন্ন অবস্থায় সময়মতো চিকিৎসা না পাওয়ার ঝুঁকি সৃষ্টি হচ্ছে।
জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের তথ্য অনুযায়ী, বান্দরবান জেলা সাতটি উপজেলা, সাতটি থানা, দুটি পৌরসভা, ৩৩টি ইউনিয়ন, ৯৬টি মৌজা এবং এক হাজার ৪৮২টি গ্রাম নিয়ে গঠিত। ৩০০ নম্বর সংসদীয় এ আসনে ২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী চার লাখ ৮১ হাজার ১০৬ জন পাহাড়ি-বাঙালি এক লাখ ছয় হাজার ১৫৫টি পরিবারে বসবাস করেন।
তবে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী, বর্তমানে জেলার জনসংখ্যা সাড়ে ছয় লাখের বেশি। এই বিপুলসংখ্যক মানুষের জরুরি রোগী পরিবহনের জন্য সরকারি অ্যাম্বুলেন্সের সংখ্যা মাত্র ১৫টি, যার মধ্যে সচল রয়েছে মাত্র ছয়টি।
সংশ্লিষ্ট দপ্তরগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, বান্দরবান সদর হাসপাতাল, মা ও শিশুকল্যাণ কেন্দ্র, পৌরসভা এবং রুমা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রসহ জেলার সাত উপজেলায় সরকারি ব্যবস্থাপনায় মোট ১৫টি অ্যাম্বুলেন্স রয়েছে। এর মধ্যে ২০২৪ সাল থেকে ৯টি বিকল হয়ে রয়েছে। অথচ জেলার দুর্গম লামা, রুমা, থানচি, রোয়াংছড়ি ও আলীকদমের মতো পাহাড়ি জনপদ থেকে গুরুতর অসুস্থদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে নিয়ে আসতে হয়।
অনেক ক্ষেত্রে জেলা সদরেও প্রয়োজনীয় চিকিৎসা না থাকায় প্রায় সময় চট্টগ্রামে পাঠানোর প্রয়োজন পড়ে। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার এই পরিস্থিতিতে অ্যাম্বুলেন্সের অপ্রতুলতা রোগী ও স্বজনদের দুর্ভোগ বাড়িয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, পাহাড়ের প্রত্যন্ত এলাকায় যোগাযোগব্যবস্থা এমনিতেই নাজুক। কোথাও সরু পাহাড়ি সড়ক, কোথাও খাড়া ঢাল, কোথাও আবার দীর্ঘ পথ পাড়ি দিতে হয় ইঞ্জিনচালিত নৌকা কিংবা পায়ে হেঁটে। এর সঙ্গে অ্যাম্বুলেন্স সংকট যুক্ত হওয়ায় জরুরি চিকিৎসাসেবা পাওয়া আরো কঠিন হয়ে পড়েছে।
থানচি উপজেলার বাসিন্দা অংচাচিং মারমা জানান, দুর্গম পাহাড়ি এলাকা থেকে একজন গুরুতর অসুস্থ রোগীকে জেলা সদরের হাসপাতালে পৌঁছাতে চার থেকে পাঁচ ঘণ্টা সময় লাগে। এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স না পাওয়ায় রোগীর জীবন আরো ঝুঁকিতে পড়ে। তাই বাধ্য হয়ে অনেক পরিবার চাঁদের গাড়ি, জিপ কিংবা বাসের মতো বিকল্প যানবাহনে ঝুঁকি নিয়ে রোগী পরিবহন করেন। এতে একদিকে রোগীর শারীরিক কষ্ট বাড়ে, অন্যদিকে সময়মতো হাসপাতালে পৌঁছানোর নিয়েও অনিশ্চয়তা দেখা দেয়।
একই ধরনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন রোয়াংছড়ি উপজেলার বাসিন্দা ভোষণ জয় তঞ্চঙ্গ্যা। তিনি জানান, রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের মেরাই পাড়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ছয়জন গুরুতর আহত হন। দুর্গম যোগাযোগ ব্যবস্থা এবং প্রয়োজনীয় যানবাহন ও অ্যাম্বুলেন্সের সংকটে আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। সময়মতো চিকিৎসা না পাওয়ায় শেষ পর্যন্ত প্রাণ হারান হেডম্যানপাড়ার বাসিন্দা চথোয়াইমং মারমার স্ত্রী হ্লায়ইনু মারমা।
বান্দরবান পৌর শহরের বাসিন্দা আবু তৈয়ব জানান, গত সপ্তাহে তার বাবা হৃদরোগে আক্রান্ত হন। জরুরি ভিত্তিতে তাকে চট্টগ্রামে নেওয়ার জন্য বিভিন্ন স্থানে যোগাযোগ করেও অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। পরে চট্টগ্রামের কেরানিহাট থেকে অ্যাম্বুলেন্স এনে বাবাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিতে হয়।
শুধু সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সই নয়, বিকল্প হিসেবে ব্যবহারের কথা থাকলেও পৌরসভা এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রের অ্যাম্বুলেন্সও দীর্ঘদিন ধরে অচল হয়ে রয়েছে।
বান্দরবান পৌর প্রশাসক এস এম মনজুরুল হক জানান, পৌরসভার অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন ধরে বিকল। বর্তমানে সেটি সংস্কার করা হচ্ছে। তবে রোগী পরিবহনের উপযোগী করতে আরো সময় লাগবে।
বান্দরবান মা ও শিশুকল্যাণ কেন্দ্রের অ্যাম্বুলেন্সটি ২০২৪ সাল থেকে বিকল বলে জানান চিকিৎসক কামরুল মনির রিবন। বিষয়টি জেলা পরিষদ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত প্রয়োজনীয় বরাদ্দ না পাওয়ায় সেটি সংস্কার করা সম্ভব হয়নি বলে জানান এই চিকিৎসক।
জেলার অ্যাম্বুলেন্স সংকটের বিষয়টি স্বীকার করে সিভিল সার্জন মো. শাহীন হাসাইন চৌধুরী বলেন, জেলার সাত উপজেলায় সরকারি স্বাস্থ্যপ্রতিষ্ঠানে থাকা মোট ১৫টি অ্যাম্বুলেন্সের মধ্যে বর্তমানে মাত্র ছয়টি সচল। বাকি ৯টি অচল। এর মধ্যে কয়েকটি এতটাই নষ্ট যে সেগুলো আর মেরামত করাও সম্ভব নয়। বিষয়টি বিভিন্ন সময় জেলা পরিষদের সভা ও চিঠিপত্রের মাধ্যমে জানানো হয়েছে।
বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর অ্যাম্বুলেন্স না থাকার বিষয়টিও তুলে ধরেন সিভিল সার্জন। তিনি বলেন, নিয়ম অনুযায়ী জেলার প্রত্যেক বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে অ্যাম্বুলেন্স থাকার কথা, কিন্তু অধিকাংশ প্রতিষ্ঠানেই তা নেই। বেসরকারি পর্যায়ে অ্যাম্বুলেন্স থাকলে মুমূর্ষু রোগী পরিবহনে সরকারি ব্যবস্থার ওপর চাপ কমতো, রোগীও দ্রুত সেবা পেতেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন