প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
চট্টগ্রামের মিরসরাইয়ে শুল্ক ফাঁকি দিয়ে চোরাইপথে মিয়ানমার থেকে আনা ৮০টি টিয়াপাখি উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এই ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা পাখিগুলোর আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা বলে জানা গেছে।
সোমবার (১৬ নভেম্বর) উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ওমেরা এলপিজি কারখানার সামনে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকার সফর আলী (৪৫) এবং হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের পূর্ব মন্দাকিনি এলাকার মামুন (৩১)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ অমান্য করে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে মিয়ানমার থেকে টিয়াপাখিগুলো দেশে নিয়ে আসা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৮০টি টিয়াপাখি উদ্ধার করা হয়।
জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সোনাপাহাড় ওমেরা এলপিজি কারখানা এলাকায় অভিযান চালিয়ে ৮০টি টিয়াপাখিসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন