০৭:৪৩ পি.এম
নাটোরের সিংড়া উপজেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কৃষকরা আমন ধান নিয়ে বিপদে পড়েছেন। দুই দিনের হঠাৎ বৃষ্টিতে কেটে রাখা আমন ধান জমিতে পানি জমে তলিয়ে গেছে। এর ফলে পাকা ধান কাটা শুরু করতে পারছেন না কেউ, এবং স্থানীয় কৃষকরা চরম দুর্ভোগে পড়েছেন। বৃষ্টির পানিতে পাকা ধান ডুবে যাওয়ায় তারা ফসলের ক্ষতির আশঙ্কা করছেন।
সরেজমিনে দেখা যায়, উপজেলার শুকাশ, ডাহিয়া ও ইটালি ইউনিয়নের বিভিন্ন মাঠে কেটে রাখা আমন ধান বৃষ্টির পানিতে তলিয়ে রয়েছে। কোথাও ধানের গোছা পানির নিচে, আবার কোথাও কাটা ধান জমিতে পড়ে আছে। এর ফলে ধান ঘরে তোলার বিষয়টি নিয়ে কৃষকদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে।
উপজেলার শ্রীকোল গ্রামের কৃষক মো. আব্দুল হক জানান, "জমিতে ধান পেকে গিয়েছিল। আবহাওয়ার খবরে বৃষ্টির আশঙ্কা থাকায় দ্রুত ধান ঘরে তোলার জন্য শ্রমিকদের বেশি টাকা দিয়ে ধান কাটাচ্ছিলাম। আমার মোট ১০ বিঘা জমির মধ্যে ৪ বিঘা জমির ধান ঘরে তুলতে পেরেছি। কিন্তু বাকি ৬ বিঘা জমির ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। হঠাৎ বৃষ্টি হওয়ায় আর ধান ঘরে তুলতে পারিনি।"
আরও পড়ুন: চৌদ্দগ্রামে আকভানের প্রভাবে ১৮ হাজার হেক্টর আমন ধান ক্ষতিগ্রস্ত
ডাহিয়া ইউনিয়নের আশরাফুল ও নুরুল ইসলাম বলেন, "ধান পেকে গেছে কিন্তু এই দুর্যোগের কারণে ধানকাটা শুরু করতে পারছি না। আবহাওয়া দ্রুত ভালো না হলে জমির ধান ক্ষতিগ্রস্ত হবে।"
স্থানীয় কৃষকরা আশঙ্কা করছেন যে, আবহাওয়া দ্রুত উন্নতি না হলে এবং সময়মতো ধান কাটতে না পারলে ফসলের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি তারা আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন।
সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল হাসান জানান, "উপজেলায় প্রায় ২৩ হাজার ৬১০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। তার মধ্যে ৪ হাজার ২৫০ হেক্টর জমির ধান কর্তন হয়েছে। হঠাৎ আবহাওয়া খারাপ হওয়াতে কয়েকটি ইউনিয়নের কিছু জমিতে পানি জমে যাওয়ায় কৃষকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে দু'এক দিনের মধ্যে আবহাওয়া ঠিক হয়ে যাবে। এতে কৃষকদের তেমন ক্ষতি হবে না।"
আরও পড়ুন: পাইকগাছার বাগানে ভাগ্যবদল কৃষি উদ্যোক্তা বেলালের
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন