ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত, ঋণের চেক বিতরণ ও আলোচনা সভা


পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত, ঋণের চেক বিতরণ ও আলোচনা সভা

পটুয়াখালী, ১ নভেম্বর ২০২৬ : আজ পটুয়াখালীতে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যের আলোকে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং যুব উদ্যোক্তাদের মধ্যে ঋণের চেক বিতরণ করা হয়।

রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

এরপর জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: নীলফামারীতে বিএনপির প্রয়াত নেতা-কর্মীদের স্মরণে সভা ও দোয়া মাহফিল

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম।

আলোচনা সভায় সাবেক পৌর মেয়র মোশতাক আহম্মেদ পিনু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবদুস সাত্তার এবং মেডিকেল অফিসার ডা. মো. তৌফিকুর রহমান রাকিবসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে চারটি যুব উদ্যোগের জন্য মোট পাঁচলাখ ২০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়। এর মধ্যে রাকিব মৎস্য প্রকল্পকে একলাখ টাকা, হৃদয় মৎস্য প্রকল্পকে দুইলাখ টাকা, মরিয়ম হাঁস-মুরগির খামারকে একলাখ এবং নিশাত পোশাক তৈরি প্রকল্পকে একলাখ ২০ হাজার টাকা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় উদ্যোক্তা এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: নওগাঁয় ২৪ কেজি গাঁজা ও চোরাই ভ্যানসহ ৬ জন গ্রেপ্তার, উদ্ধার ৫১৭ মোবাইল

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুবির ৩০ শিক্ষার্থীর বিরুদ্ধে র‌্যাগিং ও মাদক সেবনের অভিযোগে ব্যবস্থা গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


খুবির ৩০ শিক্ষার্থীর বিরুদ্ধে র‌্যাগিং ও মাদক সেবনের অভিযোগে ব্যবস্থা গ্রহণ

খুলনা, ১ নভেম্বর, ২০২৬ : খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) র‌্যাগিং, মারধর, হয়রানি ও মাদক সেবনের অভিযোগে বিভিন্ন ডিসিপ্লিনের ৩০ শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।

এর মধ্যে ১০ শিক্ষার্থীকে এক থেকে দুই টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে। অন্য শিক্ষার্থীদের জন্য অর্থদণ্ড এবং অভিভাবকের মুচলেকা দেওয়ার শাস্তি প্রদান করা হয়েছে।

গত মঙ্গলবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ২৮তম সভায় সংশ্লিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনা করে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

পরদিন বুধবার ছাত্রবিষয়ক পরিচালক ও শৃঙ্খলা বোর্ডের সদস্য সচিব অধ্যাপক ড. মো. সালাউদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত বছরের ২৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে ছয় শিক্ষার্থীকে হয়রানির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি (ফউটে) ডিসিপ্লিনের মো. ফারদিন আহমেদ দিপন এবং ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের শেখ আমির মাহদ্বীন ও শেখ মুরসালিন রহমানকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এ বছরের ৬ মে ফউটে ডিসিপ্লিনের ২৬ ব্যাচের ১২ শিক্ষার্থী একই ডিসিপ্লিনের ২৫ ব্যাচের শিক্ষার্থীদের দ্বারা র‌্যাগিংয়ের শিকার হন।

এ ঘটনায় প্রণয় কুমার ঘোষকে পরবর্তী দুই টার্ম বহিষ্কারের পাশাপাশি ১৫ হাজার টাকা এবং মো. জুবায়ের হোসেনকে পরবর্তী এক টার্ম বহিষ্কারের পাশাপাশি ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া অসিম দাস, তৌফিক মাহিনুল আহছান ও আব্দুল্লাহ আল সিফাতকে ১৫ হাজার টাকা করে এবং স্বপন কুমার দাশ, দেবাশীষ মন্ডল ও সজল পালকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

গত ১২ মে আইন ডিসিপ্লিনের ২৪ ব্যাচের শিক্ষার্থী মো. আমানউল্লাহ আমানকে ফউটে ডিসিপ্লিনের আনুমানিক ২৫ শিক্ষার্থী এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় বিশ্বজিৎ চক্রবর্তীকে পরবর্তী দুই টার্মের জন্য বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় সুদীপ কুমার নন্দী, মাহমুদুর রহমান, হেমেন্দ্র মৃধা, আসিফ আদনান, আজিজিল ইসলাম কাফফি, শেখ তাজবীদ ইসলাম, রাকিব হোসেন ও প্রণয় কুমার ঘোষকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া গত ১৪ আগস্ট রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত হল রোডসংলগ্ন নয়ন সড়কের একটি আবাসিক বাসায় ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের ২৫ ব্যাচের কয়েকজন শিক্ষার্থী ২৬ ব্যাচের শিক্ষার্থীদের জোরপূর্বক উপস্থিত হতে বলেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় মুশফিকুল হক মাহিদকে পরবর্তী দুই টার্ম বহিষ্কারের পাশাপাশি ১৫ হাজার টাকা, মো. মারুফ সরোয়ারকে পরবর্তী এক টার্ম বহিষ্কারের পাশাপাশি ১৫ হাজার টাকা, মো. মিশন রহমান ও মো. খায়রুল ইসলামকে পরবর্তী এক টার্ম বহিষ্কারের পাশাপাশি ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া সাইদিস সালেহীন স্বপ্নীল, ঋত্বিক কর্মকার, সৌরভ চন্দ্র বর্মন ও রাগিব শাহরিয়ারকে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সহকারী ছাত্রবিষয়ক পরিচালকবৃন্দের নিয়মিত টহলের সময় ক্যাম্পাসের নির্মাণাধীন ৪ নম্বর একাডেমিক ভবনের দ্বিতীয় তলা থেকে গাঁজাসহ গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে) ডিসিপ্লিনের তিন শিক্ষার্থীকে আটক করা হয়।

এ ঘটনায় এস এম তৌফিক আলমকে পরবর্তী দুই টার্ম বহিষ্কার ও ২০ হাজার টাকা অর্থদণ্ড, মুশফিক উল ইসলামকে পরবর্তী এক টার্ম বহিষ্কার ও ১০ হাজার টাকা এবং কাজী রিয়াজুস ছলেহীনকে পরবর্তী এক টার্ম বহিষ্কার ও ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টে মুমিনুলের পরিবর্তে অমিত হাসান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্টে মুমিনুলের পরিবর্তে অমিত হাসান

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য ১৫ সদস্যের দলে অমিত হাসানকে অন্তর্ভুক্ত করেছে। মুমিনুল হক চোটের কারণে দলে স্থান পাননি।

প্রথম টেস্টের দল থেকে একটি পরিবর্তন করা হয়েছে। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে চরম বিপর্যয়ের পর বাংলাদেশ প্রথম টেস্টে ৮ উইকেটে পরাজিত হয়েছে।

প্রথম টেস্টের তৃতীয় দিনে শর্ট লেগে ফিল্ডিং করার সময় মুমিনুল মাথায় চোট পান। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসের ৭৮তম ওভারে ক্যাচ নেওয়ার চেষ্টা করতে গিয়ে তিনি আহত হন। পরে কনকাশন বদলি হিসেবে দলে জায়গা পান জাকের আলী অনিক।

বিসিবি জানিয়েছে, কনকাশনে আক্রান্ত কোনো খেলোয়াড়কে মাঠে ফেরার আগে অন্তত সাত দিন খেলার বাইরে থাকতে হবে। এই কারণে মুমিনুল দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না। তাঁর পরিবর্তে দলে এসেছেন অমিত।

এদিকে, প্রথম টেস্টে মুমিনুলের কনকাশন বদলি হিসেবে খেলা জাকের আলী ১৫ সদস্যের দলে নিজের জায়গা ধরে রেখেছেন।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আগামী ৫ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, লিটন দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন চৌধুরী ও অমিত হাসান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহ আমানত বিমানবন্দরে আন্তর্জাতিক নিরাপত্তা অডিট টিমের আগমন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


শাহ আমানত বিমানবন্দরে আন্তর্জাতিক নিরাপত্তা অডিট টিমের আগমন

চট্টগ্রাম, ১ নভেম্বর, ২০২৬ : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) একটি চার সদস্যের অডিট টিম পৌঁছেছে। এই নিরাপত্তা অডিটটি আইসিএও-এর তত্ত্বাবধানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এর কার্যক্রম চলবে ১ থেকে ৪ নভেম্বর পর্যন্ত।

অডিট টিমটি আজ বিকেল ৩টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট (ইএ-৬১৫) ব্যবহার করে বিমানবন্দরে অবতরণ করে।

এই টিমের সদস্যদের মধ্যে ক্যালাম ভাইন, আলেসান্দ্রা জোহানা অ্যারেনাস, শেখ আবদুল্লাহ বিন আব সুকর এবং পিএ জয়কণ্ঠ অন্তর্ভুক্ত আছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা ভূমি প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা ভূমি প্রতিমন্ত্রীর

সাভার, ১ নভেম্বর, ২০২৬ : ভূমি ব্যবস্থাপনায় সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। তিনি উল্লেখ করেন, এই সরকারের অধীনে দুর্নীতির সঙ্গে জড়িত কেউ কোনোভাবেই রেহাই পাবে না।

আজ সাভারের বিসিএস লাইভস্টক একাডেমীর মসজিদ সংলগ্ন মাঠে বিসিএস ক্যাডারভুক্ত (প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে) এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাদের ১৪২তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স ২০২৬-২৭-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

ভূমি মন্ত্রণালয়ে পূর্বে গৃহীত দুর্নীতিবিরোধী পদক্ষেপ ও প্রযুক্তিগত উন্নয়নের বিষয়ে আলোকপাত করে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল জানান, ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতির বিরুদ্ধে একটি আধুনিক ট্র্যাকিং সিস্টেম চালু করা হয়েছে। এই সিস্টেমের মাধ্যমে যে কোনো অভিযোগের সত্যতা দ্রুত যাচাই করে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আরও জানান, বর্তমান সরকার স্মার্ট ও হয়রানিমুক্ত ভূমি সেবা প্রদানের জন্য ই-নামজারি, ডিজিটাল ভূমি উন্নয়ন কর, অনলাইন খতিয়ান ও ম্যাপ সরবরাহসহ বিভিন্ন কার্যক্রমে ডিজিটালাইজেশন ও স্বচ্ছতা বৃদ্ধি করেছে।

অনুষ্ঠানে উপস্থিত প্রশিক্ষণার্থী তরুণ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনা প্রদান করে প্রতিমন্ত্রী বলেন, ভূমি প্রশাসন ও বিচারিক সেবায় আপনাদের দক্ষতা, মেধা ও সততার ওপর সাধারণ মানুষের আস্থা নির্ভর করে। প্রশিক্ষণলব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে আপনাদেরকে দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও ন্যায়ভিত্তিক প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে।

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আয়োজনে ৫১ দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে জুডিশিয়াল, প্রশাসন, পুলিশ, বন ও রেলওয়ে ক্যাডারের মোট ৫৯ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. এমদাদুল হক চৌধুরী এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক এনডিসি মিজ সায়মা ইউনুস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%