ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সময়ের সাক্ষী বিউটি বোর্ডিং, হারানো সাহিত্য-আড্ডার ঠিকানা


সময়ের সাক্ষী বিউটি বোর্ডিং, হারানো সাহিত্য-আড্ডার ঠিকানা

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৬ : পুরান ঢাকা, বায়ান্ন বাজার তিপ্পান্ন গলি। এই অঞ্চলের অলিগলিতে ভিড়, পুরোনো ভবন এবং ঐতিহ্যের নানা স্মৃতি পেরিয়ে বাংলাবাজারের শ্রীশচন্দ্র দাস লেনে প্রবেশ করলে দেখা যায় একটি দোতলা পুরোনো ভবন। প্রবেশপথের লোহার ফটক অতিক্রম করলে দেখা মেলে একটি উঠান। ভবনটির নাম ‘বিউটি বোর্ডিং’।

বিউটি বোর্ডিং বাইরে থেকে সাধারণ আবাসিক হোটেল ও খাবারের স্থান মনে হলেও এর প্রতিটি দেয়াল, কক্ষ ও আঙিনার সঙ্গে জড়িয়ে আছে বাংলা সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতার সমৃদ্ধ ইতিহাস।

একসময় এখানে কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চলচ্চিত্রকার এবং বুদ্ধিজীবীদের প্রাণবন্ত মিলনকেন্দ্র ছিল। এখানে সাহিত্য আলোচনা, কবিতা পাঠ, গান, রাজনীতি এবং সমকালীন সমাজ নিয়ে তর্ক-বিতর্ক চলত।

আরও পড়ুন: রাতে গভীর ঘুম এনে দেয় যেসব খাবার

নতুন লেখকদের সঙ্গে প্রতিষ্ঠিত সাহিত্যিকদের পরিচয় ও ভাববিনিময়ের অন্যতম জায়গা ছিল বিউটি বোর্ডিং। সময়ের পরিবর্তনের সঙ্গে সেই নিয়মিত আড্ডা অনেকটাই হারিয়ে গেলেও ভবনটি আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

১৯৪৭ সালে দেশভাগের আগে ভবনটিতে ‘সোনার বাংলা’ পত্রিকার কার্যালয় ও ছাপাখানা ছিল। দেশভাগের পর পত্রিকাটির কার্যালয় কলকাতায় স্থানান্তরিত হলে ভবনটি কিছুদিন খালি পড়ে থাকে। পরে ১৯৪৯ সালে নলিনী মোহন সাহা ও প্রহ্লাদ চন্দ্র সাহা ভবনটি ভাড়া নিয়ে সেখানে আবাসিক হোটেল ও রেস্তোরাঁ চালু করেন।

শুরুতে আবাসিক সুবিধার পাশাপাশি খাবারের ব্যবস্থাও ছিল এখানে। তবে বাংলাবাজারে বইয়ের দোকান, ছাপাখানা ও প্রকাশনা প্রতিষ্ঠান গড়ে ওঠার ফলে অল্প সময়ের মধ্যে বিউটি বোর্ডিং সাহিত্য-সংস্কৃতির মানুষের কাছে পরিচিত হয়ে ওঠে। বই প্রকাশ, সম্পাদনা, লেখালেখি অথবা পত্রিকার কাজে বাংলাবাজারে আসা মানুষের অনেকেই এখানে সময় কাটাতেন। ধীরে ধীরে সাধারণ আবাসিক হোটেলটি সাহিত্যিকদের মিলনস্থলে পরিণত হয়।

কবি শামসুর রাহমান, শহীদ কাদরী, আল মাহমুদ, সৈয়দ শামসুল হক, আবু হেনা মোস্তফা কামাল, আবুল হাসান, মহাদেব সাহা, আহমদ ছফা, রফিক আজাদ, আসাদ চৌধুরী, বেলাল চৌধুরী, ফজল শাহাবুদ্দিন, হায়াৎ মামুদ এবং আখতারুজ্জামান ইলিয়াসসহ বহু কবি-সাহিত্যিকের পাশাপাশি সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী, সন্তোষ গুপ্ত ও ফয়েজ আহমদ এবং চলচ্চিত্র ও শিল্পাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরাও নিয়মিত এই প্রাঙ্গণে আসতেন।

আরও পড়ুন: পুরুষদের তুলনায় নারীদের বেশি শীত লাগার কারণ

তাঁদের সঙ্গে এখানে আসতেন চিত্রশিল্পী, সংগীতশিল্পী, নাট্যকর্মী, সাংবাদিক ও চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা। আড্ডার মাধ্যমে নতুন সৃষ্টির ভাবনা, সাহিত্যিক সম্পর্ক এবং সাংস্কৃতিক যোগাযোগ তৈরি হতো।

বিউটি বোর্ডিংয়ের ইতিহাসে সবচেয়ে বেদনাবিধুর অধ্যায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ। ২৮ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী সেখানে হামলা চালায়। এ সময় বোর্ডিংয়ের প্রতিষ্ঠাতা প্রহ্লাদ চন্দ্র সাহাসহ ১৭ জন নিহত হন বলে বিভিন্ন ঐতিহাসিক বিবরণে উল্লেখ রয়েছে।

এই হত্যাকাণ্ডে শুধু একটি পরিবারের ওপর বিপর্যয় নেমে আসেনি, থেমে গিয়েছিল সাহিত্য-সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ মিলনকেন্দ্রের প্রাণচাঞ্চল্যও।

স্বাধীনতার পর ১৯৭২ সালে প্রহ্লাদ সাহার পরিবারের সদস্যরা ফিরে এসে আবার বিউটি বোর্ডিং চালু করেন।

আরও পড়ুন: শীতের শুরুতে শিশুর ত্বকের ৫টি যত্নের পরামর্শ

স্বাধীনতার পরেও বিউটি বোর্ডিংয়ের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা অব্যাহত থাকে। পুরোনো দিনের সেই আড্ডার স্মৃতি ধরে রাখতে বিভিন্ন সময় এখানে সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সমাগম ঘটেছে। বোর্ডিংয়ের দেয়ালে সংরক্ষিত পুরোনো ছবি ও স্মৃতিচিহ্ন অতীতের প্রাণবন্ত সময়ের কথা মনে করিয়ে দেয়।

একসময় যে টেবিলগুলোতে বসে কবি-সাহিত্যিকেরা সাহিত্য, সমাজ ও রাজনীতি নিয়ে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করতেন, সেগুলো এখনো প্রতিষ্ঠানটির ইতিহাসের অংশ হয়ে আছে।

তবে সময়ের সঙ্গে বিউটি বোর্ডিংয়ের পরিবেশ বদলে গেছে। বাংলাবাজারের প্রকাশনা ও মুদ্রণশিল্পের ধরন পরিবর্তন, মানুষের জীবনযাত্রায় ব্যস্ততা এবং সাহিত্যচর্চার নতুন মাধ্যম তৈরি হওয়ায় আগের মতো নিয়মিত আড্ডা আর জমে না। বর্তমানে আবাসিক হোটেল ও রেস্তোরাঁ হিসেবেই এর কার্যক্রম বেশি দৃশ্যমান।

পুরোনো দিনের মতো কবি-সাহিত্যিকদের নিয়মিত পদচারণা না থাকলেও ঐতিহ্যের টানে অনেকেই এখানে আসেন। কেউ ইতিহাস জানতে, কেউ পুরোনো স্মৃতি খুঁজতে, আবার কেউ ঐতিহাসিক এই স্থানের পরিবেশে কিছুটা সময় কাটাতে কিংবা ছবি তুলতে আসেন। প্রিয়জনদের সঙ্গে ঘুরতে আসা দর্শনার্থীদেরও দেখা যায় এখানে। বিশেষ করে ছুটির দিন ও শুক্রবারে দর্শনার্থীদের ভিড় তুলনামূলক বেশি থাকে।

আরও পড়ুন: শীতে গমের পাশাপাশি ভুট্টার রুটি খাওয়া ভালো

বিউটি বোর্ডিংয়ের বিশেষত্ব কেবল এর পুরোনো ভবন কিংবা আবাসিক ও খাবারের ব্যবস্থা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের সাহিত্য ও সাংস্কৃতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এখানে একসময় যাঁরা আড্ডা দিয়েছেন, তাঁদের অনেকেই বাংলা সাহিত্য, সংগীত, সাংবাদিকতা ও শিল্পকলায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁদের স্মৃতির সঙ্গে বিউটি বোর্ডিংও হয়ে উঠেছে সাংস্কৃতিক ঐতিহ্যের একটি পরিচিত নাম।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সোনিয়া পারভীন বলেন, বাংলা সংস্কৃতির ইতিহাসে বিউটি বোর্ডিং একটি বিশেষ স্মৃতিবিজড়িত স্থান। এটি কেবল আবাসিক হোটেল বা খাবারের জায়গা নয়; বরং বাংলা সাহিত্যের বহু কবি, লেখক, শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের পদচারণায় মুখরিত একটি ঐতিহাসিক প্রাঙ্গণ। বিশেষ করে বাংলা সাহিত্যপ্রেমীদের কাছে স্থানটির আবেদন ভিন্ন রকম।

তিনি বলেন, একসময় এখানে বিশিষ্ট ব্যক্তিরা সাহিত্য, রাজনীতি, চলচ্চিত্র ও সংস্কৃতি নিয়ে দীর্ঘ সময় আড্ডায় মেতে উঠতেন। এখানেই বসে আবদুল জব্বার খান ‘মুখ ও মুখোশ’ চলচ্চিত্রের পাণ্ডুলিপি তৈরি করেছিলেন।

সোনিয়া পারভীন আরও বলেন, বর্তমানে বিউটি বোর্ডিং তার আগের জৌলুশ অনেকটাই হারিয়েছে। বেশ কিছুদিন আগে সেখানে গিয়ে তিনি ভবনটির দেয়াল, বারান্দা ও অবকাঠামোর বিভিন্ন অংশ জীর্ণ অবস্থায় দেখতে পেয়েছেন। আগের মতো কবি-সাহিত্যিকদের নিয়মিত আড্ডাও আর বসে না। তবে আবাসিক হোটেল ও রেস্তোরাঁর কার্যক্রম এখনো চালু রয়েছে। এখনো মানুষ সেখানে যান—কেউ ইতিহাসের টানে, কেউ সাহিত্যিক স্মৃতির সন্ধানে, আবার কেউ পুরান ঢাকার ঐতিহ্যবাহী পরিবেশ অনুভব করতে।

আরও পড়ুন: শীত মৌসুমে হাটহাজারীর ঐতিহ্যবাহী চালের জিলাপির কদর বেড়েছে

তাঁর ভাষায়, বিউটি বোর্ডিংয়ে দাঁড়ালে মনে হয়, পুরোনো দেয়ালগুলোর ভেতরে জমে আছে অনেক না-বলা গল্প। এই প্রাঙ্গণের কোনো এক কোণে বসেই হয়তো রচিত হয়েছে কবিতার পঙক্তি, প্রাণ পেয়েছে গল্পের চরিত্র কিংবা জন্ম নিয়েছে সাহিত্যের নতুন ভাবনা।

বিউটি বোর্ডিংয়ের ঐতিহ্য সংরক্ষণে সরকারি উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, স্থানটির ঐতিহাসিক ও সাহিত্যিক গুরুত্ব বিবেচনায় নিয়ে এর যথাযথ সংরক্ষণ করা জরুরি। বিউটি বোর্ডিং টিকে থাকুক তার নিজস্ব ঐতিহ্য, সাহিত্যিক গৌরব ও সাংস্কৃতিক পরিচয় নিয়ে। আগামী প্রজন্মও যেন এই প্রাঙ্গণে এসে বাংলা সাহিত্যের এক গৌরবময় সময়ের স্পন্দন অনুভব করতে পারে।

পুরান ঢাকার অলিগলিতে ছড়িয়ে থাকা অসংখ্য ঐতিহাসিক স্থাপনার মধ্যে বিউটি বোর্ডিং তাই এক অনন্য নাম। সময় বদলেছে, বদলেছে মানুষের জীবন ও সাহিত্যচর্চার ধরন। হারিয়ে গেছে একসময়ের প্রাণবন্ত আড্ডার অনেক পরিচিত মুখ। কিন্তু ইতিহাসের পাতায় ও পুরোনো ভবনের স্মৃতিতে আজও বেঁচে আছে সেই দিনগুলো।

বিউটি বোর্ডিং যেন নীরবে মনে করিয়ে দেয়, একটি স্থান শুধু ইট-পাথরের স্থাপনা নয়; কখনো কখনো তা হয়ে ওঠে একটি সময়, একটি প্রজন্ম ও একটি সাংস্কৃতিক ইতিহাসের জীবন্ত সাক্ষী।

আরও পড়ুন: টানা বৃষ্টিতে ঘরে মাছির উৎপাত? মুক্তির উপায় জানুন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জের সেলবরস ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৬ এম


সুনামগঞ্জের সেলবরস ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরস ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের একটি ঘটনা ঘটেছে। শুক্রবার (২১ নভেম্বর) রাত ১০টার দিকে বাদশাগঞ্জ বাজারে অবস্থিত দলটির কার্যালয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার ও টেবিল ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে, অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদে তারা তাৎক্ষণিকভাবে বাজারে বিক্ষোভ মিছিল করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতের দিকে বাদশাগঞ্জ বাজারে অবস্থিত সেলবরস ইউনিয়ন বিএনপির কার্যালয়ে মুখোশধারী কয়েকজন ব্যক্তি এসে আগুন লাগিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং তারা এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন।

সেলবরস ইউনিয়নের বাসিন্দা ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টু জানান, বাজারের পাহারাদারের কাছ থেকে তারা জানতে পেরেছেন, মুখোশ পরা কয়েকজন ব্যক্তি কার্যালয়ে এসে দ্রুত আগুন ধরিয়ে চলে যায়। তিনি বলেন, কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন।

জুলফিকার আলী ভুট্টু এ ঘটনায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা জড়িত বলে দাবি করেন। তিনি বলেন, দলের কার্যালয়ে এ ধরনের অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার ও ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন কালের কণ্ঠকে বলেন, আগুনে কার্যালয়ের কয়েকটি চেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এর পেছনে কারা জড়িত তা আমরা তদন্ত করছি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে জমে থাকা গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ ৩ জন দগ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৭ এম


নারায়ণগঞ্জে ফ্ল্যাটে জমে থাকা গ্যাস বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ ৩ জন দগ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক ফ্ল্যাটে জমে থাকা গ্যাসের কারণে বিকট শব্দে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যার ফলে স্বামী-স্ত্রীসহ তিনজন দগ্ধ হয়েছেন। এই দুর্ঘটনাটি শনিবার (২১ নভেম্বর) ভোর ৫টার দিকে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলায় ঘটে।

দগ্ধদের মধ্যে রয়েছেন, শাহিন, তার স্ত্রী লিমা পারভীন এবং তাদের এক আত্মীয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের মতে, ঘটনার সময় ওই ফ্ল্যাটের দরজা ও জানালা সব বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে, গ্যাসের চাবি খোলা থাকায় অথবা গ্যাস লাইনের লিকেজের কারণে সারা ঘরে গ্যাস জমে গিয়েছিল। সকালে ঘুম থেকে উঠে চুলায় আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে তা বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় ফ্ল্যাটের দরজা-জানালাসহ ঘরের আসবাবপত্র পুড়ে যায়। বিস্ফোরণের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে দগ্ধ তিনজনকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, ‘ঘটনাস্থলে আমাদের একটি টিম কাজ করছে। বিস্ফোরণের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৭ এম


খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার সকালে (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয় থেকে পায়ে হেঁটে তিনি আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে পৌঁছান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সম্মানিত করবেন।

এ সময় তিনি খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেবেন এবং তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্নাতক পাসে আল-আরাফাহ ইসলামী ব্যাংকে এমআইএস রিপোর্টিং অ্যানালিস্ট পদে নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৭ এম


স্নাতক পাসে আল-আরাফাহ ইসলামী ব্যাংকে এমআইএস রিপোর্টিং অ্যানালিস্ট পদে নিয়োগ

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি ‘এমআইএস রিপোর্টিং অ্যানালিস্ট’ পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন জমা দিতে পারবেন। তবে, প্রার্থীদের অবশ্যই স্নাতক/বিবিএ/ সমমান অথবা স্নাতকোত্তর/ এমবিএ ডিগ্রি থাকতে হবে।

এক নজরে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির নিয়োগ বিজ্ঞপ্তি

তথ্যের ধরন: বিবরণ

প্রতিষ্ঠানের নাম: আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি

বিভাগের নাম: এফএডি

পদের নাম: এমআইএস রিপোর্টিং অ্যানালিস্ট

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/বিবিএ/ সমমান অথবা স্নাতকোত্তর/ এমবিএ

অভিজ্ঞতা: ২ বছর

বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে

বয়সসীমা: নির্ধারিত নয়

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

আবেদন পদ্ধতি: অনলাইনে

কর্মস্থল: যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

আবেদন শুরু: ১৭ নভেম্বর ২০২৬

আবেদনের শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৬

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%