১১:৩৩ এম
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে যেতে রাজি নয়, যদি না বর্তমান অচলাবস্থা সমাধান হয়। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ভবিষ্যতে নতুন করে যুদ্ধ শুরু না হওয়ার নিশ্চয়তা থাকতে হবে যেকোনো চুক্তিতে।
আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রীয় সংবাদপত্র ‘ইরান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই অবস্থান তুলে ধরেন। আরাগচি বলেন, "আজ একটি চুক্তি হলো, অথচ দুই মাস পর তা লঙ্ঘন করে আবার যুদ্ধ শুরু হলো—এমন চুক্তির কোনো অর্থ নেই।"
তিনি আরও বলেন, গত জুনে যুদ্ধবিরতি চুক্তির মাত্র ১৫ দিনের মধ্যে আবার সংঘাত শুরু হয়েছিল। এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে, ভবিষ্যতের যেকোনো চুক্তিতে যুদ্ধ পুনরায় শুরু হওয়া ঠেকানোর কার্যকর নিশ্চয়তা থাকতে হবে।
আরও পড়ুন: মুসলিম জনসংখ্যা বাড়ছে, তাই প্রতিটি হিন্দু বাড়িতে বন্দুক রাখার আহ্বান বিজেপি বিধায়কের
আরাগচি বলেন, "বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য যেকোনো চুক্তিই যে গ্রহণ করতে হবে, তা নয়।"
পারমাণবিক আলোচনা প্রসঙ্গে, আরাগচি জানান, মধ্যস্থতাকারীরা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মজুত নিয়ে বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছেন। তবে তিনি জোর দিয়ে বলেন, অন্যান্য বিরোধপূর্ণ বিষয় থেকে আলাদা করে শুধু ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রশ্নের সমাধান সম্ভব নয়।
তিনি আরও জানান, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের আলোচনা কমিটি প্রস্তাবিত চুক্তিগুলো পর্যালোচনা করবে। এরপর কাউন্সিল এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেবে।
ইরানের এই অবস্থান স্পষ্ট করে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তেহরান শুধু পারমাণবিক কর্মসূচি বা বর্তমান সংঘাতের অবসান নয়, বরং ভবিষ্যতে যুদ্ধ পুনরায় শুরু হওয়া ঠেকানোর নিশ্চয়তাকেও চুক্তির গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে দেখছে। তথ্যসূত্র: আল-জাজিরা
আরও পড়ুন: পোল্যান্ডের মাটিতে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন: ন্যাটোর প্রতিক্রিয়া কি হবে?
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন