০৬:০৯ পি.এম
রাজবাড়ীর বালিয়াকান্দির খুদে শিক্ষার্থী মুনতাসির আবিদ নিবীর মাত্র ১০ বছর বয়সেই আন্তর্জাতিক অঙ্গনে মেধার স্বাক্ষর রাখতে যাচ্ছে। জাতীয় পর্যায়ের ম্যাথ অ্যান্ড সায়েন্স অলিম্পিয়াডে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে সে।
নিবীর আগামী ১৮ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ম্যাথ অ্যান্ড সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে। সে নারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মো. আসাদুজ্জামান এবং মা নাসরিন বেগম একজন শিক্ষক। তাদের আবাসস্থল উপজেলার ঘিকমলা গ্রামে।
সম্প্রতি, এমএফআই সায়েন্স ক্লাবের আয়োজনে জাতীয় পর্যায়ের ম্যাথ অ্যান্ড সায়েন্স অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে অসাধারণ কৃতিত্বের পরিচয় দেয় নিবীর। এই কৃতিত্বের মাধ্যমে সে আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ অর্জন করে। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে জাতীয় পর্যায়ের সনদ ও মেডেল তুলে দেওয়া হয়।
আরও পড়ুন: কারা পাবেন সরকারি সহায়তা, নতুন নির্দেশিকায় ১২টি শর্ত
নিবীরের বাবা মো. আসাদুজ্জামান জানান, তার ছেলে ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি বিশেষ আগ্রহী। মোবাইল ফোনে ভিডিও দেখার সময় সাধারণ বিনোদনের চেয়ে বিজ্ঞানবিষয়ক ভিডিও ও ঐতিহাসিক ঘটনাবলি দেখতে বেশি পছন্দ করত সে। পরিবারের সদস্যরা মনে করেন, জানার প্রতি প্রবল আগ্রহ ও বিজ্ঞানমনস্কতাই তাকে এই সাফল্যের পথে এগিয়ে নিয়েছে।
নিজের অনুভূতি প্রকাশ করে খুদে শিক্ষার্থী নিবীর জানায়, এমএফআই সায়েন্স ক্লাবের ম্যাথ অ্যান্ড সায়েন্স অলিম্পিয়াডে অংশগ্রহণের মাধ্যমে দক্ষিণ কোরিয়া যাওয়ার সুযোগ পেয়েছে সে। আন্তর্জাতিক পর্যায়ে ভালো করার জন্য সবার কাছে দোয়া চেয়েছে এই খুদে শিক্ষার্থী।
নিবীরের এমন অর্জনে আনন্দিত তার বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরাও। শিক্ষকদের প্রত্যাশা, তার এই সাফল্য বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞান চর্চায় উৎসাহিত করবে।
এদিকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও নিবীরের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা জানান, মোবাইল ফোন ও প্রযুক্তিকে শুধু নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই। সঠিক ব্যবহারের মাধ্যমে শিশুরা জ্ঞান ও মেধার বিকাশ ঘটাতে পারে। নিবীর নিজ প্রচেষ্টায় প্রযুক্তিকে কাজে লাগিয়ে যে সাফল্য অর্জন করেছে, তা অন্য শিশুদের জন্যও অনুপ্রেরণার উদাহরণ। আন্তর্জাতিক অলিম্পিয়াডে অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দিয়েছে উপজেলা প্রশাসন।
আরও পড়ুন: মোংলায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘বানৌজা বিজয়’ দেখতে সাধারণ মানুষের ভিড়
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন