প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
পোশাকশিল্পের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি নির্ধারণের লক্ষ্যে স্থগিত হওয়া বোর্ড সভার নতুন তারিখ দ্রুত ঘোষণা করার জন্য পোশাকশিল্প মালিকরা আহ্বান জানিয়েছেন। তারা একই সঙ্গে মজুরি নির্ধারণের প্রক্রিয়াকে দ্রুত সমাপ্ত করারও দাবি জানিয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) দুই শীর্ষ সংগঠন এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই আহ্বান জানায়।
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেমের স্বাক্ষরিত ওই যৌথ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আজ সোমবার নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা হওয়ার কথা ছিল।
এ সভায় মালিকপক্ষের পক্ষ থেকে মজুরি প্রস্তাব জমা দেওয়ার জন্য দিন নির্ধারিত ছিল। সেই অনুযায়ী মালিকপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করেছিল। কিন্তু শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সভাটি স্থগিত করা হয়েছে বলে তারা গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছেন।
এতে আরও বলা হয়, আগামী ১ ডিসেম্বর থেকে নতুন নিম্নতম মজুরি কার্যকর হওয়ার নির্ধারিত সময় রয়েছে। তাই নির্ধারিত সময়ের মধ্যে মজুরি ঘোষণা করা অত্যন্ত জরুরি। এতে নতুন মজুরি বাস্তবায়নের জন্য কারখানার মালিকদের পর্যাপ্ত সময় পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে শ্রমিক প্রতিনিধি আনোয়ার হোসাইনের দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে। একই সঙ্গে মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ অবিলম্বে ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানানো হয়েছে বিজিএমইএ ও বিকেএমইএর দুই সভাপতি থেকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন