প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশের সিনেমা আন্তর্জাতিক অঙ্গনে নতুন স্বীকৃতি অর্জন করেছে। ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে স্থান পেয়েছে নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের সিনেমা ‘বনলতা সেন’। ছবিটি এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নির্বাচিত ১৪টি সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
৩১তম কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আগামী ১১ ডিসেম্বর শুরু হবে এবং ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে। এবারের মূল প্রতিযোগিতায় বিজয়ী সিনেমার জন্য ২০ লাখ ভারতীয় রুপি পুরস্কার নির্ধারণ করা হয়েছে।
‘বনলতা সেন’-এর নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করে লিখেছেন, ‘আমি প্রায় ধরেই নিয়েছিলাম, কবি জীবনানন্দ দাশের মতোই তাঁর “বনলতা সেন”ও হয়তো কখনো প্রাপ্য স্বীকৃতি ও প্রশংসা পাবে না। তাই এসব (উৎসব) নিয়ে খুব একটা ভাবতামও না।’
তিনি আরও উল্লেখ করেন, ‘অবশেষে ৩১তম আন্তর্জাতিক কেরালা চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়ে “বনলতা সেন” শুরু করেছে তার আন্তর্জাতিক যাত্রা। কী অদ্ভুত পরিহাস! আমার বিশ্বাস, জীবনানন্দ দাশ বেঁচে থাকলে এই পরিহাস ঠিকই বুঝতে পারতেন।’
বাংলাদেশের ‘বনলতা সেন’-এর পাশাপাশি এবারের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের কিংবদন্তি নির্মাতা আদুর গোপালকৃষ্ণনের নতুন সিনেমা ‘পদযাত্রা’ও রয়েছে।
এছাড়া ২০২৬ সালের বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত দুটি পুরস্কারজয়ী ব্রাজিলিয়ান নির্মাতা অ্যালান ডেবার্টনের ‘গুগুস ওয়ার্ল্ড’, টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ফিলিপাইনের লরেন্স ফাজার্দোর ‘সাইলেন্সড নাইটস’, মেক্সিকোর ‘আই অ্যাম মারিও’ এবং বুসান উৎসবে প্রিমিয়ার হওয়া ইরানের ‘স্লাম্বার’ প্রতিযোগিতার তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে।
কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতা ‘বনলতা সেন’-এর ভিত্তিতে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে কবির জীবনের বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করেছেন নির্মাতা। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করছেন খায়রুল বাসার।
এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরীফ সিরাজ ও সুমাইয়া খুশি।
কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় ‘বনলতা সেন’-এর এই অংশগ্রহণ বাংলাদেশের চলচ্চিত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি। কবি জীবনানন্দ দাশের সাহিত্য ও জীবনকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি এবার বিশ্বমঞ্চে নিজের স্থান করে নেওয়ার সুযোগ পেয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন