ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পাইকগাছার বাগানে ভাগ্যবদল কৃষি উদ্যোক্তা বেলালের


পাইকগাছার বাগানে ভাগ্যবদল কৃষি উদ্যোক্তা বেলালের

খুলনার পাইকগাছায় বেলালের ফলের বাগান তার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। মাত্র দুই হাজার ৭'শ টাকা নিয়ে নার্সারি শুরু করে এবং পরবর্তীতে মিশ্র ফলের বাগান গড়ে তোলে স্নাতক পাস বেলাল। বর্তমানে তিনি প্রতিবছর কয়েক লক্ষ টাকা মূল্যের ফল ও গাছের চারা বিক্রি করছেন, সফল উদ্যোক্তা হিসেবে পরিচিত বেলাল। ছোট উদ্যোগকে ভিত্তি করে ১২ বিঘা জমিতে গড়ে তুলেছেন মিশ্র ফলের বাগান ও নার্সারি। এর মধ্যে পাঁচ বিঘা জমিতে রয়েছে চায়না ম্যান্ডারিন জাতের মালটা। চলতি মৌসুমে বাগানের ৫'শটি গাছ থেকে প্রায় ১৫ মেট্রিক টন মালটা উৎপাদনের প্রত্যাশা করছেন বেলাল। উৎপাদিত মালটা প্রায় ৪০ লক্ষ টাকায় বিক্রি হবে বলে তার আশা।

উপজেলার কপিলমুনি ইউনিয়নের কপোতাক্ষ নদের তীরবর্তী মালথ গ্রামে প্রবেশ করলেই বেলালের বাগানে সারি সারি মালটা গাছ চোখে পড়ে। সবুজ পাতার ফাঁকে ডালে ঝুলছে থোকায় থোকায় ফল। ফলের আকৃতি ও রঙ দর্শনার্থীদের সহজেই আকৃষ্ট করে। উপকূলীয় লবনাক্ত পরিবেশে গড়ে ওঠা বেলালের ফলের বাগান দেখতে আসেন বিভিন্ন এলাকার কৃষক, তরুণ উদ্যোক্তা ও দর্শনার্থীরা।

বেলাল হোসেনের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় চার বছর আগে পাঁচ বিঘা জমি লিজ নিয়ে মালটা চাষ শুরু করেন। এতে তার ব্যয় হয়েছে ১ লাখ ২৫ হাজার টাকা। চারা ও শ্রমিক খাতে তিনি ব্যয় করেছেন ৫ লাখ ২৫ হাজার টাকা। চলতি মৌসুমে পাঁচ বিঘার বাগান থেকে প্রায় ১৫ মেট্রিক টন মালটা উৎপাদনের প্রত্যাশা করছেন। বাগান থেকেই প্রতি কেজি ফল ২৫০ টাকা দরে বিক্রি করছেন। মৌসুম শেষে উৎপাদিত মাল্টা প্রায় ৪০ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে তিনি আশা করছেন।

আরও পড়ুন: চৌদ্দগ্রামে আকভানের প্রভাবে ১৮ হাজার হেক্টর আমন ধান ক্ষতিগ্রস্ত

মালটা চাষের অভিজ্ঞতা তুলে ধরে বেলাল হোসেন বলেন, "রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে গোবর সার বেশি প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়।" তবে বেলালের কৃষি উদ্যোগের শুরুটা মালটা চাষ দিয়ে নয়। প্রায় ২৬ বছর আগে নানার বাড়ি উপজেলার সিলেমানপুর থেকে পড়াশোনার সময় নানির দেওয়া ২ হাজার ৭'শ টাকা দিয়ে নার্সারি ব্যবসা শুরু করেন তিনি। এরপর ধীরে ধীরে ব্যবসার পরিধি বাড়িয়েছেন। বর্তমানে প্রায় ১২ বিঘা জমিতে রয়েছে বিভিন্ন ফলের বাগান ও নার্সারি। এর মধ্যে ৫ বিঘা জমিতে মালটা এবং ৪ বিঘায় ড্রাগন ফল চাষ করছেন। বাকি তিন বিঘায় বিভিন্ন প্রজাতির ফলের গাছ ও চারা রয়েছে। মালটা বাগানের মধ্যেও অন্যান্য জাতের ফলের চারা পরিচর্যা করছেন তিনি।

ফল উৎপাদনের পাশাপাশি চারা উৎপাদন ও বিক্রিও তার ব্যবসার গুরুত্বপূর্ণ অংশ। ভালো ফলন পাওয়া গাছ থেকে কলম চারা তৈরি করে বাজারজাত করা হয়। নার্সারি থেকে বছরে প্রায় ১২ লাখ টাকার চারা বিক্রি হয়। নার্সারি ও ফল বাগান পরিচর্যায় এলাকার অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে। আগামীতে মালটা চাষের পরিধি আরো বাড়ানোর ইচ্ছা রয়েছে বলে জানিয়েছেন বেলাল হোসেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন বলেন, বেলালের মালটা বাগান কৃষি বিভাগের পক্ষ থেকে পরিদর্শন করা হয়েছে। তাঁকে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। তাঁর এই উদ্যোগ দেখে উপকূলীয় এলাকার অন্যান্য কৃষকরাও ফলের বাগান করতে আগ্রহ প্রকাশ করছেন বলে জানিয়েছেন কৃষি বিভাগের এই কর্মকর্তা।

আরও পড়ুন: দুদিনের বৃষ্টিতে সিংড়ার কৃষকদের পাকা ধান তলিয়ে গেছে

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফরের তারিখ পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফরের তারিখ পরিবর্তন

আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পূর্বনির্ধারিত ৩০ নভেম্বরের পরিবর্তে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তার এ সফর দুদিন পেছানো হয়েছে।

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার শনিবার (২১ নভেম্বর) বিকেল পৌনে তিনটার দিকে প্রধানমন্ত্রীর সফরের নতুন তারিখ নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২ ডিসেম্বর যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনীর একটি অনুষ্ঠানে যোগদান করবেন প্রধানমন্ত্রী। ওই অনুষ্ঠান শেষে তিনি কুষ্টিয়ায় আসবেন। সফরের সময় প্রধানমন্ত্রী কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। হাসপাতালটির কার্যক্রম পূর্ণাঙ্গভাবে গতিশীল হলে কুষ্টিয়া ও আশপাশের কয়েকটি জেলার মানুষের চিকিৎসাসেবায় নতুন দ্বার উন্মোচিত হবে, এমন আশা স্থানীয়দের।

এছাড়া, কুষ্টিয়া সুগার মিলস লিমিটেড এবং মোহিনী মিলস লিমিটেডের অর্থনৈতিক পুনরুজ্জীবন, বিনিয়োগ সম্ভাবনা ও কর্মসংস্থান সৃষ্টি নিয়েও আলোচনা হতে পারে। দীর্ঘদিন ধরে সংকট ও অব্যবস্থাপনায় প্রতিষ্ঠান দুটি উৎপাদনহীন থাকায় স্থানীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে। প্রধানমন্ত্রীর সফরে মিল দুটি পুনরায় চালুর বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে আশা করছেন জেলাবাসী।

দলীয় সূত্রে জানা যায়, নির্বাচন-পরবর্তী উন্নয়ন পরিকল্পনা এবং নির্বাচনি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরের আলোচনায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও স্বাস্থ্য কার্ডসহ সরকারের জনকল্যাণমূলক কর্মসূচিগুলো বিশেষ গুরুত্ব পেতে পারে।

এর আগে, প্রধানমন্ত্রীর সফর সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গত ১৭ নভেম্বর সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক উচ্চপর্যায়ের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সফরকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা, প্রটোকল ও প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিয়ে আলোচনা এবং বিভিন্ন উপকমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, "আগামী ৩০ নভেম্বরের পরিবর্তে ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান কুষ্টিয়া সফর করবেন। ওই দিন যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনীর একটি অনুষ্ঠান শেষে তিনি কুষ্টিয়ায় আসবেন। আমরা আশা করছি, প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে কুষ্টিয়ার উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যানসার ছড়িয়ে পড়েছে শরীরে, আইসিইউতে নাট্যকার মাতিয়া বানু

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৩ পি.এম


ক্যানসার ছড়িয়ে পড়েছে শরীরে, আইসিইউতে নাট্যকার মাতিয়া বানু

নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকুরের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। অক্সিজেনের মাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়ার কারণে শনিবার (২১ নভেম্বর) সকালে তাঁকে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। এর আগে, তিনি হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন ছিলেন।

মাতিয়া বানু শুকুরের স্বামী নির্মাতা নূরুল আলম আতিক জানিয়েছেন, শরীরে ক্যানসার ছড়িয়ে পড়ার ফলে তাঁর শারীরিক জটিলতা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে, স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস বজায় রাখতে প্রতি মিনিটে ১৫ থেকে ২০ লিটার অক্সিজেন প্রয়োজন হচ্ছে। যদিও তিনি সচেতন আছেন, চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থাকে নিয়ে উদ্বিগ্ন।

চিকিৎসার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে পরিবারের সঙ্গে আলোচনা করছেন চিকিৎসকেরা। তাঁর শরীরে সেন্ট্রাল ভেনাস লাইন স্থাপনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। তবে লাইফ সাপোর্টে নেওয়ার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

এদিকে, চিকিৎসার ব্যয় নিয়ে পরিবার চিন্তিত। বর্তমানে হাসপাতালের চিকিৎসা খরচ বেশি হওয়ায়, শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। এর আগে, তাঁর চিকিৎসায় সহায়তার জন্য সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সরকারের সহযোগিতা চেয়েছিল পরিবার।

ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকুর দেশের নাটক ও চলচ্চিত্রে দুই দশকের বেশি সময় ধরে কাজ করে আসছেন। নাট্যকার ও নির্মাতা হিসেবে তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’। মধ্যবিত্ত জীবনের গল্প ও সামাজিক বাস্তবতা তাঁর নির্মাণে বিশেষভাবে উঠে এসেছে।

২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তাঁর স্বামী নির্মাতা নূরুল আলম আতিক।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেশমে মার্কিন ড্রোন ভূপাতিত, ওমানে দুই তেল ট্যাঙ্কারে হামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


কেশমে মার্কিন ড্রোন ভূপাতিত, ওমানে দুই তেল ট্যাঙ্কারে হামলা

হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, তারা কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর (MQ-1 Predator) ড্রোন ধ্বংস করেছে। একই সময়ে, ওমানের খাসাব এলাকার উত্তর ও পূর্বে দুটি তেল ট্যাঙ্কারে 'অজ্ঞাত প্রজেক্টাইল' বা ক্ষেপণাস্ত্র/বিস্ফোরক জাতীয় বস্তুর আঘাতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

এই ড্রোন ভূপাতিত করার দাবি আইআরজিসির অফিশিয়াল সংবাদমাধ্যম 'সেপাহ নিউজ'-এর মাধ্যমে জানানো হয়েছে। তবে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর বা সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) থেকে ড্রোন ধ্বংসের বিষয়ে স্বাধীন কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি। সামরিক তৎপরতা এবং নৌপথে নজরদারি বৃদ্ধির প্রেক্ষাপটে নতুন এই দাবি সামনে এসেছে।

অন্যদিকে, আন্তর্জাতিক সমুদ্রবাণিজ্য নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, ওমানের খাসাব উপকূলের উত্তর ও পূর্ব দিকে দুটি তেল ট্যাঙ্কারে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাত হানা হয়েছে। হরমুজ প্রণালির প্রবেশমুখে সংঘটিত এসব ঘটনায় বাণিজ্যিক জাহাজ চলাচলে নতুন করে ঝুঁকি ও উদ্বেগ তৈরি হয়েছে। ট্যাঙ্কার দুটির ক্ষয়ক্ষতির পরিমাণ, হতাহতের ঘটনা বা পরিবেশগত কোনো প্রভাব আছে কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো যাচাই করা হচ্ছে।

বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালিতে সাম্প্রতিক সময়ে জাহাজে হামলা, মাইন আতঙ্ক এবং আকাশসীমা লঙ্ঘন ঘিরে পাল্টাপাল্টি অভিযোগ ও সামরিক উত্তেজনা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো পরিস্থিতির ওপর নজর রাখছে এবং নতুন তথ্য পাওয়া গেলে তা জানানো হবে। সূত্র: আল-জাজিরা।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ায় গার্মেন্টসে পরিদর্শন করলেন মজুরি বোর্ডের চেয়ারম্যান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


আশুলিয়ায় গার্মেন্টসে পরিদর্শন করলেন মজুরি বোর্ডের চেয়ারম্যান

ঢাকার আশুলিয়ার পলাশবাড়ীতে অবস্থিত পার্ল গার্মেন্টস কোং লিমিটেড পরিদর্শন করেছেন ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। শ্রমিক-কর্মচারীদের মজুরি নির্ধারণ সংক্রান্ত কার্যক্রমের অংশ হিসেবে এই পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান জনাব সৈয়দ আজাদ সুবহানী (জেলা ও দায়রা জজ)-এর নেতৃত্বে একটি পরিদর্শন দল কারখানাটিতে সরেজমিনে পরিদর্শনে যায়।

এ সময়, পরিদর্শন দলের সদস্যরা কারখানার সার্বিক পরিবেশ, উৎপাদন কার্যক্রম এবং শ্রমিক-কর্মচারীদের মজুরি সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। পাশাপাশি, কারখানার বিদ্যমান কর্মপরিবেশ, শ্রমিকদের সুযোগ-সুবিধা ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয় পর্যবেক্ষণ করা হয়।

এ ধরনের সরেজমিন পরিদর্শন ন্যূনতম মজুরি নির্ধারণের কার্যক্রমকে আরও বাস্তবসম্মত ও তথ্যভিত্তিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এর মাধ্যমে পোশাকশিল্পের প্রকৃত অবস্থা, শ্রমিকদের মজুরি কাঠামো এবং কারখানার সক্ষমতা সম্পর্কে প্রয়োজনীয় ধারণা পাওয়া সম্ভব হবে।

পরিদর্শনকালে কারখানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন তথ্য ও প্রয়োজনীয় সহযোগিতা নেওয়া হয়। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা এবং শিল্পকারখানার বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে মজুরি নির্ধারণের প্রক্রিয়ার অংশ হিসেবেই এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%