০৬:২৬ পি.এম
রাজধানী ঢাকায় আটক হয়েছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের তিন পদধারী নেতা, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর বাসায় হামলার প্রস্তুতি নেওয়ার।
রবিবার (১৫ নভেম্বর) রাতে ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা তাঁদের আটক করেন। পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল অভিযোগ করেছেন যে আটক তিন নেতাকে মারধর করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আলামিন ইসলাম অন্তর এবং উপদপ্তর সম্পাদক ইরতেজা আহসান জুবায়ের। প্রান্ত সিদ্দিকী বোয়ালমারী পৌরসভার ছোলনা গোরস্থানসংলগ্ন আবু বক্কারের ছেলে। আলামিন ইসলাম অন্তর শেখর ইউনিয়নের সহস্রাইল গ্রামের বাসিন্দা। ইরতেজা আহসান জুবায়ের আধারকোঠা এলাকার প্রয়াত হান্নান মৃধার ছেলে।
আরও পড়ুন: ওয়ার্নারকে ২০২০ সালেই কথা দিয়েছিলেন খাজা
আটকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বিএনপির নেতাকর্মীরা ওই তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন। একপর্যায়ে আটক ব্যক্তিদের একজনকে বলতে শোনা যায় যে তাঁরা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর বাসায় হামলার উদ্দেশ্যে সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ভিডিওতে দাবি করা হয় যে তাঁরা নিজেদের পরিচয় গোপন রাখতে ঢাকা দক্ষিণ মহানগর যুবদল নেতা নয়নের পরিচয় ব্যবহার করার চেষ্টা করেন।
জিজ্ঞাসাবাদের মুখে তাঁরা নিজেদের প্রকৃত পরিচয় প্রকাশ করেন বলে ভিডিওতে দেখা যায়। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোর্তুজা আলী তমাল অভিযোগ করেছেন যে আটক তিন নেতাকে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলে তিনি বলেন, "দিন তো আর এভাবে যাবে না। তাঁরা মবের শিকার হয়েছেন। বাড়িতে ঘুমাতে পারেন না, তাই হয়তো ঢাকায় গিয়েছিলেন। তাঁরা যদি কোনো অন্যায় করেন, তাহলে আইন আছে, প্রশাসন আছে। মব করে যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা প্রান্তসহ তিনজনকে পুলিশে দিয়েছেন। জানতে পেরেছি, তাঁদের অনেক মারধর করা হয়েছে।"
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রান্ত সিদ্দিকী ঢাকার জিগাতলায় স্বপ্ন শোরুমের পাশে একটি বাসায় এবং জুবায়ের ফার্মগেটের পূর্ব রাজাবাজার এলাকায় বসবাস করেন। আলামিন ইসলাম অন্তরও ঢাকায় অবস্থান করছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তাঁরা আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।
আরও পড়ুন: কেন জেনসেন হুয়াংকে এনভিডিয়ার ফেরাতে একজোট মাস্কসহ সিলিকন ভ্যালির নেতারা?
সোমবার বিকেলে ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম জানিয়েছেন, বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের তিন নেতাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তাঁরা গোপনে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন। তাঁদের বিরুদ্ধে পুরোনো রাজনৈতিক মামলায় আদালতে পাঠানো হয়েছে। বোয়ালমারী থানায় তাঁদের নামে মামলা রয়েছে বলেও জানা গেছে।
তবে রিজভীর বাসায় হামলার প্রস্তুতির অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওসি জানান, "এ বিষয়ে আমরা এখনো নিশ্চিত নয়, তবে তারা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মী। ঢাকায় এসে গোপন বৈঠকের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন