প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
হালুয়াঘাট আমদানিকারক-রপ্তানিকারক গ্রুপের সভাপতি, বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স মন্তব্য করেছেন যে, সীমান্ত বাণিজ্য হালুয়াঘাটের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। এই বাণিজ্যকে আরও গতিশীল করার জন্য ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করা, প্রশাসনিক জটিলতা দূর করা, অবকাঠামো উন্নয়ন করা এবং ভারতীয় রপ্তানিকারকদের সঙ্গে কার্যকর সমন্বয় গড়ে তোলা প্রয়োজন।
তিনি উল্লেখ করেন, হালুয়াঘাটে সীমান্ত বানিজ্য শুধু এই অঞ্চলের জন্য নয়, বরং দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সীমান্ত বাণিজ্যকে সম্প্রসারণ ও গতিশীল করার মাধ্যমে জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে।
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের অনিশ্চয়তার মধ্যে রেখে সীমান্ত অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব নয়। হালুয়াঘাটকে একটি সমৃদ্ধ সীমান্ত বাণিজ্যকেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটানো, বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।
আজ সন্ধ্যায় হালুয়াঘাট আমদানিকারক-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হোটেল ইমেক্স মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা ব্যবসা-বাণিজ্যের বিদ্যমান সমস্যা, সাংগঠনিক কার্যক্রম, এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ভারত থেকে কয়লা আমদানির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে নানা প্রতিবন্ধকতা বিদ্যমান। কখনো আমদানিতে অনিশ্চয়তা, কখনো পরিবহন ব্যয় বৃদ্ধি, কখনো প্রশাসনিক জটিলতা, কখনো এলসি সমস্যা ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করছে। এর ফলে শ্রমিক, পরিবহন ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সীমান্ত বাণিজ্যের ওপর নির্ভরশীল অসংখ্য পরিবারের জীবিকায় প্রভাব পড়ছে। তিনি বলেন, শুধু কয়লা আমদানি নয়, অন্যান্য পণ্য আমদানি এবং একই সঙ্গে হালুয়াঘাট থেকে ভারতে বিভিন্ন পণ্য রফতানির উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।
তিনি উল্লেখ করেন, সম্প্রতি ভারতীয় কয়লা রপ্তানিকারকদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। কয়লা আমদানিতে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে দুই দেশের ব্যবসায়ী সংগঠন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় প্রয়োজন।
বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার বিনিয়োগ বৃদ্ধি, অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টিকে গুরুত্ব দিচ্ছে। হালুয়াঘাটের সীমান্ত বাণিজ্যের সম্ভাবনাকে কাজে লাগিয়ে জাতীয় অর্থনীতিতে আরও বেশি অবদান রাখা সম্ভব।
ব্যবসায়ী সংগঠনে ঐক্যের ওপর গুরুত্বারোপ করে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, হালুয়াঘাট আমদানিকারক-রপ্তানিকারক গ্রুপ কোনো রাজনৈতিক দলের সংগঠন নয়। এখানে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে প্রত্যেক ব্যবসায়ীর সমান অধিকার ও মর্যাদা রয়েছে। সংগঠনকে ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থের ঊর্ধ্বে রেখে সকল সদস্যের স্বার্থরক্ষায় কাজ করতে হবে।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন, সীমান্ত বাণিজ্যের সম্প্রসারণ শুধুমাত্র আমদানিকারক-রপ্তানিকারকদের লাভবান করবে না, বরং পরিবহন, গুদামজাতকরণ, ক্ষুদ্র ব্যবসা ও সেবামূলক খাতে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে। বিশেষ করে হালুয়াঘাট ও ধোবাউড়ার তরুণদের জন্য স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে।
সভায় তিনি হালুয়াঘাটের সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ, ব্যবসায়ীদের ন্যায্য স্বার্থরক্ষা এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় সমিতির সহসভাপতি মো. জয়নাল আবেদীন ও চন্দন কুমার ঘোষ, মহাসচিব অধ্যাপক অশোক কুমার সরকার, যুগ্ম মহাসচিব আ.স.ম. খালিদ ইকবাল নিটোল, অর্থসচিব মো. শহিদুল ইসলাম, সমাজকল্যাণ সচিব হাজী মো. আজিজুল ইসলাম, তথ্য, প্রচার ও প্রকাশনা সচিব রাজীব কুমার দত্ত, শ্রমবিষয়ক সচিব হাজী মো. কামরুজ্জামান দুলাল, সাংস্কৃতিক সচিব মো. সামছুল আলম সামন, ক্রীড়া সচিব মো. আসাদুজ্জামান এবং নির্বাহী সদস্য অধ্যাপক এমদাদুল ইসলাম, মো. আলিমুল ইসলাম, মো. আব্দুল বারী, মো. শাহাওয়াত হোসেন মল্লিক ও অপু সরকার উপস্থিত ছিলেন।
সভায় সাধারণ সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন ধর ইন্টারন্যাশনালের স্বপন ধর, মিন্টু ট্রেড লাইনের মো. সামছুল আলম মিন্টু, রোজামনি এন্টারপ্রাইজের মো. আলামিন, বি আর ইন্টারন্যাশনালের হুমায়ুন রেজা, বর্ণালী ট্রেডার্সের মো. রোহান মিয়া, জলিল এন্টারপ্রাইজের মোঃ মামুন, হাজী ট্রেডার্সের মোরশেদ আলম, রিয়া ট্রেড পয়েন্টের বিকাশ সরকার, রোজামনি এন্টারপ্রাইজের আল আমিন, অভিষেক এন্টারপ্রাইজের পিন্টু সরকার এবং তাহমিদ আলম এন্টারপ্রাইজের জাহাঙ্গীর আলম।
সাধারণ সভায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, কয়লা আমদানির ধারাবাহিকতা, সীমান্ত বাণিজ্যের প্রতিবন্ধকতা, সাংগঠনিক কার্যক্রম, আয়-ব্যয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন