১২:৪১ পি.এম
রাঙ্গামাটি, ২১ নভেম্বর, ২০২৬ : ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি, বলেছেন, ফ্রিল্যান্সিং খাতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে পারলে পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক চিত্রে ব্যাপক পরিবর্তন আনা সম্ভব।
তিনি উল্লেখ করেন, কর্মহীনতা দূর করার জন্য পাহাড়ের মানুষের জীবনে স্বস্তি, শান্তি ও সচ্ছলতা ফিরিয়ে আনতে সম্মিলিত উদ্যোগের প্রয়োজন রয়েছে।
গতকাল রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভুক্ত কর্মসূচির আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সম্পন্নকারী তরুণ-তরুণীদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: কারা পাবেন সরকারি সহায়তা, নতুন নির্দেশিকায় ১২টি শর্ত
এ অনুষ্ঠানটির আয়োজন করেছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শুরু থেকেই তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করে গড়ে তুলতে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করছেন। এর ধারাবাহিকতায় ফ্রিল্যান্সিং খাতে সরকার নানামুখী প্রণোদনা প্রদান করছে। ইতোমধ্যেই ফ্রিল্যান্সারদের সুবিধার্থে একাধিক ই-পেমেন্ট গেটওয়ে উন্মুক্ত করা হয়েছে এবং কর ও ভ্যাট কমিয়ে লেনদেন প্রক্রিয়া সহজ করা হয়েছে।
মীর হেলাল উল্লেখ করেছেন, বড় বিনিয়োগের মাধ্যমে রাতারাতি ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করা একটি চ্যালেঞ্জিং কাজ। তবে, ফ্রিল্যান্সিং খাতে দক্ষ জনবল তৈরি করতে পারলে পার্বত্য চট্টগ্রামের অর্থনীতিতে দ্রুত ইতিবাচক পরিবর্তন আসবে।
এ সময় তিনি আরও বলেন, একটি প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ১০০ জন বেকার তরুণ-তরুণী দক্ষ হয়ে উঠলে তাদের ৯৫ শতাংশেরও বেশি আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক অর্থনীতির সঙ্গে যুক্ত হতে পারবেন। পরবর্তীতে তারা নিজেদের উদ্যোগে নতুন কর্মসংস্থান সৃষ্টি করবেন। এর ফলে বিদ্যমান অর্থনীতির পাশাপাশি নতুন একটি শক্তিশালী অর্থনৈতিক বলয় গড়ে উঠবে।
আরও পড়ুন: মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বিজয়’ দেখতে সাধারণ মানুষের ভিড়
বৈশ্বিক বাজারের সম্ভাবনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ইউরোপ, আমেরিকা ও সিঙ্গাপুরসহ উন্নত দেশগুলোর কল সেন্টারের বড় একটি অংশ পার্শ্ববর্তী দেশগুলোতে পরিচালিত হচ্ছে। এসব দেশ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল তৈরি করতে সক্ষম হয়েছে বলেই এ সুযোগ কাজে লাগাতে পারছে।
তিনি বলেন, বাংলাদেশের তরুণ-তরুণীরাও অত্যন্ত মেধাবী ও স্মার্ট। যথাযথ প্রশিক্ষণ পেলে তারা নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে দেশের জন্য বিশাল অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টি করতে পারবেন।
স্থানীয় অর্থনীতিতে অর্থের প্রবাহের গুরুত্ব ব্যাখ্যা করে মীর হেলাল বলেন, একজন ব্যক্তি যদি স্থানীয় বাজারে পাঁচ হাজার টাকা ব্যয় করেন, তবে তা একপর্যায়ে বিনিয়োগের মতো কাজ করে। এই অর্থের একটি অংশ সবজি বিক্রেতা, মুরগি সরবরাহকারী কিংবা কাপড় ব্যবসায়ীর কাছে পৌঁছায়। স্থানীয় পর্যায়ে এ ধরনের অর্থনৈতিক চক্র যত বেশি গড়ে উঠবে, দেশের উন্নয়ন তত দ্রুত ত্বরান্বিত হবে।
তিনি আরও বলেন, এককভাবে প্রধানমন্ত্রী কিংবা কোনো একটি মন্ত্রণালয়ের পক্ষে সব কাজ করা সম্ভব নয়। তাই নিজ নিজ অবস্থান থেকে অবদান রেখে মানুষকে স্বনির্ভর করে গড়ে তোলার উদ্যোগ এগিয়ে নিতে হবে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
এ সময় তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ফ্রিল্যান্সিং, ই-লার্নিং ও অন্যান্য উন্নয়ন প্রকল্পের প্রশংসা করেন।
অনুষ্ঠানে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথি। সনদ পেয়ে প্রশিক্ষণার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার রিজাউল করিম, জেলা পরিষদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, পরিষদের নির্বাহী প্রকৌশলী এরশাদুল হক মণ্ডলসহ পরিষদের অন্যান্য সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ‘রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতে গভর্নর নিয়োগ দিতে হবে’
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন