০৪:৩০ পি.এম
ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে থ্যাংকসগিভিং দিবসে আঘাত হানা ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়েছে। ঝড়ের পর শুক্রবারও দেশটির কয়েক লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। নিউইয়র্কের বিখ্যাত ম্যাসিস থ্যাংকসগিভিং প্যারেডের আয়োজনেও বৈরী আবহাওয়ার কারণে ব্যতিক্রমী বিঘ্ন ঘটেছে।
বৃহস্পতিবারের ঝড়ে প্রবল বৃষ্টি ও দমকা হাওয়া প্রবাহিত হয়। বছরের অন্যতম ব্যস্ত ছুটির মৌসুমে এ ঝড়ে নিউ হ্যাম্পশায়ার থেকে নর্থ ক্যারোলাইনা পর্যন্ত বিভিন্ন স্থানে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। পাওয়ারআউটেজ ডট ইউএস-এর তথ্য অনুযায়ী, শুক্রবারও প্রায় পাঁচ লাখ গ্রাহক বিদ্যুৎবিহীন ছিলেন।
বার্তা সংস্থা এএফপি ওয়াশিংটন থেকে এ খবর জানিয়েছে। বিমান চলাচলেও বিঘ্ন অব্যাহত ছিল। ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, প্রায় ১ হাজার ৬০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং ৫০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: গাজায় চিকিৎসাকেন্দ্রে ইসরাইলি হামলায় নিহত ২ স্বাস্থ্যকর্মী
বিদ্যুৎ বিভ্রাটের কারণে পেনসিলভানিয়া সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে প্রায় ১ লাখ ২২ হাজার মানুষ বিদ্যুৎবিহীন ছিলেন। মিসৌরিতে ঝড়ের কারণে প্রায় ৭২ হাজার মানুষ বিদ্যুৎবিহীন ছিলেন। রাজ্যটির পূর্বাঞ্চলে ঝড়ের সময় ১৫ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়।
নিউইয়র্কে প্রায় ৪৫ হাজার মানুষ তখনো বিদ্যুৎবিহীন ছিলেন। বৈরী আবহাওয়ার কারণে ম্যাসিসের থ্যাংকসগিভিং ডে প্যারেড শনিবার নির্ধারণ করা হয়েছে। ১০০ বছরের ইতিহাসে আবহাওয়ার কারণে এটি প্রথমবারের মতো স্থগিত হলো।
বিশ্বজুড়ে দর্শক আকৃষ্ট করা এ বার্ষিক আয়োজনের অন্যতম আকর্ষণ হলো ম্যানহাটনের কেন্দ্রস্থলজুড়ে বর্ণিল বিশাল বেলুনের শোভাযাত্রা। যুক্তরাষ্ট্রে ছুটির মৌসুমের কেনাকাটার সূচনা এ আয়োজনের মাধ্যমে ঘটে।
প্যারেডটি সর্বশেষ বড় ধরনের বিঘ্নের মুখে পড়েছিল ১৯৭১ সালে। সেবার প্রচণ্ড ঠান্ডা, বৃষ্টি ও বাতাসের কারণে ডোনাল্ড ডাকসহ জনপ্রিয় সংস্কৃতির বিভিন্ন চরিত্রের আদলে তৈরি বেলুন উড়ানো সম্ভব হয়নি।
আরও পড়ুন: ফকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে আর্জেন্টিনার তেল উত্তোলন বন্ধের আবেদন খারিজ
১৯৯৭ সালে প্রবল বাতাসে ‘ক্যাট ইন দ্য হ্যাট’ চরিত্রের একটি বিশাল বেলুন সড়কবাতির খুঁটিতে ধাক্কা দেয়। এতে খুঁটিটি এক নারীর ওপর পড়ে, যার ফলে ওই নারী প্রায় এক মাস কোমায় ছিলেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিলিয়ামের সংকটের কারণে ১৯৪২ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত প্যারেডটি সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছিল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন