মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৯:১৭ পি.এম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং অ্যাপ্লাইড আইসিটি বিষয়ে পাঠদানকে আরও কার্যকর করার লক্ষ্যে ৯০ জন কোর ট্রেইনারের জন্য পাঁচ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ শুরু হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে দেশের বিভিন্ন কলেজের শিক্ষকদের প্রশিক্ষিত করে শ্রেণিকক্ষে প্রযুক্তিনির্ভর ও আধুনিক পাঠদান নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে ‘কোর ট্রেইনার ট্রেনিং অন অ্যাপ্লাইড আইসিটি’ শীর্ষক এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কোর ট্রেইনারদের এর আগে অনলাইন প্ল্যাটফর্মে সাত দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। অনলাইন প্রশিক্ষণের যাচাই-বাছাই ও সনদ অর্জনের প্রক্রিয়া শেষে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৯০ জনকে আবাসিক প্রশিক্ষণের জন্য নির্বাচিত করা হয়েছে। পাঁচ দিনের এই প্রশিক্ষণে কারিকুলাম উন্নয়নের সঙ্গে যুক্ত ডোমেইন ও পেডাগোজি বিশেষজ্ঞরা প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। তিনি মন্তব্য করেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ব্যবস্থাপনা, সমাজবিজ্ঞান কিংবা বিজ্ঞান বিষয়ের প্রতিটি ক্ষেত্রেই প্রযুক্তি ও এআইয়ের প্রয়োগ শেখা অপরিহার্য হয়ে উঠেছে। উন্নত বিশ্বের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুত তাদের পাঠ্যক্রম ও প্রশিক্ষণব্যবস্থায় পরিবর্তন আনছে। বাংলাদেশে প্রযুক্তিগত সীমাবদ্ধতা, উচ্চগতির ইন্টারনেটের অভাব কিংবা প্রাতিষ্ঠানিক নানা চ্যালেঞ্জ থাকলেও বসে থাকার সুযোগ নেই। সীমিত সামর্থ্যের মধ্যেও ইতিবাচক পদক্ষেপ নেওয়া অনেক ভালো।
তিনি আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য আইসিটি এবং আধুনিক প্রশিক্ষণের সর্বোচ্চ সুযোগ নিশ্চিত করতে কাজ করছে। শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গ্রহণ করতে হবে। কোর ট্রেইনার ও পরবর্তী সময়ে মাস্টার ট্রেইনারদের মাধ্যমে পর্যায়ক্রমে সারা দেশের কলেজগুলোর শ্রেণিকক্ষে পাঠদান পদ্ধতিতে পরিবর্তন আসবে। এর সুফল পাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের প্রায় ৪০ লাখ শিক্ষার্থী।
ড. আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় নিজস্ব উদ্যোগে পিছিয়ে থাকা কলেজগুলোতে কম্পিউটার ও প্রজেক্টর সরবরাহসহ প্রয়োজনীয় আইসিটি সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছে। এ বিশাল কর্মযজ্ঞে সহযোগিতার জন্য ইউনিসেফ, এনএসডিএ, শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। তাঁর মতে, এই উদ্যোগ কোনো একটি প্রতিষ্ঠানের জন্য নয়; বরং দেশের ৪০ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ উজ্জ্বল করার সম্মিলিত প্রচেষ্টা।
দেশের বিশিষ্ট এই শিক্ষাবিদ ও উন্নয়ন গবেষক বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারেও দক্ষতাভিত্তিক ও কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো এবং বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী গড়ে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। অ্যাপ্লাইড আইসিটির কোর ট্রেইনারদের এই প্রশিক্ষণ সেই বৃহত্তর উদ্যোগেরই অংশ।
বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক সালমা পারভীন।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. ফকির রফিকুল আলম, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আশেক কবির চৌধুরী, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. এ এইচ এম রুহুল কুদ্দুস, পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম এবং ইউনিসেফ বাংলাদেশের শিক্ষা বিশেষজ্ঞ ফাহমিদা শবনম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষক মো. খালিদ হাসানের সঞ্চালনায় দেশের বিভিন্ন কলেজের কোর ট্রেইনার এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক ও কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গাজীপুরের টঙ্গীতে যুবদল মোটরসাইকেল শোডাউন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে, যা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের উসকানিমূলক কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করেন।
শোডাউনটি মধুমিতা এলাকা থেকে শুরু হয়, যা টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক, সদস্যসচিব নাজমুল হোসেন মন্ডল এবং যুগ্ম আহ্বায়ক বেনজির রহমান পিন্টুর নেতৃত্বে অনুষ্ঠিত হয়। মোটরসাইকেলের বহরটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা এলাকা অতিক্রম করে টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার মধুমিতা এলাকায় এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে যুবদল নেতারা অভিযোগ করেন যে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করছে। তারা বলেন, "দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। কোনো অপশক্তিকে নৈরাজ্য সৃষ্টির সুযোগ দেওয়া হবে না।"
তারা আরও উল্লেখ করেন যে, জনগণের জানমালের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে তারা সোচ্চার থাকবেন। কর্মসূচিতে টঙ্গী পূর্ব থানা যুবদল নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়সহ থানা ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চিকিৎসকের পরামর্শে বিশ্রামে থাকলেও থেমে নেই চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম ইশমামের দাপ্তরিক কাজ। উপজেলা কার্যালয়ে যেতে না পারায়, তিনি নিজ বাংলোয় বসে সরকারি দায়িত্ব পালন করছেন। সেবা প্রত্যাশীদের যাতে কোনো ভোগান্তিতে পড়তে না হয়, সেই জন্য তাদের বাংলোর কার্যালয়ে আসার অনুরোধ করেছেন এই কর্মকর্তা।
সোমবার (৯ নভেম্বর) সকালে মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা তার ফেসবুক আইডি থেকে এলাকাবাসীর উদ্দেশে দেওয়া এক পোস্টে লেখেন, ‘পায়ের গোড়ালির লিগামেন্টে আঘাতের কারণে গত দুই সপ্তাহ ধরে আমি উপজেলা কার্যালয়ে উপস্থিত হয়ে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করতে পারছি না। তবে আমার বাংলো কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম যথারীতি চলমান রয়েছে। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে সেবা গ্রহীতারা নানা বিষয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। কোনো সেবা গ্রহণ বা অন্য প্রয়োজনে আমার সঙ্গে সাক্ষাৎ করার দরকার হলে, অনুগ্রহ করে আমার বাংলোর কার্যালয়ে আসবেন। উপজেলা প্রশাসন সবসময় আপনাদের সেবায় নিয়োজিত।’
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৮ অক্টোবর ব্যাডমিন্টন খেলতে গিয়ে কে এম ইশমামের ডান পায়ের গোড়ালির লিগামেন্ট আংশিক ছিঁড়ে যায়। পরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি। চিকিৎসক তাকে ২৮ দিনের বিশ্রামের পরামর্শ দিয়েছেন। বর্তমানে তার ডান পায়ে ব্যান্ডেজ রয়েছে।
শারীরিক অসুস্থতার কারণে ১৯ অক্টোবর থেকে বাংলোয় অবস্থান করেই দাপ্তরিক কাজ করছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেখানে বসেই ফাইলপত্রে স্বাক্ষর, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ এবং সাধারণ মানুষের নানা সমস্যার সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। মাঝে মধ্যে পায়ে ব্যান্ডেজ নিয়েই উপজেলা পরিষদের আশপাশে উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন ও তদারক করছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার বাংলোয় দেখা যায়, সেবা প্রত্যাশীদের বেশ ভিড়। আগত ব্যক্তিদের কথা মনোযোগ দিয়ে শুনছেন তিনি। পাশাপাশি বিভিন্ন সমস্যার সমাধানে সংশ্লিষ্ট দপ্তরে ফোন করছেন এবং প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করছেন।
মতলব পৌরসভার নির্বাহী কর্মকর্তা ছাইফুর রহমান বলেন, পৌরসভার বিভিন্ন দাপ্তরিক কাজে প্রায় প্রতিদিনই ইউএনওর কাছে যেতে হয়। পায়ে ব্যান্ডেজ নিয়ে হুইলচেয়ারে বসেও তিনি ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন। এটি তার অদম্য মানসিকতার পরিচয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বের পাশাপাশি কে এম ইশমাম মতলব পৌরসভার প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্বে রয়েছেন।
ইউএনও কে এম ইশমাম বলেন, উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ নানা প্রয়োজনে তার কাছে আসেন। কেউ যেন সেবা থেকে বঞ্চিত না হন কিংবা হয়রানির শিকার না হন, সে জন্য বাংলোয় বসেই দিন-রাত দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি মনে করেন এটি তার নৈতিক ও দাপ্তরিক দায়িত্বের অংশ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ইসরায়েলের কারাগারে বন্দি অবস্থায় ১৯ বছর বয়সী ফিলিস্তিনি তরুণী জানা ইহসান আবু ওয়ারদা পবিত্র কোরআন মুখস্থ করে হাফেজা হয়েছেন। গ্রেপ্তার হওয়ার আগে তিনি কোরআনের ২০ পারা মুখস্থ করেছিলেন, কিন্তু কারাগারের কঠিন পরিবেশে বাকি অংশ মুখস্থ করে তিনি হেফজ সম্পন্ন করেন। সম্প্রতি আদালতের শুনানির একটি বৈঠকে তিনি সম্পূর্ণ কোরআন মুখস্থ তেলাওয়াত করে উপস্থিত ব্যক্তিদের বিস্মিত করেছেন।
ফিলিস্তিনের বন্দিবিষয়ক সংবাদমাধ্যম প্রিজনার্স মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ইসরায়েলি বাহিনী জানাকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি ইসরায়েলের ড্যামন কারাগারে বন্দী রয়েছেন। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গ্রেপ্তারের আগে জানার কোরআনের প্রায় ২০ পারা মুখস্থ ছিল। কারাগারে অবস্থানের সময় তিনি বাকি অংশ মুখস্থ করে হেফজ সম্পন্ন করেন। সম্প্রতি আদালতের শুনানির এক বৈঠকে তিনি সম্পূর্ণ কোরআন মুখস্থ তেলাওয়াত করেন।
জানা কারাগারে নিজের কোরআনচর্চার পাশাপাশি অন্য নারী বন্দিদের কোরআন ও হাদিস শিক্ষা দিচ্ছেন। বন্দিত্বের মধ্যেও তিনি সহবন্দিদের ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করছেন। জানা আবু ওয়ারদা ফিলিস্তিনের হেবরন এলাকার বাসিন্দা। তিনি জাহিরিয়া কলেজে শরিয়াহ বিষয়ে পড়াশোনা করছেন। লেখালেখি ও কবিতার প্রতি তার আগ্রহ রয়েছে। ভবিষ্যতে স্নাতক শেষ করে কোরআনের তাফসির, আরবি ব্যাকরণ ও হাদিস বিষয়ে উচ্চশিক্ষা নিতে চান তিনি। ধর্মীয় জ্ঞান অর্জনের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বপ্ন দেখছেন এই তরুণী।
তবে ড্যামন কারাগারে বন্দিজীবন তার জন্য সহজ নয়। বন্দিবিষয়ক সংগঠনটির তথ্য অনুযায়ী, সেখানে ফিলিস্তিনি নারী বন্দিদের খাবারের সংকট, কঠোর পরিবেশ ও নানা বিধিনিষেধের মুখোমুখি হতে হয়। গ্রেপ্তার এবং এক কারাগার থেকে অন্য কারাগারে স্থানান্তরের সময় জানাও অপমানজনক তল্লাশির শিকার হয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি।
এ ছাড়া পরিবারের স্বজনদের মৃত্যুর খবরও তাকে বিলম্বে জানতে হয়েছে। বন্দিদের সঙ্গে পরিবারের স্বাভাবিক যোগাযোগ ও সাক্ষাতের সুযোগ সীমিত থাকায় স্বজনদের সঙ্গে তার দূরত্ব বেড়েছে।
প্রতিকূল পরিবেশ ও বন্দিত্বের মধ্যেও কোরআন মুখস্থ সম্পন্ন করার পাশাপাশি অন্য বন্দিদের ধর্মীয় শিক্ষা দিয়ে যাচ্ছেন জানা। তার এই অর্জন ফিলিস্তিনি নারী বন্দিদের মধ্যে ধর্মীয় শিক্ষাচর্চার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে উঠে এসেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী এলাকায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরের দিকে ফুলবাড়ী থানা পুলিশ একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। পরে দুপুরের সময় কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের সোপর্দ করা হলে বিচারক তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন— উপজেলার চন্দ্রখানা বুদারবান্নী গ্রামের মাসুদ পোদ্দারের ছেলে, ফুলবাড়ী সদর ইউনিয়ন শাখা নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়দুল পোদ্দার আপন (২২)। অপরজন হলেন পূর্ব পানিমাছকুটি গ্রামের মৃত দেবেন্দ্রনাথ মোহন্তের ছেলে, একই ইউনিয়ন শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি জয়ন্ত কুমার মোহন্ত (৩০)।
সূত্রে জানা গেছে, গত আগস্ট মাসে উপজেলার বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় ১২ আগস্ট ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার তদন্তের প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়েছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে আসামিদের কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ