০২:১১ পি.এম
হবিগঞ্জ থেকে ৪২ জন বরযাত্রী নিয়ে রংপুরে এসেছিলেন ব্রুনাই প্রবাসী ফয়ছল আহমেদ। বরযাত্রীদের আনন্দ এবং বিয়ের আয়োজন যখন চারপাশকে মুখরিত করে রেখেছিল, ঠিক সেই মুহূর্তে ঘটে বিপত্তি। বিয়ের পিঁড়িতে বসার আগেই কনে ও তার সঙ্গে থাকা কথিত স্বজনেরা চার ভরি স্বর্ণালংকার নিয়ে উধাও হয়ে যান। বরকে শেষ পর্যন্ত কনে ছাড়াই খালিহাতে ফিরতে হয়েছে বরযাত্রীদের নিয়ে।
এই ঘটনা রংপুরের বদরগঞ্জ উপজেলার ভাটিয়াপাড়ার কাছে অবস্থিত একটি কমিউনিটি ক্লিনিকে ঘটে ১১ নভেম্বর বিকেলে। বর ফয়ছল আহমেদ পরদিন ১২ নভেম্বর রাতে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় প্রতারণা ও চুরির অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে সুমি আক্তার (২৬), তার স্বামী সুভাষ আহমেদ (৩৫) এবং কনে শ্যামলা খাতুন (১৯)।
আরও পড়ুন: নাটোরে ছাত্রদল নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে ৩ লাখ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলী শুক্রবার (১৩ নভেম্বর) রাতে। তিনি জানান, "তদন্ত অনেক দূর এগিয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার করা সম্ভব হবে।"
বরপক্ষের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ফয়ছল আহমেদ ব্রুনাইপ্রবাসী। বিয়ের উদ্দেশ্যে তিনি পাঁচ মাস আগে দেশে আসেন। তার বাড়ি হবিগঞ্জ জেলা সদরের মাছুলিয়া গ্রামে। বিয়ের পর আবার বিদেশে যাওয়ার পরিকল্পনা ছিল তার।
আরও পড়ুন: শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১ সংস্কারের ঘোষণা সমাজকল্যাণ মন্ত্রীর
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ফয়ছলের ছোট বোন তামান্না আক্তারের বিয়ে চট্টগ্রামে হয়েছে। তিনি স্বামী ও শ্বশুরের সঙ্গে সেখানে একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। একই ফ্ল্যাটে থাকতেন সুমি আক্তার ওরফে মায়া এবং তার স্বামী সুভাষ আহমেদ। তারা নিজেদের স্বামী-স্ত্রী এবং গ্রামের বাড়ি কুড়িগ্রামে বলে পরিচয় দিয়েছিলেন। প্রায় দুই বছর ওই ফ্ল্যাটে থাকার পর দেড় বছর আগে তারা ঢাকায় চলে যান। তবে সুমির সঙ্গে তামান্নার যোগাযোগ ছিল।
তামান্না জানান, বড় ভাই ফয়ছলের বিয়ের কথা জানালে সুমি তার কথিত ছোট বোন শ্যামলা খাতুনের সঙ্গে বিয়ের প্রস্তাব দেন। মোবাইল ফোনের ভিডিও কলে শ্যামলা একাধিকবার ফয়ছল, তামান্না ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলেন। শ্যামলাকে পছন্দ হওয়ার পর ১১ নভেম্বর বিয়ের দিনক্ষণ ঠিক করা হয়। কনেপক্ষ রংপুর নগরীর কামাল কাছনায় একটি কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করে। সে অনুযায়ী বরসহ ৪২ নারী-পুরুষ সকালে হবিগঞ্জ থেকে রংপুরে আসেন।
আরও পড়ুন: কক্সবাজারে ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধের হুঁশিয়ারি
তামান্নার দাবি, বিয়ের আগে বরের পক্ষ থেকে কনেকে চার ভরি স্বর্ণালংকার দেয়া হয়। কনের বোন হিসেবে পরিচয় দেয়া তিন নারী স্বর্ণালংকারের মান যাচাই করতে আগ্রহ দেখান। এরপর বর, তার দুই বোন, ভগ্নিপতি, বাবা এবং কনের বোনের পরিচয় দেয়া তিন নারী ও কনেকে নিয়ে নগরীর দেওয়ানবাড়ি রোডে লক্ষ্মী জুয়েলার্সে যাওয়া হয়। সেখানে স্বর্ণালংকারের মান যাচাই করা হয়। মান ঠিক পেয়ে গহনাগুলোসহ কনেকে সাজানোর জন্য নগরীর একটি বিউটি পার্লারে নেয়া হয়।
মামলার অভিযোগ থেকে আরও জানা যায়, বিউটি পার্লারে বর ফয়ছল দুই বোনকে রেখে তার বাবা ও ভগ্নিপতিকে নিয়ে বিয়ের বাকি কেনাকাটা করতে যান। এ সময় কনেকে স্বর্ণালংকার পরিয়ে বিয়ের সাজে সাজানো হয়। পরে তাকে একটি রিকশায় তোলা হয়। সঙ্গে ওঠেন কনের বোন পরিচয় দেয়া একজন। অন্য একটি অটোরিকশায় ওঠেন বরের দুই বোন ও কনের বোন পরিচয় দেয়া আরও দুজন। এরপর কনেকে নিয়ে যাওয়া রিকশাটি আর খুঁজে পাওয়া যায়নি।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে ধর্ম প্রতিমন্ত্রীর ছবিসংবলিত ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
অন্য অটোরিকশাটি রংপুর নগরী থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে বদরগঞ্জ উপজেলার ভাটিয়াপাড়ার কাছে একটি বটগাছের নিচে গিয়ে থামানো হয়। বিকেল ৫টার দিকে সেখানে তারা অটোরিকশা থেকে নামেন। বরের দুই বোনকে রাস্তায় অপেক্ষায় রেখে কনের বোন হিসেবে পরিচয় দেয়া দুই নারী কৌশলে সেখান থেকে পালিয়ে যান। দীর্ঘ সময় অপেক্ষার পর বরকে বিষয়টি ফোন করে জানান তার দুই বোন।
তামান্নার অভিযোগ, কনের গায়ে তার ভাইয়ের দেয়া চার ভরি স্বর্ণালংকারের মধ্যে রয়েছে গলার হার, চেইন, হাতের বালা ও আংটি। এছাড়া নগদ সাত হাজার টাকা, শাড়িসহ বিয়ের নতুন কাপড় নিয়েও উধাও হয়েছে কনে ও তার লোকজন।
আরও পড়ুন: সাতক্ষীরায় বিজিবির অভিযানে ভারতীয় মালামাল জব্দ, মূল্য ৪ লাখ ৯৮ হাজার ৬৭০ টাকা
তামান্না বলেন, "তারা আগে কখনো রংপুরে আসেননি। এ কারণে এখানকার পথঘাটও তাদের অজানা ছিল। দীর্ঘদিনের সুসম্পর্কের সূত্র ধরে সুমিকে বিশ্বাস করেছিলাম। সেই বিশ্বাসের সুযোগ নিয়ে এভাবে প্রতারণা করা হবে, তা ভাবতেও পারিনি।"
বর ফয়ছল আহমেদ শুক্রবার রাতে মোবাইল ফোনে বলেন, "ছোট বোন তামান্না আমার বিয়ের সবকিছু ঠিকঠাক করেছিল। তার প্রতি আমার ও পরিবারের আস্থা ছিল। তামান্নার আস্থা ছিল একই ফ্ল্যাটে পাশাপাশি ভাড়া থাকা সুমি আক্তারের প্রতি। বিশ্বাস করে এত বড় প্রতারণার শিকার হব, কখনো ভাবিনি।"
আরও পড়ুন: ‘সংবাদ পরিবেশনে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত’ - এমপি নূরুল আমিন
বিয়ের আয়োজন করা হয়েছিল রংপুরের কামাল কাছনার আগামীর চাষি কমিউনিটি সেন্টারে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক (অপারেশন) রাকিবুল ইসলাম জানান, তাদের কমিউনিটি সেন্টার ভাড়া নিতে এক সপ্তাহ আগে বুকিং দিতে হয় এবং ভাড়া পরিশোধ করতে হয়। কিন্তু বুধবার সকালে বাসভর্তি লোকজন কিছুটা দূরে রেখে কনেপক্ষের পরিচয় দেয়া তিনজন তাদের কাছে আসেন। তারা জানান, মেয়ের বিয়েতে বরসহ ১০ থেকে ১২ জন আসার কথা ছিল। কিন্তু ৪২-৪৩ জন চলে এসেছেন। এ কারণে তারা কমিউনিটি সেন্টার ভাড়া নিতে চান।
রাকিবুল ইসলাম বলেন, "মানবিক দিক বিবেচনায় তাদের কমিউনিটি সেন্টার ভাড়া দেয়া হয়। ভাড়া নির্ধারণ করা হয় ৪২ হাজার টাকা। দুপুরের খাবারের জন্য আরও প্রায় ৪০ হাজার টাকা ঠিক হয়। টাকা চাইলে কনেপক্ষের লোকজন ব্যাংকে গিয়ে টাকা তোলার কথা বলেন। পরে ধাপে ধাপে প্রতারণার বিষয়টি নজরে আসে। এসব আয়োজনের টাকাও পরিশোধ করেনি কনেপক্ষ। খাওয়া-দাওয়ার পর্বও হয়নি। কনেপক্ষের কাউকে পেলে এ আয়োজনের টাকা আদায় করা হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন