ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মনোহরগঞ্জে টানা বৃষ্টিতে বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত, কৃষকদের দুশ্চিন্তা


মনোহরগঞ্জে টানা বৃষ্টিতে বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত, কৃষকদের দুশ্চিন্তা

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় অসময়ের টানা ৩ দিনের বৃষ্টির কারণে বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নিচু জমিতে পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় স্থানীয় কৃষকরা বীজতলার চারা নষ্ট হওয়ার শঙ্কায় দিন কাটাচ্ছেন। যদি সময়মতো পানি নিষ্কাশন না করা যায়, তাহলে বোরো আবাদ পিছিয়ে যাওয়ার পাশাপাশি উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

শনিবার (২১ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বোরো মৌসুমকে সামনে রেখে বেশ কিছু এলাকায় বীজতলা তৈরি করা হয়েছিল। কিন্তু অসময়ের এই টানা বর্ষণ ও জলাবদ্ধতার কারণে বীজতলা তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। অনেক স্থানে বীজতলায় পানি জমে থাকায় চারা হলুদ হয়ে যাওয়া বা পচে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার গোলাম সরোয়ার তুষার জানান, মনোহরগঞ্জ উপজেলায় গত বছর ১০ হাজার ২০ সেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ হয়েছিল। চলতি বছরেও কৃষকরা সমপরিমানের বেশি ধান চাষের প্রস্তুতি নিচ্ছে। তবে টানা বৃষ্টিতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তিনি বলেন, উপজেলার যেসব বীজতলায় পানি জমেছে, সেগুলোর আইল কেটে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা জরুরি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত বীজতলার চারা রক্ষায় প্রয়োজনীয় পরিচর্যা ও বিকল্প বীজতলা তৈরির প্রস্তুতি নেওয়ার ওপর জোর দিচ্ছেন কৃষি সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: চৌদ্দগ্রামে আকভানের প্রভাবে ১৮ হাজার হেক্টর আমন ধান ক্ষতিগ্রস্ত

তিনি আরও বলেন, গত ৩ দিনের টানা বৃষ্টিতে মনোহরগঞ্জ উপজেলায় সবজি ৬ হে:, সরিষা ১০ হে. ও বোরো বীজতলা ০.৫ হে: ক্ষতিগ্রস্ত হওয়ার রিপোর্ট আমরা জেলাকে অবগত করেছি। বৃষ্টি বন্ধ না হলে ক্ষতির পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পাবে। ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে উপজেলা কৃষি অফিস থেকে সাধ্য অনুযায়ী সহযোগিতার কথাও জানান।

স্থানীয় চাষিরা জানান, বীজ ও সারসহ চাষাবাদের অন্যান্য উপকরণের খরচের পর বীজতলা ক্ষতিগ্রস্ত হলে তাদের বড় ধরনের লোকসানের মুখে পড়তে হবে। দ্রুত পানি নিষ্কাশন ও কৃষি বিভাগের মাঠপর্যায়ের সহায়তা পেলে ক্ষয়ক্ষতি কিছুটা হলেও কমিয়ে আনা সম্ভব বলে মনে করছেন তারা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, জানালেন চতুর্থ স্টেজে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪০ পি.এম


মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, জানালেন চতুর্থ স্টেজে

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা এ কে এম শামীম ওসমান মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তিনি নিজেই জানিয়েছেন যে, তার ক্যানসার বর্তমানে চতুর্থ স্টেজে পৌঁছেছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি অনলাইন টকশোতে অংশগ্রহণ করে তিনি নিজের শারীরিক অসুস্থতার বিষয়টি তুলে ধরেন। বর্তমানে এই নেতা বিদেশে পলাতক অবস্থায় রয়েছেন।

বিস্তারিত আসছে...

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হঠাৎ কেন শক্তি হারাল ঘূর্ণিঝড় আকভান?

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪১ পি.এম


হঠাৎ কেন শক্তি হারাল ঘূর্ণিঝড় আকভান?

বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় আকভান নিম্নচাপের অবস্থান থেকে আরও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে। আজ শনিবারও দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও ঝড়ের সরাসরি আঘাতে প্রাণহানি বা বসতি ও প্রকৃতির মারাত্মক ক্ষতি হয়নি, তবুও এর ভিন্নধর্মী আচরণ নতুন আলোচনা সৃষ্টি করেছে।

গত ২৮ অক্টোবর ঘূর্ণিঝড় অর্ণব অন্ধ্র উপকূল অতিক্রম করে। এরপর ৩ নভেম্বর দক্ষিণ অন্ধ্র উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড় মুরাসু। শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টার মধ্যে আকভান অন্ধ্র ও উড়িষ্যা উপকূল অতিক্রম করে গভীর নিম্নচাপে পরিণত হয়।

সাগরে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার পর আকভান ভিন্ন আচরণ প্রদর্শন করে। অর্ণব বা মুরাসুর তুলনায় এটি উপকূলের দিকে অনেক ধীরগতিতে এগোতে থাকে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, আকভানের গতিবেগ ছিল ঘণ্টায় ৩ কিলোমিটার।

ভারতের আবহাওয়া অধিদপ্তরও একই মত প্রকাশ করেছে। অন্যদিকে, সাগরে দীর্ঘ সময় অবস্থানের কারণে আকভান শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়। তবে উপকূল অতিক্রম শুরু করার আগেই এটি দুর্বল হয়ে সাধারণ ঘূর্ণিঝড়ের পর্যায়ে ফিরে আসে।

এ বিষয়ে একদল গবেষক বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা প্রদান করেছেন। জার্নাল অব হাইড্রোমিটিওরোলজিতে প্রকাশিত ২০২১ সালের একটি গবেষণায় দেখা গেছে, ঘূর্ণিঝড়ের অগ্রগতির গতির সঙ্গে বন্যার সম্পর্ক রয়েছে।

২০১০ থেকে ২০১৯ সালের মধ্যে স্থলভাগে আঘাত হানা ২৮০টি ক্রান্তীয় ঘূর্ণিঝড় পর্যবেক্ষণ করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, যেসব ঝড় ধীরগতিতে চলে, সেগুলো বেশি বৃষ্টিপাত ঘটায়। এর ফলে বন্যার ঝুঁকি বৃদ্ধি পায়। গবেষকরা ব্যাখ্যা করেছেন, যখন কোনো ঘূর্ণিঝড় একটি অঞ্চল থেকে সরে যেতে বেশি সময় নেয়, তখন বৃষ্টির পরিমাণও বেশি হয়।

তবে ঝড়ের আকার, তীব্রতা এবং মাটির বিদ্যমান আর্দ্রতা ইত্যাদি বিষয়গুলোও এ ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে। এক বছর পর নেচার কমিউনিকেশনসে প্রকাশিত আরেকটি গবেষণায় বিপরীত চিত্র উঠে এসেছে। ২০০১ থেকে ২০২০ সাল পর্যন্ত স্যাটেলাইটে বৃষ্টিপাতের তথ্য বিশ্লেষণ করে গবেষকরা সিদ্ধান্তে পৌঁছেছেন যে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের ভেতরের গড় বৃষ্টিপাতের হার আসলে এগুলোর অগ্রগতির গতির সঙ্গে বাড়ে।

দ্রুতগতির ঘূর্ণিঝড়গুলোর বৃষ্টিপাতের হার ধীরগতির ঘূর্ণিঝড়গুলোর তুলনায় প্রায় ২৪ শতাংশ বেশি ছিল। তবে এর মানে এই নয় যে দ্রুতগতির ঘূর্ণিঝড়গুলো সামগ্রিকভাবে বেশি বৃষ্টি ঝরায়।

ভারতের আবহাওয়া অধিদপ্তর শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় উড়িষ্যায় অত্যন্ত ভারী বৃষ্টিপাত (২১ সেন্টিমিটারের বেশি), উপকূলীয় অন্ধ্রপ্রদেশে অতি ভারী বৃষ্টিপাত (১২-২০ সেন্টিমিটার) এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় ভারী বৃষ্টিপাত (৭-১১ সেন্টিমিটার) রেকর্ড করেছে।

একটি সমতল, শোষণহীন স্থানে বৃষ্টি পড়লে এবং মাটি শুষে না নিলে জমে থাকা বৃষ্টির পানির স্তর ২১ সেন্টিমিটার বা প্রায় ৮ দশমিক ২৭ ইঞ্চি উঁচু হবে। আমাদের পরিচিত লম্বা স্কেলগুলো সাধারণত ৩০ সেন্টিমিটার (১২ ইঞ্চি) হয়। ২১ সেন্টিমিটার বৃষ্টি মানে হলো, ওই ৩০ সেন্টিমিটার স্কেলের প্রায় তিন-চতুর্থাংশ অংশজুড়ে পানির উচ্চতা।

জেলা কর্মকর্তারা জানিয়েছেন, শ্রীকাকুলাম জেলার বিভিন্ন মণ্ডলজুড়ে মোট ৯০৮ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বাংলাদেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কুমিল্লায়, ১০৮ মিলিমিটার।

জাতিসংঘের সংস্থা বিশ্ব আবহাওয়া সংস্থার মতে, আগস্ট মাস থেকে এল নিনোর উষ্ণায়ন প্রভাব তীব্র হয়েছে এবং এটি ডিসেম্বরের মধ্যে সবচেয়ে শক্তিশালী পর্যায়ে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। ১৯৭৬ ও ১৯৮৭ সালেও এল নিনোর প্রভাব দেখা গিয়েছিল। সে সময় অন্ধ্রপ্রদেশে এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল। দুটি বছরই ছিল এল নিনো বছর।

সাধারণত কোনো ঝড় যত বেশি সময় সাগরে থাকে, তার শক্তি তত বেশি বাড়তে থাকে। আকভানের ক্ষেত্রেও তেমনটি দেখা গেছে। এটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছিল। তবে উপকূল অতিক্রম শুরু করার আগেই শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ের পর্যায়ে পৌঁছায়। সাগরের উষ্ণ পানি ঝড়ের শক্তি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে।

আকভানের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় দুটি বিষয়।

সবচেয়ে বড় বাধাগুলোর একটি হলো উল্লম্ব বায়ু ‘শিয়ারের’ উপস্থিতি, অর্থাৎ উচ্চতার সঙ্গে বায়ুর গতি ও দিকের পরিবর্তন। প্রবল এই বাতাস ঘূর্ণিঝড়ের কাঠামোকে বাঁকিয়ে দিতে পারে এবং ওপরের বায়ু সঞ্চালনকে নিম্নস্তরের কেন্দ্র থেকে আলাদা করতে পারে। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অনুকূল থাকলেও এটি একটি ঘূর্ণিঝড়কে আরও শক্তিশালী হওয়ার থেকে আটকে দিতে পারে।

দ্বিতীয় বাধা হয়ে দাঁড়ায় তাপমাত্রা। অন্ধ্রপ্রদেশ-উড়িষ্যা উপকূলের কাছে পানি তুলনামূলকভাবে শীতল; তাপমাত্রা প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াস। গভীর বঙ্গোপসাগরে—যেখানে আকভান সৃষ্টি হয়ে শক্তি অর্জন করে—সেখানে তাপমাত্রা ২৯ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস। এই পার্থক্যটি সামান্য মনে হতে পারে, কিন্তু একটি ঘূর্ণিঝড় স্থলভাগে আঘাত হানার আগে এটিকে দুর্বল করে দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে পারে।

আরও ঘূর্ণিঝড়ের আশঙ্কা আছে?

ইউএস ক্লাইমেট প্রেডিকশন সেন্টারের মতে, ৮ ডিসেম্বর পর্যন্ত বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির কোনো স্পষ্ট এলাকা দেখা যাচ্ছে না।

তবে ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম-রেঞ্জ ওয়েদার ফোরকাস্টস বলছে, ৭ ডিসেম্বরের পর দক্ষিণ আন্দামান সাগরের ওপর একটি সম্ভাব্য লঘুচাপ বা অশান্ত অঞ্চলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাদের পূর্বাভাস অনুযায়ী, ১৪ ডিসেম্বর পর্যন্ত ওই এলাকা সক্রিয় থাকতে পারে।

আপাতত আকভান হুমকি হলেও এই মৌসুমে উপকূলের পরীক্ষা এখনো শেষ হয়নি। আকভানের ধাক্কা পুরোপুরি কাটিয়ে ওঠার আগেই পরবর্তী পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রিল্যান্সিংয়ে দক্ষ জনবল গড়ে তুললে বদলে যাবে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতি: মীর হেলাল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪১ পি.এম


ফ্রিল্যান্সিংয়ে দক্ষ জনবল গড়ে তুললে বদলে যাবে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতি: মীর হেলাল

রাঙ্গামাটি, ২১ নভেম্বর, ২০২৬ : ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি, বলেছেন, ফ্রিল্যান্সিং খাতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারলে পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক চিত্রে ব্যাপক পরিবর্তন আনা সম্ভব।

তিনি উল্লেখ করেন, কর্মহীনতা দূর করার জন্য পাহাড়ের মানুষের জীবনে স্বস্তি, শান্তি ও সচ্ছলতা ফিরিয়ে আনতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজন রয়েছে।

গতকাল রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভুক্ত কর্মসূচির আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সম্পন্নকারী তরুণ-তরুণীদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ অনুষ্ঠানটির আয়োজন করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু থেকেই তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করে গড়ে তুলতে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করছেন। এর ধারাবাহিকতায় ফ্রিল্যান্সিং খাতে সরকার নানামুখী প্রণোদনা প্রদান করছে। ইতোমধ্যেই ফ্রিল্যান্সারদের সুবিধার্থে একাধিক ই-পেমেন্ট গেটওয়ে উন্মুক্ত করা হয়েছে এবং কর ও ভ্যাট কমিয়ে লেনদেন প্রক্রিয়া সহজ করা হয়েছে।

মীর হেলাল উল্লেখ করেছেন, বড় বিনিয়োগের মাধ্যমে রাতারাতি ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা একটি চ্যালেঞ্জিং কাজ। তবে, ফ্রিল্যান্সিং খাতে দক্ষ জনবল তৈরি করতে পারলে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতিতে দ্রুত ইতিবাচক পরিবর্তন আসবে।

এ সময় তিনি আরও বলেন, একটি প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ১০০ জন বেকার তরুণ-তরুণী দক্ষ হয়ে উঠলে তাদের ৯৫ শতাংশেরও বেশি আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক অর্থনীতির সঙ্গে যুক্ত হতে পারবেন। পরবর্তীতে তারা নিজেদের উদ্যোগে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবেন। এর ফলে বিদ্যমান অর্থনীতির পাশাপাশি নতুন একটি শক্তিশালী অর্থনৈতিক বলয় গড়ে উঠবে।

বৈশ্বিক বাজারের সম্ভাবনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ইউরোপ, আমেরিকা ও সিঙ্গাপুরসহ উন্নত দেশগুলোর কল সেন্টারের বড় একটি অংশ পার্শ্ববর্তী দেশগুলোতে পরিচালিত হচ্ছে। এসব দেশ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরি করতে সক্ষম হয়েছে বলেই এ সুযোগ কাজে লাগাতে পারছে।

তিনি বলেন, বাংলাদেশের তরুণ-তরুণীরাও অত্যন্ত মেধাবী ও স্মার্ট। যথাযথ প্রশিক্ষণ পেলে তারা নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে দেশের জন্য বিশাল অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টি করতে পারবেন।

স্থানীয় অর্থনীতিতে অর্থের প্রবাহের গুরুত্ব ব্যাখ্যা করে মীর হেলাল বলেন, একজন ব্যক্তি যদি স্থানীয় বাজারে পাঁচ হাজার টাকা ব্যয় করেন, তবে তা একপর্যায়ে বিনিয়োগের মতো কাজ করে। এই অর্থের একটি অংশ সবজি বিক্রেতা, মুরগি সরবরাহকারী কিংবা কাপড় ব্যবসায়ীর কাছে পৌঁছায়। স্থানীয় পর্যায়ে এ ধরনের অর্থনৈতিক চক্র যত বেশি গড়ে উঠবে, দেশের উন্নয়ন তত দ্রুত ত্বরান্বিত হবে।

তিনি আরও বলেন, এককভাবে প্রধানমন্ত্রী কিংবা কোনো একটি মন্ত্রণালয়ের পক্ষে সব কাজ করা সম্ভব নয়। তাই নিজ নিজ অবস্থান থেকে অবদান রেখে মানুষকে স্বনির্ভর করে গড়ে তোলার উদ্যোগ এগিয়ে নিতে হবে।

এ সময় তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ফ্রিল্যান্সিং, ই-লার্নিং ও অন্যান্য উন্নয়ন প্রকল্পের প্রশংসা করেন।

অনুষ্ঠানে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথি। সনদ পেয়ে প্রশিক্ষণার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার রিজাউল করিম, জেলা পরিষদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, পরিষদের নির্বাহী প্রকৌশলী এরশাদুল হক মণ্ডলসহ পরিষদের অন্যান্য সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘কিলার রোবট’ নিয়ে জাতিসংঘের আলোচনা নির্ধারিত সময়ের পরও অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৪২ পি.এম


‘কিলার রোবট’ নিয়ে জাতিসংঘের আলোচনা নির্ধারিত সময়ের পরও অব্যাহত

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহারের উপর আন্তর্জাতিক বিধিমালা প্রণয়নের আলোচনা নিয়ে জাতিসংঘের সম্মেলনে মতবিরোধ সৃষ্টি হয়েছে। বিশেষ করে রাশিয়ার আপত্তির কারণে পাঁচ দিনের আলোচনা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হয়নি। ফলে শনিবারও আলোচনা অব্যাহত থাকে।

এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, শুক্রবার আলোচনা শেষ হওয়ার কথা থাকলেও মতপার্থক্য নিরসনে ঐকমত্যে পৌঁছাতে না পারায় জাতিসংঘের প্রচলিত অস্ত্রবিষয়ক কনভেনশনের (সিসিডব্লিউ) পর্যালোচনা সম্মেলনের আলোচনা শনিবার পর্যন্ত চলে যায়।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাবে যুদ্ধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই পরিস্থিতিতে, মানুষের জীবন-মৃত্যুর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সম্পূর্ণ স্বয়ংক্রিয় যন্ত্রের হাতে ছেড়ে দেওয়া নিয়ে বিশেষজ্ঞ ও মানবাধিকারকর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করছেন।

প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে আলোচনা শুরু হবে কি না এবং তা পরিচালনার জন্য কী ধরনের শর্ত থাকবে—এ বিষয়ে সিদ্ধান্ত নিতে সিসিডব্লিউর ১২৮টি সদস্যদেশের প্রতিনিধিরা সপ্তাহজুড়ে জেনেভায় জাতিসংঘের সদর দপ্তরে বৈঠক করেন।

তবে বিষয়টি নিয়ে দেশগুলোর মধ্যে মতপার্থক্য থাকায় আলোচনা কঠিন হয়ে পড়ে। কারণ, যেকোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য সব সদস্যদেশের ঐকমত্য প্রয়োজন।

অধিকাংশ দেশ আইনগতভাবে বাধ্যতামূলক একটি আন্তর্জাতিক চুক্তির পক্ষে থাকলেও যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মতো প্রযুক্তির অধিকারী দেশগুলো নিজেদের সামরিক সক্ষমতার ওপর বিধিনিষেধ আরোপে অনাগ্রহী।

জাতিসংঘ শনিবার সকালে একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, ‘প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্রব্যবস্থা (এলএডব্লিউএস) নিয়ে ভবিষ্যতে গঠিতব্য সরকারি বিশেষজ্ঞ দলের কার্যপরিধি ও কার্যপদ্ধতি নির্ধারণে সংশ্লিষ্ট সদস্যদেশগুলোর সঙ্গে রুদ্ধদ্বার আলোচনা অব্যাহত রয়েছে।’

আলোচনা দীর্ঘায়িত হওয়ায় জাতিসংঘের প্যালেস দে নাসিওঁ ভবনের মূল সম্মেলনকক্ষ থেকে প্রতিনিধিদের সরিয়ে নেওয়া হয়। পরে প্রতিনিধিরা ভবনটির ওপরের তলার একটি ছোট কক্ষে গিয়ে রুদ্ধদ্বার বৈঠক চালিয়ে যান।

ব্রাজিলের রাষ্ট্রদূত ফ্রেদেরিকো মেয়ার আলোচনার পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ‘কিছু দেশের হাতে ক্ষমতা রয়েছে, আবার কিছু দেশের হাতে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে।’

আলোচনার কেন্দ্রে রাশিয়া

প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্রব্যবস্থা বা লজ সাধারণত এমন অস্ত্র, যা একবার সক্রিয় হলে মানুষের সরাসরি হস্তক্ষেপ ছাড়াই নিজে থেকে লক্ষ্যবস্তু নির্বাচন ও আক্রমণ করতে সক্ষম।

বিশ্বব্যাপী ৩০০টির বেশি সংগঠনের জোট ‘স্টপ কিলার রোবটস’-এর তথ্য অনুযায়ী, ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন সংঘাতে এ ধরনের অস্ত্র ইতোমধ্যেই পরীক্ষা করা হয়েছে কিংবা ব্যবহার করা হয়েছে।

সোমবার সম্মেলন শুরুর পরপরই পর্যবেক্ষক হিসেবে ইউরোপীয় ইউনিয়ন ও নাগরিক সমাজের সংগঠনগুলোকে আলোচনায় অংশ নিতে দেওয়ার বিষয়ে রাশিয়া আপত্তি জানায়।

তবে সপ্তাহজুড়ে আলোচনার ফলে বিভিন্ন পক্ষের মধ্যে কিছুটা অগ্রগতি হয়েছে বলে এএফপিকে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক। তিনি বলেন, ‘কোনো একটি বিষয়ে আলোচনা শুরু করার প্রয়োজনীয়তা নিয়ে আমরা ঐকমত্যের খুব কাছাকাছি পৌঁছেছি।’

তবে ব্রাজিলের রাষ্ট্রদূত মেয়ার বলেন, ‘কেউই পুরোপুরি নির্দোষ নয়।’ তার বক্তব্য, রাশিয়ার পাশাপাশি আরও কিছু দেশও এই অবস্থানের পেছনে রয়েছে।

- ওপেনহাইমার মুহূর্তের’ মুখে বিশ্ব -

এএফপির হাতে আসা একটি খসড়া চুক্তিতে প্রাণঘাতী স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে একটি ‘কাঠামোগত প্রটোকল’ প্রণয়নের লক্ষ্যে আলোচনা শুরুর প্রস্তাব দেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য হবে, এসব অস্ত্রের ক্ষেত্রে প্রযোজ্য আন্তর্জাতিক মানবিক আইনকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা এবং বিদ্যমান আইন কীভাবে কার্যকর করা যায়, তা খতিয়ে দেখা।

খসড়া নথিতে বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে এ বিষয়ে আরও বিধিবিধান ও অন্যান্য পদক্ষেপ ধাপে ধাপে তৈরি করা যেতে পারে।

তবে লেক্স ইন্টারন্যাশনাল নামের একটি দাতব্য তহবিলের প্রতিনিধি ম্যাগনুস লোভল্ড বলেন, বিশ্ব এখন একটি ‘ওপেনহাইমার মুহূর্তের’ বা প্রযুক্তির অসীম ক্ষমতার দিকে এগিয়ে যাচ্ছে। এটি পারমাণবিক বোমার অন্যতম প্রধান নির্মাতা পদার্থবিজ্ঞানী রবার্ট ওপেনহাইমারের নাম থেকে নেওয়া একটি রূপক। পারমাণবিক অস্ত্রের আবির্ভাবের মাধ্যমে মানবসভ্যতা যেমন এক নতুন ও বিপজ্জনক যুগে প্রবেশ করেছিল, স্বয়ংক্রিয় প্রাণঘাতী অস্ত্রের ক্ষেত্রেও তেমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।

লোভল্ড বলেন, ‘আমরা এখন এমন এক সংকটময় পর্যায়ে পৌঁছেছি, যেখানে ভবিষ্যতে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন করা আরও কঠিন হয়ে উঠতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%