০৫:০৯ পি.এম
প্রযুক্তি খাতের শীর্ষ প্রতিষ্ঠান এনভিডিয়ার সংকট কাটিয়ে উঠতে ব্যর্থ হওয়ায় সোমবার এশিয়ার অধিকাংশ পুঁজিবাজারে দরপতন ঘটেছে। প্রধান নির্বাহী জেনসেন হুয়াং পদত্যাগ করার পর প্রযুক্তি খাতে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, তা এখনও অব্যাহত রয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
এ সপ্তাহে এনভিডিয়ার আর্থিক প্রতিবেদন প্রকাশ এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের শেয়ারবাজারে প্রবেশের কারণে বিনিয়োগকারীদের দৃষ্টি বর্তমানে এআই খাতের দিকে রয়েছে।
আরও পড়ুন: ওয়ার্নারকে ২০২০ সালেই কথা দিয়েছিলেন খাজা
এছাড়া ভূরাজনৈতিক পরিস্থিতির দিকে বিনিয়োগকারীরা সতর্ক নজর রাখছেন। এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সোমবার দিনের শুরুতে এশিয়ার বিভিন্ন পুঁজিবাজারে কৃত্রিম বুদ্ধিমত্তাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শেয়ারের দর কমতে শুরু করে। এনভিডিয়াকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার প্রভাব বিনিয়োগকারীদের মধ্যে ছড়িয়ে পড়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা জেনসেন হুয়াং গত বৃহস্পতিবার পদত্যাগ করেন। বিবাহবহির্ভূত একাধিক সম্পর্কের তথ্য প্রকাশের পর তিনি পদ ছাড়েন। এসব সম্পর্কের মধ্যে চীনা গুপ্তচর সন্দেহে থাকা এক নারীর সঙ্গে তার সম্পর্কের বিষয়টিও উঠে এসেছে।
৬৩ বছর বয়সী হুয়াংয়ের পদত্যাগে বিশ্বের অন্যতম বৃহৎ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়াকে ঘিরে উদ্বেগ সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের ব্যাপক সম্প্রসারণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এ খাতের প্রবৃদ্ধি বিশ্ববাজারের শেয়ারদরকে রেকর্ড উচ্চতায় নিয়ে যেতে এবং বিভিন্ন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে সহায়তা করেছে।
আরও পড়ুন: কেন জেনসেন হুয়াংকে এনভিডিয়ার ফেরাতে একজোট মাস্কসহ সিলিকন ভ্যালির নেতারা?
সোমবার এশিয়ার বাজারে ইতিবাচক প্রবণতার আশা তৈরি হয়েছিল। কারণ, ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, জেনসেন হুয়াং আবারও এনভিডিয়ার প্রধান নির্বাহীর দায়িত্বে ফিরতে আলোচনা করছেন। সিলিকন ভ্যালির কয়েকজন শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তাও তাকে ফিরিয়ে আনার দাবির প্রতি সমর্থন জানিয়েছেন।
ধনকুবের ইলন মাস্ক এবং উবারের সহপ্রতিষ্ঠাতা ট্রাভিস কালানিকসহ ১ লাখ ৫৮ হাজারের বেশি ব্যক্তি একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন। এতে এনভিডিয়ার পরিচালনা পর্ষদকে বলা হয়েছে, স্বাধীন তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন না হওয়া পর্যন্ত জেনসেনকে আবার ফিরিয়ে আনতে হবে।
তবে এশিয়ার বাজারে ওই প্রতিবেদনের তেমন প্রভাব দেখা যায়নি। এআই প্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট অধিকাংশ প্রতিষ্ঠানের অবস্থান জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানে। দেশ তিনটির প্রধান পুঁজিবাজারে উল্লেখযোগ্য দরপতন ঘটেছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে জাপানের কিওক্সিয়া ও টোকিও ইলেকট্রন, তাইওনের টিএসএমসি এবং দক্ষিণ কোরিয়ার এসকে হাইনিক্স।
আরও পড়ুন: ১৪১ বাংলাদেশি শিক্ষার্থী পেলেন আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস
এ ছাড়া সাংহাই, সিডনি, সিঙ্গাপুর, ম্যানিলা ও জাকার্তার পুঁজিবাজারেও দরপতন হয়েছে।
বিনিয়োগবিষয়ক প্রতিষ্ঠান পেপারস্টোনের বিশ্লেষক ক্রিস ওয়েস্টন বলেন, ‘গত সপ্তাহে বাজারে বড় ধরনের ধাক্কা লাগার পর বিনিয়োগকারীরা সপ্তাহান্তে পরিস্থিতি পর্যালোচনা এবং ঝুঁকি নতুন করে মূল্যায়নের সুযোগ পেয়েছেন।’
তিনি আরও বলেন, ‘তবে ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে নিশ্চিতভাবে সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থায় আমরা এখনো পৌঁছেছি বলে মনে হচ্ছে না।’
হুয়াংকে আবার ফিরিয়ে আনার উদ্যোগ গতি পাবে কি না, তা দেখার বিষয় বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: সৌদি বাহিনীর চিফ অব স্টাফ ফাহদ আল-সালমানকে অব্যাহতি
ওয়েস্টন বলেন, ‘হুয়াং ফিরে এলেও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ নেতৃত্বকে ঘিরে তাৎক্ষণিক ঝুঁকি কমতে পারে। তবে কঠোর করপোরেট পরিচালনব্যবস্থা, রাজনৈতিক চাপ এবং অতিরিক্ত নিয়ন্ত্রণের আশঙ্কা থেকে যাবে।’
মঙ্গলবার এনভিডিয়ার আর্থিক প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে। এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের ভবিষ্যৎ প্রবৃদ্ধি সম্পর্কে নতুন ধারণা পাওয়া যাবে। অন্যদিকে, ক্লড চ্যাটবটের নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের শেয়ারবাজারে তালিকাভুক্তিও এআই খাত নিয়ে বিনিয়োগকারীদের মনোভাব বুঝতে সহায়ক হবে।
এপেক সম্মেলনের ফাঁকে দক্ষিণ চীনে অনুষ্ঠেয় সি-ট্রাম্প-পুতিন বৈঠকের দিকেও নজর থাকবে বিশ্ববাজারের। তবে জ্বালানির দাম বাড়িয়ে দেওয়া ইরান ও ইউক্রেন যুদ্ধ বৈঠকের আলোচ্যসূচিতে থাকবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রির তথ্য এবং ফেডারেল রিজার্ভের অক্টোবরের বৈঠকের কার্যবিবরণীও প্রকাশিত হবে। এসব তথ্য থেকে যুক্তরাষ্ট্রের সুদের হারের ভবিষ্যৎ গতিপথ সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে।
আরও পড়ুন: দ্বিতীয় সেশনে উইকেটের দেখা পায়নি বাংলাদেশ
এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) গত সপ্তাহে জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হতে পারে। এ ঘোষণার পর সোমবার তেলের দাম কিছুটা কমেছে। তবে সপ্তাহান্তে বাহরাইনে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান। এতে তেলের দাম কমার প্রবণতা কিছুটা বাধাগ্রস্ত হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন