ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব, উদ্বেগ প্রকাশ সাধারণ মানুষের


গুরুতর অসুস্থ আ স ম আবদুর রব, উদ্বেগ প্রকাশ সাধারণ মানুষের

স্বাধীন বাংলাদেশের মানচিত্রখচিত প্রথম জাতীয় পতাকার উত্তোলক, ডাকসুর সাবেক ভিপি, সাবেক বিরোধীদলীয় নেতা, মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আ স ম আবদুর রব বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন।

তার শারীরিক অবস্থার অবনতির খবর জানার পর বৃহত্তর রামগতি ও কমলনগরের সাধারণ মানুষের মধ্যে গভীর উদ্বেগ ও শঙ্কা সৃষ্টি হয়েছে। জাতীয় রাজনীতির এই বর্ষীয়ান নেতার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আ স ম আবদুর রবের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় তার স্বজন ও দলীয় নেতাকর্মীরা উদ্বিগ্ন। পরিবারের পক্ষ থেকে কমলনগর উপজেলা জেএসডির সভাপতি ও সাবেক অধ্যক্ষ আবদুল মোতালেব এবং জাতীয় যুব পরিষদ আহ্বায়ক এম এ এহসান রিয়াজ দেশবাসীর কাছে তার রোগমুক্তি ও নেক হায়াতের জন্য দোয়া চেয়েছেন।

আরও পড়ুন: কারা পাবেন সরকারি সহায়তা, নতুন নির্দেশিকায় ১২টি শর্ত

আবু সায়েদ মোহাম্মদ আবদুর রব ১৯৪৫ সালের ২ জানুয়ারি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের চর বেদমা গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা আলী আজ্জম ও মা মাজেদা খাতুনের কোলে বেড়ে ওঠা এই রাজনীতিক শৈশব থেকেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন ছিলেন। ১৯৫৮ সালে অষ্টম শ্রেণিতে পড়ার সময় ছাত্র আন্দোলনের মাধ্যমে তার সংগ্রামী পথচলা শুরু হয়।

পরবর্তী সময়ে ১৯৬২-এর শিক্ষা আন্দোলন, ছয় দফা ও এগারো দফা আন্দোলন এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে তিনি সম্মুখসারিতে ভূমিকা রাখেন। ১৯৬৯–৭০ মেয়াদে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ১৯৭০–৭১ মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নির্বাচিত হয়ে তিনি ছাত্ররাজনীতিতে গুরুত্বপূর্ণ স্থান অর্জন করেন।

১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় ছাত্রসমাবেশে স্বাধীন বাংলাদেশের প্রথম মানচিত্রখচিত পতাকা উত্তোলন করেন আ স ম আবদুর রব। পরদিন ৩ মার্চ পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার পাঠের অন্যতম রূপকার ছিলেন তিনি এবং ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে শেখ মুজিবুর রহমানের হাতে সেই পতাকা তুলে দেন। মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের শীর্ষ নেতা এবং মুজিব বাহিনীর পূর্বাঞ্চলীয় জোনের উপ-অধিনায়ক হিসেবে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।

১৯৭২ সালের ৩১ অক্টোবর সিরাজুল আলম খান ও মেজর (অব.) এম এ জলিলের সঙ্গে মিলে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠন করেন তিনি। বর্তমানে জাসদের একাংশ জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন: মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বিজয়’ দেখতে সাধারণ মানুষের ভিড়

এরপর ১৯৭৪ সালের ১৭ মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন ঘেরাও কর্মসূচিতে অংশ নিয়ে তিনি গুলিবিদ্ধ ও গ্রেফতার হন। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের পর মুক্তি পেলেও পরবর্তী সময়ে সামরিক আদালতে তার ১০ বছরের কারাদণ্ড হয় এবং ১৯৭৯ সালে উন্নত চিকিৎসার জন্য তাকে পশ্চিম জার্মানিতে পাঠানো হয়।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ১৯৮৬ ও ১৯৯৬ সালে লক্ষ্মীপুর-৪ আসন থেকে এবং ১৯৮৮ সালে ঢাকা-১০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৮ সালে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে ১৯৯৬ সালে গঠিত মন্ত্রিসভায় যোগ দিয়ে ২০০১ সাল পর্যন্ত নৌপরিবহণ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব সামলান।

বৃহত্তর রামগতি ও কমলনগরের উন্নয়ন এবং সাধারণ মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক তাকে স্থানীয় বাসিন্দাদের কাছে আপনজন করে তুলেছে। পবিত্র দিনের উসিলায় মহান সৃষ্টিকর্তার কাছে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন পরিবার, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীরা।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের মণিপুরে ভেজাল মদ গিলে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৬ পি.এম


ভারতের মণিপুরে ভেজাল মদ গিলে ১৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮০

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে বিষাক্ত বা ভেজাল মদপান করার ফলে গত ২ দিনে ১৫ জনের মৃত্যু ঘটেছে। এই মদপানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৮০ জন। ঘটনাটি ঘটেছে মণিপুরের চান্দেল জেলায়।

শনিবার (২১ নভেম্বর) ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

চান্দেল জেলা পুলিশ সুপারের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ১৮ নভেম্বর থেকে ২০ নভেম্বরের মধ্যে মৃত্যুর ঘটনাগুলো ঘটেছে। এর মধ্যে কেউ বাড়িতে, কেউ হাসপাতালে নেওয়ার পথে এবং বাকিরা হাসপাতালে মারা গেছেন।

এদিকে, এই ঘটনার প্রেক্ষিতে জেলা প্রশাসন জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা জারি করেছে এবং প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করেছে। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে দেওয়া এক নির্দেশনায় চান্দেলের বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থানীয়ভাবে তৈরি মদ বা সন্দেহজনক উৎস থেকে আসা যেকোনো অ্যালকোহলযুক্ত পানীয়—বিশেষ করে ক্ষতিগ্রস্ত এলাকায় পাওয়া সন্দেহজনক উৎস থেকে সংগৃহীত পানীয়—পান করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

অ্যালকোহল পানের পর যদি কারো বমি, পেটে ব্যথা, মাথাব্যথা, মাথা ঘোরা, দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়, তাহলে তাদের অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচান্দ সিং এই ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন এবং দায়ী ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চালানোর নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, দোষীদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে রাজধানী ইম্ফল থেকে চান্ডেল জেলায় প্রয়োজনীয় ওষুধসহ জেনারেল মেডিসিন বিশেষজ্ঞদের একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে বলেও এক বিবৃতিতে উল্লেখ করেছেন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পিরিয়ড না হলেও ওষুধ খান, জানেন কী ক্ষতি হতে পারে?

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৬ পি.এম


পিরিয়ড না হলেও ওষুধ খান, জানেন কী ক্ষতি হতে পারে?

নারীদের মধ্যে অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা একটি সাধারণ বিষয়। কিছু নারীর পিরিয়ড নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে হয়ে থাকে, আবার কিছু নারীর ক্ষেত্রে মাসে দুইবার ঋতুস্রাব ঘটে। কিছু ক্ষেত্রে পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তপাত ঘটে, আবার অন্যদিকে কিছু নারীর ক্ষেত্রে রক্তপাতের পরিমাণ খুবই কম হয়ে থাকে।

অনেকেই চিকিৎসকের পরামর্শে এই সমস্যা নিয়ন্ত্রণে হরমোনের ওষুধ গ্রহণ করেন। অন্যদিকে, কেউ কেউ পরিচিতদের পরামর্শে অথবা নিজেদের ইচ্ছায় ওষুধ খেতে শুরু করেন। তবে, জানেন কি, নিয়মিতভাবে দীর্ঘ সময় ধরে হরমোনের ওষুধ খেলে শরীরে একাধিক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে?

হরমোনের ওষুধ খেলে যে ক্ষতি

ওজন বেড়ে যাওয়া

হরমোনের ওষুধ গ্রহণের ফলে কিছু নারীর শরীরে পানি জমতে পারে, যা তাদের ওজন বৃদ্ধি মনে হতে পারে। কিছু ক্ষেত্রে খিদে বা বিপাকক্রিয়াতেও পরিবর্তন আসতে পারে।

মুড সুইং

হরমোনের পরিবর্তনের ফলে মনের উপরও প্রভাব পড়তে পারে। অল্পতেই রেগে যাওয়া, মন খারাপ, উদ্বেগ কিংবা মেজাজের আকস্মিক পরিবর্তন দেখা দিতে পারে।

বমি বমি ভাব

হরমোনের ওষুধ খাওয়ার পর অনেকের মধ্যে বমি বমি ভাব, মাথা ঘোরা বা অস্বস্তি অনুভূত হতে পারে। বিশেষ করে, ওষুধ শুরু করার প্রথম দিকে এই সমস্যা দেখা দেয়।

স্তনে ব্যথা

হরমোনের পরিবর্তনের কারণে স্তনে ভারী ভাব, ব্যথা বা স্পর্শকাতরতা অনুভূত হতে পারে।

মাথাব্যথা

কিছু নারীর ক্ষেত্রে হরমোনের ওষুধ খাওয়ার পর মাথাব্যথা হতে পারে। যদি আগে থেকেই মাইগ্রেনের সমস্যা থাকে, তবে চিকিৎসককে তা জানানো অত্যন্ত জরুরি।

অনিয়মিত রক্তপাত

ওষুধ খাওয়ার পরেও কখনও কখনও পিরিয়ডের মাঝখানে অল্প রক্তপাত বা স্পটিং হতে পারে। আবার ঋতুস্রাবের স্বাভাবিক সময় এবং রক্তপাতের পরিমাণেও পরিবর্তন আসতে পারে।

রক্ত জমাট বাঁধার ঝুঁকি

কিছু ধরনের ইস্ট্রোজেনযুক্ত হরমোনের ওষুধ রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়াতে পারে। পায়ে হঠাৎ ব্যথা, ফোলা, বুকে ব্যথা বা শ্বাসকষ্ট হলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।

যা করবেন

চিকিৎসকদের পরামর্শ ছাড়া অনিয়মিত পিরিয়ডের জন্য নিজে থেকে হরমোনের ওষুধ গ্রহণ করা উচিত নয়। কারণ পলিসিস্টিক ওভারি সিনড্রোম, থাইরয়েডের সমস্যা, অতিরিক্ত মানসিক চাপ, ওজনের পরিবর্তনসহ একাধিক কারণে ঋতুচক্র অনিয়মিত হতে পারে। তাই শুধু ওষুধ খেয়ে পিরিয়ড নিয়মিত করলেই সমস্যার মূল কারণ দূর হয় না।

যদি কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়, তবে নিজে থেকে ওষুধ বন্ধ না করে চিকিৎসকের সঙ্গে আলোচনা করা উচিত। প্রয়োজন অনুযায়ী চিকিৎসক ওষুধের মাত্রা পরিবর্তন করতে পারেন অথবা বিকল্প চিকিৎসার পরামর্শ দিতে পারেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিজভী: স্বাধীনতা-সার্বভৌমত্ব দুর্বলকারীদের বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একত্রিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৬ পি.এম


রিজভী: স্বাধীনতা-সার্বভৌমত্ব দুর্বলকারীদের বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একত্রিত

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করে যারা কাজ করছে, তাদের বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একত্রিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক র‍্যালির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ৭ নভেম্বর মতপ্রকাশের স্বাধীনতার দিন; সশস্ত্র বাহিনী ও জনগণের অবদান অপরিসীম। স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে আধুনিক সেনাবাহিনী গড়ে তোলার ক্ষেত্রে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদান রয়েছে। তিনি উল্লেখ করেন, বর্তমানে তারেক রহমানও সেই ধারাবাহিকতায় কাজ করে যাচ্ছেন।

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা ‘সর্বাধিক’ উল্লেখ করে রিজভী বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। তিনি একটি আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলেছিলেন, যা দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে।

র‍্যালির পথনির্দেশনা তুলে ধরে রিজভী জানান, নয়াপল্টন থেকে শুরু করে র‍্যালিটি বিজয়নগর হয়ে বাঁদিকে পল্টন মোড় পেরিয়ে জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হবে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপি যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, সদস্য সচিব এস এম জাহাঙ্গীর এমপি, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ.কে.এম ফজলুল হক মিলন, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সহসভাপতি জিয়াউর রহমান জিয়া, কামাল আনোয়ার আহমেদ, কার্যনির্বাহী কমিটির সদস্য এবিএম মহসিন বিশ্বাস, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন প্রমুখ।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বান্দরবানে ১৫ সরকারি অ্যাম্বুলেন্সের ৯টি অকেজো, সংকটে স্থানীয়রা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৭ পি.এম


বান্দরবানে ১৫ সরকারি অ্যাম্বুলেন্সের ৯টি অকেজো, সংকটে স্থানীয়রা

বান্দরবানে সরকারি ব্যবস্থাপনায় থাকা ১৫টি অ্যাম্বুলেন্সের মধ্যে ৯টি দীর্ঘ সময় ধরে অচল হয়ে রয়েছে। শহরের চারটি বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কোনো অ্যাম্বুলেন্স নেই।

এদিকে, পৌরসভা ও মা ও শিশুকল্যাণ কেন্দ্রের দুটি অ্যাম্বুলেন্সও অকেজো অবস্থায় পড়ে রয়েছে। ফলে জরুরি মুহূর্তে রোগী পরিবহনের জন্য জেলার কয়েক লাখ মানুষ সরকারি ছয়টি অ্যাম্বুলেন্সের ওপর নির্ভর করতে বাধ্য হচ্ছেন।

জেলার বাসিন্দাদের মতে, দুর্গম পাহাড়ি এলাকা থেকে মুমূর্ষু রোগীকে জেলা সদরে আনা কিংবা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানোর ক্ষেত্রে সরকারি অ্যাম্বুলেন্সই তাদের ভরসা। কিন্তু প্রয়োজনের সময় তা না পাওয়ার কারণে অনেককে বিকল্প যানবাহনের ওপর নির্ভর করতে হচ্ছে।

বিকল্প যানবাহনের ওপর এই নির্ভরতা ভোগান্তি বাড়াচ্ছে এবং হাসপাতালে পৌঁছানোর সময় দীর্ঘ হচ্ছে। বিশেষ করে হৃদরোগ, দুর্ঘটনা, প্রসূতি জটিলতা এবং অন্যান্য সংকটাপন্ন অবস্থায় সময়মতো চিকিৎসা না পাওয়ার ঝুঁকি সৃষ্টি হচ্ছে।

জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের তথ্য অনুযায়ী, বান্দরবান জেলা সাতটি উপজেলা, সাতটি থানা, দুটি পৌরসভা, ৩৩টি ইউনিয়ন, ৯৬টি মৌজা এবং এক হাজার ৪৮২টি গ্রাম নিয়ে গঠিত। ৩০০ নম্বর সংসদীয় এ আসনে ২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা অনুযায়ী চার লাখ ৮১ হাজার ১০৬ জন পাহাড়ি-বাঙালি এক লাখ ছয় হাজার ১৫৫টি পরিবারে বসবাস করেন।

তবে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী, বর্তমানে জেলার জনসংখ্যা সাড়ে ছয় লাখের বেশি। এই বিপুলসংখ্যক মানুষের জরুরি রোগী পরিবহনের জন্য সরকারি অ্যাম্বুলেন্সের সংখ্যা মাত্র ১৫টি, যার মধ্যে সচল রয়েছে মাত্র ছয়টি।

সংশ্লিষ্ট দপ্তরগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, বান্দরবান সদর হাসপাতাল, মা ও শিশুকল্যাণ কেন্দ্র, পৌরসভা এবং রুমা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রসহ জেলার সাত উপজেলায় সরকারি ব্যবস্থাপনায় মোট ১৫টি অ্যাম্বুলেন্স রয়েছে। এর মধ্যে ২০২৪ সাল থেকে ৯টি বিকল হয়ে রয়েছে। অথচ জেলার দুর্গম লামা, রুমা, থানচি, রোয়াংছড়ি ও আলীকদমের মতো পাহাড়ি জনপদ থেকে গুরুতর অসুস্থদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে নিয়ে আসতে হয়।

অনেক ক্ষেত্রে জেলা সদরেও প্রয়োজনীয় চিকিৎসা না থাকায় প্রায় সময় চট্টগ্রামে পাঠানোর প্রয়োজন পড়ে। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার এই পরিস্থিতিতে অ্যাম্বুলেন্সের অপ্রতুলতা রোগী ও স্বজনদের দুর্ভোগ বাড়িয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, পাহাড়ের প্রত্যন্ত এলাকায় যোগাযোগব্যবস্থা এমনিতেই নাজুক। কোথাও সরু পাহাড়ি সড়ক, কোথাও খাড়া ঢাল, কোথাও আবার দীর্ঘ পথ পাড়ি দিতে হয় ইঞ্জিনচালিত নৌকা কিংবা পায়ে হেঁটে। এর সঙ্গে অ্যাম্বুলেন্স সংকট যুক্ত হওয়ায় জরুরি চিকিৎসাসেবা পাওয়া আরো কঠিন হয়ে পড়েছে।

থানচি উপজেলার বাসিন্দা অংচাচিং মারমা জানান, দুর্গম পাহাড়ি এলাকা থেকে একজন গুরুতর অসুস্থ রোগীকে জেলা সদরের হাসপাতালে পৌঁছাতে চার থেকে পাঁচ ঘণ্টা সময় লাগে। এই দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স না পাওয়ায় রোগীর জীবন আরো ঝুঁকিতে পড়ে। তাই বাধ্য হয়ে অনেক পরিবার চাঁদের গাড়ি, জিপ কিংবা বাসের মতো বিকল্প যানবাহনে ঝুঁকি নিয়ে রোগী পরিবহন করেন। এতে একদিকে রোগীর শারীরিক কষ্ট বাড়ে, অন্যদিকে সময়মতো হাসপাতালে পৌঁছানোর নিয়েও অনিশ্চয়তা দেখা দেয়।

একই ধরনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন রোয়াংছড়ি উপজেলার বাসিন্দা ভোষণ জয় তঞ্চঙ্গ্যা। তিনি জানান, রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের মেরাই পাড়ায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ ছয়জন গুরুতর আহত হন। দুর্গম যোগাযোগ ব্যবস্থা এবং প্রয়োজনীয় যানবাহন ও অ্যাম্বুলেন্সের সংকটে আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। সময়মতো চিকিৎসা না পাওয়ায় শেষ পর্যন্ত প্রাণ হারান হেডম্যানপাড়ার বাসিন্দা চথোয়াইমং মারমার স্ত্রী হ্লায়ইনু মারমা।

বান্দরবান পৌর শহরের বাসিন্দা আবু তৈয়ব জানান, গত সপ্তাহে তার বাবা হৃদরোগে আক্রান্ত হন। জরুরি ভিত্তিতে তাকে চট্টগ্রামে নেওয়ার জন্য বিভিন্ন স্থানে যোগাযোগ করেও অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। পরে চট্টগ্রামের কেরানিহাট থেকে অ্যাম্বুলেন্স এনে বাবাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিতে হয়।

শুধু সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সই নয়, বিকল্প হিসেবে ব্যবহারের কথা থাকলেও পৌরসভা এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রের অ্যাম্বুলেন্সও দীর্ঘদিন ধরে অচল হয়ে রয়েছে।

বান্দরবান পৌর প্রশাসক এস এম মনজুরুল হক জানান, পৌরসভার অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন ধরে বিকল। বর্তমানে সেটি সংস্কার করা হচ্ছে। তবে রোগী পরিবহনের উপযোগী করতে আরো সময় লাগবে।

বান্দরবান মা ও শিশুকল্যাণ কেন্দ্রের অ্যাম্বুলেন্সটি ২০২৪ সাল থেকে বিকল বলে জানান চিকিৎসক কামরুল মনির রিবন। বিষয়টি জেলা পরিষদ ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের একাধিকবার জানানো হলেও এখন পর্যন্ত প্রয়োজনীয় বরাদ্দ না পাওয়ায় সেটি সংস্কার করা সম্ভব হয়নি বলে জানান এই চিকিৎসক।

জেলার অ্যাম্বুলেন্স সংকটের বিষয়টি স্বীকার করে সিভিল সার্জন মো. শাহীন হাসাইন চৌধুরী বলেন, জেলার সাত উপজেলায় সরকারি স্বাস্থ্যপ্রতিষ্ঠানে থাকা মোট ১৫টি অ্যাম্বুলেন্সের মধ্যে বর্তমানে মাত্র ছয়টি সচল। বাকি ৯টি অচল। এর মধ্যে কয়েকটি এতটাই নষ্ট যে সেগুলো আর মেরামত করাও সম্ভব নয়। বিষয়টি বিভিন্ন সময় জেলা পরিষদের সভা ও চিঠিপত্রের মাধ্যমে জানানো হয়েছে।

বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর অ্যাম্বুলেন্স না থাকার বিষয়টিও তুলে ধরেন সিভিল সার্জন। তিনি বলেন, নিয়ম অনুযায়ী জেলার প্রত্যেক বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে অ্যাম্বুলেন্স থাকার কথা, কিন্তু অধিকাংশ প্রতিষ্ঠানেই তা নেই। বেসরকারি পর্যায়ে অ্যাম্বুলেন্স থাকলে মুমূর্ষু রোগী পরিবহনে সরকারি ব্যবস্থার ওপর চাপ কমতো, রোগীও দ্রুত সেবা পেতেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%